যোহন বাপ্তাইজক কে ছিলেন?
বাইবেলের উত্তর
যোহন বাপ্তাইজক যিহোবার একজন ভাববাদী ছিলেন। (লূক ১:৭৬) খ্রিস্টপূর্ব ২ সালে তার জন্ম হয় আর ৩২ খ্রিস্টাব্দে তিনি মারা যান। ঈশ্বর তাকে মশীহ অর্থাৎ খ্রিস্টের জন্য পথ প্রস্তুত করার কার্যভার দিয়েছিলেন। যোহন যিহুদিদের কাছে ঈশ্বরের বার্তা প্রচার করেছিলেন, যাতে তাদের ঈশ্বরের কাছে আনতে পারেন। এভাবে, তিনি তার কার্যভার পালন করেছিলেন।—মার্ক ১:১-৪; লূক ১:১৩, ১৬, ১৭.
যোহনের বার্তা শুনে সৎহৃদয়ের লোকেরা বুঝতে পেরেছিল যে, নাসরতের যিশুই হলেন প্রতিজ্ঞাত মশীহ। (মথি ১১:১০) তিনি তাদের অনুরোধ করেছিলেন যেন তারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় এবং অনুতাপের প্রতীক হিসেবে বাপ্তিস্ম নেয়। (লূক ৩:৩-৬) যোহন অনেক লোককে বাপ্তিস্ম দিয়েছিলেন। তাই, তাকে যোহন বাপ্তাইজক বলা হয়। তিনি যত জনকে বাপ্তিস্ম দিয়েছিলেন, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যিশুর বাপ্তিস্ম।a—মার্ক ১:৯.
এই প্রবন্ধে রয়েছে
যোহন বাপ্তাইজক কোন দিকে দিয়ে সবার চেয়ে আলাদা?
যোহন সম্বন্ধে যা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল: যোহনের বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে, তিনি যিহোবার বার্তাবাহক হবেন। আর এই ভবিষ্যদ্বাণী যোহন প্রচার কাজ করার মাধ্যমে পরিপূর্ণ করেছিলেন। (মালাখি ৩:১; মথি ৩:১-৩) তার বিষয়ে বলা হয়েছিল: ‘তিনি লোকদের যিহোবার জন্য প্রস্তুত করবেন।’ যোহন যিহুদিদের প্রস্তুত হতে সাহায্য করেছিলেন, যেন তারা যিহোবার প্রধান প্রতিনিধি যিশু খ্রিস্টের বার্তা গ্রহণ করে।—লূক ১:১৭.
যোহন তার জীবনে যা করছিলেন: যিশু বলেছিলেন, “যত মানুষের জন্ম হয়েছে, তাদের মধ্যে কেউই যোহন বাপ্তাইজকের চেয়ে মহান নয়। কিন্তু, স্বর্গরাজ্যে যে সবচেয়ে ক্ষুদ্র ব্যক্তি, সে যোহনের চেয়ে মহান।” (মথি ১১:১১) যোহন শুধুমাত্র একজন ভাববাদীই ছিলেন না, কিন্তু তিনি সেই ‘বার্তাবাহকও’ ছিলেন, যার বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। তাই, যোহনের আগে যিহোবার যে-উপাসকেরা বেঁচে ছিল, তাদের মধ্যে কেউই যোহনের চেয়ে মহান নয়। তবে, যিশুর কথা থেকে আমরা বুঝতে পারি যে, যোহন স্বর্গরাজ্যে থাকবেন না।b এই বিশ্বস্ত ভাববাদী সেই সময়ের আগে মারা গিয়েছিলেন, যখন যিশু মানুষের জন্য স্বর্গে প্রবেশ করার পথ খুলে দিয়েছিলেন। (ইব্রীয় ১০:১৯, ২০) কিন্তু, যোহন পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের অধীনে পরমদেশে চিরকাল বেঁচে থাকবেন।—গীতসংহিতা ৩৭:২৯; লূক ২৩:৪৩.
যোহন বাপ্তাইজকের বাবা-মা কারা ছিলেন?
যোহনের বাবার নাম ছিল সখরিয় এবং মায়ের নাম ছিল ইলীশাবেৎ। সখরিয় একজন যাজক ছিলেন। যোহন অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন কারণ তার মা ইলীশাবেৎ বন্ধ্যা ছিলেন অর্থাৎ তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অক্ষম ছিলেন। এ ছাড়া, সখরিয় ও ইলীশাবেৎ দু-জনেরই “অনেক বয়স হয়ে গিয়েছিল।”—লূক ১:৫-৭, ১৩.
যোহন বাপ্তাইজকের মৃত্যুর পিছনে কার হাত ছিল?
রাজা হেরোদ আন্তিপা যোহনের শিরশ্ছেদ করিয়েছিলেন। তিনি তা করতে চাননি, কিন্তু রাজার স্ত্রী হেরোদিয়া তার মেয়ের মাধ্যমে রাজাকে তা করতে বলেছিলেন। হেরোদিয়া যোহনকে ঘৃণা করতেন কারণ যোহন হেরোদকে (যিনি একজন যিহুদি হওয়ার দাবি করতেন) বলেছিলেন যে, হেরোদ ও হেরোদিয়ার বিয়ে যিহুদিদের আইন অনুযায়ী অবৈধ।—মথি ১৪:১-১২; মার্ক ৬:১৬-১৯.
যোহন বাপ্তাইজক এবং যিশু কি একে অন্যের শত্রু ছিলেন?
বাইবেলে কোথাও লেখা নেই যে, যোহন বাপ্তাইজক এবং যিশু একে অন্যের শত্রু ছিলেন। (যোহন ৩:২৫-৩০) এর পরিবর্তে, যোহন স্পষ্টভাবে বলেছিলেন, তার দায়িত্ব হল মশীহের জন্য পথ প্রস্তুত করা, তাঁর সঙ্গে প্রতিযোগিতা করা নয়। যোহন বলেছিলেন: “আমি এই কারণেই জলে বাপ্তিস্ম দিচ্ছি, যাতে তিনি ইজরায়েলের কাছে প্রকাশিত হন।” তিনি আরও বলেছিলেন: “ইনিই ঈশ্বরের পুত্র।” (যোহন ১:২৬-৩৪) যোহন যখন শুনেছিলেন, যিশু তাঁর পরিচর্যায় সফল হয়েছেন, তখন তিনি অনেক আনন্দিত হয়েছিলেন।
a যিশু “কোনো পাপ করেননি।” (১ পিতর ২:২১, ২২) তাই, তিনি পাপের কারণে অনুতপ্ত হওয়ার জন্য নয় বরং ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য বাপ্তিস্ম নিয়েছিলেন। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যিশু আমাদের জন্য তাঁর জীবন দান করেছিলেন।—ইব্রীয় ১০:৭-১০.
b “কারা স্বর্গে যাবে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।