ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৫/১ পৃষ্ঠা ১৩-১৯
  • নিয়মিত বাইবেল পাঠ থেকে উপকৃত হওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিয়মিত বাইবেল পাঠ থেকে উপকৃত হওয়া
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রতিদিন এটি পাঠ করা
  • বারংবার বাইবেল পাঠ করার প্রয়োজনীয়তা
  • কখন বাইবেল পাঠ করা যেতে পারে
  • বাইবেল পাঠের বিভিন্ন পদ্ধতি
  • যা পড়ছেন তার অর্থ বোঝার চেষ্টা করুন
  • বাইবেল পড়া—উপকারী ও আনন্দদায়ক
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আপনি বাইবেল থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • ঈশ্বরের বাক্য দৃঢ়রূপে ধরে রাখুন
    একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
  • আপনি পাঠে নিবিষ্ট থাকুন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৫/১ পৃষ্ঠা ১৩-১৯

নিয়মিত বাইবেল পাঠ থেকে উপকৃত হওয়া

“ধন্য সেই ব্যক্তি, . . . [যে] সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাঁহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে।”—গীতসংহিতা ১:১, ২.

১. (ক) ওয়াচ টাওয়ার সোসাইটির প্রধান কার্যালয়ের যে ফ্যাক্টরি বিল্ডিংটি রয়েছে, তার পাশে কোন্‌ বিজ্ঞাপনটি স্পষ্টভাবে দেখা যায়? (খ) যদি আমরা ব্যক্তিগতভাবে সেই উপদেশটি হৃদয়ে গ্রহণ করি তাহলে কিভাবে উপকৃত হতে পারব?

“প্রতিদিন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল পড়ুন।” বড় অক্ষরে লেখা এই কথাগুলি নিউ ইয়র্ক, ব্রুকলিন শহরের একটি বাড়ির পাশে লেখা আছে, যেখানে বাইবেল ও বাইবেল-ভিত্তিক সাহিত্যাদি, ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা ছাপা হয়ে থাকে। এই উপদেশটি কেবলমাত্র জগতের লোকেরা, যারা এটিকে দেখে, তাদের জন্যই প্রযোজ্য নয়। যিহোবার সাক্ষীরা উপলব্ধি করে যে তাদেরও এটিকে হৃদয়ঙ্গম করা উচিত। যারা বাইবেল নিয়মিত পড়ে এবং ব্যক্তিগতভাবে তা প্রয়োগ করে তারা এর শিক্ষা, অনুযোগ, সংশোধন ও ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের দ্বারা উপকৃত হয়ে থাকে।—২ তীমথিয় ৩:১৬, ১৭.

২. ভাই রাসেল কিভাবে বাইবেল পাঠের উপর জোর দিয়েছিলেন?

২ যিহোবার সাক্ষীরা বিশেষভাবে উপলব্ধি করে বাইবেল অধ্যয়নের জন্য সাহায্যকারী বইগুলিকে, যার অন্তর্ভুক্ত হল প্রহরীদুর্গ এবং এগুলি তারা নিয়মিতভাবে পড়ে। কিন্তু তারা জানে যে এগুলির মধ্যে একটিও বাইবেলের স্থানটিকে নিতে পারে না। বিগত ১৯০৯ সালে ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির প্রথম সভাপতি চার্লস টেজ রাসেল, প্রহরীদুর্গ পাঠকদের উদ্দেশ্যে লিখেছিলেন: “কখনও ভুলে যাবেন না যে বাইবেল হচ্ছে আমাদের মান এবং আমাদের সাহায্য যতই ঈশ্বর-দত্ত হোক না কেন সেগুলি হচ্ছে শুধু ‘সাহায্য’ এবং সেগুলি বাইবেলের বিকল্প নয়।”

৩. (ক) যাদের কাছে “ঈশ্বরের বাক্য” আছে তাদের উপর কিধরনের প্রভাব আসে? (খ) বিরয়াবাসীরা কতবার শাস্ত্রগুলি পাঠ ও অধ্যয়ন করত?

৩ অনুপ্রাণিত শাস্ত্রের মধ্যে যে গভীরতা ও শক্তি আছে তা, আর কোন বইয়ের মধ্যে নেই। “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়্গ অপেক্ষা তীক্‌ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্য্যন্ত মর্ম্মবেধী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক।” (ইব্রীয় ৪:১২) শিষ্য লূক, আন্তরিকতার সাথে বিরয়াবাসীদের প্রশংসা করেন ও তাদের “ভদ্র” বলে সম্ভাষণ করেন। তারা শুধুমাত্র প্রেরিত পৌল ও তার সহকর্মী সীলের দ্বারা প্রচারিত বাক্যকে সাগ্রহেই গ্রহণ করেনি কিন্তু ‘প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করত’ এটা দেখবার জন্য যে তাদের যা শিক্ষা দেওয়া হয়েছে তার কোন শাস্ত্রীয় ভিত্তি আছে কি না।—প্রেরিত ১৭:১১.

প্রতিদিন এটি পাঠ করা

৪. কতবার আমাদের বাইবেল পড়া উচিত এসম্বন্ধে শাস্ত্র কী ইঙ্গিত দেয়?

৪ বাইবেল নির্দিষ্টভাবে বলে না যে এটি আমাদের কতবার পড়া উচিত। কিন্তু, এটি যিহোশূয়ের উদ্দেশ্যে দেওয়া যিহোবার উপদেশটিকে নথিভুক্ত করে যেখানে তিনি তাকে ‘নিয়মপুস্তক দিবারাত্র পড়তে’ বলেছিলেন, যাতে করে তিনি বিজ্ঞের ন্যায় আচরণ করতে পারেন এবং ঈশ্বর-দত্ত কাজ সফলতার সাথে সম্পাদন করতে পারেন। (যিহোশূয়ের পুস্তক ১:৮) এটি আমাদের জানায় যে যারা প্রাচীন ইস্রায়েলের উপর রাজা হিসাবে শাসন করেছিল তাদের “যাবজ্জীবন” শাস্ত্র পাঠ করতে হত। (দ্বিতীয় বিবরণ ১৭:১৯) এটি আরও বলে: “ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, . . . কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাঁহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে।” (গীতসংহিতা ১:১, ২) এছাড়াও, মথির দ্বারা লিখিত সুসমাচার আমাদের জানায় যে যীশু খ্রীষ্ট শয়তানের প্রলোভনকে প্রত্যাখ্যান করার সময় অনুপ্রাণিত ইব্রীয় শাস্ত্র থেকে উদ্ধৃতি করে বলেছিলেন: “লেখা আছে, ‘মনুষ্য কেবল রুটীতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে।’” (মথি ৪:৪) আমাদের কতবার দৈহিক খাদ্যের প্রয়োজন হয়? প্রতিদিন! দৈনিক আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করা আরও বেশি প্রয়োজন যেহেতু এটি আমাদের অনন্ত জীবনের সম্ভাবনাকে প্রভাবিত করে।—দ্বিতীয় বিবরণ ৮:৩; যোহন ১৭:৩.

৫. যখন আমাদের সামনে বিশ্বাসের পরীক্ষা এসে উপস্থিত হয়, তখন দৈনিক বাইবেল পাঠ কিভাবে “প্রভুর যোগ্যরূপে” চলতে আমাদের সাহায্য করে?

৫ প্রতিদিন আমাদের প্রত্যেকের প্রয়োজন ঈশ্বরের বাক্যের দ্বারা সুদৃঢ় হওয়া। প্রতিদিন—ঘরের মধ্যে, কর্মক্ষেত্রে, স্কুলে, রাস্তাঘাটে, কেনাকাটার সময়, পরিচর্যার ক্ষেত্রে—আমাদের বিশ্বাসের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। এগুলির মোকাবিলা আমরা কিভাবে করতে পারি? বাইবেলের নির্দেশ ও মানগুলি কি সঙ্গে সঙ্গে আমাদের মনে আসবে? আত্ম-নির্ভরতামূলক মনোভাবকে উৎসাহ না দিয়ে বাইবেল আমাদের সতর্ক করে দেয়: “যে মনে করে, আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হউক, পাছে পড়িয়া যায়।” (১ করিন্থীয় ১০:১২) দৈনিক বাইবেল পাঠ আমাদের সাহায্য করবে “প্রভুর যোগ্যরূপে সর্ব্বতোভাবে প্রীতিজনক আচরণ” করতে এবং জগৎকে নিজের ছাঁচ অনুসারে গড়ে তোলাকে প্রশ্রয় না দিতে।—কলসীয় ১:৯, ১০; রোমীয় ১২:২.

বারংবার বাইবেল পাঠ করার প্রয়োজনীয়তা

৬. বারংবার বাইবেল পাঠের উপকারিতা কী?

৬ বাইবেল পাঠ, উপন্যাস পড়ার থেকে একেবারেই আলাদা। অধিকাংশ উপন্যাসগুলি একবার পড়ার জন্যই লিখিত হয়ে থাকে; একবার যদি একজন ব্যক্তি এর গল্প এবং কোথায় এর শেষ তা জানতে পারে, তারপর আর কিছুই জানার প্রয়োজন থাকে না। এর বিপরীতে, যতবারই আমরা বাইবেল পড়ি না কেন, আমরা আবার এটিকে পড়ার দ্বারা উপকৃত হই। (হিতোপদেশ ৯:৯) একজন বিচক্ষণ ব্যক্তির কাছে শাস্ত্র সর্বদাই এক নতুন অর্থ বহন করে থাকে। সাম্প্রতিক মাসগুলিতে সে যা দেখেছে, শুনেছে এবং ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছে তার পরিপ্রেক্ষিতে শেষকাল সম্বন্ধীয় ভাববাণীগুলি তার কাছে বিশেষভাবে আগ্রহজনক হয়ে ওঠে। (দানিয়েল ১২:৪) যতই সে তার নিজের জীবনের অভিজ্ঞতাকে প্রসারিত এবং সমস্যাগুলির মোকাবিলা করে, ততই একজন বিচক্ষণ বাইবেল পাঠক আরও ভালভাবে সেই উপদেশকে উপলব্ধি করতে পারবে যা সে হয়ত আগে সাধারণভাবে পড়েছিল। (হিতোপদেশ ৪:১৮) সে যদি কোন কঠিন রোগের দ্বারা আক্রান্ত হয়, তখন ব্যথা সরিয়ে দেওয়া ও স্বাস্থ্য ফিরিয়ে আনা সম্পর্কে বাইবেলের যে প্রতিজ্ঞাগুলি সেগুলি তার কাছে তখন আগের চাইতেও আরও গভীর অর্থ রাখবে। যখন কোন নিকট বন্ধু অথবা পরিবারের কোন সদস্যের মৃত্যু ঘটে, তখন পুনরুত্থানের প্রতিজ্ঞাটি আরও বেশি মূল্যবান হয়ে ওঠে।

