রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়
একজন প্রাক্তন বিরোধী সত্য শেখেন
লাইবেরিয়ার গৃহযুদ্ধ সম্বন্ধে সংবাদপত্রগুলি আমাদের অনেক খবর দিয়েছে। হাজার হাজার লোক তাদের জীবন হারিয়েছে এবং তার চেয়েও বেশি লোককে দেশ ছাড়া হতে হয়েছে। এই কষ্টকর পরিস্থিতি সত্ত্বেও সৎহৃদয়বান লোকেরা ক্রমাগত সত্য গ্রহণ করে চলেছেন, নিচের অভিজ্ঞতাটি যেমন দেখায়।
দশ বছর বয়স থেকে জেমস লুথারিয়ান গির্জায় শিক্ষা পেয়ে আসছেন। গির্জার সংবাদ পত্রের একজন সম্পাদক হওয়ার পর, তিনি যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে লেখার সুযোগের সদ্ব্যবহার করেন। আর তাদের সম্বন্ধে না জেনেই তিনি এটি করে চলেন কারণ তিনি কখনও যিহোবার সাক্ষীদের সঙ্গে কথা বলেননি।
কিছুদিন পর গির্জার সংবাদপত্র সম্পাদনার কাজ ছেড়ে দিয়ে জেমস একটি হোটেলের একজন সফল মালিক হন। একদিন যখন তিনি তার হোটেলের অভ্যর্থনা কক্ষে বসে আছেন তখন মার্জিত পোশাক পরিহিতা দুজন বোন তার কাছে আসেন। তাদের পরিচ্ছন্ন পোশাক দেখে তিনি তাদের ভিতরে আসতে বলেন। কিন্তু যখন তারা এই সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করেন তখন তিনি জানান, “আমি খুবই ব্যস্ত।” সাক্ষীরা তাকে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার গ্রাহক হওয়ার জন্য প্রস্তাব দেন আর তিনি কেবল তাদের কাছ থেকে রেহাই পাবার জন্য তা নেন। ১২ মাস ধরে ওই পত্রিকাগুলি তার বাড়িতে এসেছিল কিন্তু তিনি কখনও সেগুলির মোড়ক পর্যন্ত খুলে দেখেননি তিনি সেগুলিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিতেন।
গৃহযুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল তাই জেমস আক্রমণের প্রথম সংকেত পাওয়া মাত্রই পালিয়ে যাওয়ার জন্য একটি ব্যাগের মধ্যে টাকা এবং কিছু মূল্যবান দ্রব্যসামগ্রী ভরেছিলেন। একদিন সকালবেলা তার পিছনের দরজার কাছে একটি ছোট বোমা বিস্ফোরণ হয় আর তিনি ভয়ে শুধু জীবন বাঁচানোর জন্য তার ব্যাগ নিয়ে পালিয়ে যান। বিতাড়িত হাজার হাজার বেসামরিক লোকেদের সঙ্গে তাকে অনেকগুলি চেকপয়েন্ট পার হতে হয়েছিল। সেখানে নির্দোষ লোকেদের প্রায়ই কোন স্পষ্ট কারণ ছাড়াই লুন্ঠন এবং হত্যা করা হত।
প্রথম চেকপয়েন্টে জেমসকে কয়েকটি প্রশ্ন করার পর তার ব্যাগ খুলতে বলা হয়েছিল। ব্যাগ খুলে তার ভিতরে তাকিয়ে দেখে জেমস নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কী দেখছেন। তিনি তার মূল্যবান জিনিসের ব্যাগটি আনেননি বলে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। ভয়ে ও তাড়াহুড়োয় তিনি সেই ব্যাগটির বদলে সমস্ত মোড়ানো প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার ব্যাগটি নিয়ে এসেছেন। কিন্তু, কার্যরত সৈন্য সেই পত্রিকাগুলি দেখে এবং মোড়কের উপর তার নাম পড়ে বলেছিলেন: “ওহ্, আপনি যিহোবার সাক্ষী। আমরা আপনাদের খুঁজছি না, আমরা জানি আপনারা মিথ্যা কথা বলেন না।” ব্যাগ থেকে কয়েকটি পত্রিকা নেওয়ার পর সেই সৈন্য জেমসকে চলে যেতে বলেছিলেন।
আরও নয়টি চেকপয়েন্টে একই ঘটনা ঘটেছিল, সমস্ত সৈন্যরা ধরে নিয়েছিলেন যে জেমস একজন যিহোবার সাক্ষী আর তাই তাকে অক্ষত অবস্থায় যেতে দিয়েছিলেন। জেমসের মনে হয়েছিল যে তিনি তার মূল্যবান জিনিসের ব্যাগটি আনেননি বলেই এখনও পর্যন্ত বেঁচে আছেন তা না হলে মূল্যবান জিনিসগুলির জন্যই তাকে হত্যা করা হতো।
অবশেষে তিনি যখন শেষ এবং সবচেয়ে বিপদজনক চেকপয়েন্টে পৌঁছান তখন চারিদিকে অনেক মৃত দেহ পড়ে থাকতে দেখে তিনি খুবই ভয় পান। ভয় পেয়ে তিনি যিহোবার নাম ধরে ডেকেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর যদি তাকে এই হত্যার স্থান থেকে রক্ষা পেতে সাহায্য করেন তাহলে তিনি তার অবশিষ্ট জীবন তাঁকেই সেবা করবেন।
জেমস সৈন্যদেরকে তার ব্যাগটি দেখান আর আবারও একবার তারা বলেন যে: “আমরা আপনাদের খুঁজছি না।” তার দিকে তাকিয়ে তারা আরও বলেন: “আপনাদের একজন ভাই এই পাহাড়ের নিচে থাকেন। আপনি সেখানে গিয়ে তার সঙ্গে থাকুন। এই সময়ে যিহোবার সাক্ষীদের সম্বন্ধে জেমসের ধারণা পুরোপুরি বদলে যায়। দেরি না করে তিনি ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেনa বইটি দিয়ে একটি বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করা হয়।
কয়েকদিন পর, একটি আক্রমণ তাকে সেই এলাকা ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এইবার জেমস কেবল তার অনন্তকাল বইটি নিয়ে জংগলে পালিয়ে যান। সাক্ষীদের কাছ থেকে এগার মাস বিচ্ছিন্ন থাকার সময়ে তিনি পাঁচবার তার বইটি অধ্যয়ন করেছিলেন। পরিশেষে তিনি যখন শহরে ফিরে আসতে পেরেছিলেন, তিনি আবার সাক্ষীদের সঙ্গে অধ্যয়ন শুরু করেন আর দ্রুত উন্নতি করতে থাকেন। এর অল্প কিছুদিন পর তিনি বাপ্তিস্ম নেন আর এখন তিনি তার আত্মিক ভাইদের সঙ্গে বিশ্বস্তভাবে সেবা করছেন।
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।