ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রশংসা করে
১ আন্তরিক প্রশংসা লোকেদের উৎসাহিত করে, তাদেরকে পদক্ষেপ নিতে পরিচালিত করে এবং তাদের আনন্দিত করে। অনেক প্রকাশক দেখেছে যে, কেবল সংক্ষেপে এক আন্তরিক প্রশংসার বাক্য বলা প্রায়ই পরিচর্যার সময়ে লোকেদের শুনতে ইচ্ছুক হতে সাহায্য করে। লোকেদের কাছে সুসমাচার জানানোর চেষ্টা করার সময় কীভাবে আমরা তাদের প্রশংসা করতে পারি?
২ পর্যবেক্ষণ করুন: গৌরবান্বিত যিশু খ্রিস্ট এশিয়া মাইনরের সাতটা মণ্ডলীর উত্তম কাজগুলো লক্ষ করেছিলেন। (প্রকা. ২:২, ৩, ১৩, ১৯; ৩:৮) একইভাবে, পরিচর্যায় যে-লোকেদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তাদের প্রতি অকৃত্রিম আগ্রহ দেখানো আমাদেরকে প্রশংসা করার সুযোগগুলো খুঁজে নিতে পরিচালিত করবে। উদাহরণস্বরূপ, এক পরিষ্কার-পরিচ্ছন্ন উঠান, সন্তানের প্রতি কোমল স্নেহ দেখাচ্ছেন এমন একজন বাবা বা মা অথবা কোনো গৃহকর্তার বন্ধুত্বপরায়ণ হাসি এবং সম্ভাষণ এইসমস্তই আমাদেরকে প্রশংসা করার বিভিন্ন সুযোগ করে দেয়। আপনি কি সঙ্গে সঙ্গে তা লক্ষ করেন এবং এই ধরনের সুযোগগুলোর সদ্ব্যবহার করেন?
৩ উত্তম শ্রোতা হোন: অন্যদের কাছে প্রচার করার সময়, বিভিন্ন উপযুক্ত প্রশ্ন করে তাদেরকে নিজেদের মতামত খুলে বলতে আমন্ত্রণ জানান। তারা যা বলে, তা মন দিয়ে শুনে তাদের প্রতি সম্মান দেখান। (রোমীয় ১২:১০) সম্ভবত, আপনি দেখবেন যে, তারা এমন কিছু বলে যেটার জন্য আপনি আন্তরিক প্রশংসা করতে পারেন এবং এরপর উভয়পক্ষই একমত হওয়ার মতো বিষয় তুলে ধরে আপনি সেটার ওপর আলোচনা চালিয়ে যেতে পারেন।
৪ বিচক্ষণ হোন: কোনো গৃহকর্তা যদি এমন কিছু বলেন, যা বাইবেলের সত্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়, তা হলে আমাদের কী করা উচিত? কোনো ভুল মন্তব্যের বিষয়ে দ্বিমত পোষণ না করে বরং গৃহকর্তার কথার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং “আমি বুঝতে পারছি যে, এই বিষয় নিয়ে আপনি অনেক চিন্তা করেছেন,” এইরকম অভিব্যক্তির দ্বারা আলোচনা চালিয়ে যান। (কল. ৪:৬) এমনকি একজন ব্যক্তি যদি তর্কপ্রবণও হয়ে থাকেন, তবুও সেই বিষয়ে তার অকৃত্রিম আগ্রহের জন্য আমরা তার প্রশংসা করতে পারি। এই ধরনের কোমল উপস্থাপনা হয়তো এমন একজন ব্যক্তিকেও নমনীয় করতে পারে, যাকে দেখে সুসমাচারের চরম বিরোধী বলে মনে হতে পারে।—হিতো. ২৫:১৫.
৫ আমরা যদি চাই যে আমাদের প্রশংসা উৎসাহজনক হোক, তা হলে তা অবশ্যই অকৃত্রিম হতে হবে। এই ধরনের গঠনমূলক কথাবার্তা বলা যিহোবার সম্মান নিয়ে আসে এবং অন্যদেরকে হয়তো রাজ্যের বার্তার প্রতি আকৃষ্ট করতে পারে।