ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১১/১ পৃষ্ঠা ২৪-২৮
  • “ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন”
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অভাবগ্রস্তদের জন্য সংগ্রহ
  • উদারতার জন্য সনির্বন্ধ আবেদন
  • আজকের হৃষ্টচিত্ত দাতাগণ
  • মুক্তহস্তে দান করে আনন্দ পাওয়া যায়
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে”—কিভাবে?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন যিহোবাকে দেবেন?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দান করার মনোভাব গড়ে তুলুন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১১/১ পৃষ্ঠা ২৪-২৮

“ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন”

যিহোবা হলেন উদারতার মূর্ত প্রতীক। বাস্তবিকই বাইবেল বলে যে তিনি “সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর” দাতা। (যাকোব ১:১৭) উদাহরণস্বরূপ, ঈশ্বরের সৃষ্ট সমস্তকিছুর কথা চিন্তা করুন। তিনি খাদ্যকে স্বাদহীন নয় বরং সুস্বাদু করে তৈরি করেছেন; কেবলই ধূসর বর্ণের নয় বরং রংবেরঙের ফুল তৈরি করেছেন; সূর্যাস্তকে বিবর্ণ নয় কিন্তু আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, যিহোবার প্রতিটি সৃষ্টিই তাঁর প্রেম এবং উদারতার প্রমাণ দেয়। (গীতসংহিতা ১৯:১, ২; ১৩৯:১৪) এছাড়াও যিহোবা হলেন হৃষ্টচিত্ত দাতা। তিনি তাঁর দাসদের জন্য উত্তম কিছু করে আনন্দ পান।—গীতসংহিতা ৮৪:১১; ১৪৯:৪.

ইস্রায়েলীয়দের আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একে অপরের সঙ্গে আচরণের সময় ঈশ্বরের উদারতাকে প্রতিফলিত করে। “তুমি আপন হৃদয় কঠিন করিও না, বা দরিদ্র ভ্রাতার প্রতি আপন হস্ত রুদ্ধ করিও না,” মোশি তাদের বলেছিলেন। “তুমি তাহাকে অবশ্য দিবে, . . . হৃদয়ে দুঃখিত হইবে না।” (দ্বিতীয় বিবরণ ১৫:৭, ১০) “হৃদয়ে দুঃখিত হইবে না” কথাগুলির অর্থ ছিল যে তাদের হৃদয় থেকে দান করতে হতো আর তাই ইস্রায়েলীয়রা উদারতা দেখিয়ে আনন্দ পেতো।

খ্রীষ্টানদেরও একই উপদেশ দেওয়া হয়েছিল। প্রকৃতই, যীশু বলেছিলেন যে “দান করা ধন্য হইবার বিষয়।” (প্রেরিত ২০:৩৫) যীশুর শিষ্যরা হৃষ্টচিত্তে দান করার ক্ষেত্রে উদাহরণযোগ্য ছিলেন। দৃষ্টান্তস্বরূপ, বাইবেল বিবৃতি দেয় যে যিরূশালেমে যারা বিশ্বাসী হয়েছিলেন তারা “স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া, যাহার যেমন প্রয়োজন, তদনুসারে সকলকে অংশ করিয়া দিত।”—প্রেরিত ২:৪৪, ৪৫.

কিন্তু পরে এই উদার যিহূদিয়াবাসীরা অভাবগ্রস্ত হয়েছিলেন। বাইবেল নির্দিষ্টভাবে বলে না যে কী কারণে তাদের এই অভাবের মধ্যে পড়তে হয়েছিল। কিছু পণ্ডিতেরা বলেন যে প্রেরিত ১১:২৮, ২৯ পদে উল্লেখিত দুর্ভিক্ষ হয়ত এর কারণ হতে পারে। যাইহোক না কেন, যিহূদিয়ার খ্রীষ্টানেরা চরম দুর্দশার মধ্যে ছিলেন আর পৌল দেখেছিলেন যে তাদের প্রয়োজনীয়তাগুলি যেন মেটানো হয়। কিভাবে তিনি তা করেছিলেন?

অভাবগ্রস্তদের জন্য সংগ্রহ

পৌল মাকিদনিয়ার মতো দূরবর্তী অঞ্চলের মণ্ডলীগুলি থেকেও সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন এবং তিনি এই সংগৃহীত বস্তুসামগ্রী যিহূদিয়ার অভাবগ্রস্ত খ্রীষ্টানদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। করিন্থীয়দের কাছে পৌল লিখেছিলেন: “আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি, তদনুসারে তোমরাও কর। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর।”a—১ করিন্থীয় ১৬:১, ২.