৭. জীবনে আমরা যখন কোন নতুন দায়িত্ব নিতে যাব, তখন কোন্‌ জিনিসটি আমাদের সাহায্য করতে পারে এবং কেন?

৭ আপনি হয়ত অনেক বছর ধরে ব্যক্তিগতভাবে বাইবেল পড়েছেন এবং এর উপদেশগুলি প্রয়োগ করেছেন। কিন্তু এখন হয়ত আপনি জীবনে কোন একটা নতুন দায়িত্বভার নিতে চলেছেন। আপনি কি বিবাহ করার পরিকল্পনা করছেন? আপনি কি পিতা বা মাতা হতে চলেছেন? প্রাচীন বা পরিচারক দাস হিসাবে মণ্ডলীতে আপনার উপর কি কোন দায়িত্বভার দেওয়া হয়েছে? আপনি কি একজন পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারক হয়েছেন আর তার সাথে প্রচার ও শিক্ষা দেওয়ার বাড়তি সুযোগ পেয়েছেন? এই নতুন দায়িত্বগুলির কথা মনে রেখে আরেকবার সম্পূর্ণ বাইবেলটি পড়া কতই না উপকারজনক হবে!—ইফিষীয় ৫:২৪, ২৫; ৬:৪; ২ তীমথিয় ৪:১, ২.

৮. পরিস্থিতির পরিবর্তন কিভাবে দেখাতে পারে যে আমরা যেটিকে ইতিমধ্যেই জানি বলে ধরে নিয়েছিলাম, সেটিকে আরও ভালভাবে জানার প্রয়োজন আছে?

৮ বিগত দিনগুলিতে আপনি হয়ত আত্মার ফল প্রতিফলন করার ক্ষেত্রে উত্তম কাজ করেছেন। (গালাতীয় ৫:২২, ২৩) কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়ত আপনার পক্ষে এই ঈশ্বরীয় গুণগুলিকে আরও ভালভাবে জানার প্রয়োজন হয়ে পড়েছে। (তুলনা করুন ইব্রীয় ৫:৮.) একজন প্রাক্তন ভ্রমণ অধ্যক্ষ, যাকে তার বৃদ্ধ বাবামাকে দেখার জন্য, তার এই বিশেষ পরিচর্যার কাজকে ছাড়তে হয়, তিনি বলেন: “আমি ভেবেছিলাম যে আত্মার ফল প্রকাশ করার ক্ষেত্রে আমি খুব ভালই করছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে।” ঠিক একই রকমভাবে স্বামী বা স্ত্রীরা, যাদের বিবাহ সাথীরা চরম দৈহিক অথবা মানুষিক অসুস্থতায় ভুগছে তাদের প্রতি ব্যক্তিগত লক্ষ্য দেওয়ার সময় যে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, তা হয়ত এক এক সময় এমন প্রতিক্রিয়ার উদ্ভব করে যা একজনকে নিরুৎসাহ করে দিতে পারে। নিয়মিত বাইবেল পাঠ সান্ত্বনা ও সাহায্যের এক মহান উৎস।

কখন বাইবেল পাঠ করা যেতে পারে

৯. (ক) কোন্‌ জিনিসটি একজন অতি ব্যস্ত ব্যক্তিকে সাহায্য করতে পারে নিয়মিত বাইবেল পাঠের জন্য সময় করে নিতে? (খ) বিশেষ করে প্রাচীনদের জন্য ঈশ্বরের বাক্য পাঠ করা কেন গুরুত্বপূর্ণ?

৯ অবশ্যই, যারা ইতিমধ্যেই খুব ব্যস্ত তাদের পক্ষে নিয়মিতভাবে বাড়তি কিছু করা এক প্রতিদ্বন্দ্বিতামূলক। কিন্তু, আমরা যিহোবার উদাহরণের দ্বারা উপকৃত হতে পারি। বাইবেল বলে যে তিনি তাঁর কাজ ‘নিরূপিত সময়ে’ করে থাকেন। (আদিপুস্তক ২১:২; যাত্রাপুস্তক ৯:৫; লূক ২১:২৪; গালাতীয় ৪:৪) ঈশ্বরের বাক্য পাঠের গুরুত্বের প্রতি উপলব্ধিবোধই আমাদের সাহায্য করতে পারে দৈনন্দিন কার্যসূচির তালিকায় এর জন্য একটি সময় ধার্য করে নিতে। (ইফিষীয় ৫:১৫-১৭) বিশেষ করে প্রাচীনদের উচিত নিয়মিত বাইবেল পাঠের জন্য কিছু সময় আলাদা করে রাখা যাতে করে তারা যে উপদেশ দেন তা যেন সম্পূর্ণরূপে বাইবেল-ভিত্তিক হতে পারে এবং যে আত্মা তারা প্রদর্শন করবেন তা যেন “যে জ্ঞান উপর হইতে আইসে” সেটিকে প্রতিফলিত করে।—যাকোব ৩:১৭; তীত ১:৯.

১০. নিয়মিত বাইবেল পাঠকেরা কিভাবে পড়ার জন্য সময় করে নেয়?

১০ অনেকে যারা ব্যক্তিগত বাইবেল পাঠের ক্ষেত্রে সফলতা লাভ করেছে তারা সাধারণত দৈনন্দিন কাজ শুরু করার আগে ভোরবেলায় তা পড়ে থাকে। অন্যেরা আবার অন্য কোন সময় এটি করতে উপযুক্ত বোধ করে। বাইবেলের অডিওক্যাসেটস (যেখানে পাওয়া যায়) অনেককে সাহায্য করে যাত্রাসময়ের সদ্ব্যবহার করতে এবং অনেক সাক্ষীরা প্রতিদিন ঘরের কাজ করার সময়ে এগুলি শুনে থাকে। যে কর্মসূচিগুলি ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং প্রাচ্যের বিভিন্ন সাক্ষীদের সাহায্য করেছে তা ২০ এবং ২১ পৃষ্ঠায় উল্লেখিত প্রবন্ধ “কখন তারা তা পড়ে এবং কিভাবে তারা উপকৃত হয়” এর মধ্যে দেওয়া রয়েছে।

১১. যদি সময় খুব অল্পও থাকে তবুও নিয়মিত বাইবেল পাঠ কিভাবে করা যেতে পারে?

১১ গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই যে বাইবেল পাঠের জন্য কতটা সময় আপনি ব্যয় করছেন তা নয়, কিন্তু কতটা নিয়মমাফিকভাবে তা পড়া হচ্ছে। আপনি হয়ত কোথাও বসে একঘন্টা পড়তে পারেন এবং তার সাথে বাড়তি কিছু গবেষণা এবং বিষয়বস্তুটির মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার মাধ্যমে উপকার লাভ করতে পারেন। কিন্তু নিয়মিতভাবে আপনার কর্মসূচি কি তা করার সুযোগ দেয়? দিনের পর দিন বাইবেল পাঠ না করার চাইতে, এটা কি ভাল হয় না যদি আপনি প্রতিদিন ১৫ মিনিট অথবা এমনকি ৫ মিনিটের জন্যও তা পড়েন? প্রতিদিন বাইবেল পাঠ করার পরিকল্পনা নিন। আর তারপর যখন সম্ভব তখন সেই সময় গভীরভাবে গবেষণা করুন।

বাইবেল পাঠের বিভিন্ন পদ্ধতি

১২. বেথেল পরিবারের নতুন সদস্যদের ও গিলিয়েড ছাত্রদের বাইবেল পাঠের কোন্‌ সূচি মেনে চলতে হয়?

১২ বাইবেল পাঠ করার বিভিন্ন উপায় আছে। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য অবধি পাঠ করা উপকারজনক। সমগ্র পৃথিবীর বেথেল পরিবারের সদস্যেরা যারা প্রধান কার্যালয়ে অথবা সমিতির কোন একটি শাখাতে কাজ করছে তাদের বেথেলে পরিচর্যার প্রথম বছরে সম্পূর্ণ বাইবেলটি পড়তে হয়। (সাধারণত এর অন্তর্ভুক্ত হল, দীর্ঘতার উপর নির্ভর করে তিন থেকে পাঁচ অধ্যায় অথবা প্রতিদিন চার থেকে পাঁচ পাতা পড়া।) ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের ছাত্রদেরও স্নাতক হওয়ার আগে বাইবেলের প্রতিটি পৃষ্ঠা পড়তে হয়। আর এটা আশা করা হয় যে এটি তাদের সাহায্য করবে দৈনিক বাইবেল পাঠকে তাদের জীবনের অংশ করে নিতে।

১৩. নতুন বাপ্তাইজিত সাক্ষীদের জন্য কোন্‌ লক্ষ্য স্থাপন করতে উৎসাহ দেওয়া হয়েছে?

১৩ নতুন বাপ্তাজিত সাক্ষীদের পক্ষেও এটা উপকারজনক হবে যদি তারা সম্পূর্ণ বাইবেলটি পড়ার লক্ষ্য তাদের সামনে রাখে। ১৯৭৫ সালে, বাপ্তিস্মের জন্য প্রস্তুত হওয়ার সময়, ফ্রান্সের একজন যুবককে একজন প্রাচীন জিজ্ঞাসা করেন যে বাইবেল পাঠের কোন নির্দিষ্ট সূচি তার আছে কি না। সেই সময় থেকে আরম্ভ করে সে প্রতি বছর সম্পূর্ণ বাইবেল পড়ে আসছে এবং সাধারণত এটা সে করে থাকে সকাল বেলায় কাজে যাওয়ার আগে। এর ফল সম্পর্কে সে বলে: “আমি আরও ভালভাবে যিহোবার সাথে পরিচিত হতে পেরেছি। আমি বুঝতে পারছি যে তিনি যা কিছু করেন তার সাথে কিভাবে তাঁর উদ্দেশ্য জড়িয়ে রয়েছে এবং যখন কোন বাধার উৎপত্তি হয় তখন তিনি কিভাবে সাড়া দেন। আমি উপলব্ধি করি যে তাঁর সমস্ত কাজের ক্ষেত্রে যিহোবা ধার্মিক ও উত্তম।”

১৪. (ক) নিয়মিতভাবে ব্যক্তিগত বাইবেল পাঠ্যসূচি শুরু করার জন্য কিসের প্রয়োজন? (খ) পড়ার সময় বাইবেলের প্রতিটি বই যাতে আমাদের মনে গেঁথে যায়, তার জন্য কোন্‌ জিনিসটি আমাদের সাহায্য করতে পারে?

১৪ আপনি কি সম্পূর্ণ বাইবেলটি পড়েছেন? যদি না পড়ে থাকেন, তাহলে এখনই হল শুরু করার এক উত্তম সময়। একটি কর্মসূচি নির্ধারণ করুন এবং সেটিকে বজায় রাখার চেষ্টা করুন। ঠিক করুন যে প্রতিদিন কতগুলি পৃষ্ঠা অথবা অধ্যায় আপনি পড়বেন অথবা কেবলমাত্র ঠিক করুন যে কতটা সময় আপনি এর জন্য ব্যয় করবেন এবং কখন। প্রত্যেকের পক্ষে এক বছরের মধ্যে সম্পূর্ণ বাইবেলটি শেষ করা সম্ভব হবে না কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঈশ্বরের বাক্য নিয়মিতভাবে পড়া এবং যদি সম্ভব হয় তাহলে তা প্রতিদিন পড়া। যখন আপনি বাইবেল পড়বেন তখন হয়ত কিছু গবেষণার বই আপনাকে সাহায্য করবে বিষয়বস্তুটি আরও ভালভাবে মনের মধ্যে গেঁথে তুলতে। যদি শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি বইটি আপনার ভাষাতে পাওয়া যায়, তাহলে নির্দিষ্ট বাইবেল বইটি পড়তে শুরু করার আগে অন্তর্দৃষ্টি বইটিতে সেই বিষয়বস্তুর উপর যে আলোকপাত করা আছে সেটি একবার পর্যালোচনা করে নিন।a বিশেষ করে বড় অক্ষরে লেখা শিরোনামটি লক্ষ্য করুন অথবা “অল স্ক্রিপ্‌চার ইস ইন্সপায়ার্ড অফ গড অ্যান্ড বেনিফিশিয়াল” (ইংরাজি) নামক বইটিতে দেওয়া যে বিশদ সারাংশ রয়েছে তার সদ্ব্যবহার করুন।*

১৫. (ক) বাইবেল পাঠকে বাড়িয়ে তোলার জন্য ১৬ ও ১৭ পৃষ্ঠায় দেওয়া কোন্‌ প্রস্তাবগুলি আমাদের সাহায্য করতে পারে? (খ) ধারাবাহিকভাবে কিছু পৃষ্ঠা পড়ে যাওয়ার চাইতে কোন্‌ গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আমরা বেশি নজর দেবো?

১৫ ধারাবাহিক বাইবেল পাঠ উপকারজনক, কিন্তু কেবলমাত্র এক যান্ত্রিক পাঠক হবেন না। প্রতিদিন একই সংখ্যক পৃষ্ঠা পড়ে যাবেন না যাতে করে আপনি বলতে পারেন যে প্রত্যেক বছরে আপনি সমগ্র বাইবেলটি পড়তে পেরেছেন। বাক্সটিতে যেমন দেখানো হয়েছে “বাইবেল পাঠকে বাড়িয়ে তোলার কিছু প্রস্তাব” (১৬ ও ১৭ পৃষ্ঠা), অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার বাইবেল পড়াকে উপভোগ করতে পারেন। যে কোন পদ্ধতিই আপনি ব্যবহার করুন না কেন লক্ষ্য রাখবেন যে আপনার মন ও হৃদয় যেন উপযুক্ত পরিমাণে খাদ্য পায়।

যা পড়ছেন তার অর্থ বোঝার চেষ্টা করুন

১৬. আমরা যা পড়ি তার উপর ধ্যান করা কেন গুরুত্বপূর্ণ?

১৬ তাঁর শিষ্যদের শিক্ষা দেওয়ার সময়, যীশু বিশেষ করে তিনি যা বলছেন তারা যেন তা বুঝতে পারে সে বিষয়ের উপর জোর দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই যে, তারা যেন কেবলমাত্র বুদ্ধি সহকারে এগুলিকে গ্রহণ না করে, কিন্তু “হৃদয়ে বুঝে” যাতে করে তারা নিজেদের জীবনে এগুলিকে প্রয়োগ করতে পারে। (মথি ১৩:১৪, ১৫, ১৯, ২৩) অন্তরে একজন ব্যক্তি কিধরনের, সেটাই ঈশ্বরের কাছে অর্থ রাখে এবং হৃদয়ের দ্বারাই তা প্রতিফলিত হয়। (১ শমূয়েল ১৬:৭; হিতোপদেশ ৪:২৩) অতএব, বাইবেলের অংশগুলি কী বলছে সেটি ভালভাবে বোঝা ছাড়াও আমাদের সে বিষয়ের উপর ধ্যান করা প্রয়োজন এবং আমাদের জীবনের উপর সেগুলি কী অর্থ রাখে তা বিবেচনা করা দরকার।—গীতসংহিতা ৪৮:৯; ১ তীমথিয় ৪:১৫.

১৭. শাস্ত্রে আমরা যা পড়ি সেগুলির কোন্‌ বিশেষ দিকগুলির উপর আমরা ধ্যান করতে পারি?

১৭ বাইবেলের ঘটনাগুলির পিছনে যে অন্তর্নিহিত নীতিটি রয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা করুন যাতে করে যখন আপনি কোন পরিস্থিতির মুখোমুখি হবেন তখন আপনি তা প্রয়োগ করতে পারেন। (তুলনা করুন মথি ৯:১৩; ১৯:৩-৬.) যখন আপনি যিহোবার উত্তম গুণগুলি সম্বন্ধে পড়েন ও তার উপর ধ্যান করেন, তখন তাঁর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ককে দৃঢ় করার জন্য এই সুযোগটিকে ব্যবহার করুন এবং নিজের ভিতরে ঈশ্বরীয় ভক্তিকে দৃঢ়ভাবে গড়ে তুলুন। যখন আপনি যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে কোন বিবৃতি পড়েন, তখন বিবেচনা করুন যে কিভাবে আপনি তার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে পারেন। যখন আপনি সরাসরি কোন উপদেশ পড়বেন, তখন ‘এটা আমি জানি’ এই কথা নিজেকে না বলে, বরঞ্চ জিজ্ঞাসা করুন যে ‘এটি যা বলছে সেই অনুসারে আমি কি কাজ করছি?’ যদি তা করে থাকেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, ‘কিভাবে আমি “অধিক উপচিয়া” পড়তে পারি?’ (১ থিষলনীকীয় ৪:১) যখন আপনি ঈশ্বর যা চান সেই সম্বন্ধে জানতে পারেন, তখন বাইবেলে দেওয়া বাস্তব উদাহরণগুলির কথাও বিবেচনা করুন যারা সেই যোগ্যতা অনুসারে চলার চেষ্টা করেছে এবং যারা করেনি। চিন্তা করুন যে কেন তারা তা করেছিল এবং তার পরিণাম কী হয়েছিল। (রোমীয় ১৫:৪; ১ করিন্থীয় ১০:১১) যখন আপনি যীশু খ্রীষ্টের জীবন সম্বন্ধে পড়বেন তখন মনে রাখবেন যে তিনিই হচ্ছেন সেই ব্যক্তি যাঁকে যিহোবা সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করার দায়িত্ব দিয়েছেন; ঈশ্বরের নতুন জগতের প্রতি স্পৃহা নিজের মধ্যে জাগিয়ে তোলার জন্য এই সুযোগকে ব্যবহার করুন। এছাড়াও, বিবেচনা করুন যে আরও সম্পূর্ণভাবে আপনি কিভাবে ঈশ্বরের পুত্রকে অনুকরণ করতে পারেন।—১ পিতর ২:২১.

১৮. “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস”-দের দ্বারা প্রস্তুত করা অধ্যয়নের বিষয়বস্তুগুলি ব্যবহারের সাথে আমাদের বাইবেল পাঠের সামঞ্জস্যতা কিভাবে বজায় রাখতে পারি?

১৮ অবশ্যই, বাইবেল পাঠ যেন অন্যান্য যে অপূর্ব অধ্যয়নের বিষয়বস্তুগুলি রয়েছে, সেগুলি পাঠ করার বিকল্প হয়ে না দাঁড়ায়, যেগুলি “বিশ্বস্ত এবং বুদ্ধিমান্‌ দাস” এর মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে। এগুলিও যিহোবার যে ব্যবস্থা তার অন্তর্ভুক্ত—এবং এগুলি খুবই মূল্যবান। (মথি ২৪:৪৫-৪৭) নিশ্চিত হন যে ঈশ্বরের বাক্যের নিয়মিত পাঠ আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। যদি আদৌ সম্ভব হয় তাহলে, “প্রতিদিন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল পড়ুন।”

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ নিউ ইয়র্ক ইনক্‌ দ্বারা প্রকাশিত।

আপনি কিভাবে উত্তর দেবেন?

◻ প্রতিদিন কিছুটা বাইবেল পাঠ করা কেন উপকারজনক?

◻ বারে বারে আমাদের বাইবেল পাঠ করা উচিত কেন?

◻ আপনার নিজস্ব কর্মসূচি অনুসারে, দৈনিক বাইবেল পাঠের জন্য কোন্‌ সময়টি উপযুক্ত?

◻ বারংবার বাইবেল পাঠ করার সময়, কোন্‌ জিনিসটি আপনার কর্মসূচির মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে পারে?

◻ আমরা যা পড়ি তার উপর ধ্যান করা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?

[১৬, ১৭ পৃষ্ঠার বাক্স]

আপনার বাইবেল পাঠকে উন্নত করে তোলার কিছু প্রস্তাব

(১) অনেক লোকেরা সাধারণত বাইবেল যে ভাবে ছাপা হয়ে থাকে সেই ধারা অনুসারে পড়ে, অর্থাৎ আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত। আদিতে যেরকমভাবে লেখা হয়েছিল, আপনিও সেই ধারায় পড়তে পারেন। মনে রাখবেন যে বাইবেল হল ৬৬টি অনুপ্রাণিত বইয়ের সমন্বয়, একটি ঐশিক গ্রন্থালয়। বৈচিত্র্য আনার জন্য, কেবলমাত্র পৃষ্ঠা অনুসারে না পড়ে, আপনি হয়ত কিছু বই যেগুলি ঐতিহাসিক সেগুলি পড়তে পারেন এবং তারপর, যেগুলি ভাববাণীমূলক সেগুলিকে ও এরপর উপদেশমূলক চিঠিগুলিকে পড়তে পারেন। যেগুলি আপনি পড়েছেন সেগুলি মনে রাখুন এবং সম্পূর্ণ বাইবেলটি পড়ার চেষ্টা করুন।

(২) শাস্ত্রের একটি অংশ পড়ার পর, নিজেকে প্রশ্ন করুন যে এটি যিহোবার সম্বন্ধে, তাঁর উদ্দেশ্য সম্বন্ধে, কিভাবে তিনি কাজ করেন তার সম্বন্ধে কী বলে; এটি কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে; এবং এই তথ্য আপনি কিভাবে অপরকে সাহায্য করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।

(৩) সাহায্যকারী হিসাবে শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি) বইটির মধ্যে প্রকাশিত “যীশু খ্রীষ্ট” নামক শিরোনামের নিচে যে তালিকাটি আছে যার বিষয়বস্তু হল “যীশু খ্রীষ্টের পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলি” (এছাড়াও এটি রয়েছে “অল স্ক্রিপচার ইস ইন্সপায়ার্ড অফ গড অ্যান্ড বেনিফিশিয়াল) পড়ার সময় সুসমাচারে লিখিত প্রতিটি অংশে যে অনুরূপ ঘটনাটি রয়েছে তা পড়ুন। আর তারই সাথে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন এই বইটিতে যে একই ঘটনা রয়েছে তা সম্পূরক হিসাবে ব্যবহার করুন।

(৪) যখন আপনি প্রেরিতদের কার্য্য-বিবরণ পুস্তকটি থেকে পৌলের জীবন ও পরিচর্যা সম্বন্ধে পড়েন, তখন এর সাথে সম্পর্কযুক্ত অনুপ্রাণিত চিঠিগুলিও পড়ুন। অতএব যেসব জায়গায় পৌল প্রচার করেছিলেন সেইসব বিভিন্ন শহর অথবা অঞ্চলগুলির কথা যখন উল্লেখ করা হয়, তখন সেইসব চিঠিগুলি পড়ুন যা তিনি পরবর্তীকালে সেই একই স্থানে সহখ্রীষ্টানদের উদ্দেশ্যে লিখেছিলেন। তিনি যেসব জায়গায় ভ্রমণ করেছিলেন সেই স্থানগুলির মানচিত্র যা নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন এর পিছনের পৃষ্ঠায় দেওয়া আছে সেটি দেখাও কার্যকারী হতে পারে।

(৫) যাত্রাপুস্তক থেকে দ্বিতীয় বিবরণ পড়ার সময়, ইব্রীয়দের উদ্দেশ্যে লেখা চিঠিটি পড়ুন যা আপনাকে সাহায্য করবে ভাববাণীমূলক বিষয়গুলির ব্যাখ্যা পেতে। শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি বইটির মধ্যে “নিয়ম,” নামক এই বিষয়ের অন্তর্ভুক্ত যে তালিকা “নিয়ম চুক্তির কয়েকটি দিক,” সেটি বিবেচনা করে দেখুন।

(৬) যখন ভাববাণীমূলক বইগুলিকে পড়বেন, তখন বাইবেলে দেওয়া এর ঐতিহাসিক পটভূমিকাটিও পর্যালোচনা করে দেখুন। উদাহরণস্বরূপ, যখন যিশাইয়ের পুস্তকটি পড়বেন, তখন রাজা ঊষিয়, যোথম, আহস এবং হিষ্কিয়, যাদের সম্বন্ধে যিশাইয় ১:১ পদে উল্লেখ করা আছে, তাদের সম্বন্ধে অন্য কোথায় কী বলা আছে তা বিবেচনা করে দেখুন। (২ রাজাবলি, ১৫-২০ অধ্যায়; ২ বংশাবলি, ২৬-৩২ অধ্যায়) অথবা যখন হগয় ও সখরিয় সম্বন্ধে পড়বেন, তখন ইষ্রা পুস্তকে কী লেখা আছে তা পুনরায় দেখে নিতে পারেন।

(৭) বাইবেলের যে কোন একটি বই বেছে নিন, এর একটি অংশ পড়ুন (হয়ত একটি অধ্যায়) এবং তারপর গবেষণা করুন, ওয়াচ টাওয়ার পাবলিকেশন ইনডেক্স অথবা যদি আপনার ভাষাতে কমপিউটারে যে ওয়াচটাওয়ার লাইব্রেরী-টি আছে তা থেকে থাকে তাহলে তা ব্যবহার করার মাধ্যমে। আপনার নিজের জীবনে এই বিষয়বস্তুটি প্রয়োগ করার চেষ্টা করুন। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে এবং ক্ষেত্রের পরিচর্যায় এগুলি ব্যবহার করুন। এরপর আরেকটি অংশে যান।

(৮) যদি ওয়াচ টাওয়ার প্রকাশন, বাইবেল বই অথবা তার কোন অংশের উপর মন্তব্য করে, তখন বাইবেলের সেই অংশটি পড়ার সময় বারে বারে তা দেখে নিন। (উদাহরণস্বরূপ: পরমগীত সম্বন্ধে, প্রহরীদুর্গ, ইংরাজি, ডিসেম্বর ১, ১৯৫৭ পৃষ্ঠা ৭২০-৩৪; যিহিষ্কেল সম্বন্ধে, “জাতিগণ জানবে যে আমি যিহোবা”—কিভাবে?, ইংরাজি; দানিয়েলের উপর, “আপনার ইচ্ছা পৃথিবীতে সিদ্ধ হউক,” অথবা আমাদের আগত বিশ্ব সরকার—ঈশ্বরের রাজ্য, ইংরাজি; হগয় ও সখরিয়ের উপরে, ঈশ্বতন্ত্রের মাধ্যমে মানবজাতির জন্য পরমদেশ পুনর্স্থাপন!, ইংরাজি; প্রকাশিত বাক্যের উপর, প্রকাশিত বাক্য—এর মহান পরিপূর্ণতা সন্নিকট!, ইংরাজি।

(৯) পড়ার সময় কিছু ক্রস রেফারেন্স দেখুন। লক্ষ্য করুন যে ইব্রীয় শাস্ত্রাবলি থেকে নেওয়া ৩২০টি অংশ যা সরাসরি খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং শতাধিক অংশ রয়েছে যার সম্বন্ধে মন্তব্য ও কিভাবে এগুলি প্রয়োগ করা যায় তা দেখানো হয়েছে। ক্রস রেফারেন্সগুলি বিশেষ করে ভাববাণীর পরিপূর্ণতাগুলি দেখায় যা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, বিশেষ করে আত্মকাহিনীমূলক ও ভৌগলিক তথ্যের ক্ষেত্রে এবং কিছু সমরূপ চিন্তাধারা যা সেইসব অভিব্যক্তিগুলিকে বোধগম্য করে তোলে যা হয়ত আপনার পক্ষে বোঝা মুশকিল ছিল।

(১০) নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন সংস্করণের রেফারেন্স, এটি যদি আপনার ভাষায় পাওয়া যায়, তাহলে এটি ব্যবহার করার সময় আপনি পাদটীকা ও অ্যাপেনডিক্সের প্রবন্ধগুলিও দেখে নিন যা আপনার পাঠ্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এটি শব্দের যে ব্যবহার তার ভিত্তিটি দেখাবে এবং বিভিন্ন উপায় কিভাবে গুরুত্বপূর্ণ অভিব্যক্তিগুলিকে অনুবাদ করা যায় তাও বলে দেবে। আপনি হয়ত কিছু পদের অনুবাদ অন্যান্য বাইবেল অনুবাদের সাথে তুলনা করতে চাইবেন।

(১১) একটি অধ্যায় পড়ার পর, সেই অধ্যায়টির প্রধান যে বিষয়বস্তু তার একটি সংক্ষিপ্ত সারাংশ লিখুন। পরবর্তী সময় এটি পুনরালোচনা ও ধ্যানের ভিত্তি হিসাবে ব্যবহার করুন।

(১২) বাইবেল পড়ার সময়, বাছাই করা অংশগুলিতে দাগ দিয়ে রাখুন যা আপনি বিশেষ করে মনে রাখতে চান, অথবা কার্ডের মধ্যে কপি করে রাখুন ও এমন জায়গায় রাখুন যেখানে আপনি প্রতিদিন সেগুলিকে দেখতে পাবেন। একসাথে অনেক কিছু মনে রাখার চেষ্টা করবেন না, প্রতি সপ্তাহে একটি বা দুটি; এবং পরেরবার আপনি যখন বাইবেল পড়বেন তখন আরও বেশি কিছু বাছাই করার চেষ্টা করুন।

[Pictures on page 15]

আপনি কি প্রতিদিন বাইবেল পাঠ করেন অথবা তার রেকর্ডিং শোনেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার