ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w26 ফেব্রুয়ারি পৃষ্ঠা ২০-২৫
  • আপনি কি বাপ্তিস্মের পরে আসা সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি বাপ্তিস্মের পরে আসা সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি যখন কোনো ভাই বা বোনের কাছ থেকে আঘাত পান
  • যখন আপনার পিছনে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে
  • যখন কেউ যিহোবাকে ছেড়ে দেয়
  • যিহোবা “সেই ব্যক্তিদের সুস্থ করেন, যাদের হৃদয় ভেঙে গিয়েছে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • নম্র হোন এবং মেনে নিন যে, আপনি কিছু বিষয় জানেন না
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • যিহোবা হলেন “জীবন্ত ঈশ্বর”—এটা মনে রাখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • একে অন্যের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করা আমাদের জন্য ভালো!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
w26 ফেব্রুয়ারি পৃষ্ঠা ২০-২৫

এপ্রিল ২৭–মে ৩, ২০২৬

গান ৯৯ অজস্র ভাইয়েরা

আপনি কি বাপ্তিস্মের পরে আসা সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত?

“আমাকে তোমার পথে স্থির থাকতে দাও।”—গীত. ১৭:৫, NW.

আমরা কী শিখব?

যারা সম্প্রতি বাপ্তিস্ম নিয়েছে, তারা বাপ্তিস্মের পরে আসা সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারে?

১-২. বাপ্তিস্মের পরে আসা সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য কীভাবে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি? একটা উদাহরণ দিন।

শয়তানের এই জগতে সমস্যা তো আসবেই। তাই, যিশু তাঁর শিষ্যদের এই বিষয়ে সতর্ক করে বলেছিলেন, “নিশ্চিতভাবেই, বিশ্বাসের পক্ষে বিভিন্ন হোঁচট লাগার মতো বস্তু আসবে।” (মথি ১৮:৭, পাদটীকা।) আর অনেকসময় সমস্যাগুলো ভাই-বোনদের কাছ থেকেও আসতে পারে। তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন এখন থেকেই এই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করি।

২ একটা উদাহরণের কথা চিন্তা করুন। সময়ে সময়ে আমাদের মণ্ডলীর মাধ্যমে এটা মনে করিয়ে দেওয়া হয়, আমরা যেন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকি। এই বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করার জন্য কীভাবে আমরা নিজেদের প্রস্তুত করি? প্রথমেই, আমরা এটা জানার চেষ্টা করি যে, আমাদের এলাকায় কোন ধরনের বিপর্যয় আসতে পারে। আর বর্তমানে আমাদের যদি অন্য কোনো এলাকায় গিয়ে থাকতে হয়, তা হলে আগে থেকে এই বিষয়ে খোঁজখবর নেওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এরপর, আমরা একটা পরিকল্পনা করে নিই যে, প্রতিটা আসন্ন বিপর্যয়ের সঙ্গে আমরা কীভাবে মোকাবিলা করতে পারি। (হিতো. ২১:৫) ঠিক একইভাবে, আমরা চিন্তা করতে পারি বাপ্তিস্ম নেওয়ার পর আমাদের সামনে কোন সমস্যাগুলো আসতে পারে। আর এরপর আমরা সেগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারি। এটা করলে সমস্যার সময়ে আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়বে না এবং যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় থাকবে। (গীত. ১৭:৫) তাই, আসুন আমরা তিনটে সমস্যা নিয়ে আলোচনা করি, যেগুলো বাপ্তিস্ম নেওয়ার পর আমাদের সামনে আসতে পারে আর এটাও জানার চেষ্টা করি যে, কীভাবে আমরা সেই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।a

আপনি যখন কোনো ভাই বা বোনের কাছ থেকে আঘাত পান

৩. বাপ্তিস্ম নেওয়ার পরে আমাদের জীবনে কোন সমস্যা আসতে পারে?

