প্রশংসা সতেজ করে
১ “আজকে কি আমি ভাল মেয়ে ছিলাম না?” ছোট্ট মেয়েটি শুতে যাওয়ার সময় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলেছিল। এই প্রশ্নটি তার মাকে অবাক করে দিয়েছিল। সেই দিন তার ছোট্ট মেয়েটি ভদ্র থাকার জন্য কত কঠোর চেষ্টা করছিল তা দেখা সত্ত্বেও, তিনি সামান্য একটা মুখের বাক্যেও তাকে প্রশংসা করেননি। সেই ছোট্ট মেয়েটির কান্না মনে করিয়ে দেয় যে, আমাদের—যুবক ও বৃদ্ধ—সকলের প্রশংসার প্রয়োজন। আমাদের চারপাশে যারা রয়েছে তারা যে-ভাল কাজ করে, সেটার জন্য প্রশংসা করে আমরা কি তাদের সতেজ করি?—হিতো. ২৫:১১.
২ সহখ্রিস্টানদের প্রশংসা করার মতো অনেক কারণ রয়েছে। প্রাচীন, পরিচারক দাস এবং অগ্রগামীরা তাদের দায়িত্বগুলো পালন করতে কঠোর পরিশ্রম করে। (১ তীম. ৪:১০; ৫:১৭) ঈশ্বর-ভয়শীল বাবামারা যিহোবার পথে তাদের সন্তানদের মানুষ করে তুলতে তাদের যথাসাধ্য করে। (ইফি. ৬:৪) “জগতের আত্মাকে” প্রতিরোধ করতে খ্রিস্টান যুবক-যুবতীরা কঠোর সংগ্রাম করে। (১ করি. ২:১২; ইফি. ২:১-৩) অন্যেরা বয়স বেড়ে যাওয়া, স্বাস্থ্যগত সমস্যা অথবা অন্যান্য পরীক্ষাগুলো সত্ত্বেও, বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে। (২ করি. ১২:৭) এরা সকলেই প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা কি তাদের প্রশংসাযোগ্য প্রচেষ্টাগুলোকে উপলব্ধি করি?
৩ ব্যক্তিগত এবং নির্দিষ্ট: সত্যিই, আমরা সকলে মঞ্চ থেকে প্রশংসা পেয়ে আনন্দিত হই। কিন্তু, যখন ব্যক্তিগতভাবে আমাদের প্রশংসা করা হয়, তখন তা এমনকি আরও বেশি সতেজতাদায়ক হয়। উদাহরণস্বরূপ, রোমীয়দের উদ্দেশে লেখা পৌলের চিঠির ১৬ অধ্যায়ে তিনি অন্যদের মাঝে ফৈবী, প্রিষ্কা এবং আক্বিলা, ত্রুফেণা ও ত্রুফোষা আর পর্ষীর বিষয়ে প্রশংসার নির্দিষ্ট অভিব্যক্তি প্রকাশ করেন। (রোমীয় ১৬:১-৪, ১২) সেই বিশ্বস্ত ব্যক্তিদের কাছে তার কথাগুলো কতই না সতেজতাদায়ক হয়েছিল! এই ধরনের প্রশংসা আমাদের ভাইবোনদের পুনরায় এই আশ্বাস দেয় যে, তাদের আমাদের প্রয়োজন রয়েছে এবং তা আমাদের একে অপরকে আরও নিকটবর্তী করে। সম্প্রতি, আপনি কি ব্যক্তিগতভাবে কোনো বিষয়ের জন্য নির্দিষ্ট প্রশংসা করেছেন?—ইফি. ৪:২৯.
৪ হৃদয় থেকে: সত্যিকারের সতেজতাদায়ক হতে হলে, প্রশংসা অবশ্যই আন্তরিক হতে হবে। আমরা হৃদয় থেকে কথা বলছি নাকি কেবল ‘জিহ্বাতে চাটুবাদ করিতেছি’ সেটার পার্থক্য লোকেরা করতে পারে। (হিতো. ২৮:২৩) অন্যদের মধ্যে ভাল বিষয় লক্ষ করতে আমরা যখন নিজেদের প্রশিক্ষিত করি, তখন আমাদের হৃদয় প্রশংসা করতে পরিচালিত হবে। “যথাকালে কথিত বাক্য কেমন উত্তম” তা জেনে আমরা যেন আন্তরিক প্রশংসা করার ব্যাপারে উদার হই!—হিতো. ১৫:২৩.