পাঠকদের থেকে প্রশ্নসকল
যেহেতু যিহোবার সাক্ষীরা সৎ হতে আপ্রাণ চেষ্টা করে এবং তারা একে অপরের উপর আস্থাশীল, তাহলে কেন তারা মনে করে যে যখন তাদের মধ্যে কোন ব্যবসায়িক লেনদেন হয়, তখন একটি লিখিত চুক্তি রাখা গুরুত্বপূর্ণ?
তাদের এইরূপ করা শাস্ত্রীয়, ব্যবহারিক এবং প্রেমপূর্ণ। কিভাবে? আসুন, আমরা ব্যবসায়িক চুক্তির ঐ দিকগুলি বিবেচনা করি।
বাইবেল ঈশ্বরের চুক্তিবদ্ধ লোক, ইস্রায়েলীয়দের সাথে তাঁর আচরণের এক লিখিত নথি উপস্থাপন করে। এটি সত্য উপাসকদের সাথে জড়িত ব্যবসায়িক লেনদেনকেও অন্তর্ভুক্ত করে। আদিপুস্তক ২৩ অধ্যায়ে একটি ঘটনা রয়েছে যা আমরা বিবেচনা করতে পারি। যখন তার প্রিয়তমা সারা মারা গিয়েছিলেন, অব্রাহাম একটি কবরস্থান পেতে চেয়েছিলেন। তিনি হিব্রোণের নিকটে বসবাসকারী কনানীয়দের সাথে লেনদেন শুরু করেছিলেন। ৭-৯ পদগুলি দেখায় যে তিনি যে পরিমাণ জমি চেয়েছিলেন তার জন্য সম্পূর্ণ মূল্য দেওয়ার প্রস্তাব করেছিলেন। ১০ পদ প্রমাণ দেয় যে এই প্রস্তাব প্রকাশ্যে, নগরদ্বারের অন্যান্যদের কর্ণগোচরে করা হয়েছিল। ১৩ পদ দেখায় যে মালিক, অব্রাহামকে জমিটি এমনিই দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন যে কেবলমাত্র ক্রয় করার মাধ্যমেই তিনি সেই জমিটি নেবেন। আর ১৭, ১৮ এবং ২০ পদ দেখায় যে কিভাবে এটি সম্পন্ন হয়, “হেতের সন্তানদের সাক্ষাতে, তাঁহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে” নিশ্চিত করা হয়েছিল।
যখন দুই জন সত্য উপাসকদের মধ্যে এইধরনের ব্যবসায়িক লেনদেন হয়, তখন কি এটি ভিন্ন হবে? যিরমিয় ৩২ অধ্যায়টি এর উত্তর দেয়। ৬ পদ থেকে শুরু করে আমরা দেখি যে যিরমিয় তার খুড়তুতো ভাইয়ের কাছ থেকে ক্ষেত্র ক্রয় করতে যাচ্ছিলেন। ৯ পদটি দেখায় যে একটি ন্যায্য মূল্য ধার্য করা হয়েছিল। এখন ১০-১২ পদগুলি পড়ুন: “আর আমি [যিরমিয়] ক্রয়পত্রে স্বাক্ষর করিলাম, মুদ্রাঙ্ক করিলাম, ও সাক্ষী রাখিলাম, এবং তাহাকে সেই রৌপ্য নিক্তিতে তৌল করিয়া দিলাম। পরে বিধি ও নিয়ম সম্বলিত ক্রয়পত্রের দুই কেতা, অর্থাৎ মুদ্রাঙ্কিত এক পত্র ও খোলা এক পত্র লইলাম। পরে আমার জ্ঞাতি হনমেলের সাক্ষাতে, এবং ক্রয়পত্রে স্বাক্ষরকারী সাক্ষীদের সাক্ষাতে, রক্ষীদের প্রাঙ্গণে উপবিষ্ট সমস্ত যিহূদীর সাক্ষাতে আমি সেই ক্রয়পত্র মহসেয়ের পৌত্ত্র নেরিয়ের পুত্ত্র বারূকের হস্তে সমর্পণ করিলাম।”
হ্যাঁ, যদিও যিরমিয় একজন সহউপাসক, এমনকি একজন আত্মীয়ের সাথে লেনদেন করছিলেন, তবুও তিনি কিছু যুক্তিসংগত বৈধ প্রণালীর মাধ্যমে তা সম্পন্ন করেছিলেন। দুটি লিখিত নথি তৈরি করা হয়েছিল—একটি খোলা রাখা হয়েছিল সহজেই পরামর্শ করার জন্য, দ্বিতীয়টি মুদ্রাঙ্কিত করা হয়েছিল যাতে করে খোলা নথির যথার্থতা সম্বন্ধে কোন সন্দেহ দেখা দিলে যেন এটি একটি অতিরিক্ত প্রমাণ সরবরাহ করে। ১৩ পদ যেমন বলে, এই সমস্ত “তাহাদের সাক্ষাতে” সম্পাদন করা হয়েছিল। অতএব, এটি ছিল প্রকাশ্য, সাক্ষীযুক্ত, বৈধ ব্যবসায়িক লেনদেন। তাহলে, স্পষ্টভাবে এটি শাস্ত্রীয় উদাহরণ যে সত্য উপাসকেরা বিষয়গুলিকে নিশ্চিত এবং প্রামাণিক উপায়ে সম্পন্ন করে।
এটি ব্যবহারিকও। আমরা জানি এই প্রবাদ কত সত্য যে “সকলের প্রতি কাল ও দৈব ঘটে।” (উপদেশক ৯:১১) এটি উৎসর্গীকৃত এবং বিশ্বস্ত খ্রীষ্টানদেরও অন্তর্ভুক্ত করে। যাকোব ৪:১৩, ১৪ পদ এটিকে এইভাবে বলে: “এখন দেখ, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিম্বা কল্য আমরা অমুক নগরে যাইব, এবং সেখানে এক বৎসর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। তোমরা ত কল্যকার তত্ত্ব জান না।” অতএব, ধরুন আমরা একটি প্রকল্প শুরু করেছি, যেমন কিছু ক্রয় করা, চুক্তিসম্মত কোন কাজ অথবা চাকুরি সম্পাদন অথবা কারও জন্য একটি সামগ্রী উৎপাদন করা। কিন্তু আগামীকাল—আগামী মাস অথবা আগামী বছরে—কী ঘটবে? কী হবে যদি আমাদের অথবা অন্য পক্ষের একটি দুর্ঘটনা ঘটে? তখন হয়ত সম্মতিপত্র মেনে চলা অসম্ভব হয়ে উঠবে। কী হবে যদি আমরা কাজ বা চাকুরি সম্পাদন করতে না পারি অথবা সে তার বেতন পরিশোধ করাকে প্রায় অসম্ভব মনে করে অথবা সম্মতিপত্র অনুসারে তার অংশ সম্পন্ন করতে না পারে? সেই ক্ষেত্রে যদি কোন লিখিত সম্মতিপত্র না থাকে, প্রকৃত সমস্যাগুলি উত্থাপিত হতে পারে, সেইগুলি যা হয়ত কেবল একটি লিখিত চুক্তির মাধ্যমে মীমাংসা করা অথবা এড়ানো যেতে পারত।
এছাড়াও, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে জীবনের কিছু দিকগুলির অনিশ্চয়তা হয়ত এমনকি এটি বোঝাতে পারে যে অন্য কাউকে হয়ত কর্তৃত্ব গ্রহণ বা আমাদের (অথবা তার) ব্যবসায়িক বিষয়গুলিকে মীমাংসা করতে হতে পারে। ১৪ পদে যাকোব আরও বলেছিলেন: “তোমরা ত বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়।” এটিই বাস্তব যে আমরা অপ্রত্যাশিতভাবে মারা যেতে পারি। একটি লিখিত সম্মতিপত্র, একটি চুক্তি ব্যবহারিক উপায়ে অন্যদের বিষয়গুলি পরিচালনা করতে অনুমোদন করবে যদি যে কোন এক পক্ষের অপ্রত্যাশিত কিছু ঘটে।
আরেক অর্থে, এটি তৃতীয় বিষয়ের দিকে পরিচালিত করে—লিখিত চুক্তিগুলি প্রেমপূর্ণ। যদি কোন এক পক্ষ মারা যায় অথবা এমন দুর্ঘটনা ঘটে যা তাকে অক্ষম করে দেয়, তাহলে তার বাধ্যবাধকতা অথবা অর্থনৈতিক প্রত্যাশাগুলি একটি লিখিত নথির মাধ্যমে প্রদান করা একজন খ্রীষ্টানের জন্য প্রেমপূর্ণ হবে। আর আস্থাহীনতা প্রতিফলিত করার পরিবর্তে, বরঞ্চ একটি লিখিত চুক্তি তৈরি করা সেই ভাইয়ের প্রতি প্রেম প্রদর্শন করে যার সাথে আমরা লেনদেন করছি যেটি স্পষ্টভাবে উল্লেখ করবে যে সে ঠিক কী করতে বাধ্য অথবা কী পাওয়ার যোগ্য। এই প্রেমপূর্ণ পদক্ষেপ যে কোন ধরনের বিরক্তিকর অনুভূতি বা ক্ষোভ হ্রাস করবে যদি অসিদ্ধ দুই পক্ষের কোন একজন কোন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা দায়িত্বগুলি ভুলে যায়। আর আমাদের মধ্যে কেই বা অসিদ্ধ নয়, বিস্মরণশীল নয় অথবা ভুল বোঝে না?—মথি ১৬:৫.
অন্যান্য আরও উপায়গুলি রয়েছে যার মাধ্যমে লিখিত ব্যবসায়িক সম্মতিপত্রগুলি আমাদের ভাই, আমাদের পরিবার এবং সর্বোপরি মণ্ডলীর প্রতি প্রেম প্রতিফলিত করে। কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে, প্রেমপূর্ণ হওয়াকে অতিক্রম করে পর্যাপ্ত বিবরণসহ এইধরনের নথিগুলি বিশেষভাবে ব্যবহারিক এবং শাস্ত্রীয় হবে।