আমাদের পরিচর্যা—সমবেদনাপূর্ণ এক কাজ
১ যিশু লক্ষ করেছিলেন যে, যে-বিপুলসংখ্যক লোক তাঁর বার্তা শুনেছিল, তারা “ব্যাকুল ও ছিন্নভিন্ন . . ., যেন পালকবিহীন মেষপাল” ছিল। (মথি ৯:৩৬) তিনি তাদেরকে যিহোবার পথ সম্বন্ধে কোমলতা ও প্রেমের সঙ্গে শিক্ষা দিয়েছিলেন, তাদের সান্ত্বনা জুগিয়েছিলেন এবং সমবেদনাপূর্ণভাবে তাদের আধ্যাত্মিক চাহিদাগুলো পূরণ করেছিলেন। তাঁর পথের বিষয়ে ধ্যান করে আমরা যিশুর মতো চিন্তা করতে ও অনুভব করতে শিখি আর এর ফলে আমাদের পরিচর্যায় এই সমবেদনা গুণটি স্পষ্ট হয়ে ওঠে।
২ যে-লোকেদের একান্তভাবেই সাহায্যের প্রয়োজন ছিল তারা যখন যিশুর কাছে এসেছিল, তখন তিনি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সেই বিষয়টা ভেবে দেখার জন্য একটু সময় করে নিন। (লূক ৫:১২, ১৩; ৮:৪৩-৪৮) বিশেষ প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের প্রতি তিনি বিবেচনা দেখিয়েছিলেন। (মার্ক ৭:৩১-৩৫) অন্যদের অনুভূতি সম্বন্ধে তিনি সচেতন ছিলেন এবং চিন্তা দেখিয়েছিলেন। তিনি বাহ্যিক অবস্থা দেখে প্রভাবিত হননি। (লূক ৭:৩৬-৪০) বস্তুতপক্ষে, যিশু আমাদের ঈশ্বরের কোমল সমবেদনাকে নিখুঁতভাবে প্রতিফলিত করেছিলেন।
৩ ‘করুণাবিষ্ট হইয়াছিলেন’: যিশু নিছক কর্তব্যের খাতিরেই তাঁর পরিচর্যা করেননি। তিনি লোকেদের জন্য ‘করুণাবিষ্ট হইয়াছিলেন।’ (মার্ক ৬:৩৪) একইভাবে বর্তমান দিনে, আমরাও শুধুমাত্র এক বার্তাই জানাচ্ছি না কিন্তু সেইসঙ্গে মূল্যবান জীবন রক্ষা করার জন্যও চেষ্টা করছি। লোকেরা যে-প্রতিক্রিয়া দেখায়, তার কারণ বোঝার চেষ্টা করুন। কেন তারা উদ্বিগ্ন অথবা বিক্ষিপ্ত হয়? তারা কি মিথ্যা ধর্মীয় পালকদের দ্বারা অবহেলিত এবং প্রতারিত হয়েছে? অন্যদের প্রতি আমাদের অকৃত্রিম আগ্রহ হয়তো তাদেরকে সুসমাচার শুনতে পরিচালিত করবে।—২ করি. ৬:৪-৭.
৪ সমবেদনা হৃদয়কে স্পর্শ করে। উদাহরণস্বরূপ: একজন ভদ্রমহিলা তার তিন মাস বয়সি মেয়েকে মৃত্যুতে হারানোর দুঃখ ভোগ করেছিলেন। দুজন সাক্ষি বোন যখন তার বাড়িতে এসেছিল, তখন তিনি এই উদ্দেশ্য নিয়ে তাদেরকে ভিতরে আমন্ত্রণ জানিয়েছিলেন যে, ঈশ্বর যেকারণে দুঃখকষ্ট থাকতে দিয়েছেন, সেই সম্বন্ধে তাদের যুক্তিগুলোকে তিনি খণ্ডন করবেন। কিন্তু, সেই ভদ্রমহিলা পরে বলেছিলেন: “তারা অত্যন্ত সমবেদনার সঙ্গে আমার কথা শুনেছিল আর তাই তারা চলে যাওয়ার সময় আমি এতটাই স্বস্তি বোধ করেছিলাম যে, আমি তাদের আরেকবার আসার প্রস্তাবে রাজি হয়েছিলাম।” পরিচর্যায় যাদের সঙ্গে আপনার দেখা হয় আপনি কি তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন?
৫ সমবেদনা গড়ে তোলা আমাদেরকে অন্যদের কাছে প্রকৃত সান্ত্বনার বিষয় জানাতে সাহায্য করবে। সমবেদনা গড়ে তোলার দ্বারা আমরা “করুণা-সমষ্টির পিতা” যিহোবার গৌরব করি।—২ করি. ১:৩.