বাইবেলের প্রশ্নের উত্তর / ঈশ্বরকে খুশি করা / একজন খ্রিস্টান কি কোনো চিকিৎসাপদ্ধতি গ্রহণ করতে পারে?
বাইবেলের উত্তর
হ্যাঁ। যিশু বলেছিলেন, “সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন।” এটা বলার দ্বারা তিনি বুঝিয়েছিলেন যে, তাঁর অনুসারীরা সুস্থ হওয়ার জন্য চিকিৎসাপদ্ধতি গ্রহণ করতে পারে। (মথি ৯:১২) যদিও বাইবেল কোনো চিকিৎসার বই নয়, কিন্তু এর নীতিগুলো পালন করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং ঈশ্বরকে খুশি করতে পারি।
নিজেকে জিজ্ঞেস করুন
১. আমি যে-চিকিৎসাপদ্ধতি গ্রহণ করব বলে ঠিক করেছি, সেই বিষয়ে কি আমি সব কিছু জানি? বাইবেল পরামর্শ দেয়, ‘প্রতিটা কথায় বিশ্বাস করার’ পরিবর্তে আমরা যেন নির্ভরযোগ্য তথ্য খুঁজি।—হিতোপদেশ ১৪:১৫.
২. আমার কি অন্য ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত? “অনেক পরামর্শদাতা থাকলে” সাহায্য পাওয়া যায়, বিশেষ করে যখন আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন।—হিতোপদেশ ১৫:২২.
৩. এই চিকিৎসাপদ্ধতির সঙ্গে এমন কোনো বিষয় কি জড়িত রয়েছে, যেটার কারণে আমি “রক্ত থেকে পৃথক” থাকার আজ্ঞাকে লঙ্ঘন করে ফেলতে পারি?— প্রেরিত ১৫:২০.
৪. এই চিকিৎসাপদ্ধতির সঙ্গে কি কোনো প্রেতচর্চা বা জাদুবিদ্যা জড়িত রয়েছে? বাইবেল স্পষ্টভাবে জানায়, আমরা যেন “প্রেতচর্চা” থেকে দূরে থাকি। (গালাতীয় ৫:১৯-২১) চিকিৎসাপদ্ধতির সঙ্গে কোনো প্রেতচর্চার বিষয় জড়িত রয়েছে কি না, তা জানার জন্য আপনি এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করতে পারেন:
যে-ব্যক্তি আমার চিকিৎসা করছে, সে কি প্রেতচর্চা বা জাদুবিদ্যার সঙ্গে যুক্ত রয়েছে?
যে-ব্যক্তি আমার চিকিৎসা করছে, সে কি এমনটা বিশ্বাস করে যে, আমি ঈশ্বরকে অসন্তুষ্ট করেছি বলে অথবা কোনো শত্রু আমার উপর জাদুবিদ্যা করেছে বলে আমি অসুস্থ হয়ে পড়েছি?
ওষুধ প্রস্তুত করার সময় অথবা তা ব্যবহার করার সময় কি কোনো মন্ত্র পাঠ, কোনো জাদুবিদ্যা বা কোনো বলি উৎসর্গ করা হয়?
৫. আমি কি আমার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করছি? বাইবেল পরামর্শ দেয়: “তোমাদের যুক্তিবাদিতা যেন সবার কাছে প্রকাশ পায়।” (ফিলিপীয় ৪:৫) যুক্তিবাদী হওয়া “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো,” যেমন ঈশ্বরকে খুশি করা এবং তাঁর উপাসনা করার উপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করবে।—ফিলিপীয় ১:১০; মথি ৫:৩.