৩ একবার সেই দিনটার কথা মনে করে দেখুন, যে-দিন আপনি প্রথম বার যিহোবার সাক্ষিদের সভাতে গিয়েছিলেন। যিহোবার লোকদের মধ্যে ভালোবাসা দেখে আপনার কেমন লেগেছিল? এটা দেখে আপনি কি একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, এটাই সত্য? (যোহন ১৩:৩৫; কল. ৩:১২) বোন ব্ল্যাঙ্কারb উদাহরণের কথা একবার চিন্তা করে দেখুন। বোনের বাপ্তিস্মের পর, এমন কিছু ঘটনা ঘটেছিল, যেগুলো তিনি কল্পনাও করতে পারেননি। তিনি বলেন, “একজন বোন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। আমি তাকে মণ্ডলীর অন্যান্য ভাই-বোনের বিরুদ্ধেও খারাপ কথা বলতে শুনেছিলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে, মণ্ডলীর মধ্যেও এগুলো ঘটতে পারে। আমি তো এটাই শিখেছিলাম যে, যিহোবার লোকেরা সবসময় একে অপরের সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা করে এবং একে অপরকে ভালোবাসে।” যিহোবার লোকেরা খ্রিস্টীয় গুণগুলো নিজেদের মধ্যে গড়ে তোলার জন্য অনেক প্রচেষ্টা করে। কিন্তু, তারাও অসিদ্ধ এবং মাঝে মাঝে ভুল করে ফেলে। (ইফি. ৪:২৩, ২৪; ১ যোহন ১:৮) তাই, অনেকসময় ভাই-বোনেরা হয়তো এমন কিছু করে ফেলে, যে-কারণে আপনি আঘাত পেতে পারেন। (যাকোব ৩:৮) কিন্তু, দুঃখের বিষয় হল, এই কারণে কিছু ভাই-বোন যিহোবার সেবা করা ছেড়ে দিয়েছে।

৪. আপনি যদি আগামী দিনে কোনো ভাই ও বোনের কথায় আঘাত পান, তা হলে এখন থেকেই আপনি কী করতে পারেন, যাতে আপনার বিশ্বাস দুর্বল হয়ে না পড়ে? (ইফিষীয় ৪:৩২)

৪ তাই, প্রশ্ন হল আপনি যদি আগামী দিনে কোনো ভাই ও বোনের কথায় আঘাত পান, তা হলে আপনি এখন থেকেই কী করতে পারেন, যাতে আপনার বিশ্বাস দুর্বল হয়ে না পড়ে? ইফিষীয় ৪:৩২ পদে যে-পরামর্শ দেওয়া হয়েছে, সেটা মেনে চলার অভ্যাস করে তুলুন। (পড়ুন।) আপনি যদি সবসময় অন্যদের প্রতি প্রেমের সঙ্গে আচরণ করেন, তা হলে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কখনো ঝগড়া হবে না। অন্যদের ভুলগুলোকে হৃদয় থেকে ক্ষমা করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। একটু ভেবে দেখুন, আপনার ভুলের জন্য আপনি কত বার যিহোবার কাছে ক্ষমা চেয়েছেন আর তিনি কত বার আপনাকে হৃদয় থেকে ক্ষমা করে দিয়েছেন। (মথি ৬:১২) আপনি যখন চিন্তা করবেন যে, আমাদের প্রেমময় ঈশ্বর যিহোবা কতটা উদারভাবে আমাদের ক্ষমা করেন, তখন আপনিও হৃদয় থেকে অন্যদের ক্ষমা করতে পারবেন।

৫. কেউ যখন আমাদের আঘাত দেয়, তখন আমরা বাইবেলের কোন নীতি মনে রাখতে পারি? (হিতোপদেশ ১৯:১১) (ছবিগুলোও দেখুন।)

৫ হিতোপদেশ ১৯:১১ পদ পড়ুন। বাইবেল বলে, কারো কথায় আঘাত পেলে বোঝার ক্ষমতাc আমাদের সেই ব্যক্তির প্রতি রেগে না যেতে সাহায্য করতে পারে। এই নীতি মেনে চলার ফলে রিমা অনেক সাহায্য পেয়েছিলেন। তিনি কিছু বছর আগে বাপ্তিস্ম নিয়েছিলেন। রিমা বলেন, “যখন কোনো ভাই বা বোনের কথায় আমার খারাপ লাগে, তখন আমি সবার আগে হিতোপদেশ ১৯:১১ পদে লেখা কথাগুলো মনে করি। আমি এটা বোঝার চেষ্টা করি, কেন সে আমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে। তার জীবনে কি এমন কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য সে এমনটা করেছে? আমি তার সঙ্গে প্রচারও করার চেষ্টা করি। আর এটা করে আমি তাকে আরও ভালোভাবে জানতে পারি।” সত্যিই এটা খুবই ভালো একটা পরামর্শ! তাই, এখন থেকেই আপনার মণ্ডলীর ভাই-বোনদের আরও ভালো করে জানার চেষ্টা করুন। আপনি যত বেশি তাদের বুঝবেন ও জানবেন, তত বেশি তাদের ক্ষমা করা আপনার জন্য সহজ হয়ে উঠবে।

কোলাজ: ১. কিংডম হলের বাইরে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় একজন ভাই অন্য আরেকজন ভাইয়ের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন। ২. পরে, যে-ভাই অসন্তুষ্ট হয়েছিলেন, তিনি সেই একই ভাইয়ের সঙ্গে ঘরে ঘরে প্রচার কাজ উপভোগ করছেন।

কোনো ভাই বা বোনের সঙ্গে আপনার যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তা হলে আপনারা একসঙ্গে প্রচার করার চেষ্টা করুন (৫ অনুচ্ছেদ দেখুন)


৬. ভাই-বোনদের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করার জন্য আমরা কী করতে পারি?

৬ ভাই-বোনদের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করার জন্য আপনি কী করতে পারেন? আপনি যখন কোনো ভাই বা বোনকে আরও ভালোভাবে জানার চেষ্টা করবেন, তখন তার মধ্যে ভালো গুণগুলো দেখার চেষ্টা করুন। (তুলনা করুন, হিতোপদেশ ১০:১২; রোমীয় ১২:১০; ফিলিপীয় ২:২, ৩) ভাই মার্ক যিনি সম্প্রতি বাপ্তিস্ম নিয়েছেন, তিনিও ঠিক এটাই করেছিলেন। যখন তিনি মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে সময় কাটাতে শুরু করেন, তখন তিনি তাদের ভুলগুলো আরও বেশি করে দেখতে পান। ভাই-বোনদের ভুলগুলোর কারণে যেন তিনি বিঘ্নিত না হন, সেই জন্য মার্ক কী করেছিলেন? তিনি বলেন, “আমি এটা বুঝতে পেরেছিলাম, আমি তাদের ছোটোখাটো ভুলগুলোর উপর বেশি মনোযোগ দিচ্ছি। জগতের লোকেরা এত ভুল কাজ করে, সেগুলোর তুলনায় এগুলো তো কিছুই নয়। আমি ঠিক করি যে, এখন থেকে আমি আমার ভাই-বোনদের ভুলগুলোকে বড়ো করে দেখব না বরং আমি তাদের মধ্যে ভালো গুণগুলো খোঁজার চেষ্টা করব।” আপনিও যদি তা করেন, তা হলে ভাই-বোনদের সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় হবে।

যখন আপনার পিছনে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে

৭. আমরা কোন কারণে পিছনে ফেলে আসা বিষয়গুলো নিয়ে আবার চিন্তা করা শুরু করতে পারি?

৭ মনে করে দেখুন, আপনি যখন সত্যকে গ্রহণ করেছিলেন এবং একজন যিহোবার সাক্ষি হয়েছিলেন, তখন আপনি শয়তানের জগৎকে পিছনে ফেলে আসতে পেরে কতই-না খুশি হয়েছিলেন! আর তাই আপনি হয়তো সেই সময় ভেবেছিলেন, ‘কী করে একজনের পক্ষে শয়তানের জগতে আবার ফিরে যাওয়া সম্ভব?’ কিন্তু, আপনার জীবনে যখন সমস্যাগুলো আসে, তখন আপনি হয়তো সেই সমস্ত বিষয় বা জিনিসগুলোর বিষয়ে চিন্তা করতে শুরু করেন, যেগুলো আপনি যিহোবাকে সেবা করবেন বলে পিছনে ফেলে এসেছিলেন। (তুলনা করুন, গণনাপুস্তক ১১:৪-৬) যেমন, কিছু ভাই-বোন যিহোবার সেবা করার জন্য তাদের ভালো কেরিয়ার ছেড়ে দিয়েছিল কারণ তারা মনে করত যে, এর পিছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আবার অনেকে বাইবেল অধ্যয়ন শুরু করেছিল বলে তাদের বন্ধুবান্ধবরা তাদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছিল। আবার কিছু ভাই-বোন তাদের মন্দ অভ্যাসগুলো ছেড়ে দিয়েছিল, যেগুলো একসময় তারা ভালোবাসত কারণ যিহোবা এগুলোকে পছন্দ করেন না। একবার ভেবে দেখুন, কোনো ভাই-বোন যদি তাদের এই পুরোনো কথাগুলো মনে করে শয়তানের জগতের দিকে ফিরে যায়, তা হলে এটা দেখে যিহোবা কতই-না কষ্ট পাবেন! তাই, আসুন দেখি আমরা এখন থেকেই কী করতে পারি, যাতে সমস্যা এলে আমরা যিহোবার কাছ থেকে দূরে সরে না যাই।

৮. অব্রাহাম ও সারার কাছ থেকে আমরা কী শিখতে পারি?

