যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
ফ্লার্ট বা প্রেমের ভান করলে কি কোনো ক্ষতি হবে?
ফ্লার্ট করা বলতে কী বোঝায়?
কিছু লোক মনে করে, ফ্লার্ট করার মানে হল, কথা বা আচরণের মাধ্যমে কোনো ছেলে বা মেয়ের প্রতি রোমান্টিক আগ্রহ দেখানো। কারো প্রতি এভাবে রোমান্টিক আগ্রহ দেখানো কি কোনো খারাপ বিষয়? আসলে ঠিক তা নয়। অ্যান নামের এক যুবতী মেয়ে বলে, “আপনি যদি কোনো জীবনসঙ্গী খুঁজছেন আর কাউকে আপনার ভালো লেগে থাকে, তা হলে ফ্লার্টিং না করে কীভাবে আপনি বুঝবেন যে, সে-ও আপনাকে পছন্দ করে কিনা?”
তবে, বিয়ে করার কথা চিন্তা না করেই, শুধুমাত্র মজার ছলে যে-ধরনের ফ্লার্ট করা হয় বা প্রেমের ভান করা হয়, সেই বিষয় নিয়ে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।
“আপনি যখন কাউকে বিয়ে করার কথা ভাবেন, তখন তার প্রতি রোমান্টিক আগ্রহ দেখানোটা খুবই স্বাভাবিক। এর বিপরীতে, কারো সঙ্গে এমনি এমনি রোমান্টিক আগ্রহ দেখিয়ে, তার মনের আকাঙ্ক্ষা বাড়িয়ে, তারপর তাকে হঠাৎ ‘না’ বলে দেওয়াটা ঠিক হবে না।”—ডায়ানা।
কেন কেউ কেউ ফ্লার্ট করে?
কেউ কেউ শুধুমাত্র নিজের ইগো বাড়ানোর জন্য ফ্লার্ট করে থাকে। হেইলি নামের এক তরুণী বলে, “তুমি যখন বুঝতে পারবে, অন্যদের মধ্যে রোমান্টিক আগ্রহ জাগানোর ক্ষমতা তোমার আছে, তখন তুমি এই ধরনের মনোযোগ আরও বেশি করে পেতে চাইবে।”
কিন্তু তুমি যদি ইচ্ছাকৃতভাবে কারো প্রতি রোমান্টিক আগ্রহ দেখাও অথচ আসলে তোমার তেমন কোনো উদ্দেশ্য নেই, তা হলে তুমি সেই ব্যক্তির অনুভূতির প্রতি অত্যন্ত অসম্মান দেখাচ্ছ আর এতে লোকেরা তোমার দিকেই আঙুল তুলে প্রশ্ন করবে। বাইবেল বলে, “যার ভালো বিচারবুদ্ধির অভাব রয়েছে, সে মূর্খতায় আনন্দ পায়।”—হিতোপদেশ ১৫:২১.
তাই, হেইলি এ বিষয়ে সঠিক কথাই বলেছে যে, “ফ্লার্ট করলে শুরুর দিকে মনেই হয় না যে, এর মধ্যে কোনো ক্ষতি আছে। তবে, প্রায়ই এর পরিণতি খুবই খারাপ হয়।”
ফ্লার্ট করলে কী কী ক্ষতি হয়?
ফ্লার্ট করলে তোমার সুনাম নষ্ট হবে।
“যে-ব্যক্তি ফ্লার্ট করে, সে নিজের সম্বন্ধে এটা প্রকাশ করে যে, তাকে নির্ভর করা যায় না এবং সে অবুঝ। তুমি বুঝতে পারবে যে, সে আসলে তোমার প্রতি সত্যিকারের আগ্রহ দেখাচ্ছে না বরং তোমার কাছ থেকে কিছু পেতে চাইছে।”—জেরেমি।
বাইবেল বলে, “প্রেম … স্বার্থ চেষ্টা করে না।”—১ করিন্থীয় ১৩:৪, ৫.
একটু ভেবে দেখো: কোন ধরনের আচরণ করলে বা কথা বললে, অন্যদের মনে হতে পারে যে, তুমি ফ্লার্ট করছ?
যার সঙ্গে তুমি ফ্লার্ট করছ, তাকে কষ্ট দিয়ে ফেলবে।
“আমার যখন এমন কারো সঙ্গে দেখা হয় যে ফ্লার্ট করে, তখন তার আশেপাশে থাকতে আমার ইচ্ছে করে না। মনে হয় যেন, আমি শুধু একজন মেয়ে বলেই সে আমার সঙ্গে কথা বলছে। যারা ফ্লার্ট করে তারা আসলে আমার ব্যাপারে চিন্তা করে না। তারা শুধু নিজেদের ভালো লাগার বিষয়টাই চিন্তা করে।”—জ্যাকলিন।
বাইবেল বলে, “প্রত্যেকে কেবল নিজের উপকারের জন্য চেষ্টা না করুক, কিন্তু অন্যের উপকারের জন্য চেষ্টা করুক।”—১ করিন্থীয় ১০:২৪.
একটু ভেবে দেখো: তোমার কি কখনো এমন মনে হয়েছে যে, কেউ তোমার প্রতি রোমান্টিক আগ্রহ দেখিয়েছে অথচ পরে তুমি বুঝতে পেরেছ, সে তোমাকে নিয়ে একদম সিরিয়াস ছিল না? যদি তাই হয়, তা হলে তোমার কেমন লাগবে? এই ধরনের কষ্ট যেন তুমি অন্য কাউকে দিয়ে না ফেলো, সেজন্য তুমি কি করতে পারো?
ফ্লার্ট করলে তোমার পক্ষে সত্যিকারের ভালোবাসার ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন হবে।
“এমন ব্যক্তি যে ফ্লার্ট করে, তাকে বিয়ে করা তো দূরের কথা, তার সঙ্গে ডেট করার কথাও চিন্তা করা যায় না। সে যদি শুধুমাত্র উপর উপর দিয়ে দেখায় যে, সে আমার প্রতি আগ্রহী, তা হলে কীভাবে আমি তার আসল ব্যক্তিত্ব জানতে পারব আর তাকে বিশ্বাস করতে পারব?”—অলিভিয়া।
বাইবেলে গীতরচক দায়ূদ লেখেন, “আমি সেই ব্যক্তিদের এড়িয়ে চলি, যারা নিজেদের আসল চরিত্র লুকোয়।”—গীতসংহিতা ২৬:৪.
একটু ভেবে দেখো: যে শুধু প্রেমের ভান করে, তাকে কোন ধরনের ব্যক্তিরা পছন্দ করে? তুমি কি চাইবে ফ্লার্ট করে এমন কোনো ব্যক্তি তোমার প্রতি আগ্রহী হোক?