কানেকটিকাটের সর্বোচ্চ আদালত রোগীর অধিকারকে সমর্থন করে
মার্কিন যুক্তরাষ্ট্রে কানেকটিকাটের সর্বোচ্চ আদালত, ১৯৯৬ সালের ১৬ই এপ্রিল যিহোবার সাক্ষীদের রক্ত গ্রহণ প্রত্যাখ্যান করার অধিকারকে সমর্থন করে। এই সিদ্ধান্ত পরীক্ষামূলক আদালতের পূর্ববর্তী রায়কে বদলে দেয়।
১৯৯৪ সালের আগস্ট মাসে, নেলি ভেগা নামে একজন যিহোবার সাক্ষীর, প্রথম সন্তানের জন্মের পর অত্যন্ত রক্তক্ষরণ শুরু হয়েছিল। তার রক্তক্ষরণ বন্ধ করার প্রচেষ্টাগুলি ব্যর্থ প্রমাণিত হয়েছিল। যেহেতু মিসেস ভেগার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, তাই হাসপাতাল রক্ত প্রদানের অনুমতির জন্য আদালতে আবেদন করেছিল। মিসেস ভেগা ইতিমধ্যে এটি জানিয়ে চিকিৎসা সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেছিলেন যে হাসপাতালে থাকাকালীন তাকে কোন রক্ত অথবা রক্ত থেকে আহরিত পদার্থ প্রদান করা যাবে না, যাতে করে হাসপাতাল তার সিদ্ধান্তের পরিণতির জন্য যে কোন দায়িত্ব থেকে মুক্ত থাকবে। তৎসত্ত্বেও, হাসপাতাল যুক্তি দেখিয়েছিল যে রক্তগ্রহণে বাধ্য করা নবজাতকের মঙ্গলের জন্য যথার্থ হবে, যার মায়ের প্রয়োজন আছে। পরীক্ষামূলক আদালতও উদ্বিগ্ন ছিল যে তার রক্তক্ষরণ ব্যতীত মিসেস ভেগা ছিলেন একজন স্বাস্থ্যবতী অল্পবয়সী মহিলা। তাই, মিসেস ভেগার স্বামী এবং তার উকিলের আপত্তি সত্ত্বেও, আদালত সেই আদেশকে অনুমোদন করে এবং রক্ত প্রদানের অনুমতি দেয়।
কালক্রমে, মামলাটি কানেকটিকাটের সর্বোচ্চ আদালতে পেশ করা হয়েছিল। সেখানে, সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে হাসপাতালের পদক্ষেপ মিসেস ভেগার অধিকারকে অবমাননা করেছিল। রায়টি উল্লেখ করেছিল: “পূর্বে অত্যন্ত জরুরী অবস্থায় মধ্য রাত্রে পরীক্ষামূলক আদালতে যে শুনানি হয়েছিল তা অপর পক্ষের যুক্তিকে পুরোপুরিভাবে বর্ণনা করার সামর্থের জন্য অনুকূল ছিল না।”
কানেকটিকাটের সর্বোচ্চ আদালতের এই রায়টি যিহোবার সাক্ষীরা ছাড়াও অন্যান্য লোকেদের জন্য তাৎপর্যপূর্ণ। মিসেস ভেগার উকিল ডোনান্ড টি. রিডলী বলেন, ‘সমস্ত রোগীদের জন্য যারা হয়ত তাদের চিকিৎসকদের সিদ্ধান্তের সাথে একমত হয় না, এটি গুরুত্বপূর্ণ। এই রায়টি হাসপাতালগুলির রোগীর ধর্মীয় অথবা জাগতিক মূল্যবোধের উপর চাপ প্রয়োগ করাকে রোধ করবে।’