কীভাবে আপনি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানতে পারেন?
বাইবেলের উত্তর
ঈশ্বর সম্বন্ধে শেখার এবং তিনি খুশি হবেন এমন পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে তাঁর সম্বন্ধে জানতে পারেন। আপনি যখন এমনটা করবেন, তখন ঈশ্বরও ‘আপনার নিকটবর্তী হবেন।’ (যাকোব ৪:৮) বাইবেল আমাদের আশ্বস্ত করে যে, “তিনি … আমাদের কারো কাছ থেকে দূরে নন।”—প্রেরিত ১৭:২৭.
ঈশ্বর সম্বন্ধে জানার জন্য আপনাকে যে-পদক্ষেপগুলো নিতে হবে
বাইবেল পড়ুন
বাইবেল যা বলে: “শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।”—২ তীমথিয় ৩:১৬.
এর অর্থ: ঈশ্বর হলেন বাইবেলের গ্রন্থকার। তিনি বাইবেল লেখকদের মনে নিজের চিন্তাভাবনা দেওয়ার মাধ্যমে এই বইটি লিখতে সাহায্য করেছেন। এই অসাধারণ বইয়ের মাধ্যমে ঈশ্বর আমাদের বলেছেন যে, তিনি আমাদের জন্য কোন ধরনের জীবন চান। এ ছাড়া, এই বইয়ের মাধ্যমে তিনি নিজের ব্যক্তিত্বের বিভিন্ন দিক সম্বন্ধেও জানিয়েছেন, যেমন তিনি প্রেমময়, ন্যায়পরায়ণ ও করুণাময়।—যাত্রাপুস্তক ৩৪:৬; দ্বিতীয় বিবরণ ৩২:৪.
আপনি যা করতে পারেন: প্রতিদিন বাইবেল পড়ুন। (যিহোশূয়ের পুস্তক ১:৮) আপনি যা পড়েন, তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। তা করার সময়ে নিজেকে জিজ্ঞেস করুন: ‘এখান থেকে আমি ঈশ্বরের ব্যক্তিত্ব সম্বন্ধে কী জানতে পারি?’—গীতসংহিতা ৭৭:১২.
যেমন, যিরমিয় ২৯:১১ পদ পড়ুন আর এরপর নিজেকে জিজ্ঞেস করুন: ‘ঈশ্বর আমার জন্য কী চান—আমার জীবনে শান্তি থাকুক, না বিপর্যয় ঘটুক? তিনি কি একজন প্রতিশোধপরায়ণ ঈশ্বর, না কি তিনি চান যেন আমরা এক উত্তম ভবিষ্যৎ লাভ করি?’
সৃষ্টি ভালোভাবে লক্ষ করুন
বাইবেল যা বলে: “জগৎ সৃষ্টির পর থেকেই [ঈশ্বরের] অদৃশ্য গুণাবলি … স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ এগুলো তাঁর সৃষ্ট বিষয়গুলো থেকে উপলব্ধি করা যায়।”—রোমীয় ১:২০.
এর অর্থ: ঈশ্বরের সৃষ্ট বিষয়গুলো তাঁর ব্যক্তিত্ব সম্বন্ধে অনেক কিছু জানায়, ঠিক যেমন একটা ছবি সেই ব্যক্তি সম্বন্ধে অনেক কিছু জানায়, যিনি ছবিটা এঁকেছেন অথবা একটা জটিল মেশিন সেই ব্যক্তি সম্বন্ধে অনেক কিছু জানায়, যিনি সেটা আবিষ্কার করেছেন। উদাহরণ স্বরূপ, মানুষের ব্রেনের ক্ষমতা এবং জটিলতা ঈশ্বরের প্রজ্ঞা সম্বন্ধে অনেক কিছু জানায় এবং সূর্য ও অন্যান্য নক্ষত্রের মধ্যে থাকা শক্তি যেভাবে নিয়ন্ত্রণের মধ্যে থেকে কাজ করে, সেটা ঈশ্বরের শক্তির বিষয়ে অনেক কিছু জানায়।—গীতসংহিতা ১০৪:২৪; যিশাইয় ৪০:২৬.
আপনি যা করতে পারেন: সময় বের করে সৃষ্টিকে ভালোভাবে লক্ষ করুন। এমনটা করার সময় নিজেকে জিজ্ঞেস করুন, ‘প্রকৃতির অসাধারণ নকশাগুলো ঈশ্বর সম্বন্ধে কী জানায়?’a তবে, সৃষ্টিকর্তা ঈশ্বর সম্বন্ধে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো প্রকৃতি আমাদের জানাতে পারে না। তাই, ঈশ্বর আমাদের বাইবেল দিয়েছেন।
ঈশ্বরের নাম ব্যবহার করুন
বাইবেল যা বলে: “আমি তাকে সুরক্ষিত রাখব কারণ সে আমার নাম জানে। সে আমাকে ডাকবে আর আমি তাকে উত্তর দেব।”—গীতসংহিতা ৯১:১৪, ১৫.
এর অর্থ: যিহোবা ঈশ্বর সেই ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দেন, যারা তাঁর নাম জানে এবং তা ব্যবহার করে।b (গীতসংহিতা ৮৩:১৮; মালাখি ৩:১৬) ঈশ্বর আমাদের তাঁর নিজের ব্যক্তিগত নাম জানিয়েছেন আর এভাবে নিজের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, “আমি যিহোবা। এটাই আমার নাম।”—যিশাইয় ৪২:৮.
আপনি যা করতে পারেন: ঈশ্বরের ব্যক্তিগত নাম হল যিহোবা আর এই নাম ব্যবহার করুন।
যিহোবা ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় কথা বলুন
বাইবেল যা বলে: “যিহোবা সেইসমস্ত ব্যক্তির কাছে রয়েছেন, যারা তাঁকে ডাকে।”—গীতসংহিতা ১৪৫:১৮.
এর অর্থ: যিহোবা সেই ব্যক্তিদের কাছে থাকেন, যারা বিশ্বাস সহকারে তাঁর কাছে প্রার্থনা করে। প্রার্থনা হল উপাসনার গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা ঈশ্বরের প্রতি আমাদের গভীর সম্মানকে প্রকাশ করে।
আপনি যা করতে পারেন: সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। (১ থিষলনীকীয় ৫:১৭) আপনার উদ্বিগ্নতা ও অনুভূতি সম্বন্ধে তাঁকে জানান।—গীতসংহিতা ৬২:৮.c
ঈশ্বরের প্রতি বিশ্বাস গড়ে তুলুন
বাইবেল যা বলে: “বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব।”—ইব্রীয় ১১:৬.
এর অর্থ: ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য তাঁর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। তবে, ঈশ্বর যে আছেন, শুধু এটা বিশ্বাস করাই যথেষ্ট নয়। বাইবেল অনুযায়ী, বিশ্বাস থাকার সঙ্গে আরও কিছু জড়িত। এর অর্থ হল, ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রাখা, যার মধ্যে রয়েছে, তাঁর প্রতিজ্ঞা এবং মান। এক জন ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য তার উপর আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যা করতে পারেন: প্রকৃত বিশ্বাস জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। (রোমীয় ১০:১৭) তাই, বাইবেল অধ্যয়ন করুন এবং এই বিষয়ে নিশ্চিত হোন যে, আপনি ঈশ্বরের উপর এবং তাঁর পরামর্শের উপর আস্থা রাখতে পারেন। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে পেরে খুশি হবেন।d
ঈশ্বরকে খুশি করে এমন কাজ করুন
বাইবেল যা বলে: “ঈশ্বরকে প্রেম করার অর্থ এই, যেন আমরা তাঁর আজ্ঞাগুলো পালন করি।”—১ যোহন ৫:৩.
এর অর্থ: যিহোবা তাদেরই কাছে থাকেন, যারা তাঁর আজ্ঞাগুলো পালন করার জন্য যথাসাধ্য করার মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা দেখায়।
আপনি যা করতে পারেন: বাইবেল পড়ার সময় লক্ষ করুন যে, কোন বিষয়গুলো ঈশ্বর পছন্দ করেন এবং কোনগুলো করেন না। নিজেকে জিজ্ঞেস করুন ‘আমার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমি কোন কোন রদবদল করতে পরি?’—১ থিষলনীকীয় ৪:১.
ঈশ্বরের পরামর্শ কাজে লাগানো আমাদের জন্য উপকারজনক
বাইবেল যা বলে: “স্বাদ নিয়ে দেখ সদাপ্রভু মংগলময়।”—গীতসংহিতা ৩৪:৮;বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
এর অর্থ: ঈশ্বর আপনাকে বলছেন, তিনি যে কতটা মঙ্গলময়, তা নিজে পরীক্ষা করে দেখো। আপনি যখন দেখবেন, তিনি আপনাকে কতটা ভালোবাসেন এবং সাহায্য করেন, তখন আপনি তাঁর আরও নিকটবর্তী হতে চাইবেন।
আপনি যা করতে পারেন: বাইবেল পড়ার পর ঈশ্বরের পরামর্শ কাজে লাগালে দেখতে পাবেন যে, এটি আপনার জন্য অনেক উপকার নিয়ে আসছে। (যিশাইয় ৪৮:১৭, ১৮) এ ছাড়া, বর্তমানে আপনি এমন ব্যক্তিদেরও উদাহরণ খুঁজে পাবেন, যারা বাস্তব জীবনে ঈশ্বরের সাহায্য পেয়েছে। আর এর ফলে, তারা বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে পেরেছে, তাদের নিজেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের জীবন উন্নত করতে পেরেছে এবং প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে।e
ঈশ্বর সম্বন্ধে জানার বিষয়ে কিছু ভুল ধারণা
ভুল ধারণা: ঈশ্বর এতটাই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যে, তিনি আমাদের নিকটবর্তী হতে চান না।
সঠিক তথ্য: যদিও যা কিছু অস্তিত্বে রয়েছে, তার মধ্যে ঈশ্বরই হলেন সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, তবুও তিনি চান যেন আমরা তাঁর নিকটবর্তী হই। বাইবেলে এমন অনেক পুরুষ এবং নারীর উদাহরণ রয়েছে, যারা ঈশ্বরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল।—প্রেরিত ১৩:২২; যাকোব ২:২৩.
ভুল ধারণা: আমরা ঈশ্বরকে জানতে পারি না, কারণ তিনি হলেন রহস্যময়।
সঠিক তথ্য: ঈশ্বর সম্বন্ধে এমন কিছু বিষয় আছে, যেগুলো বোঝা খুব কঠিন, যেমন তিনি একজন অদৃশ্য আত্মিক ব্যক্তি। তারপরও, আমরা ঈশ্বরকে জানতে পারি। আসলে বাইবেল বলে যে, অনন্তজীবন পেতে হলে আমাদের তাঁকে জানতে হবে। (যোহন ১৭:৩) বাইবেলের বিভিন্ন অংশ পড়ে আমরা আমাদের সৃষ্টিকর্তা, তাঁর ব্যক্তিত্ব, মানবজাতি ও পৃথিবী জন্য তাঁর উদ্দেশ্য এবং তাঁর বিভিন্ন মান সম্বন্ধে বুঝতে পারি। (যিশাইয় ৪৫:১৮, ১৯; ১ তীমথিয় ২:৪) বাইবেল আমাদের ঈশ্বরের নামও জানায়। (গীতসংহিতা ৮৩:১৮) এটি থেকে আমরা শুধুমাত্র ঈশ্বরকে জানতেই পারি না, কিন্তু সেইসঙ্গে তাঁর নিকটবর্তীও হতে পারি।—যাকোব ৪:৮.
a সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বর কীভাবে তাঁর প্রজ্ঞা প্রকাশ করেছেন, তা জানার জন্য “এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধগুলো দেখুন।
b অনেকে বলে, যিহোবা নামের অর্থ “তিনি অস্তিত্বে আনেন।” আমাদের কাছে তাঁর নাম প্রকাশ করে ঈশ্বর আসলে বলছেন: ‘আমি আমার ইচ্ছা এবং উদ্দেশ্য বাস্তবে পূরণ করি। আমি সবসময় আমার প্রতিশ্রুতি রক্ষা করি।’
c “Why Pray? Will God Answer Me?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
d আরও তথ্যের জন্য বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখুন।
e “বাইবেল জীবনকে পরিবর্তন করে” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধগুলো দেখুন।