পৌল চেয়েছিলেন যে এই তহবিল যেন তাড়াতাড়িই যিরূশালেমের ভাইদের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু করিন্থীয়েরা পৌলের নির্দেশে সাড়া দিতে দেরি করেছিলেন। কেন? তারা কি তাদের যিহূদিয়ার ভাইদের দুরবস্থার প্রতি উদাসীন ছিলেন? না, কেননা পৌল জানতেন যে করিন্থীয়েরা ‘সর্ব্ববিষয়ে উপচিয়া পড়িতেছে—বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সর্ব্বপ্রকার যত্নে।” (২ করিন্থীয় ৮:৭) সম্ভবত তারা অন্যান্য কোন গুরুত্বপূর্ণ কাজগুলি করায় ব্যস্ত ছিলেন, যে সম্পর্কে পৌল তার প্রথম পত্রে তাদের লিখেছিলেন। কিন্তু এখন যিরূশালেমের পরিস্থিতি খুবই জরুরি। সুতরাং, পৌল করিন্থীয়দের প্রতি তার দ্বিতীয় পত্রে এই বিষয়টি উল্লেখ করেছিলেন।

উদারতার জন্য সনির্বন্ধ আবেদন

প্রথমত পৌল করিন্থীয়দের মাকিদনীয়ার খ্রীষ্টানদের কথা বলেছিলেন যারা ত্রাণ কাজে উদাহরণযোগ্য সাড়া দিয়েছিলেন। পৌল লিখেছিলেন, “ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতারূপ ধনের উদ্দেশে উপচিয়া পড়িয়াছে।” মাকিদনীয়ার ভাইদের পীড়াপীড়ি করতে হয়নি। বিপরীতে, পৌল বলেন যে তারা “বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে, . . . আমাদের কাছে অনুরোধ করিয়াছিল।” আমরা যখন তাদের নিজেদের “অগাধ দীনতা” সম্পর্কে চিন্তা করি তখন মাকিদনীয় ভাইদের হৃষ্টচিত্তের দান আরও উল্লেখযোগ্য হয়ে ওঠে।—২ করিন্থীয় ৮:২-৪.

মাকিদনীয়দের প্রশংসা করার দ্বারা পৌল কি করিন্থীয়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার চেষ্টা করছিলেন? মোটেই না, কেননা তিনি জানতেন যে এটি প্রেরণা দেওয়ার সঠিক পথ নয়। (গালাতীয় ৬:৪) এছাড়াও তিনি জানতেন যে সঠিক কাজ করতে করিন্থীয়দের লজ্জার কোন কারণ নেই। বরং তার দৃঢ়বিশ্বাস ছিল যে করিন্থীয়রা তাদের যিহূদিয়ার ভাইদের প্রকৃতই ভালবাসেন এবং তারা এই ত্রাণ ব্যবস্থায় দান করতেও ইচ্ছুক। “তোমরা গত বৎসর হইতে,” তিনি তাদের বলেছিলেন “কেবল কার্য্য করিতে নয়, কিন্তু ইচ্ছা করিতেও প্রথমে আরম্ভ করিয়াছ।” (২ করিন্থীয় ৮:১০) বাস্তবিকই, ত্রাণ ব্যবস্থার কয়েকটি ক্ষেত্রে, করিন্থীয়েরা উদাহরণযোগ্য ছিলেন। “আমি তোমাদের আগ্রহ জানি, এবং তোমাদের পক্ষে সে বিষয়ে মাকিদনীয়দের কাছে এই শ্লাঘা করিয়া থাকি,” পৌল তাদের আরও বলেছিলেন: “তোমাদের উদ্যোগ তাহাদের অধিকাংশ লোককে উৎসাহিত করিয়া তুলিয়াছে।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (২ করিন্থীয় ৯:২) কিন্তু এখন করিন্থীয়দের উদ্যোগ এবং তৎপরতা কাজে পরিণত হওয়ার প্রয়োজন ছিল।

