আমি কীভাবে জীবনযাপন করি বলে ঈশ্বর চান?
বাইবেলের উত্তর
ঈশ্বর চান যেন আপনি তাঁকে ভালোভাবে জানেন এবং তাঁর বন্ধু হয়ে ওঠেন। তিনি এটাও চান যে, আপনি যেন সম্পূর্ণ হৃদয় দিয়ে তাঁকে ভালোবাসেন এবং তাঁর সেবা করেন। (মথি ২২:৩৭, ৩৮; যাকোব ৪:৮) যিশুর জীবন এবং তাঁর শিক্ষা থেকে কীভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করতে হয়, আপনি তা শিখতে পারেন। (যোহন ৭:১৬, ১৭) যিশু কেবল সেই ইচ্ছার কথা মুখেই বলেননি কিন্তু সেইসঙ্গে তাঁর জীবনযাপনের মাধ্যমেও তা দেখিয়েছিলেন। যিশু বলেছিলেন, “আমার ইচ্ছা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর ইচ্ছা পালন করার জন্য … নেমে এসেছি।”—যোহন ৬:৩৮.
ঈশ্বরের ইচ্ছা কী, তা জানার জন্য আমার কি কোনো অলৌকিক চিহ্ন, দর্শন অথবা আহ্বানের প্রয়োজন রয়েছে?
না, তার প্রয়োজন নেই। কারণ মানবজাতির জন্য ঈশ্বরের বার্তা বাইবেলে রয়েছে। এটিতে লেখা রয়েছে যে, কীভাবে আপনি “সমস্ত ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে” পারেন। (২ তীমথিয় ৩:১৬, ১৭) ঈশ্বর চান যেন আপনি বাইবেল পড়ার পাশাপাশি আপনার “যুক্তি করার ক্ষমতা” কাজে লাগান আর এভাবে তিনি আপনার কাছ থেকে কী চান, তা জানুন।—রোমীয় ১২:১, ২; ইফিষীয় ৫:১৭.
আমার পক্ষে কি ঈশ্বরের ইচ্ছা পালন করা সম্ভব?
অবশ্যই সম্ভব। কারণ বাইবেল বলে: “ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়” (১যোহন ৫:৩, ইজি-টু-রিড ভারশন) এর মানে এটা নয় যে, ঈশ্বরের ইচ্ছা পালন করা সবসময় সহজ। তবে, আপনি যদি প্রচেষ্টা করেন, তা হলে আপনি অনেক উপকার পাবেন। যিশু বলেছিলেন: “সুখী তারাই, যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা পালন করে চলে!”—লূক ১১:২৮.