পরিবারের জন্য সাহায্য | সন্তান লালনপালন
যখন আপনার কিশোরবয়সি সন্তান আপনার বিশ্বাস ভেঙে ফেলে
কিছু কিশোর-কিশোরী তাদের বাবা-মায়ের নিয়ম মেনে চলতে পছন্দ করে না। আবার অনেকে তাদের বাবা-মাকে মিথ্যা কথা বলে লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তাই, আপনার সন্তান যদি আপনার বিশ্বাস ভেঙে ফেলে, তা হলে আপনি কী করবেন?
আমার সন্তান কি বিদ্রোহী?
ঠিক সেটা নয়। বাইবেল বলে, “যুবকের হৃদয়ে মূর্খতা গেঁথে থাকে।” (হিতোপদেশ ২২:১৫, পাদটীকা) তাদের কাজগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে, বাইবেলের এই কথা একেবারে সত্য। ডঃ. লরেন্স স্টাইনবার্গ তার বইয়ে লিখেছিলেন, ‘কিশোরবয়সি সন্তানেরা প্রায়ই তাড়াহুড়ো করে বোকার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাবা-মায়েরা, আপনার সন্তানেরা ভুল করবেই।’a
আমার সন্তান কি আমার কাছে মিথ্যা কথা বলে?
প্রথম থেকেই এটা ধরে নেবেন না যে, আপনার সন্তান আপনার কথা না শোনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। গবেষণা থেকে এটা জানা গিয়েছে যে, সন্তানেরা হয়তো উপর উপর দেখায়, তাদের এই বিষয়ে কোনো যায়-আসে না যে, বাবা-মায়েরা তাদের বিষয়ে কী চিন্তা করছে। হতে পারে, আপনি আপনার সন্তানদের কাছ থেকে যা-কিছু আশা করেন, তারা সেটা পূরণ করতে ব্যর্থ হয়। তাই, তারা হয়তো নিজে থেকেই বিরক্ত হয়ে যায়। আর এই কারণে তারা হয়তো আপনাকে স্পষ্টভাবে বলতে পারে না কারণ তারা হয়তো মনে করে যে, তারা কখনোই আপনার আশা পূরণ করতে পারবে না।
যখন একটা ভেঙে যাওয়া হাড় আবারও জোড়া লাগে এবং ঠিক হয়ে যায়, তখন সেটাতে আগের মতোই শক্তি আসে, একইভাবে ভেঙে যাওয়া বিশ্বাসও আবার অর্জন করা যেতে পারে
এটা কার দোষ?
তার আশেপাশের পরিবেশ কি খুব খারাপ? বাইবেল বলে: “খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করা ভালো অভ্যাসগুলো নষ্ট করে দেয়।” (১ করিন্থীয় ১৫:৩৩) কিশোর-কিশোরীদের উপর তাদের বন্ধুরা গভীর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া, তাদের উপর সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনেরও প্রভাব পড়তে পারে। শুধু তা-ই নয়, কম অভিজ্ঞতা থাকায়, তারা বোকার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু, তাদের ভুলগুলো থেকে শেখা উচিত। এমনটা করলে তারা আবারও একই ভুল করবে না এবং একজন দায়িত্ববান ব্যক্তি হয়ে উঠবে।
এটা কি আমার দোষ? আপনি হয়তো ভাবতে পারেন যে, আপনি আপনার সন্তানের প্রতি একটু বেশিই কঠোর হয়েছেন বলে সে এমনটা করেছে। অথবা আপনার হয়তো মনে হতে পারে, আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন বলে সে এই সুযোগটাকে ভুলভাবে কাজে লাগিয়েছে। এমনটা চিন্তা করবেন না যে, আপনার কোনো ভুলের কারণে সে এমনটা করেছে বরং এটা চিন্তা করুন, আপনি কীভাবে এই সমস্যাটা সমাধান করতে পারেন।
আমি কী করতে পারি যাতে আমার সন্তান আমার বিশ্বাস অর্জন করতে পারে?
অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না। আপনার সন্তান হয়তো জানে, সে যা-কিছু করেছে সেইজন্য আপনি তার উপর খুবই রেগে গিয়েছেন। কিন্তু, রেগে যাওয়ার পরিবর্তে, আপনার সন্তানের সঙ্গে ধীরে-সুস্থে কথা বলুন এবং তাকে জিজ্ঞেস করুন, কেন সে এমনটা করেছে? সে কি শুধুমাত্র নতুন কিছু করার চেষ্টা করছিল? সে কি বোর হচ্ছিল? সে কি একাকিত্ববোধ করছিল? সে কি বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল? তবে, এই কারণগুলোর মাধ্যমে এটা প্রমাণ হয় না যে, সে সঠিক। কিন্তু, এর ফলে আপনি এবং আপনার সন্তান এটা বুঝতে পারবে যে, আসলে কেন এমনটা ঘটেছে?
বাইবেলের নীতি: “শোনার ব্যাপারে ইচ্ছুক এবং কথা বলার ব্যাপারে ধীর হও আর দ্রুত রেগে যেয়ো না।”—যাকোব ১:১৯.
আপনার সন্তানকে এটা বুঝতে সাহায্য করুন যে, কেন এমনটা ঘটেছে। এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন যেমন, এর থেকে তুমি কোন শিক্ষা পেয়েছ? যদি পরের বার এইরকম পরিস্থিতি আসে, তা হলে তুমি কী করতে পার, যাতে একই ভুল আবারও না হয়? এইরকম প্রশ্ন জিজ্ঞেস করার ফলে, আপনি আপনার সন্তানকে সাহায্য করতে পারেন যেন সে তার যুক্তি করার ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করতে পারে।
বাইবেলের নীতি: “সম্পূর্ণ ধৈর্য সহকারে এবং উত্তমভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমে তিরস্কার করো, দৃঢ়ভাবে সাবধান করো, উৎসাহিত করো।”—২ তীমথিয় ৪:২.
শাস্তিও দিন। যখন সন্তানেরা ভুল করে, তখন তাকে শাস্তি দিন। এর ফলে, সন্তানেরা বুঝতে পারবে যে, সে যদি ভুল করে, তা হলে তাকে শাস্তিও পেতে হবে। যেমন, আপনার সন্তান যদি আপনার অনুমতি ছাড়াই গাড়ি চালায়, তা হলে কিছু সময়ের জন্য তার গাড়ি চালানো বন্ধ করে দিন। এর ফলে, আপনার সন্তান বুঝতে পারবে যে, সে আপনার বিশ্বাস ভেঙে ফেলেছে।
বাইবেলের নীতি: “একজন ব্যক্তি যা বুনবে, তা-ই কাটবে।”—গালাতীয় ৬:৭.
এই নিশ্চয়তা দিন যে, সে আবারও আপনার বিশ্বাস অর্জন করতে পারে। আপনার সন্তান যদি আপনার বিশ্বাস ভেঙে ফেলে, তা হলে সেটা রাতারাতি ঠিক হবে না। এতে কিছুটা সময় লাগবে। তাই, তাকে এই নিশ্চয়তা দিন যে, সে আবারও আপনার বিশ্বাস অর্জন করতে পারে। কিন্তু, আপনার সন্তান যদি চিন্তা করে যে, সে আপনার বিশ্বাস আবারও কখনো অর্জন করতে পারবে না, তা হলে সে এটা করার চেষ্টা করাই বন্ধ করে দেবে।
বাইবেলের নীতি: “নিজ নিজ সন্তানদের উত্তেজিত করে তুলো না, নতুবা তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।”—কলসীয় ৩:২১.
a এই তথ্যটা ইউ অ্যান্ড ইয়োর অ্যাডোলেসেন্ট নামক ইংরেজি বই থেকে নেওয়া হয়েছে।