তাই, পৌল তাদের বলেছিলেন: “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।” (২ করিন্থীয় ৯:৭) সুতরাং করিন্থীয়দের উপর চাপ দেওয়া পৌলের লক্ষ্য ছিল না, কেননা একজন ব্যক্তিকে কখনও জোর করে হৃষ্টচিত্ত দাতা করা যায় না। স্পষ্টতই, পৌল জানতেন যে ইতিমধ্যেই তাদের যথার্থ মনোভাব রয়েছে, কারণ ইতিমধ্যে প্রত্যেকেই দান করতে সংকল্প করেছিলেন। অধিকন্তু, পৌল তাদের বলেছিলেন: “যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে, তদনুসারে তাহা গ্রাহ্য হয়; যাহার যাহা নাই, তদনুসারে নয়।” (২ করিন্থীয় ৮:১২) হ্যাঁ, ইচ্ছা থাকে—যখন একজন ব্যক্তি প্রেমের দ্বারা পরিচালিত হন—তখন তা ছোট বিষয় হলেও তিনি যা কিছু উৎসর্গ করেন তা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়।—লূক ২১:১-৪ পদের সঙ্গে তুলনা করুন।

আজকের হৃষ্টচিত্ত দাতাগণ

যিহূদিয়ার খ্রীষ্টানদের জন্য ত্রাণ ব্যবস্থা, আমাদের দিনের জন্য এক উৎকৃষ্ট উদাহরণ। যিহোবার সাক্ষীরা পৃথিবীব্যাপী এক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন, যার দ্বারা লক্ষ লক্ষ আধ্যাত্মিকভাবে দুর্ভিক্ষগ্রস্ত ব্যক্তিদের পুষ্টি সরবরাহ করা সম্ভব হয়েছে। (যিশাইয় ৬৫:১৩, ১৪) তারা যীশুর আজ্ঞার প্রতি বাধ্য হয়ে এটি করেন: “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; . . . তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।”—মথি ২৮:১৯, ২০.

এই কার্যভার সম্পাদন করা সহজ কাজ নয়। এটি মিশনারি গৃহ এবং সমস্ত পৃথিবীতে একশটিরও বেশি শাখা অফিসের ব্যয়ভারকে জড়িত করে। এছাড়াও এটি কিংডম হল এবং অধিবেশন হলগুলি নির্মাণ করার খরচকে অন্তর্ভুক্ত করে, যেন যিহোবার উপাসকেরা এক উপযুক্ত স্থানে মিলিত হতে এবং একে অপরকে উৎসাহিত করতে পারেন। (ইব্রীয় ১০:২৪, ২৫) যে এলাকাগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে, যিহোবার সাক্ষীরা মাঝে মাঝে সেখানেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ছাপাখানার প্রচুর খরচের কথাও চিন্তা করুন। প্রতি সপ্তাহে গড়ে ২,২০,০০,০০০ সংখ্যারও বেশি প্রহরীদুর্গ আর প্রায় ২,০০,০০,০০০ সংখ্যা সচেতন থাক! ছাপানো হয়ে থাকে। এছাড়াও নিয়মিত আধ্যাত্মিক খাদ্য যোগানোর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ বই, ব্রোশার, অডিও ক্যাসেট এবং ভিডিও ক্যাসেট প্রকাশ করা হয়ে থাকে।

এই সমস্ত কাজের জন্য অর্থ কিভাবে আসে? স্বেচ্ছাকৃত দানের মাধ্যেমে। এই দান প্রশংসা পাওয়া কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য নয় কিন্তু সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হয়। তাই এই দান, দাতার জন্য আনন্দ এবং সেইসঙ্গে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। (মালাখি ৩:১০; মথি ৬:১-৪) এমনকি যিহোবার সাক্ষীদের মধ্যে অল্পবয়স্ক সন্তানেরাও নিজেদের উদার, হৃষ্টচিত্ত দাতা হিসাবে প্রমাণ করে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের একটি এলাকা প্রবল সামুদ্রিক ঝড়ে বিধ্বস্ত হয়েছে শুনে, চার বছর বয়সী এলিসন দুই ডলার দিয়েছিল। “এটি হল আমার ব্যাংকের পুরো অর্থ,” সে লিখেছিল। “আমি জানি ছোট ছেলেমেয়েরা তাদের খেলনা, বই ও পুতুল হারিয়েছে। আপনারা এই অর্থ দিয়ে সম্ভবত আমার বয়সী একটি ছোট মেয়ের জন্য একটি বই কিনতে পারবেন।” আট বছর বয়সী ম্যাকলিন লেখে যে সেই ঝড়ে একজন ভাইও মারা না যাওয়ায় সে খুবই আনন্দিত। সে আরও বলে: “আমি আমার বাবার সঙ্গে হাবক্যাপ বিক্রি করে ১৭ মার্কিন ডলার জমিয়েছি। আমি এই অর্থ দিয়ে কিছু কিনতে যাচ্ছিলাম কিন্তু ঠিক তখনই আমার সেই ভাইদের কথা মনে পড়ে যায়।”—উপরের বাক্সটিও দেখুন।

সত্যিই অল্পবয়স্ক এবং বয়স্কেরা ‘তাদের ধনে সদাপ্রভুকে সম্মান করার’ মাধ্যমে তাঁর রাজ্যের আগ্রহকে প্রথম স্থানে রাখছেন দেখে যিহোবার হৃদয় আনন্দিত হয়। (হিতোপদেশ ৩:৯, ১০) অবশ্যই, কেউই যিহোবাকে ধনবান করতে পারে না কারণ এই সমস্তকিছু তাঁরই। (১ বংশাবলি ২৯:১৪-১৭) কিন্তু এই কাজকে সমর্থন করা একজন উপাসককে যিহোবার প্রতি তার প্রেম প্রকাশের জন্য সুযোগ করে দেয়। যাদের হৃদয় এই কাজ করার জন্য তাদের অনুপ্রাণিত করে আমরা তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ।

[পাদটীকাগুলো]

a যদিও পৌল ‘আজ্ঞা দেন,’ তবুও এর অর্থ এই নয় যে তিনি স্বেচ্ছাচারীভাবে বা জোরপূর্বক তা দাবি করেছিলেন। পরিবর্তে, পৌল বিভিন্ন মণ্ডলী থেকে দান সংগ্রহের কাজ দেখাশোনা করেছিলেন। এছাড়াও, পৌল প্রত্যেককে তাদের “আপনাদের নিকটে” যা আছে “আপন আপন সঙ্গতি অনুসারে” তা দান করতে বলেছিলেন। অন্য কথায়, সমস্ত দানই গোপনে এবং স্বেচ্ছায় দেওয়া হয়েছিল। কাউকেই বাধ্য করা হয়নি।

[২৬, ২৭ পৃষ্ঠার বাক্স]

কিছুজন দান করার জন্য যে পথগুলি বেছে নিয়েছেন পৃথিবীব্যাপী কাজের জন্য দান

অনেকে কিছু পরিমাণ অর্থ আলাদা করে রাখেন যা তারা দান বাক্সে ফেলেন যেখানে লেখা থাকে: “সোসাইটির পৃথিবীব্যাপী কাজের জন্য দান—মথি ২৪:১৪।” প্রত্যেক মাসে মণ্ডলী এই অর্থ নিকটস্থ শাখা অফিসে পাঠিয়ে দেয়।

স্বেচ্ছায় অর্থদান সরাসরি কোষাধ্যক্ষের অফিসে পাঠানো যেতে পারে যেটির ঠিকানা হল Praharidurg Prakashan Society, Plot A/35, Near Industrial Estate, Nangargaon, Lonavla, 410 401. অলংকার অথবা অন্য কোন মূল্যবান বস্তুও দান করা যেতে পারে। এই দানের সঙ্গে সংক্ষেপে একটি চিঠি পাঠাতে হবে যেখানে উল্লেখ করা থাকবে যে এই উপহারটি যেন শর্তহীন দান হিসাবে গ্রহণ করা হয়।

পরিকল্পিত দান

পৃথিবীব্যাপী রাজ্যের পরিচর্যা কাজের উপকারার্থে শর্তহীন দানগুলি ছাড়াও দান করার জন্য আরও পদ্ধতি রয়েছে। এগুলি হল:

বীমা: জীবন বীমা প্রকল্প অথবা অবসর/পেনসন প্রকল্পের অংশীদার হওয়ার জন্য প্রহরীদুর্গ প্রকাশন সোসাইটির নাম দেওয়া যেতে পারে।

ব্যাংক অ্যাকাউন্টগুলি: ব্যাংক অ্যাকাউন্ট, ডিপোজিট সার্টিফিকেট অথবা ব্যক্তি বিশেষের অবসরকালীন অর্থ ট্রাস্টে অথবা স্থানীয় ব্যাংকের নিয়ম অনুসারে প্রহরীদুর্গ প্রকাশন সোসাইটি যেন ব্যক্তি বিশেষের মৃত্যুর সময় এটি পায় তার ব্যবস্থা করা যেতে পারে।

স্টক বন্ডগুলি: স্টক ও বন্ডগুলি প্রহরীদুর্গ প্রকাশন সোসাইটিকে সরাসরি উপহার হিসাবে দান করা যেতে পারে অথবা এমন ব্যবস্থা করা যেতে পারে যার মাধ্যমে দাতা যেন এর আয় পেতে পারেন।

স্থাবর সম্পত্তি: বিক্রি করা যায় এমন স্থাবর সম্পত্তি সরাসরি প্রহরীদুর্গ প্রকাশন সোসাইটিকে উপহার হিসাবে দান করা যেতে পারে অথবা দাতার জীবিত কাল অবধি সেখানে থাকার অনুমতির ব্যবস্থা করা যেতে পারে, অর্থাৎ যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন তিনি সেখানে থাকতে পারবেন। কোন স্থাবর সম্পত্তি সোসাইটিকে দেওয়ার আগে সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে হবে।

উইল ও ট্রাস্টগুলি: সম্পত্তি অথবা অর্থ প্রহরীদুর্গ প্রকাশন সোসাইটিকে আইনসম্মতভাবে স্বীকৃত উইলের সাহায্যে দেওয়া যেতে পারে অথবা ট্রাস্টের অংশীদার হিসাবে সোসাইটির নাম দেওয়া যেতে পারে।

“পরিকল্পিত দান” কথাটি ইঙ্গিত করে, এই ধরনের দানগুলির ক্ষেত্রে দাতাদের জন্য কিছু বিশেষ পরিকল্পনার প্রয়োজন রয়েছে।

“পরিকল্পিত দান” কথাটি ইঙ্গিত করে, এই ধরনের দানগুলির ক্ষেত্রে দাতাদের জন্য কিছু বিশেষ পরিকল্পনার প্রয়োজন রয়েছে।

[২৮ পৃষ্ঠার বাক্স]

অল্পবয়স্ক সন্তানেরাও হৃষ্টচিত্ত দাতা!

আমাদের জন্য আরও বই ছাপাতে আমি আপনাদের এই টাকা দিতে চাই। আমার বাবা আমাকে এই টাকা জমাতে সাহায্য করেছে। আপনাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ।—পামেলা, বয়স সাত বছর।

আরও কিংডম হল তৈরির জন্য আমি ৬·৮৫ মার্কিন ডলার পাঠাচ্ছি। এবারের গ্রীষ্মে আমি লেবুর শরবত বিক্রি করে এই টাকা যোগার করেছি।—সেলিনা, বয়স ছয় বছর।

আমি একটি মুরগি পুষেছিলাম যার থেকে একটি মোরগ এবং আরেকটি মুরগি হয়েছিল। মুরগিটি আমি যিহোবার কাছে উৎসর্গ করেছিলাম। পরে এটি তিনটি বাচ্চা দেয়, যেগুলি আমি বিক্রি করি। আমি যিহোবার কাজের জন্য এই টাকা পাঠাচ্ছি।—থিয়েরি, বয়স আট বছর।

আমার কাছে এই টাকাটাই ছিল! দয়া করে তা যত্নপূর্বক খরচ করুন। আমি খুব কষ্ট করে এটি জমিয়েছি। আমি ২১ মার্কিন ডলার পাঠাচ্ছি।—সারা, বয়স দশ বছর।

বিদ্যালয়ের একটি বিশেষ কাজে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম, তাই আমি জেলা প্রতিযোগিতায় গিয়েছিলাম, সেখানেও আমি প্রথম হই এবং রাজ্য পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতায় আমি দ্বিতীয় পুরস্কার লাভ করি। এই সব কিছুর পুরস্কার হিসাবে আমি নগদ টাকা পাই। এর কিছু অংশ আমি সোসাইটিকে দিতে চাই। আমি মনে করি যে ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে যে প্রশিক্ষণ আমি পেয়েছি সেই কারণেই এই পুরস্কার পাওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে। আর সেই কারণেই বিচারকের কাছে আমার রিপোর্ট দেওয়াও অনেক সহজ হয়ে গিয়েছিল।—অ্যাম্বার, ষষ্ঠ শ্রেণী।

আমি এটি যিহোবার জন্য দিতে চাই। তাঁকে জিজ্ঞাসা করুন এটি দিয়ে কী করা যেতে পারে। তিনি সমস্তকিছুই জানেন।—ক্যারেন, বয়স ছয় বছর।

[২৫ পৃষ্ঠার চিত্র]

যিহোবার সাক্ষীদের কার্যাদি স্বেচ্ছাকৃত দানের দ্বারা সমর্থিত হয়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার