পবিত্র শাস্ত্র অতিমারি সম্বন্ধে কী জানায়?
বাইবেলের উত্তর
পবিত্র শাস্ত্র অনেক আগে থেকেই জানিয়েছে, শেষকালে অতিমারি দেখা দেবে। (লূক ২১:১১) কিন্তু, এই অতিমারি কি ঈশ্বরের কাছ থেকে আসে? কেউ কেউ মনে করে, ঈশ্বর শাস্তি দেওয়ার জন্য লোকদের অসুস্থ হয়ে কষ্ট পেতে দেন। তবে, এটা সত্য নয়! খুব শীঘ্রই ঈশ্বর তাঁর রাজ্যের দ্বারা সমস্ত অসুস্থতা ও অতিমারি পুরোপুরি নির্মূল করে দেবেন।
বাইবেলে কি অতিমারির বিষয়ে আগে থেকে কিছু বলা রয়েছে?
বাইবেল কোনো নির্দিষ্ট অতিমারি অথবা অসুস্থতা সম্বন্ধে বলে না, যেমন কোভিড-১৯, এইডস বা স্প্যানিশ ফ্লু। কিন্তু এটি বলে, “মারাত্মক মহামারি” দেখা দেবে। (লূক ২১:১১; প্রকাশিত বাক্য ৬:৮) আর এই ঘটনাগুলো ‘শেষকাল’ কিংবা “এই বিধিব্যবস্থার শেষ সময়ের” চিহ্ন হবে।—২ তীমথিয় ৩:১; মথি ২৪:৩.
ঈশ্বর কি কোনো ব্যক্তিকে অসুস্থ করে শাস্তি দিয়েছেন?
বাইবেল জানায়, ঈশ্বর কয়েক বার লোকদের অসুস্থ করে শাস্তি দিয়েছিলেন। যেমন, কিছু লোককে তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত করেছিলেন। (গণনাপুস্তক ১২:১-১৬; ২ রাজাবলি ৫:২০-২৭; ২ বংশাবলি ২৬:১৬-২১) তবে, ঈশ্বর নির্দোষ লোকদের কোনো ক্ষতি করেননি। তিনি শুধুমাত্র সেই ব্যক্তিদের শাস্তি দিয়েছিলেন, যারা তাঁর বিরোধিতা করেছিল। এভাবে, তিনি তাদের প্রতি ন্যায়বিচার করেছিলেন।
আজ চারিদিকে ছড়িয়ে পড়া অতিমারি কি ঈশ্বরের কাছ থেকে এক শাস্তি?
না। তবে, কিছু লোক দাবি করে, ঈশ্বর অতিমারির মাধ্যমে বা অন্য কোনো অসুস্থতার মাধ্যমে লোকদের শাস্তি দেন। কিন্তু, বাইবেল এমনটা কিছুই বলে না। কেন?
অতীতের মতো বর্তমানেও ঈশ্বরের উপাসকেরা অসুস্থ হয়। যেমন, ঈশ্বরের একজন বিশ্বস্ত উপাসক তীমথিয় “বার বার অসুস্থ” হতেন। (১ তীমথিয় ৫:২৩) কিন্তু, বাইবেল এটা জানায় না যে, ঈশ্বর তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন বলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। একইভাবে, বর্তমানে ঈশ্বরের বিশ্বস্ত সেবকেরাও অসুস্থ হয়। কেউ কেউ আবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এমনটা প্রায়ই ঘটে থাকে কারণ লোকেরা ভুল সময় ভুল জায়গায় থাকে।—উপদেশক ৯:১১.
বাইবেল শিক্ষা দেয়, এখনও সেই দিন আসেনি, যখন ঈশ্বর মন্দ ব্যক্তিদের শাস্তি দেবেন। এটি বলে, আমরা এখন “পরিত্রাণের দিনে” বাস করছি। এর থেকে বোঝা যায়, ঈশ্বর সমস্ত লোককে এক উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি চান যেন লোকেরা তাঁর সম্বন্ধে শেখে এবং নিজেদের জীবন রক্ষা করে। (২ করিন্থীয় ৬:২) তিনি কীভাবে এই আমন্ত্রণ জানাচ্ছেন? প্রচার কাজের মাধ্যমে। বর্তমানে, ঈশ্বরের “রাজ্যের সুসমাচার” সারা পৃথিবীতে প্রচার করা হচ্ছে।—মথি ২৪:১৪.
অতিমারি কি কখনো শেষ হবে?
হ্যাঁ, অবশ্যই হবে। বাইবেল বলে, খুব শীঘ্রই এমন সময় আসছে, যখন আর কেউ অসুস্থ হবে না। ঈশ্বরের রাজ্য যখন পৃথিবীতে শাসন করতে শুরু করবে, তখন সমস্ত ধরনের স্বাস্থ্যগত সমস্যা দূর হয়ে যাবে। (যিশাইয় ৩৩:২৪; ৩৫:৫, ৬) এমনকী যারা মারা গিয়েছে, তারা আবারও বেঁচে উঠবে। পৃথিবীতে সমস্ত লোকের উত্তম স্বাস্থ্য থাকবে আর তারা আনন্দে থাকবে।—গীতসংহিতা ৩৭:২৯; প্রেরিত ২৪:১৫.
অতিমারি সম্বন্ধে কিছু শাস্ত্রপদ
মথি ৪:২৩: “[যিশু] গালীলের সমস্ত জায়গায় ভ্রমণ করতে লাগলেন, তাদের সমাজগৃহগুলোতে শিক্ষা দিতে লাগলেন, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন আর লোকদের সমস্ত ধরনের রোগব্যাধি এবং সমস্ত ধরনের শারীরিক অক্ষমতা দূর করতে লাগলেন।”
এর অর্থ: পৃথিবীতে থাকাকালীন যিশু যে-সমস্ত অলৌকিক কাজ করেছিলেন, সেগুলো শুধুমাত্র একটা ট্রেলার। এর থেকে বোঝা যায়, খুব শীঘ্রই তিনি ঈশ্বরের রাজ্যের মাধ্যমে সমস্ত লোকের জন্য কী করবেন।
লূক ২১:১১: “মহামারি দেখা দেবে।”
এর অর্থ: সারা পৃথিবীতে অতিমারি দেখা দেবে আর এটা শেষকালের বিভিন্ন চিহ্নের মধ্যে একটা।
প্রকাশিত বাক্য ৬:৮: “দেখো! একটা ফ্যাকাশে রঙের ঘোড়া এবং যে সেটার উপর বসে আছে, তার নাম মৃত্যু। আর কবর ঠিক তার পিছন পিছন চলছে। … তাদের কর্তৃত্ব দেওয়া হল, যেন তারা … মারাত্মক মহামারি … দ্বারা লোকদের হত্যা করে।”
এর অর্থ: বাইবেলে প্রকাশিত বাক্য বইয়ে চার জন অশ্বারোহীর বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই ভবিষ্যদ্বাণী থেকে আমরা বুঝতে পারি, আমাদের সময়ে অতিমারি দেখা দেবে।