ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০০ পৃষ্ঠা ৩-৬
  • ২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমরা কি আবার এটি করব?—সহায়ক অগ্রগামীর জন্য আরেকটি সনির্বন্ধ আহ্বান
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার করুন ও পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০০ পৃষ্ঠা ৩-৬

২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?

১ উনিশে এপ্রিল, বুধবার সন্ধ্যা আমাদের পরিচর্যা বছরের এক বিশেষ সময় হবে। সেদিন সূর্যাস্তের পর সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের সমস্ত মণ্ডলী এবং ছোট ছোট দলগুলো খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভা পালন করবে। পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, যীশু খ্রীষ্টের বলিদানকে স্মরণ করা বছরের সবচেয়ে বিশেষ উপলক্ষ হবে। যিহোবার সাক্ষিদের ২০০০ সালের ক্যালেন্ডার-এ এপ্রিল মাসে স্মরণার্থক সভার তারিখ চিহ্নিত করা আছে।

২ যিহোবা তাঁর পুত্র, যীশুর বলিদানের মাধ্যমে আমাদেরকে অযাচিত করুণা দেখিয়েছেন আর এই করুণার জন্য আমরা যে যিহোবার প্রতি গভীর কৃতজ্ঞ, তা এই এপ্রিল মাসে আমাদের দেখানোর সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে? প্রেরিত পৌল লিখেছিলেন: “খ্রীষ্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে; কেননা আমরা এরূপ বিচার করিয়াছি যে, এক জন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন, যাহারা জীবিত আছে, তাহারা আর আপনাদের উদ্দেশে নয়, কিন্তু তাঁহারই উদ্দেশে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন, ও উত্থাপিত হইলেন।” (২ করি. ৫:১৪, ১৫) হ্যাঁ, ঈশ্বরের রাজ্যের পরিচারক হিসেবে এপ্রিল মাসে আমরা দেখাতে পারি যে আমরা নিজেদের জন্য নয় কিন্তু যিনি আমাদের জন্য মারা গিয়েছিলেন সেই যীশুর জন্য বেঁচে আছি আর এভাবেই আমরা এই মাসকে এক বিশেষ মাস করতে পারি।

৩ এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করুন: প্রেরিত পৌল আমাদের জন্য এক ভাল উদাহরণ রেখে গেছেন, যা আমাদেরকে উৎসাহ দেয়, তিনি বলেছিলেন: “আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িতে পারি, এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্য্যাপদ প্রভু যীশু হইতে পাইয়াছি, তাহা সমাপ্ত করিতে পারি।” (প্রেরিত ২০:২৪) তার মতো আমাদেরও যিহোবা ঈশ্বর সম্বন্ধে ভালভাবে সাক্ষ্য দেওয়ার সুযোগ রয়েছে। তাই সহায়ক অগ্রগামীর কাজ করে আমরা এপ্রিল মাসকে এক বিশেষ মাস করতে চাই!

৪ ২০০০ সালের এপ্রিল মাসে পুরো দশটা শনি-রবিবার আছে, তাই অগ্রগামীর কাজ করার জন্য অনেকের কাছে এই এপ্রিল মাস খুবই চমৎকার একটা মাস। ১৯৯৮ সালের এপ্রিল মাসে আমাদের সহায়ক অগ্রগামীদের সংখ্যা ২,১৭০ জনে পৌঁছেছিল, যা মোট প্রকাশকদের ১২ শতাংশ ছিল আর সেটাই ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এর ঠিক প্রায় এক বছর পর, ১৯৯৯ সালের আগস্ট মাসের রিপোর্ট থেকে দেখা যায় যে প্রকাশকদের সংখ্যা ১৭ শতাংশ বেড়ে গিয়েছে। এর মানে হল, আমাদের আগে যে সর্বোচ্চ সংখ্যক সহায়ক অগ্রগামী ছিল তার সংখ্যা বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেহেতু প্রয়োজনীয় ঘন্টা আরও কমিয়ে দেওয়া হয়েছে, তাই এটা মণ্ডলীর আরও অনেককে এই অগ্রগামীর কাজ করার সুযোগ করে দিয়েছে। প্রত্যেক বাপ্তাইজিত প্রকাশকের প্রার্থনা করে ভেবে দেখা উচিত যে তিনি এই এপ্রিল মাসে সহায়ক অগ্রগামী কাজ করতে পারেন কি না।

৫ ২০০০ সালের ক্যালেন্ডার থেকে এপ্রিল মাস দেখুন এবং এই মাসেই পরের মাসের জন্য তালিকা তৈরি করুন। কোন্‌ দিনগুলোতে আপনি প্রচারে যেতে পারবেন তা বের করুন এবং এই মাসে কোন্‌ কোন্‌ দিনে আপনি কত ঘন্টা করে প্রচার করতে পারবেন বলে মনে করেন তা যোগ করে দেখুন। এছাড়া আপনার পরিকল্পনা মতো প্রচার ও যেখানেই লোকেদের পাওয়া যায় তাদের কাছে প্রচার করে আপনি কত ঘন্টা করতে পারবেন সেটাও যোগ করুন। সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আপনাকে ৫০ ঘন্টা প্রচার করতে হবে, আপনার মোট ঘন্টা কি এর কাছাকাছি আসে? যদি কিছু ঘন্টা কম থাকে, তাহলে আপনি কি আপনার তালিকাতে কোন রদবদল করতে পারেন যাতে আপনি সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সময় কিনে নিতে পারেন? মাসে ৫০ ঘন্টা করার জন্য আপনাকে গড়ে প্রতিদিন ১ ঘন্টা ৪০ মিনিট করে প্রচার করতে হবে।

৬ এখন নিয়মিত অগ্রগামীদের জন্যও ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে তাই আপনি কি পূর্ণ-সময়ের পরিচর্যার কাজ করার জন্য চিন্তা করেছেন? যেহেতু এপ্রিল মাসে দিন বড় থাকে, তাই এই মাসই প্রচার শুরু করার সবচেয়ে ভাল মাস! আপনার যদি মনে হয় যে আপনি ৭০ ঘন্টা প্রচার করতে পারবেন না যা একজন নিয়মিত অগ্রগামীর করা দরকার, তাহলে এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করে ৭০ ঘন্টা প্রচার করার লক্ষ্য রাখুন না কেন? একবার যদি আপনি তা করতে পারেন, তাহলে আপনি হয়তো যত তাড়াতাড়ি সম্ভব নিয়মিত অগ্রগামীর তালিকায় নাম লেখাতে চাইবেন।—আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১১৩-১৪ পৃষ্ঠা দেখুন।

৭ প্রকাশক হিসেবে মনপ্রাণ দিয়ে সুসমাচার প্রচার করুন: আমরা প্রকাশক এবং অগ্রগামী যাই হই না কেন, আমাদের সকলের ঈশ্বরের এবং প্রতিবেশীদের জন্য প্রকৃত ভালবাসা আছে বলেই আমরা মনপ্রাণ দিয়ে আমাদের সাধ্যমতো যিহোবার পরিচর্যা করছি। (লূক ১০:২৭) আর এভাবেই আমরা দেখাই যে “আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি; কেননা যিনি সমস্ত মনুষ্যের, বিশষতঃ বিশ্বাসীবর্গের ত্রাণকর্ত্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি।” (১ তীম. ৪:১০) এইজন্য আমরা আশা করব যে এপ্রিল মাসে সবাই মনপ্রাণ দিয়ে রাজ্যের কাজে অংশ নেবেন।

৮ আসুন আমরা যেন যীশুর পরামর্শ ভুলে না যাই: “শস্য প্রচুর বটে, কিন্তু কার্য্যকারী লোক অল্প; অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” এই কথা বলার পরপরই যীশু তাঁর ১২ জন প্রেরিতকে কাছে ডাকেন এবং তাদেরকে প্রচার কাজে পাঠান। (মথি ৯:৩৭, ৩৮; ১০:১, ৫, ৭) প্রায় এক বছর পরে ১২ জন প্রেরিত যখন ভালভাবে প্রচার করতে শিখে গিয়েছিলেন, তখন যীশু “আরও সত্তর জনকে নিযুক্ত করিলেন, আর . . . তাহাদিগকে প্রেরণ করিলেন।” তাদেরকেও তিনি একই নির্দেশনা দিয়েছিলেন: “শস্য প্রচুর বটে, . . . অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” (লূক ১০:১, ২) বাইবেলের প্রেরিতদের কার্যবিবরণী থেকে জানা যায় যে কীভাবে যিহোবা ওই প্রার্থনার উত্তর দিয়েছিলেন। সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিন শিষ্যদের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছিল। এরপর শিষ্যদের সংখ্যা প্রথমে ৩,০০০ এবং পরে ৫,০০০-এ পৌঁছায়। (প্রেরিত ১:১৫; ২:৪১; ৪:৪) এরপর থেকে “শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল।” (প্রেরিত ৬:৭) একইভাবে, আজকে আমাদেরও প্রভুর কাছে আরও প্রচারকের জন্য প্রার্থনা করতে হবে! আমাদের প্রার্থনার সঙ্গে মিল রেখে প্রত্যেক মণ্ডলীর প্রকাশকদের প্রতি মাসে প্রচার করার জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত।

৯ দয়া করে ২০০০ সালের ক্যালেন্ডার-এ এপ্রিল মাসটা ভাল করে দেখুন। যেহেতু মাসের প্রথম দুই দিন শনিবার ও রবিবার, তাই আপনি কি এই ছুটির দিন দুটোতে প্রচার করার পরিকল্পনা করে মাসের একেবারে শুরুতেই পরিচর্যা শুরু করতে পারেন না? আপনি কি আপনার মণ্ডলীর বুকস্টাডি দলের সঙ্গে প্রতিটা “পত্রিকা দিবস”-এ অংশ নিতে পারেন? প্রত্যেকটা রবিবারেই প্রচারে গিয়ে এক ঘন্টা বা আরেকটু বেশি সময় প্রচার করার বিষয়েই বা কী বলা যায়? যেহেতু দিন বড়, তাই বিকেলে অনেকক্ষণ পর্যন্ত দিনের আলো থাকবে। আপনি কি বিকেলেও প্রচারে যেতে পারেন না? আর অফিসে, স্কুলে অথবা রোজকার জীবনের বিভিন্ন কাজ করার সময়ে লোকেদের সঙ্গে কথা বলারও যে সুযোগ আপনার রয়েছে তা ভুলে যাবেন না। কোন্‌ কোন্‌ দিন আপনি প্রচারে যেতে পারবেন তা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এবং আপনি কত ঘন্টা প্রচার করেছেন তার হিসাব রাখার জন্য ক্যালেন্ডারে লিখে রাখুন।

১০ যারা প্রকাশক হওয়ার যোগ্য এবং প্রাচীনদের কাছ থেকে অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে প্রচার শুরু করার অনুমতি পেয়েছেন তাদের সবার জন্য এপ্রিল মাস একটা দারুণ সময়। আপনি কি কাউকে বাইবেল অধ্যয়ন করান আর আপনার বাইবেল ছাত্র কি যথেষ্ট উন্নতি করেছেন যাতে তিনি পরিচালক অধ্যক্ষকে বলতে পারেন যে তিনি একজন প্রকাশক হতে চান? আপনার যদি অবাপ্তাইজিত ছেলেমেয়ে থাকে, তাহলে তাদের আধ্যাত্মিক উন্নতির বিষয়ে আপনি কি প্রাচীনদের সঙ্গে আলোচনা করেছেন? প্রকাশক হওয়ার জন্য এটাই কি তাদের জন্য সবচেয়ে ভাল সময় নয়?—আমাদের পরিচর্যা বইয়ের ৯৭-১০০ পৃষ্ঠা দেখুন।

১১ ২০০০ সালের এপ্রিল মাসকে আমরা যদি এক বিশেষ মাস করতে চাই, তাহলে আমাদের সবাইকে প্রচারে যেতে হবে এবং এরপর মাসের শেষে আমাদের প্রচার কাজের রিপোর্ট দিতে হবে। (মার্ক ৬:৩০ পদের সঙ্গে তুলনা করুন।) যে নতুন অবাপ্তাইজিত প্রকাশকেরা প্রথম প্রচারে গিয়েছেন তাদের উৎসাহ দেওয়া উচিত যেন তারা দেরি না করে সময় মতো রিপোর্ট দেন। আমরা প্রত্যেকে যতটুকু পারি প্রচারে অংশ নিয়ে এপ্রিল মাসের রিপোর্টকে সমৃদ্ধ করতে পারি এবং সাক্ষ্য দিয়ে যিহোবার প্রশংসা করতে পারি।

১২ স্মরণার্থক সভায় অন্যদেরও সঙ্গে করে নিয়ে আসুন: খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় ২০০০ সালে উপস্থিতির নতুন সর্বোচ্চ সংখ্যা দেখে আমরা কি রোমাঞ্চিত হব না? হ্যাঁ! এর মানে হবে যে আগের থেকে আরও বেশি লোক যিহোবা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট আমাদের জন্য যে মহৎ প্রেম দেখিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য আসবেন! (যোহন ৩:১৬; ১৫:১৩) প্রয়োজনীয় ব্যবস্থা নিন যাতে কোন কিছুই আপনাকে ও আপনার পরিবারকে স্মরণার্থক সভায় আসতে বাধা দিতে না পারে।

১৩ এছাড়াও অন্যদেরকে স্মরণার্থক সভায় আসতে আমন্ত্রণ জানানোর এখনই সময়। যাদেরকে আপনি আমন্ত্রণ জানাতে চান তাদের সকলের একটা তালিকা তৈরি করুন। যারা আগে বাইবেল স্টাডি করতেন, এখন যারা করছেন এবং যাদের সঙ্গে আপনি পুনর্সাক্ষাৎ করেছেন তাদের সকলের নাম তালিকার মধ্যে রাখুন। আপনার তালিকার মধ্যে অফিস, স্কুল, প্রতিবেশী সেইসঙ্গে ব্যাবসার খাতিরে যাদের সঙ্গে আপনার ওঠাবসা আছে তাদের সকলের নামও রাখুন। আপনার অন্যান্য পরিচিত ব্যক্তি এবং আত্মীয়দের কথা ভুলবেন না যেন। তালিকা তৈরি করার পর প্রত্যেককে আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। কখন এবং কোথায় স্মরণার্থক সভা হবে তা স্পষ্ট করে জানিয়ে দিন। ১৯শে এপ্রিল যতই এগিয়ে আসবে আপনার তালিকার সবাইকে নিজে গিয়ে বা টেলিফোনে সভার কথা মনে করিয়ে দিন। তাদের বলুন যে ওই দিন সন্ধ্যায় আপনি তাদেরকে স্মরণার্থক সভায় নিয়ে যেতে চান।

১৪ সোসাইটির আগের নির্দেশনা অনুযায়ী প্রাচীনেরা সেই সমস্ত প্রকাশকদের স্মরণার্থক সভায় আসতে উৎসাহ দেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করবেন, যারা সভাতে আসেন না বা প্রচারে যান না। (মথি ১৮:১২-১৪) প্রাচীনেরা সোসাইটির কাছ থেকে আসা ১৯৯৯ সালের ২রা ফেব্রুয়ারির চিঠিটা আবারও পড়বেন। মণ্ডলীর সচিব সমস্ত নিষ্ক্রিয় প্রকাশকদের একটা তালিকা তৈরি করবেন এবং পরিচর্যা অধ্যক্ষ বিভিন্ন প্রাচীনদেরকে দায়িত্ব দেবেন যেন তারা তাদের কাছে গিয়ে তাদেরকে স্মরণার্থক সভায় আসতে আমন্ত্রণ জানান। যত তাড়াতাড়ি সম্ভব প্রাচীনদের কাছ থেকে উৎসাহ পেয়ে এই নিষ্ক্রিয় প্রকাশকেরা হয়তো সক্রিয় হবেন এবং এই এপ্রিল মাসেই প্রচারে বের হবেন। এই ব্যক্তিদেরকে একজন অভিজ্ঞ প্রকাশকের সঙ্গে প্রচারে পাঠালে তা তাদের জন্য উপকারী হবে।

১৫ এপ্রিল মাসকে ভালভাবে কাজে লাগানোর জন্য উৎসাহ দিন! ২০০০ সালের এপ্রিলকে এক বিশেষ মাস করার জন্য সমস্ত প্রাচীন, পরিচারক দাস এবং পরিবারের মস্তককে ভালভাবে পরিকল্পনা করে মিলেমিশে কাজ করতে হবে। সমস্ত কিছু যাতে ভালভাবে হয় তার জন্য প্রাচীনেরা কঠোর পরিশ্রম করবেন এবং নেতৃত্ব দেবেন। (ইব্রীয় ১৩:৭) ছুটির দিন এবং সপ্তাহের অন্যান্য দিন প্রচারে যাওয়ার আগে সভা করার জন্য বাস্তবসম্মত ব্যবস্থা করা দরকার। এছাড়াও বিকেলে এবং সন্ধ্যায় প্রচারে বের হওয়ার আগে সভা করা যেতে পারে। এপ্রিল মাসের জন্য যে সমস্ত পরিকল্পনা করা হবে তা নোটিশ বোর্ডে লাগিয়ে দিন। প্রচারে বের হওয়ার আগে যে সমস্ত সভা হবে তা পরিচালনা করার জন্য ভাইদেরকে দায়িত্ব দিতে হবে। প্রত্যেকটা দল যাতে ভালভাবে প্রচার করতে পারে তার জন্য যথেষ্ট এলাকা ঠিক করে রাখতে হবে।

১৬ এপ্রিল মাসে লোকেদের প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা দেখানো হবে। বাইবেল স্টাডি শুরু করার জন্য যারা আগ্রহ দেখাবেন তাদের সকলকে চান ব্রোশার দিন। তাই, প্রয়োজনীয় পত্রিকা এবং ব্রোশার প্রচুর পরিমাণে রাখা দরকার।

১৭ মাসের শেষে সমস্ত বুকস্টাডির পরিচালক এবং তাদের সহকারীরা তাদের দলের সকলকে মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রচার কাজের রিপোর্ট দেওয়ার জন্য উৎসাহ দেবেন। ৩০শে এপ্রিল রবিবারেও তা দেওয়া যেতে পারে। এরপর যখন সচিব রিপোর্ট গুণবেন তখন যদি তিনি দেখেন যে কিছু প্রকাশক তাদের রিপোর্ট দেননি, তাহলে তিনি সদয়ভাবে তাদেরকে মনে করিয়ে দেবেন যে মে মাসের ৬ তারিখের মধ্যে যেন তারা তা দিয়ে দেন। প্রকাশকদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার জন্য তিনি বুকস্টাডির পরিচালকদের সাহায্য চাইতে পারেন।

১৮ ঈশ্বরের লোকেদের জন্য স্মরণার্থক সভা পালনের মাস হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যিহোবার কাজ করার জন্য এই মাসে আমাদের সকলের ব্যস্ত থাকা উচিত। আমরা তা করতে পারব যদি আমরা প্রত্যেকে যতটা পারি সুসমাচার প্রচার করি, যাদের পক্ষে সম্ভব তারা যদি সহায়ক অগ্রগামীর কাজ করেন এবং খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় অন্যদের নিয়ে আসার জন্য আমরা যদি কঠোর পরিশ্রম করি। ঈশ্বরের গৌরব এবং প্রশংসার জন্য ২০০০ সালের এপ্রিল মাসকে যেন আমরা এক বিশেষ মাস করতে পারি তার জন্য আশীর্বাদ চেয়ে আসুন আমরা সবাই অন্তর থেকে যিহোবার কাছে প্রার্থনা করি!—ইব্রীয় ১৩:১৫.

[Blub on page 3]

সহায়ক অগ্রগামী

এই পর্যন্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা: ২,১৭০

(এপ্রিল ১৯৯৮)

[৪ পৃষ্ঠার বাক্স]

মোট প্রকাশকের সংখ্যা

এ পর্যন্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা: ২১,২১২

(আগস্ট ১৯৯৯)

[৫ পৃষ্ঠার বাক্স]

স্মরণার্থক সভায় উপস্থিতির সংখ্যা

এ পর্যন্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা: ৪৭,০৮১ জন

(১৯৯৯)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার