ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০১ পৃষ্ঠা ৩-৬
  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এপ্রিল মাসে “সৎক্রিয়াতে উদ্যোগী” হোন!
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০১ পৃষ্ঠা ৩-৬

এপ্রিল​—⁠“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়

১ স্মরণার্থক দিনের আগে-পিছের সপ্তাগুলো যিহোবার লোকেদের জন্য ধ্যান করার এক সময়। খ্রীষ্টের মৃত্যু কী সম্পাদন করেছে ও যীশুর দেওয়া রক্তের দ্বারা ঈশ্বরের কাছ থেকে কী আশা আছে সেই বিষয়ে ধ্যান করার সময়। গত বছর ১৯শে এপ্রিলের কথা চিন্তা করলে আপনার কী মনে পড়ে? ওই সন্ধ্যায় আপনি যাদের দেখেছিলেন তাদের কি আপনার মনে আছে? স্মরণার্থক দিনের সেই গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ? বাইবেলের ওপর সেই গভীর আলোচনা ও অন্তর থেকে করা প্রার্থনাগুলো? যিহোবা ও যীশু আপনার জন্য যে প্রেম দেখিয়েছেন তার প্রতি গভীর উপলব্ধি দেখানোর জন্য আপনি হয়তো সংকল্প নিয়েছিলেন। এই নিয়ে ধ্যান করা আজ আপনার ওপর কতখানি প্রভাব ফেলে?

২ এটা স্পষ্ট যে, যিহোবার লোকেরা যে তাদের কৃতজ্ঞতা শুধু ভাষায় প্রকাশ করেন তা নয় কিন্তু আরও অন্যভাবেও তা করে থাকেন। (কল. ৩:​১৫, ১৭) বিশেষ করে, গত এপ্রিল মাসে আমরা খ্রীষ্টীয় পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করে পরিত্রাণের জন্য যিহোবার ব্যবস্থার প্রতি আমাদের উপলব্ধি দেখিয়েছিলাম। এখন সহায়ক অগ্রগামীদের সংখ্যা একশরও বেশি, যা ভারতের গত শীর্ষ থেকে ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাদের সঙ্গে আরও রাজ্যের প্রকাশকদের চেষ্টার ফলে ঘন্টা, পত্রিকা অপর্ণে ও পুনর্সাক্ষাতে এক নতুন শীর্ষ দাঁড়িয়েছে। হাজার হাজার নতুন বাইবেল অধ্যয়ন শুরু হতে ও স্মরণার্থক সভাতে এক নতুন উপস্থিতির শীর্ষ দেখে আমাদের আনন্দ অনেক বেড়ে গিয়েছিল!

৩ সত্যিই, আমাদের নিশ্চিত আশাই আমাদেরকে কাজ করতে আরও সক্রিয় করে। প্রেরিত পৌল যেমন লিখেছিলেন এটা ঠিক সেই রকম: “ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি; কেননা যিনি সমস্ত মনুষ্যের, বিশেষতঃ বিশ্বাসীবর্গের ত্রাণকর্ত্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি।”​—⁠১ তীম. ৪:⁠১০.

৪ এই স্মরণার্থক মরশুমে, আপনি জীবনের জন্য যিহোবার ব্যবস্থার প্রতি আপনার বিশ্বাসকে কীভাবে দেখাবেন? গত এপ্রিলে আমরা রাজ্য প্রকাশকদের দ্বিতীয়তম শীর্ষে পৌঁছেছিলাম যে ধরনের শীর্ষ ভারতে আর কখনও হয়নি। এই এপ্রিলে কি আমরা সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারি? এই লক্ষ্যে পৌঁছানো আমাদের ক্ষমতার বাইরে নয়। তবে এর জন্য প্রত্যেক বাপ্তাইজিত ও অবাপ্তাইজিত প্রকাশকদের অংশ নেওয়ার প্রয়োজন আছে। অনেক নতুন ব্যক্তিরাও এতে অংশ নেওয়ার জন্য যোগ্য হতে পারেন। তাই এই এপ্রিলে আপনি যখন আরও পরিশ্রম ও প্রচেষ্টা করার পরিকল্পনা করছেন সেই সময় অন্যদেরকে, যার মধ্যে নতুন ও কম অভিজ্ঞ ব্যক্তিরা আছেন আপনার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কীভাবে উৎসাহ দিতে পারেন তা চিন্তা করে দেখুন।

৫ কিছুজনকে আবার প্রচার কাজ শুরু করার জন্য সাহায্য করা: আপনি যদি তাদের জানেন যারা এক বা দু মাস যাবৎ প্রচারে বেরোননি, তাহলে আপনি হয়তো তাদেরকে প্রচারে আসার জন্য উৎসাহ দিতে ও আপনার সঙ্গে কাজ করতে আমন্ত্রণ জানাতে পারেন। মণ্ডলীতে যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, প্রাচীনরা তাদের সঙ্গে দেখা করার বিশেষ চেষ্টা করবেন ও এপ্রিলে আবার কাজ শুরু করার জন্য উৎসাহ দেবেন।

৬ যিহোবা যেন আমাদেরকে তাঁর কাজ করার জন্য শক্তি দেন তার জন্য আমরা প্রত্যেকে তাঁর আত্মা চাইতে পারি। (লূক ১১:১৩) সেই আত্মা পাওয়ার জন্য আমরা কী করতে পারি? ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য পড়ুন। (২ তীম. ৩:​১৬, ১৭) সপ্তায় যে পাঁচটা সভা হয় তার সবকটাতে যোগ দিয়ে আমরা অবশ্যই ‘শুনি, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন।’ (প্রকা. ৩:⁠৬) অনিয়মিত ও নিষ্ক্রিয় হয়ে পড়া সাক্ষিদেরকে ব্যক্তিগত অধ্যয়নের অভ্যাস গড়ে তোলার ও সভাতে নিয়মিত উপস্থিত হতে সাহায্য করার জন্য এখনই হচ্ছে এক ভাল সুযোগ। (গীত. ৫০:২৩) আমরা নিজেদের আধ্যাত্মিক মঙ্গলের দিকে নজর রেখে এটা করি। কিন্তু এর থেকেও বেশি কিছু দরকার।

৭ প্রেরিত পিতর বলেছিলেন যে ঈশ্বর তাঁর পবিত্র আত্মা “আপন আজ্ঞাবহদিগকে দিয়াছেন।” (প্রেরিত ৫:৩২) এইধরনের বাধ্যতার সঙ্গে ‘লোকেদের কাছে প্রচার করা ও সাক্ষ্য দেওয়া’ জড়িত। (প্রেরিত ১:৮; ১০:৪২) তাই, এটা ঠিক যে প্রচার করার জন্য শক্তি পেতে আমাদের ঈশ্বরের আত্মার দরকার কিন্তু সেইসঙ্গে এটাও ঠিক যে যখন আমরা দেখাই যে আমরা যিহোবাকে খুশি করতে চাই, তখন তিনি আমাদেরকে আরও বেশি সাহায্য করেন। স্বেচ্ছায় বাধ্যতা দেখানোর এই প্রথম ধাপগুলো নেওয়ার গুরুত্বকে আমরা যেন হালকাভাবে না নিই!

৮ ছোটদের সাহায্য করা: বাবামারা, আপনাদের ছেলেমেয়েরা অন্যদের কাছে সত্য সম্পর্কে কথা বলতে চায় এই বিষয়ে আপনারা কি কিছু লক্ষ্য করেছেন? তারাও কি আপনার সঙ্গে প্রচারে যায়? তাদের আচারব্যবহার কি উদাহরণযোগ্য? যদি তাই হয়, তাহলে দেরি করছেন কেন? মণ্ডলীর পরিচর্যা কমিটির কোন একজন সদস্যের কাছে যান ও তাকে জিজ্ঞেস করুন যে, এই এপ্রিল থেকে আপনার বাচ্চাকে প্রকাশক হওয়ার যোগ্য বলে ধরা যায় কি না। (আমাদের পরিচর্যা, ইংরেজি বইয়ের ৯৯-১০০ পৃষ্ঠা দেখুন।) মনে রাখুন এই স্মরণার্থক মরশুমে উচ্চস্বরে যিহোবার প্রশংসা করার জন্য আপনার ছেলেমেয়েরা অনেক দিক দিয়ে অবদান রাখতে পারে।​—⁠মথি ২১:​১৫, ১৬.

৯ যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে এক খ্রীষ্টীয় মা তার ছোট মেয়েকে অন্যদের কাছে যিহোবার বিষয় বলতে সবসময় উৎসাহিত করতেন। গত বছর সেই মেয়ে যখন তার মায়ের সঙ্গে প্রচার করছিল তখন সে একজন ব্যক্তিকে একটা চান ব্রোশার দেয় ও অল্প কথায় সূচিপত্রটা বুঝিয়ে দেয়। সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিলেন: “তোমার বয়স কত?” সে বলে: “সাত।” এতটুকু ছোট মেয়ের এত সুন্দর উপস্থাপনা দেখে এই ব্যক্তি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তার কারণ হল যে তিনি ছোটবেলায় সাক্ষিদের সঙ্গে মেলামেশা করেছিলেন কিন্তু সত্যকে তিনি কখনও এত গুরুত্বের সঙ্গে জীবনের পথ বলে মনে করেননি। শীঘ্রিই সেই ব্যক্তি, তার স্ত্রী ও তার মেয়ের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল।

১০ অনেক ছোট ছেলেমেয়েরা ইতিমধ্যে প্রকাশক হয়ে গেছে আর তারা যখন আমাদের সঙ্গে প্রচার করে তখন আমরা আনন্দ পাই। এই ছোট ছেলেমেয়েরা তাদের সমবয়সীদের প্রেরণা জাগাতে ও উৎসাহ দিতে পারে। সেইসঙ্গে এই এপ্রিল মাস হল প্রত্যেকটা পরিবারের জন্য উপযুক্ত সময় যখন পবিত্র সেবায় পরিবারের সদস্যেরা এক সঙ্গে প্রচার করে তাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করতে ও আধ্যাত্মিকতাকে বাড়াতে পারে। পরিবারের মস্তকরা এই কাজে নেতৃত্ব নেবেন।​—⁠হিতো. ২৪:⁠২৭.

১১ নতুনদের সাহায্য করা: যে নতুন ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করছেন তাদের বিষয় কী? এই এপ্রিলে তারাও হয়তো এই বিশেষ চেষ্টায় কিছু অবদান রাখতে পারেন? আপনি যখন জ্ঞান বইয়ের ২য় অধ্যায়ের ১১ অনুচ্ছেদ বা ১১ অধ্যায়ের ১৪ অনুচ্ছেদ তাদের সঙ্গে আলোচনা করেছিলেন সেই সময় তারা হয়তো যা শিখছেন, তা অন্যদের বলার ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি যদি বইয়ের শেষের কাছাকাছি, তাহলে যখন আপনি ১৮ অধ্যায়ের ৮ অনুচ্ছেদটা আলোচনা করবেন সেই সময়ে এই বিষয়টা স্পষ্টভাবে বলে দিতে তৈরি থাকুন, যেখানে বলা আছে: “হয়ত যা আপনি শিখছেন তা আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং অন্যদের বলতে আপনি আগ্রহী। বাস্তবে, আপনি হয়ত ইতিমধ্যেই তা করছেন, যেমন যীশুও রীতিবহির্ভূত পরিস্থিতিতে সুসমাচার অপরকে জানাতেন। (লূক ১০:৩৮, ৩৯; যোহন ৪:৬-১৫) এখন আপনি হয়ত আরও বেশি করতে চাইবেন।” আপনি যাদের সঙ্গে অধ্যয়ন করছেন তাদের বিষয়েও কি একই কথা বলা যায়?

১২ আপনার ছাত্র কি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন? তিনি কি বাইবেলের নীতিগুলো কাজে লাগাতে শুরু করেছেন? তিনি কি ঐশিক মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করছেন? তিনি কি মণ্ডলীর সভাগুলোতে আসেন? তিনি কি যিহোবা ঈশ্বরকে সেবা করতে চান? তাহলে তাকে প্রাচীনদের সঙ্গে কথা বলতে উৎসাহ দিন না কেন, যাতে তারা স্থির করতে পারেন যে তিনি একজন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য ও এই এপ্রিল মাসে আপনার সঙ্গে কাজ করতে পারেন কি না? (আমাদের পরিচর্যা বইয়ের ৯৭-৯ পৃষ্ঠা দেখুন।) এইভাবে তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন যে যিহোবাকে সেবা করার জন্য তার চেষ্টায় যিহোবার সংগঠন তাকে কীভাবে সাহায্য করতে পারে।

১৩ এটা ঠিক যে কিছু ছাত্র অন্যদের থেকে খুব তাড়াতাড়ি উন্নতি করেন। তাই ২০০০ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠার ৫-৬ অনুচ্ছেদে দেওয়া নির্দেশনার সঙ্গে মিল রেখে, অনেকে সেই লোকেদের সঙ্গে আরেকটা বই আলোচনা করছেন, যারা শুরুতে আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু সক্রিয়ভাবে মেলামেশা করার জন্য যাদের আরও সাহায্যের প্রয়োজন। আমাদের কখনও এই আশা ছেড়ে দেওয়া উচিত নয় যে, “অল্প সময়ে হোক বা বেশি সময়ে হোক” সৎহৃদয়ের ব্যক্তিরা একসময় খ্রীষ্টের সত্যিকারের শিষ্য হবেন। (প্রেরিত ২৬:​২৯, NW) কিন্তু, আপনি কারও সঙ্গে যত সময় ধরে অধ্যয়ন করে চলেছেন সেটাকে যদি ‘বেশি সময়’ বলা হয়, তাহলে স্মরণার্থক মরশুমটা আপনার ছাত্রের জন্য খ্রীষ্টের মুক্তির মূল্যের প্রতি তার গভীর উপলব্ধিবোধ দেখানোর কি এক ভাল সুযোগ হতে পারে?

১৪ এই কাজে অংশ নিতে তাদেরকে যেভাবে সাহায্য করা যায়: যীশু অন্যদেরকে যেভাবে শিখিয়েছিলেন তা ভাল করে পরীক্ষা করে দেখে, আমরা যোগ্য ব্যক্তিদের প্রচার করতে কীভাবে সাহায্য করব, তা শিখতে পারি। তিনি তাঁর প্রেরিতদের এক দল লোক দেখে তাদের সঙ্গে কথা বলা শুরু করতে শেখাননি। তিনি প্রথমে প্রচার কাজের প্রয়োজনের ওপর জোর দিয়েছিলেন, প্রার্থনা করার মনোভাব রাখতে উৎসাহ দিয়েছিলেন ও তারপর তাদের জন্য তিনটে মূল বিষয়ের ব্যবস্থা করেছিলেন: একজন সহযোগী, এলাকা ও সংবাদ। (মথি ৯:​৩৫-৩৮; ১০:​৫-৭; মার্ক ৬:৭; লূক ৯:​২, ৬) আপনিও তা করতে পারেন। নিজের বাচ্চা বা একজন নতুন ছাত্রকে হোক অথবা কিছু সময় ধরে প্রচার কাজের রিপোর্ট দেননি এমন কাউকে যখন আপনি সাহায্য করছেন, তখন নিচে দেওয়া বিষয়গুলোকে মেনে চলার জন্য বিশেষ চেষ্টা করা আপনার ঠিক হবে।

১৫ প্রয়োজনের ওপর জোর দিন: প্রচার কাজের গুরুত্ব ব্যক্তির মনে গেঁথে দিন। প্রচারের প্রতি সঠিক মনোভাব রাখুন। প্রচারে গিয়ে মণ্ডলীর ভাইবোনেরা যে ভাল ফল পাচ্ছেন সেই বিষয়ে কয়েকটা অভিজ্ঞতা বলুন। যীশু মথি ৯:​৩৬-৩৮ পদে যে মনোভাব প্রকাশ করেছিলেন সেটা দেখান। ভাবি প্রকাশক বা নিষ্ক্রিয় হয়ে পড়া ব্যক্তিকে প্রচারে অংশ নিতে ও সেইসঙ্গে সারা পৃথিবী জুড়ে যে কাজ হচ্ছে তার সফলতার জন্য প্রার্থনা করতে উৎসাহ দিন।

১৬ সাক্ষ্য দেওয়ার যে সুযোগগুলো রয়েছে সেই বিষয়ে চিন্তা করতে ব্যক্তিকে উৎসাহ দিন: বই অধ্যয়ন দলের সঙ্গে ঘরে-ঘরে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থাতে অংশ নেওয়ার যে সুযোগ আছে তার কথা বলুন। আত্মীয়স্বজন, চেনাজানা লোকেদের সঙ্গে আলোচনা করতে বা সহকর্মী ও সহপাঠিদের সঙ্গে দুপুরে খাবারের বিরতির সময় আলোচনা করতে বলুন। গাড়িতে যাত্রা করার সময় সহ যাত্রীর প্রতি একটু আগ্রহ দেখিয়ে একজন আলোচনা শুরু করতে পারেন। আমরা যখন এগিয়ে গিয়ে কথা বলি তখন প্রায়ই ভাল সাক্ষ্য দেওয়ার সুযোগ খুলে দেয়। সত্যিই, “দিন দিন” অন্যদেরকে আমাদের বিশ্বাসের কথা বলার অনেক সুযোগ আমাদের আছে।​—⁠গীত. ৯৬:​২, ৩.

১৭ তাই ভাল হয় যদি আপনি ও নতুন প্রকাশক যত তাড়াতাড়ি পারেন ঘরে-ঘরে এক সঙ্গে প্রচারে অংশ নেন। এই এপ্রিল মাসে আপনি আরও বেশি করে প্রচার করবেন বলে যদি লক্ষ্য রেখে থাকেন, তাহলে এক সুবিধাজনক এলাকা পাওয়া যেতে পারে কি না, তা টেরিটরি পরিচারককে জিজ্ঞেস করতে পারেন। যদি পাওয়া যায়, তাহলে আপনি সেই এলাকার প্রত্যেকটা ঘরে প্রচার করার সুযোগ পাবেন। উদাহরণ হিসেবে, প্রচার শেষ করে ফিরে যাওয়ার অথবা সভা কিংবা অন্য কোথাও যাওয়ার সময় আপনি হয়তো দেখতে পান যে, আগে যেখানে কাউকে পাওয়া যায়নি বা কেউ আগ্রহ দেখিয়েছিল এখন সেই ঘরে কেউ রয়েছে। যদি ঠিক মনে হয়, তাহলে উপযুক্ত সময়ে সুযোগ বুঝে তার সঙ্গে কথা বলুন। এটা পরিচর্যা সম্পন্ন করার অনুভূতি ও আনন্দ নিয়ে আসবে।

১৮ আকৃষ্ট করার মতো সংবাদ তৈরি করুন: রাজ্যের সুসমাচার জানানোর ইচ্ছা থাকা এক বিষয় কিন্তু তিনি কীভাবে সেটা বলবেন সেই সম্বন্ধে নিজের ওপর আস্থা থাকা সম্পূর্ণ আলাদা বিষয়, বিশেষ করে তিনি যদি একজন নতুন প্রকাশক হন কিংবা অনেক দিন ধরে প্রচারে অংশ না নিয়ে থাকেন। নতুন ও নিষ্ক্রিয় হয়ে পড়া ভাইবোনদেরকে তৈরি হতে সাহায্য করলে আমরা সময়কে ভাল কাজে লাগাচ্ছি। পরিচর্যা সভা ও প্রচারে যাওয়ার আগে সভায় আমরা অনেক সাহায্যকারী পরামর্শ পাই, কিন্তু তাই বলে ব্যক্তিগত প্রস্তুতির কোন বিকল্প নেই।

১৯ নতুনদেরকে প্রচারের জন্য তৈরি হতে আপনি কীভাবে সাহায্য করতে পারেন? শুরুতে একটা পত্রিকা দিয়ে উপস্থাপনা করুন এবং সেটা খুব সহজ ও অল্প কথায় তৈরি করুন! তাদের এমন কোন ঘটনার কথা চিন্তা করতে বলুন, যা ওই এলাকার লোকেদের ভাবিয়ে তুলবে এবং তারপর নতুন পত্রিকাগুলো থেকে এমন একটা বিষয় খুঁজে বের করুন, যার সঙ্গে এটার মিল আছে। উপস্থাপনাটা একসঙ্গে অভ্যাস করুন ও যত তাড়াতাড়ি সম্ভব প্রচারে তা ব্যবহার করার চেষ্টা করুন।

২০ ভবিষ্যতে আরও বৃদ্ধির জন্য নিজেদের ক্ষমতাকে বাড়িয়ে তুলুন: গত বছর স্মরণার্থক সভায় সারা পৃথিবীতে ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি জন উপস্থিত ছিলেন। প্রকাশকের সংখ্যা ৬০ লক্ষের চেয়ে একটু বেশি ছিল। এর মানে প্রায় ৮৮ লক্ষ ব্যক্তি এত আগ্রহী ছিলেন যে তারা এই বিশেষ কার্যক্রমে এসেছিলেন, যেখানে তারা বাইবেলের মুখ্য শিক্ষাগুলোর মধ্যে একটা শুনেছিলেন। তারা আমাদের কারও কারও সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হয়েছিলেন, যা তাদের ওপর নিশ্চয়ই ভাল ছাপ ফেলেছিল। তাদের মধ্যে অনেকে আমাদের খুব প্রশংসা করেছেন, পৃথিবীব্যাপী কাজের জন্য দান করেছেন ও অন্যদের কাছে আমাদের পক্ষে কথা বলেছেন। এই বড় সংখ্যাটা দেখায় যে ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাদের আরও উন্নতি করতে সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?

২১ আমাদের মধ্যে থেকে কিছুজন নতুন ব্যক্তিদের আমন্ত্রণ জানায় বলে তাদের বেশির ভাগ স্মরণার্থক সভায় উপস্থিত হন। এর থেকে বোঝা যায় যে, আমাদের ভাইবোনদের অন্তত একজনের সঙ্গে তারা পরিচিত আছেন। আমাদের আমন্ত্রণে কেউ যদি সভায় আসেন, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের অভ্যর্থনা জানানো ও কার্যক্রম থেকে তারা যাতে পুরোপুরি উপকার পেতে পারে সেইজন্য তাকে সাহায্য করা। যেহেতু হল খুব ভরতি থাকবে, তাই তাকে একটা আসন খুঁজে দিন। তাকে একটা বাইবেল দিন ও আপনার গান বই তাকে দেখান। তিনি যা কিছু প্রশ্ন করেন তার উত্তর দিন। তার প্রতি আপনি ব্যক্তিগতভাবে আগ্রহ দেখালে, তা দেখে তার মধ্যেও আগ্রহ জাগতে পারে। কোন অপরিচিত ব্যক্তিকে দেখে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো ও তার সঙ্গে পরিচিত হওয়ার জন্য অল্প কথা বলা নিশ্চয়ই, এটা আমাদের সকলেরই দায়িত্ব।

২২ স্মরণার্থক সভায় উপস্থিত হলে তা ওই ব্যক্তির মনের ওপর অনেক ছাপ ফেলতে পারে। তার সভাতে আসার কারণ হয়তো তিনি যা খুঁজছেন তা অন্য জায়গায় পাননি আর তাই আমরা এমন কিছু বলি যেটাকে আরও নিখুঁতভাবে পরীক্ষা করে দেখার প্রয়োজন বলে তিনি মনে করেন। যিহোবার অগাধ প্রেম সম্পর্কে যার কোন ধারণাই নেই তাকে মুক্তির মূল্যের অপূর্ব ব্যবস্থা বুঝিয়ে দিলে তার কাছে সেটা হয়তো নতুন কিছু বলে মনে হতে পারে। তিনি খুব তাড়াতাড়িই বুঝতে পারবেন যে আমরা একেবারে আলাদা​—⁠সৎ, বন্ধুত্বপরায়ণ, প্রেমময় ও অন্যদের সম্মান করি। তিনি হয়তো লক্ষ্য করবেন যে গির্জাগুলোতে বিভিন্ন মূর্তি ও অর্থহীন রীতিনীতি রয়েছে অথচ আমাদের হলে সেরকম কিছুই নেই। নতুন ব্যক্তিরা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এখানে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা এসেছেন ও কোন চাঁদা নেওয়া হয় না। এই বিষয়গুলো তাদেরকে আবার ফিরে আসার জন্য ভীষণভাবে উৎসাহিত করতে পারে।

২৩ স্মরণার্থক সভার পর প্রত্যেক নতুন ব্যক্তির কাছে আবার ফিরে গিয়ে কেউ যেন তাকে সাহায্য করেন। আপনি যদি নতুন ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকেন, তাহলে আপনার এক বিশেষ দায়িত্ব আছে। তারা ফিরে যাওয়ার আগে, কিংডম হলের অন্যান্য সভাগুলোর কথা তাদেরকে জানিয়ে দিন। পরের সপ্তার জনসাধারণের বক্তৃতার শিরোনাম জানিয়ে দিন। তাদের বাড়ির কাছাকাছি যেখানে মণ্ডলীর যে বই অধ্যয়ন হয় তার ঠিকানা ও সময় তাদেরকে জানিয়ে দিন। পরে দেখ! ব্রোশারের একটা কপি তাদের দিন এবং জানিয়ে দিন যে ৩০শে এপ্রিলের সপ্তায় যে আলোচনা হবে তা হল, “যিহোবার সৃষ্টি ও অলৌকিক ঘটনাসকল।” শীঘ্রিই যে সীমা অধিবেশন বা একদিনের বিশেষ অধিবেশন হতে চলেছে সেটাতে যোগ দেওয়ার জন্য মণ্ডলীর সবাই কেন পরিকল্পনা করছেন, তা ব্যাখ্যা করুন।

২৪ মাঝেমধ্যে তাদের বাড়িতে যান। তাদের কাছে চান ব্রোশার ও জ্ঞান বই আছে কি না তা জেনে নিন, যেগুলো থেকে তারা বাইবেলের মৌলিক শিক্ষা পেতে পারেন। যদি তাদের সঙ্গে এখনও অধ্যয়ন শুরু করা না হয়, তাহলে তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। যিহোবার সাক্ষীবৃন্দ (ইংরেজি) ব্রোশারটা তাদেরকে পড়তে বলুন, যেখানে স্পষ্টভাবে বলা আছে যে কীভাবে আমরা একটা সংগঠন হিসেবে কাজ করি। আমাদের ভিডিওগুলো দেখতে তাদের আমন্ত্রণ জানান যেমন এগুলোর একটা হল আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি)। মণ্ডলীর অন্যান্যদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিন। আসছে মাসগুলোতে নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন; সীমা অধ্যক্ষের পরিদর্শন বা আপনাদের জেলা সম্মেলনে তাদেরকে আসতে আমন্ত্রণ জানান। তারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত” কি না, তা দেখানোর জন্য তাদেরকে সুযোগ করে দিন!​—⁠প্রেরিত ১৩:⁠৪৮.

২৫ প্রাচীনরা যা করতে পারেন: এই এপ্রিলে আরও বেশি করে প্রচার করার যে চেষ্টা তার সফলতা বেশির ভাগই প্রাচীনদের ওপর নির্ভর করবে। আপনি যদি বই অধ্যয়ন পরিচালক হন, তাহলে আপনার অধ্যয়ন দলের সবাইকে এই বিশেষ কাজে অংশ নিতে আপনি যেভাবে সাহায্য করতে পারেন, তার একটা তালিকা বানান। আপনার দলে কি কোন অল্পবয়স্ক, নতুন, অনিয়মিত বা নিষ্ক্রিয় হয়ে পড়া প্রকাশক আছে? তাদের বাবামারা, অগ্রগামীরা বা অন্য কোন প্রকাশকরা তাদেরকে সাহায্য করার জন্য কোন পদক্ষেপ নিয়েছেন কি না, তা জিজ্ঞেস করুন। আপনি ব্যক্তিগতভাবে যতটা সাহায্য করতে পারেন তা করুন। একজন বোন যিনি দু বছর ধরে প্রচারে নিয়মিত আসেননি, গত এপ্রিলে তিনি ৫০ ঘন্টা প্রচার কাজে ব্যয় করেছিলেন। কী তার মধ্যে এই পার্থক্য নিয়ে এসেছিল? তিনি বলেছিলেন যে প্রাচীনরা তার সঙ্গে দেখা করে উৎসাহ দিয়েছিলেন বলেই তা সম্ভব হয়েছিল।

২৬ প্রাচীন ও পরিচারক দাসেরা নিশ্চিত হবেন যে আগামী মাসগুলোর জন্য যথেষ্ট এলাকা, পত্রিকা ও সাহিত্যাদি আছে। প্রচার কাজের আগে কি আরও বেশি সভা করার ব্যবস্থা করা যায়? যদি করা যায়, তাহলে সেই বিশেষ ব্যবস্থার কথা জানান। সর্বোপরি, এই মাসে রাজ্যের কাজকে যে আরও বেশি করে করা হচ্ছে তার জন্য আপনি জনসাধারণ্যে ও নিজের ব্যক্তিগত প্রার্থনায় যিহোবার কাছে আশীর্বাদ চান।​—⁠রোমীয় ১৫:​৩০, ৩১; ২ থিষল. ৩:⁠১.

২৭ গত এপ্রিলে উত্তর ক্যারোলিনার এক মণ্ডলীতে প্রাচীনরা প্রচারে আরও বেশি কাজ করার জন্য উৎসাহিত করেছিলেন। প্রত্যেক সপ্তায় সভাগুলোতে তারা প্রকাশকদের জানাতেন যেন তারা প্রার্থনা সহকারে বিবেচনা করে দেখেন যে তারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবেন কি না। প্রতিটা সুযোগে পরিচারক গোষ্ঠীর সবাই এপ্রিল মাসকে এক বিশেষ মাস করার জন্য উৎসাহ দিতেন। এর ফলে প্রাচীন ও পরিচারক দাস মিলিয়ে ৫৮ শতাংশ প্রকাশক সেই মাসে অগ্রগামীর কাজ করেছিলেন!

২৮ পুরোপুরিভাবে অংশ নেওয়ার আনন্দ: প্রচারে “পরিশ্রম ও প্রাণপণ” করলে কী কী আশীর্বাদ আসে? (১ তীম. ৪:১০) গত এপ্রিলে মণ্ডলীর উদ্যোগী কাজ সম্বন্ধে ওপরে বলা প্রাচীনরা লিখেছিলেন: “ভাইবোনেরা প্রায়ই বলে থাকেন যে যখন থেকে তারা আরও বেশি করে প্রচার করতে শুরু করেছিলেন তখন থেকে তারা একে অন্যকে আরও বেশি ভালবাসতে ও একে অন্যের আরও কাছে আসতে পেরেছেন।”

২৯ হাঁটাচলায় অসুবিধা থাকা সত্ত্বেও, একজন যুবক ভাই গত এপ্রিলে এই বিশেষ প্রচার কাজে অংশ নিতে আগ্রহী ছিলেন। ভাল পরিকল্পনা এবং তার মা ও খ্রীষ্টান ভাইবোনদের সাহায্যে সহায়ক অগ্রগামীর কাজ করে সেই মাসে তিনি ভাল ফল পেয়ে আনন্দ পেয়েছিলেন। এর ফলে তার কেমন লেগেছিল? তিনি বলেছিলেন: “জীবনে প্রথমবারের মতো আমার নিজেকে একজন সক্ষম ব্যক্তি বলে মনে হয়েছিল।”

৩০ কোন সন্দেহ নেই যে, যারা তাঁর রাজ্যের গৌরব বর্ণনা করার সুযোগকে মূল্যবান মনে করেন যিহোবা তাদের অনেক আশীর্বাদ করেন। (গীত. ১৪৫:​১১, ১২) আমরা যখন আমাদের প্রভুর মৃত্যুকে স্মরণ করি তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরীয় ভক্তি থাকায় যে আশীর্বাদগুলো আছে, তা ভবিষ্যতে আরও অনেক বেশি হবে। প্রেরিত পৌল অনন্ত জীবনের পুরস্কার পাওয়ার জন্য খুব ইচ্ছুক ছিলেন। কিন্তু তিনি এও জানতেন এটা এমন কিছু নয় যে বসে বসে আশা করেই তিনি পেয়ে যাবেন। তিনি লিখেছিলেন: “আর তাঁহার যে কার্য্যসাধক শক্তি আমাতে সপরাক্রমে নিজ কার্য্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রমও করিতেছি।” (কল. ১:২৯) যীশুর মাধ্যমে যিহোবা পৌলকে জীবন বাঁচানোর কাজ সম্পন্ন করতে শক্তিশালী করেছিলেন আর আজও আমাদের জন্য তিনি ঠিক তাই করতে পারেন। এই এপ্রিলে কি তা আপনার অভিজ্ঞতা হবে?

[৩ পৃষ্ঠার বাক্স]

এপ্রিল মাসে কাকে আপনি প্রকাশক হতে উৎসাহিত করবেন?

আপনার বাচ্চাকে?

কোন বাইবেল ছাত্রকে?

এমন কাউকে যিনি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার