যেভাবে কার্যকারী ভূমিকাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায়
১. একটা ভালো ভূমিকা থাকা কতটা গুরুত্বপূর্ণ?
১ ঠিক যেমন খাবারের সুগন্ধ খিদে বাড়িয়ে দেয়, ঠিক তেমনই একটা ভালো ভূমিকা এক ইতিবাচক শাস্ত্রীয় আলোচনার পথ খুলে দিতে পারে। কার্যকারী ভূমিকা কতটা বড়ো হবে কিংবা কী বিষয় বলা হবে, তা হয়তো আলাদা আলাদা হতে পারে কিন্তু সেই সুস্বাদু খাবারের মতো, এই ক্ষেত্রেও আগে থেকে চিন্তা করা এবং প্রস্তুতি নেওয়া প্রয়োজন। (হিতো. ১৫:২৮) কী একটা ভূমিকাকে কার্যকারী করে তোলে?
২. কীভাবে আমরা আগ্রহ জাগিয়ে তোলার মতো একটা ভূমিকা প্রস্তুত করতে পারি?
২ আগ্রহ জাগিয়ে তোলার মতো বিষয় বেছে নিন: আমাদের ভূমিকা যেন আগ্রহ জাগিয়ে তোলার মতো হয়, তা না হলে গৃহকর্তা হয়তো আলোচনা থামিয়ে দিতে পারেন। তাই প্রস্তুতি নেওয়ার সময় আশেপাশের লোকেরা কোন বিষয়ে আগ্রহী, তা নিয়ে চিন্তা করুন। লোকেরা কি ভালো সরকার, সুখী পারিবারিক জীবন অথবা যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আগ্রহী? লোকেরা সাধারণত তাদের মতামত দিতে পছন্দ করে, তাই চিন্তা করতে পরিচালিত করে এমন দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন প্রস্তুত করুন। আপনি কি আমাদের রাজ্যের পরিচর্যা-য় নমুনা হিসেবে দেওয়া কোনো ভূমিকা ব্যবহার করতে পারেন এবং আপনার এলাকার সঙ্গে তা খাপ খাইয়ে নিতে পারেন? মাঝে মাঝে আপনার পারিবারিক উপাসনার সন্ধ্যায় কয়েকটা ভূমিকা নিয়ে আলোচনা করুন না কেন?
৩. আমাদের এলাকার লোকেদের সংস্কৃতি ও পটভূমির কথা মাথায় রেখে কীভাবে আমরা আমাদের ভূমিকা খাপ খাইয়ে নিতে পারি?
৩ সংস্কৃতি ও পটভূমি বিবেচনা করুন: কিছু কিছু জায়গায় লোকেরা চায়, যেন আমরা প্রথমেই আমাদের আসার মূল উদ্দেশ্য সম্বন্ধে বলি। অন্যান্য জায়গায়, কোনো ব্যক্তি যদি তাদের বাড়িতে এসে প্রথমে তাদের খোঁজখবর না নেয় এবং নিজেদের পরিচয় না দেয়, তাহলে সেটাকে হয়তো ভালো চোখে দেখা হয় না। কিছু কিছু জায়গায়, লোকেদের ধর্মীয় পটভূমির কারণে আমরা হয়তো প্রথমেই বাইবেল ব্যবহার করতে পারি। (প্রেরিত ২:১৪-১৭) কিন্তু, লোকেরা যখন কোনো ন-খ্রিস্টীয় ধর্মের হন অথবা কোনো ধর্মাবলম্বী না হন, তখন একেবারে প্রথমেই বাইবেল সম্বন্ধে না বলে, বরং পুনর্সাক্ষাতের সময় সেই বিষয়ে উল্লেখ করলে ভালো হয়।—প্রেরিত ১৭:২২-৩১.
৪. আমরা যে-কথা দিয়ে আমাদের ভূমিকা শুরু করি, তার প্রতি কেন মনোযোগ দেওয়া প্রয়োজন?
৪ প্রথমে যা বলেন: আপনি প্রথমে যা বলবেন, তা ভালোভাবে তৈরি করুন। বেশিরভাগ ক্ষেত্রে সংক্ষিপ্ত, সাধারণ কথা বললে ভালো হয়। আমরা যেভাবে শুরু করি, সেটাও গুরুত্বপূর্ণ। উদ্যমের সঙ্গে কথা বলুন। মুখে হাসি রাখুন, যা দেখায় যে গৃহকর্তার প্রতি আপনার আগ্রহ রয়েছে। এই পরামর্শগুলো মেনে চলা আমাদেরকে আগ্রহ জাগিয়ে তোলার মতো ভূমিকা প্রস্তুত করতে সাহায্য করবে, যা আমাদের এলাকার লোকেদেরকে “প্রভুর [“যিহোবার,” NW] মেজ” থেকে খাদ্য গ্রহণ করতে উৎসাহিত করবে।—১ করি. ১০:২১.