ঈশ্বরের বাক্য কি আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে?
প্রতিদিন বাইবেল পড়া আমাদেরকে ‘খ্রীষ্টে বদ্ধমূল ও বিশ্বাসে দৃঢ়ীভূত’ হতে সাহায্য করতে পারে। (কল. ২:৬, ৭) কিন্তু আমরা যদি চাই যে, যিহোবার বাক্য আমাদের জীবনকে প্রভাবিত করুক, তা হলে আমাদের এটি নিয়ে ধ্যান করতে হবে এবং এটির নীতিগুলো কাজে লাগাতে হবে। (ইব্রীয় ৪:১২; যাকোব ১:২২-২৫) যিহোশূয়ের পুস্তক ১:৮ পদে যিহোশূয় বাইবেল অধ্যয়ন করার এক কার্যকরী প্রক্রিয়া সম্বন্ধে উল্লেখ করেন, যেটার মধ্যে তিনটে পদক্ষেপ রয়েছে: (১) “দিবারাত্র” ঈশ্বরের বাক্য পড়ুন। (২) ‘ধ্যান করুন [‘নিচুস্বরে পড়ুন,’ NW]’ অর্থাৎ এমন গতিতে পড়ুন যাতে আপনি ধ্যান করতে এবং সেই ঘটনা ও পরিস্থিতি সম্বন্ধে কল্পনা করতে পারেন। (৩) “তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে,” সেইসমস্ত বিষয় কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করুন। এই পরামর্শগুলো কাজে লাগালে আমাদের “শুভগতি” হবে এবং দৈনন্দিন জীবনে আমরা ‘বুদ্ধিপূর্ব্বক চলিতে’ পারব।