৮ বাইবেলে এমন অনেক বিশ্বস্ত সেবকের কথা বলা রয়েছে, যারা চাইলে তাদের পিছনে ফেলে আসা বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারত। যেমন, অব্রাহাম ও সারার কথা চিন্তা করুন। তারা প্রাচীর দিয়ে ঘেরা ঊর নগরে এক আরামদায়ক জীবন কাটাচ্ছিলেন। কিন্তু, তবুও তারা যিহোবার বাধ্য হয়ে নিজেদের দেশ ছেড়ে একটা অজানা অচেনা দেশে গিয়ে তাঁবুতে বাস করতে শুরু করেন। (ইব্রীয় ১১:৮, ৯) কখনো কখনো তাদের হয়তো নিজের নগর ও বাড়ির কথা মনে পড়ত। কিন্তু, অব্রাহাম ও সারা তাদের ফেলে আসা দিনগুলোর কথা নিয়ে “যদি চিন্তা করতেই থাকতেন,” তা হলে তাদের নিজেদের নগরে আবার ফিরে যাওয়ার ইচ্ছা হতে পারত। কিন্তু, অব্রাহাম ও সারা এমনটা করেননি। কেন? কারণ তারা যিহোবার প্রতিজ্ঞার উপর তাদের লক্ষ্য স্থির রেখেছিলেন আর সেই আশীর্বাদের কথাও মনে রেখেছিলেন, যেটা যিহোবা পরবর্তী সময়ে তাদের দিতে চলেছেন।—ইব্রীয় ১১:১৫, ১৬.

৯. পৌল যা-কিছু পিছনে ফেলে এসেছিলেন, সেগুলোর বিষয়ে তিনি কী চিন্তা করতেন? (ফিলিপীয় ৩:৭, ৮, ১৩)

৯ যিহোবার সেবা করার জন্য প্রেরিত পৌল তার জীবনে অনেক পরিবর্তন এনেছিলেন। খ্রিস্টান হওয়ার আগে তিনি গমলীয়েল নামে একজন গণ্যমান্য শিক্ষকের কাছ থেকে আইনি শিক্ষা নিয়েছিলেন। (প্রেরিত ২২:৩) এই ক্ষেত্রে পৌল অনেক উন্নতি করছিলেন এবং তিনি যদি চাইতেন, তা হলে তিনি অনেক সুনাম অর্জন করতে পারতেন এবং একজন বিখ্যাত যিহুদি ধর্মগুরু হতে পারতেন। (গালা. ১:১৩, ১৪) কিন্তু, খ্রিস্টান হওয়ার জন্য পৌল এই সমস্ত সুযোগ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু, এরপরও কি তার জীবন সহজ ছিল? একেবারেই, না। পৌলকে অনেক বার মারধর করা হয়, জেলে বন্দি করা হয় এবং তার নিজের জাতির লোকেরা তাকে অত্যন্ত ঘৃণা করে। (২ করি. ১১:২৩-২৬) কিন্তু, তিনি যদি বার বার এটা নিয়ে চিন্তা করতেন যে, খ্রিস্টান হওয়ার আগে তার জীবন কতটা আনন্দের ছিল আর খ্রিস্টান হওয়ার পরে তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল, তা হলে হয়তো তার মনে হতে পারত, খ্রিস্টান হয়ে তিনি একটা বড়ো ভুল করেছেন। কিন্তু, পৌল কখনো পিছনে ফিরে তাকাননি। তিনি সবসময় মনে রেখেছিলেন, যিশুর শিষ্য হওয়া কতই-না বড়ো একটা সুযোগ এবং তিনি নিশ্চিত ছিলেন যে, ভবিষ্যতে তিনি অনেক আশীর্বাদ পাবেন। পৌল এটাও বিশ্বাস করতেন যে, যিহোবার কাছ থেকে পাওয়া আশীর্বাদ যেকোনো ত্যাগস্বীকারের চেয়ে অনেক বেশি মূল্যবান।।—পড়ুন, ফিলিপীয় ৩:৭, ৮, ১৩.

১০. সময়ে সময়ে আমাদের কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত? (মার্ক ১০:২৯, ৩০) (ছবিগুলোও দেখুন।)

১০ এখান থেকে আপনি কী শিখতে পারেন? আপনার যখন পিছনে ফেলে আসা বিষয়গুলো মনে পড়বে, তখন এটা চিন্তা করার চেষ্টা করুন যে, কেন আপনি সেগুলোকে ছেড়ে দিয়েছিলেন? (উপ. ৭:১০) এটাও চিন্তা করুন, সত্যে আসার পর আপনি কোন কোন আশীর্বাদ পেয়েছেন। এভাবে চিন্তা করলে আপনি দেখবেন, যা-কিছু আপনি পিছনে ফেলে এসেছেন, সেগুলোর তুলনায় আপনি অনেক বেশি কিছু পেয়েছেন। যেমন, নিখিলবিশ্বের যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ যিহোবা আপনার বন্ধু হয়েছেন। (হিতো. ৩:৩২) এ ছাড়া, মণ্ডলীতে এবং সারা পৃথিবীতে আপনার এত ভাই-বোন রয়েছে, যারা আপনাকে খুব ভালোবাসে। (পড়ুন, মার্ক ১০:২৯, ৩০.) শুধু তা-ই নয়, ভবিষ্যতে যিহোবা আপনাকে প্রচুর আশীর্বাদ করবেন। (যিশা. ৬৫:২১-২৩) তাই, আপনি যদি সময়ে সময়ে সেই আশীর্বাদগুলো নিয়ে চিন্তা করেন, যেগুলো যিহোবাকে সেবা করার মাধ্যমে আপনি পাচ্ছেন, তা হলে পিছনে ফেলে আসা বিষয়গুলোর কথা আপনার বার বার মনে পড়বে না।

আপনি যে-বিষয়গুলো পিছনে ফেলে এসেছেন, সেগুলো নিয়ে বার বার চিন্তা না করে যিহোবা আপনাকে যে-দায়িত্ব দিয়েছেন, সেটা আনন্দের সঙ্গে পালন করুন (১০ অনুচ্ছেদ দেখুন)e


১১. আপনি বোন রোজমেরির অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?

১১ রোজমেরি নামে একজন বোন ৫০ বছর বয়সে বাপ্তিস্ম নেন। তিনি বলেন: “আমি যখন যিহোবার সাক্ষি হই, তখন প্রথমদিকে আমার ক্রিসমাসের দিনগুলোতে খুব একা লাগত। এর কারণ হল, আমার পরিবার প্রতি বছর খুব আনন্দের সঙ্গে ক্রিসমাস উদ্‌যাপন করত। আমি সবার জন্য উপহার কিনতাম। আমার ছেলে-মেয়েরা এবং নাতি-নাতনি যখন ক্রিসমাস ট্রির সামনে বসে এক এক করে তাদের উপহারগুলো খুলত, তখন তাদের মুখ আনন্দে ভরে যেত। এটা দেখে আমার খুব ভালো লাগত।” লক্ষ করুন, পিছনে ফেলে আসা বিষয়গুলো বোন রোজমেরির মনে যাতে বার বার না আসে, সেইজন্য তিনি কী করেছিলেন। তিনি বলেন: “এখন আমি ক্রিসমাসের দিনে নয়, কিন্তু অন্য দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটাই। আমি প্রতি বছর কোনো একটা সময়ে আমার পরিবারকে আমার বাড়িতে ডেকে নিই, তাদের উপহার দিই আর এটা জানানোর চেষ্টা করি যে, তারা আমার কাছে কতটা মূল্যবান।” বোন রোজমেরির সামনে আরও একটা সমস্যা ছিল। তিনি বলেন: “সত্য শেখার পর আমার বন্ধুরা আমার সঙ্গে মেলামেশা একেবারে বন্ধ করে দেয়। অনেকসময় তাদের কথা আমার খুব মনে পড়ে। আর আমার নিজেকে খুব একা লাগে।”d এই পরিস্থিতিতে বোন কী করেছিলেন? তিনি মণ্ডলীর অন্যান্য বোনদের সঙ্গে প্রচার করার একটা পরিকল্পনা করেন। তিনি বলেন: “এভাবে আমি অনেক বোনকে ভালোভাবে জানতে পেরেছি এবং আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি আর এখন আমার অনেক বন্ধু রয়েছে।” আপনি বোন রোজমেরির কাছ থেকে কী শিখতে পারেন? যিহোবার সেবা করার জন্য আপনিও হয়তো আপনার পছন্দের কিছু বিষয় ছেড়ে দিয়েছিলেন। হতে পারে, আপনার সেগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে। কিন্তু, আপনি যদি একটু ভেবে দেখেন, তা হলে দেখবেন যে, এখন আপনি আগের তুলনায় আরও ভালো কিছু করতে পারছেন আর এগুলো করা আপনাকে আরও বেশি আনন্দ দিচ্ছে। (ফিলি. ৪:৮, ৯) একটা কথা সবসময় মনে রাখবেন, যিহোবার জন্য আপনি যা-কিছু ত্যাগস্বীকার করেছেন, সেগুলোর চেয়েও তিনি আপনাকে অনেক বেশি কিছু ফিরিয়ে দেবেন!

যখন কেউ যিহোবাকে ছেড়ে দেয়

১২. মণ্ডলীতে এমন কী ঘটতে পারে, যে-কারণে আমরা খুবই দুঃখ পেতে পারি?

১২ যখন আমরা শয়তানের দুষ্ট জগৎকে ছেড়ে দিয়ে যিহোবার সাক্ষি হয়েছিলাম, তখন আমরা এমন এক পরিবার পেয়েছিলাম, যেখানে সবাই সত্যের পথে চলার চেষ্টা করে এবং অন্যদেরও সেই পথে চলতে শেখায়। এটা ঠিক যেন শুষ্ক মরুভূমিতে আমরা ঠাণ্ডা জলের একটা উৎস খুঁজে পেয়েছি। (যিশা. ৬৫:১৪) কিন্তু, হতে পারে আপনি জানতে পেরেছেন, কোনো ভাই বা বোন গুরুতর পাপ করেছেন। আর তিনি যদি অনুতপ্ত না হন, তা হলে তাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হতে পারে। (১ করি. ৫:১৩) সামিরা নামে একজন বোন যখন এই ধরনের একটা খবর পান, তখন সেটা তার উপর কেমন প্রভাব ফেলেছিল? বোন বলেন: “আমার বাপ্তিস্মের কিছু সময় পর, একজন প্রাচীন গুরুতর পাপ করে ফেলেন এবং তাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়। এই খবরটা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, একজন প্রাচীন যিহোবার বিরুদ্ধে পাপ করতে পারেন এবং মণ্ডলীকে এতটা দুঃখ দিতে পারেন।” আমরা জানি আমাদের ভাই-বোনেরা যিহোবাকে ভালোবাসে এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাকতে চায়। (১ করি. ১৩:৪, ৭) তবে, এটা সত্যি যে, প্রতি বছর কিছু ব্যক্তিকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়। আর যখন আমাদের কোনো বন্ধু বা আত্মীয় অথবা এমন কোনো ব্যক্তি যাকে আমরা খুবই সম্মান করি, তিনি যখন যিহোবাকে ছেড়ে দেন, তখন আমাদের আরও বেশি দুঃখ হয়।

১৩. আমরা এখন থেকেই কী করতে পারি, যাতে অন্যদের কারণে আমরা বিঘ্ন না পাই?

১৩ আগামী দিনে যদি আপনার কোনো বন্ধু বা প্রিয়জন যিহোবাকে ছেড়ে দেয়, তা হলে আপনি এখন থেকেই কী করতে পারেন, যাতে আপনি বিঘ্ন না পান? যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে দৃঢ় করে চলুন। (যাকোব ৪:৮) মনে রাখবেন, আপনি অন্যদের দেখে যিহোবার সেবা করার সিদ্ধান্ত নেননি, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই, অন্যেরা যদি যিহোবার প্রতি বিশ্বস্ত না থাকে, তা হলেও যিহোবার প্রতি আপনার বিশ্বস্ততা বজায় রাখুন। যেমন, আমরা আমাদের পরিবার ও মণ্ডলীর সঙ্গে যিহোবার উপাসনা করে থাকি, বাইবেল পড়ি এবং প্রার্থনাও করি। কিন্তু, যিহোবার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ককে দৃঢ় করার জন্য আমাদের নিজেদের কিছু করতে হবে। যেমন, আমাদের প্রতিদিন প্রার্থনা করতে হবে এবং বাইবেলে পড়তে হবে।—গীত. ১:২; ৬২:৮.

১৪. আমরা প্রেরিত পিতরের কাছ থেকে কী শিখতে পারি? (যোহন ৬:৬৬-৬৮)

১৪ এই বিষয়ে আমরা প্রেরিত পিতরের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি। একবার যিশু এমন একটা কথা বলেছিলেন, যেটা শুনে তাঁর অনেক শিষ্য তাঁকে অনুসরণ করা ছেড়ে দিয়েছিল, কারণ তারা তাঁর কথার মানে বুঝতে পারেনি। পিতরও হয়তো পুরোপুরি বুঝতে পারেননি, যিশু আসলে কী বলতে চেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও, পিতর যিশুকে ছেড়ে চলে যাননি বরং তাঁর প্রতি বিশ্বস্ত ছিলেন। (পড়ুন, যোহন ৬:৬৬-৬৮.) পিতর এটা দেখেননি যে, যিশুর অন্য শিষ্যেরা কী করছে। এর পরিবর্তে, তিনি সেই সত্যগুলোর উপর সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলেন, যেগুলো তিনি যিশুর কাছ থেকে শিখেছিলেন। এই কারণে পিতর যখন কোনো গভীর বিষয় বুঝতে পারতেন না, তখনও তিনি তার বিশ্বাসকে দুর্বল হতে দেননি। ঠিক একইভাবে, বর্তমানে কেউ যদি যিহোবাকে ছেড়ে দেয়, তা হলে এটা মনে রাখবেন, আপনি যে-সত্য শিখেছিলেন, সেটা যিহোবার সংগঠনের কাছ থেকেই শিখেছিলেন। আর এই সত্য বদলে যায়নি, এটা আজও খুবই মূল্যবান। তাই, এই সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখুন। যিহোবার প্রতি বিশ্বস্ত থাকুন! বোন সামিরা এও বলেন: “আমি সবসময় মনে রাখি, একজন ব্যক্তি যদি পাপ করে, তা হলে এর মানে এই নয় যে, মণ্ডলীতে সবাই একইরকম অথবা সংগঠন যা-কিছু শেখাচ্ছে, সেগুলো ভুল। কেউ পাপ করলে আমরা তার জন্য যিহোবাকে দোষ দিতে পারি না। যিহোবা অসাধারণ এক ঈশ্বর এবং তাঁর কোনো তুলনাই হয় না।”

১৫. আপনি বোন এমিলির অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?

১৫ একবার চিন্তা করে দেখুন, বোন এমিলির জীবনে কী হয়েছিল। এমিলির বাপ্তিস্মের ঠিক এক সপ্তাহ পর, তার মা বাড়ি ছেড়ে চলে যান এবং তাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়। এমিলি বলেন: “আমি স্বপ্নেও ভাবিনি, আমার মা এমনটা করতে পারে। আমি বলে বোঝাতে পারব না যে, আমার মনের ভিতরে কী চলছিল। মায়ের কথা আমার খুব মনে পড়ে।” বোন কীভাবে এই দুঃখ সহ্য করতে পেরেছিলেন, সেই বিষয়ে তিনি বলেন: “আমি জানি, আমি একা নই। এই কঠিন সময়ে আমার বাবা সবসময় আমার পাশে ছিলেন। মণ্ডলীর ভাই-বোনেরাও আমার অনেক যত্ন নিয়েছিল এবং তারা একেবারে আমার পরিবারের মতো। আমাদের প্রত্যেককে কোনো-না-কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা একে অপরের পাশে থাকি এবং একে অন্যকে উৎসাহিত করি।” (১ পিতর ৫:৯) কেবলমাত্র সমস্যায় পড়লেই যে আপনি ভাই-বোনদের ঘনিষ্ঠ হতে পারবেন, এমনটা নয়। তাদের ভালোভাবে জানার জন্য এখন থেকেই প্রচেষ্টা করুন। এভাবে, আপনার সামনে কোনো বড়ো সমস্যা আসলেও আপনি একা থাকবেন না, আপনার সঙ্গে আপনার বন্ধুরাও থাকবে!

১৬. আমাদের কী মনে রাখা উচিত? (ছবিও দেখুন।)

১৬ এটাও মনে রাখবেন, যিহোবা তাঁর সেবকদের এইজন্য সংশোধন করেন কারণ তিনি তাদের ভালোবাসেন। (ইব্রীয় ১২:৬) আর যিহোবা চান যাদের মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে, তারা যেন অনুতপ্ত হয় এবং আবারও তাঁর পরিবারের অংশ হয়ে ওঠে। (২ পিতর ৩:৯) তাই, আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে যদি মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়, তা হলে নিশ্চিত থাকুন যে, যিহোবার কাছে ফিরে আসার জন্য প্রাচীনেরা তাকে আপ্রাণ সাহায্য করবে।—২ তীম. ২:২৪, ২৫.

দু-জন প্রাচীন একজন ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য এসেছেন, যাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছিল। একজন প্রাচীনের হাতে বাইবেল খোলা রয়েছে, অন্যদিকে আরেকজন প্রাচীন সেই ব্যক্তিকে “যিহোবার কাছে ফিরে আসুন” শিরোনামের ব্রোশার থেকে একটা পাঠ দেখাচ্ছেন।

যদি আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়, তা হলে নিশ্চিত থাকুন, যিহোবার কাছে ফিরে আসার জন্য প্রাচীনেরা তাকে সাহায্য করতে চায় (১৬ অনুচ্ছেদ দেখুন)f


১৭. আমরা কোন বিষয়ে নিশ্চিত থাকতে পারি?

১৭ এই প্রবন্ধে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি, যেগুলো বাপ্তিস্ম নেওয়ার পরে আপনার সামনে আসতে পারে। হতে পারে, এটা চিন্তা করে আপনি একটু ভয় পাবেন। তবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনি এখন থেকেই সেগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারেন। এটা ভুলবেন না যে, যিহোবা সবসময় আপনার পাশে রয়েছেন, তিনি আপনার যত্ন নেবেন এবং আপনাকে শক্তি দেবেন। আপনি দেখেছেন ইতিমধ্যেই যিহোবা আপনাকে কতটা সাহায্য করেছেন এবং ভবিষ্যতেও তিনি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। (১ পিতর ৫:১০) আপনার সামনে যে-সমস্যাই আসুক না কেন, সেগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি আপনাকে শক্তি দিতে পারেন। তাই, যিহোবার হাত দৃঢ়ভাবে ধরে রাখুন। এমনটা করলে কোনো সমস্যাই আপনাকে যিহোবার কাছ থেকে আলাদা করতে পারবে না!—গীত. ১১৯:১৬৫; রোমীয় ৮:৩৮, ৩৯.

এই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য কীভাবে আমরা প্রস্তুত থাকতে পারি . . .

  • যখন আমরা কোনো ভাই বা বোনের কাছ থেকে আঘাত পাই?

  • যখন আমাদের পিছনে ফেলে আসা বিষয়গুলোর কথা মনে পড়ে?

  • যখন কাউকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়?

গান ১৫৪ অনন্ত প্রেম

a যদিও এই প্রবন্ধ সেই সমস্ত ভাই-বোনের কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে, যারা সম্প্রতি বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু এই প্রবন্ধ থেকে আমরা সবাই উপকৃত হতে পারি।

b নামগুলো পরিবর্তন করা হয়েছে।

c আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে কারো কথায় আমরা সহজে কষ্ট পাব না। আমরা এটাও বোঝার চেষ্টা করব যে, কেন একজন ব্যক্তি এই কথাটা বলেছে অথবা এইরকম ব্যবহার করেছে।

d যারা বাইবেল অধ্যয়ন করছে এবং যারা সম্প্রতি বাপ্তিস্ম নিয়েছে, তাদের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা দেখানো উচিত। ২০২১ সালে মার্চ মাসের প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া “কীভাবে মণ্ডলীর সবাই একজন বাইবেল ছাত্রকে বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে?” প্রবন্ধের অনুচ্ছেদ ১৫ ও ১৬ পড়ুন।

e ছবি সম্বন্ধে বর্ণনা: প্রচার করার সময় একজন বোন কিছুজনকে খেলতে দেখেন এবং তার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন তিনি নিজে একজন খেলোয়াড় ছিলেন। এরপর, তিনি একজন খেলোয়াড়ের কাছে সাক্ষ্য দেন, যার সঙ্গে তিনি হয়তো আগে খেলতেন।

f ছবি সম্বন্ধে বর্ণনা: দু-জন প্রাচীন একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছেন, যাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা সেই ব্যক্তিকে যিহোবার কাছে ফিরে আসার জন্য উৎসাহিত করছেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার