ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৪/১৫ পৃষ্ঠা ১০-১৪
  • এক মুদ্রাকর যিনি তার ছাপ রেখে গেছেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক মুদ্রাকর যিনি তার ছাপ রেখে গেছেন
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক সংশোধিত ভালগেট
  • এক রাজকীয় মুদ্রাকর
  • সংশোধনের বিরুদ্ধে সরবোন
  • সরবোন আক্রমণ করে
  • ঈশ্বরতত্ত্ববিদরা তার বাইবেলের উপর নিষেধাজ্ঞা জারি করে
  • প্রচলিত মতের বিরুদ্ধাচারী হিসাবে অভিযুক্ত
  • এক নির্বাসিত মুদ্রাকর
  • আপনার কি স্মরণে আছে?
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কমপ্লুটেনশিয়ান পলিগ্লট এক ঐতিহাসিক অনুবাদের হাতিয়ার
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার কি মনে আছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৪/১৫ পৃষ্ঠা ১০-১৪

এক মুদ্রাকর যিনি তার ছাপ রেখে গেছেন

আপনি কি কখনও বাইবেলের কোন অংশ খোঁজবার চেষ্টা করেছেন অথচ মনে করতে পারছেন না যে কোথায় সেটি রয়েছে? কিন্তু, বাইবেল কনকরডেন্স ব্যবহার করার দ্বারা কেবল মাত্র একটি শব্দ মনে রাখলেই আপনি তা খুঁজে পেতে পারবেন। অথবা আপনি হয়ত কোন খ্রীষ্টীয় সভাতে যোগদান করেছেন যেখানে শতাধিক অথবা এমনকি সহস্রাধিক ব্যক্তিরা বাইবেলের পদ উল্লেখ করার কিছু সেকেন্ডের মধ্যেই তা খুলতে পারছে।

যে কোন ক্ষেত্রেই হোক না কেন, আপনি একজন ব্যক্তির কাছে ঋণী, যার সাথে আপনি হয়ত পরিচিত নন। তিনি আপনার বাইবেল পড়াকে সহজ করে দিয়েছেন এবং আমরা যাতে আজকে সঠিক বাইবেল পাই সে ক্ষেত্রেও তিনি এক ভূমিকা পালন করেছেন। এমনকি তিনি অনেক বাইবেলের গঠনের উপরেও প্রভাব ফেলেছিলেন।

এই ব্যক্তিটির নাম ছিল রবার্ট এটিন।a তিনি ছিলেন একজন মুদ্রাকর এবং এক মুদ্রাকরেরই ছেলে হয়ে, ফ্রান্সের প্যারিস শহরে, ষোড়শ শতাব্দীর প্রথম দিকে জন্ম গ্রহণ করেন। সেই সময়টি ছিল নবজাগরণ ও সংস্কারসাধনের যুগ। উভয়ের জন্যই ছাপার কল হয়ে দাঁড়ায় একটা মাধ্যম। রবার্টের পিতা, হেনরী এটিন, ছিলেন একজন বিখ্যাত মুদ্রাকর এবং নবজাগরণের যুগে সবচাইতে উত্তম মানের কিছু বইয়ের সংস্করণ তিনি ছাপিয়েছিলেন। তার গ্রন্থগুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্যারিস বিশ্ববিদ্যালয়ের এবং ঈশ্বরতত্ত্বমূলক বিদ্যালয়ের—অর্থাৎ সরবোনের সমস্ত পাঠ্য ও বাইবেল ভিত্তিক পুস্তকগুলি।

কিন্তু আসুন, আমরা তার পুত্র রবার্ট এটিনের প্রতি দৃষ্টি আরোপ করি। তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে খুব কমই জানা গেছে। কিন্তু খুব অল্প বয়স থেকে তিনি ল্যাটিন ভাষায় পারদর্শিতা লাভ করেন এবং অতি শীঘ্রই গ্রীক ও সেই সঙ্গে ইব্রীয় ভাষাকেও রপ্ত করে ফেলেন। তার পিতার কাছ থেকেই রবার্ট, ছাপার কলাকৌশল শেখেন। যখন তিনি ১৫২৬ সালে হেনরীর ছাপাখানার দায়িত্বভার নেন, সেই সময় ইতিমধ্যেই রবার্ট এটিন ভাষাগত শিক্ষায় এক বিখ্যাত ছাত্র হিসাবে পরিচিত ছিলেন। যদিও তিনি ল্যাটিন সাহিত্য ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত গ্রন্থের সমালোচনামূলক সংস্করণ প্রকাশ করেন কিন্তু বাইবেলের প্রতি তার প্রথম ও অবিতর্কিত প্রেম ছিল। ল্যাটিন সাহিত্যের প্রতি ইতিমধ্যেই যা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ল্যাটিন বাইবেলের ক্ষেত্রে তা সম্পাদন করার আগ্রহ নিয়ে, এটিন যত শীঘ্র সম্ভব পঞ্চম-শতাব্দীর জেরোমের ল্যাটিন ভালগেট বাইবেলকে পুনর্প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন।

এক সংশোধিত ভালগেট

জেরোম বাইবেলের আদি ইব্রীয় ও গ্রীক ভাষা থেকে অনুবাদ করেন কিন্তু, এটিনের সময়কালে ভালগেট হাজার বছর ধরে অস্তিত্বে ছিল। বংশের পর বংশ ধরে ভালগেট-কে নকল করার দরুন অনেক ভ্রান্তি ও কপটতা ঢুকে পড়ে। তাছাড়াও, মধ্যযুগের সময়, বাইবেলের ঐশিকরূপে অনুপ্রাণিত বাক্যগুলি, মধ্যযুগীয় কাহিনী, কিছু অংশের সারমর্ম এবং কৃত্রিম সন্নিবেশের যে সূত্র তার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। এগুলি বাইবেলের অংশের সাথে এমনভাবে মিশ্রিত হয়ে যায় যে অনুপ্রাণিত লেখার অংশ হিসাবে এগুলি গৃহীত হতে থাকে।

যেগুলি প্রকৃতই মৌলিক অংশ নয় সেগুলিকে সরিয়ে দেওয়ার জন্য, এটিন পাঠ-সংক্রান্ত সমালোচনার প্রয়োগ করেন যা সাহিত্য রচনার অধ্যয়নে ব্যবহার করা হত। তিনি সবচাইতে প্রাচীন ও উত্তম পান্ডুলিপিগুলি সংগ্রহ করেন। প্যারিসের মধ্যে ও তার চারপাশে অবস্থিত গ্রন্থালয়গুলির থেকে এবং এভরো ও সয়সো নামক জায়গাগুলি থেকে তিনি অনেক প্রাচীন পান্ডুলিপি আবিষ্কার করেন, যার মধ্যে একটি আপাতদৃষ্টিতে প্রায় ষষ্ঠ শতাব্দীর পান্ডুলিপি। এটিন খুব সতর্কতার সাথে ল্যাটিন পাঠ্যের প্রত্যেকটি অধ্যায় পরীক্ষা করেন এবং কেবলমাত্র সেগুলিকেই বেছে নেন যেগুলির সবচাইতে বেশি প্রামাণিক যোগ্যতা রয়েছে। এর ফলে যে গ্রন্থটি প্রকাশ পায় তা হল, এটিনের বাইবেল, যা ১৫২৮ সালে প্রকাশিত হয় এবং সেটি ছিল বাইবেল গ্রন্থের সঠিকতাকে সংশোধন করার এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এরপর এটিনের দ্বারা ছাপা উন্নত সংস্করণটি আসে। অন্যান্যেরা সেই সময় তারই সাথে ভালগেট-কে সঠিকতায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু তার এই প্রথম সংস্করণটিই ছিল সমালোচনার এক সক্রিয় মাধ্যম। মার্জিনের মধ্যে এটিন ইঙ্গিত করে দেন যে কোথায় তিনি সন্দেহমূলক অংশটিকে বাদ দিয়েছেন অথবা কোথায় একাধিকবার পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি পান্ডুলিপির উৎসগুলির কথা উল্লেখ করেন যার থেকে তিনি সংশোধন করার অনুমতি পান।

এটিন আরও কিছু বৈশিষ্ট্যের সাথে পরিচয় করান যা ষোড়শ শতাব্দীর পক্ষে খুবই নতুন ছিল। তিনি সন্দেহমূলক বইগুলির সাথে ঈশ্বরের বাক্যের পার্থক্য করেন। তিনি সুসমাচারের পরে এবং পৌলের চিঠির আগে প্রেরিতের পুস্তকটি স্থাপিত করেন। প্রত্যেকটি পৃষ্ঠার উপরে, তিনি কয়েকটি মূল শব্দ সরবরাহ করেন যা পাঠকদের সাহায্য করবে নির্দিষ্ট অংশটিকে খুঁজে বের করতে। আজকে সাধারণত যাকে পৃষ্ঠতালিকা বলা হয়ে থাকে এটিই হল তার সবচাইতে প্রাচীন উদাহরণ। ঘন গথিক বা কালো অক্ষর যার উৎস হল জার্মানি সেটি টাইপের অক্ষরে ব্যবহার না করে, এটিনই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সমগ্র বাইবেলটি হাল্কা ও সহজ পাঠ্য রোমান টাইপে ছাপান যা সাধারণত বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে। যে কোন অংশকে পরিষ্কারভাবে বুঝবার জন্য তিনি গ্রন্থের এক পৃষ্ঠার উক্তির সাথে সম্পর্কযুক্ত অপর পৃষ্ঠার নিবদ্ধ উক্তি এবং ভাষাবিদ্যা সংক্রান্ত টীকাও সরবরাহ করেন।

বহু সম্ভ্রান্ত ব্যক্তিবিশেষেরা এবং উচ্চপদস্থ যাজকেরা এটিনের বাইবেলকে প্রশংসা করেন কারণ ভালগেট-এর অন্যান্য ছাপানো সংস্করণের তুলনায় এটি অনেক বেশি উৎকৃষ্ট ছিল। সৌন্দর্য, কর্মকৌশলতা এবং কার্যকারিতার জন্য তার এই সংস্করণটি একটি মান হয়ে দাঁড়ায় এবং অতি শীঘ্রই সমগ্র ইউরোপ এটিকে অনুকরণ করতে শুরু করে।

এক রাজকীয় মুদ্রাকর

“তুমি কি কোন ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ? সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে” বলে হিতোপদেশ ২২:২৯ পদ। এটিনের প্রবর্তনমূলক কর্মকৌশলতা এবং ভাষাগত যোগ্যতা, ফ্রান্সের রাজা ফ্রান্সিস ১ম-এর দৃষ্টি এড়াইনি। ল্যাটিন, ইব্রীয় এবং গ্রীক ভাষার ক্ষেত্রে এটিন রাজার ব্যক্তিগত মুদ্রাকর হিসাবে নিযুক্ত হলেন। এছাড়াও এটিন আরও কিছু প্রকাশ করেন যা আজও ফরাশী মুদ্রণশিল্পের ক্ষেত্রে এক মূল্যবান অংশ হিসাবে রয়ে গিয়েছে। ১৫৩৯ সালে তিনি ফ্রান্সে প্রথম ও সবচাইতে উন্নত সম্পূর্ণ ইব্রীয় বাইবেল প্রকাশ করেন। ১৫৪০ সালে তিনি তার ল্যাটিন বাইবেলে চিত্রাদির পরিচয় ঘটান। কিন্তু বাইবেল-ভিত্তিক ঘটনার কিছু কাল্পনিক প্রকাশ যা মধ্যযুগে খুব প্রচলিত ছিল, সেই পথ অনুসরণ না করে এটিন প্রত্নতাত্ত্বিক প্রমাণ অথবা বাইবেলের কিছু পরিমাপ ও বর্ণনার ভিত্তিতে নির্দেশমূলক চিত্র সরবরাহ করেন। কাঠের তৈরি এই ছাপার মুদ্রণগুলি পুঙ্খানুপুঙ্খরূপে কিছু বিষয়কে তুলে ধরে যেমন নিয়ম সিন্দুক, প্রধান পুরোহিতের বস্ত্র, আবাস এবং শলোমনের মন্দির।

রাজার নিজস্ব পান্ডুলিপির সংগ্রহকে ছাপাবার জন্য এটিন যে বিশেষ গ্রীক টাইপের ফরমাস করেছিলেন, সেটি তিনি ব্যবহার করেন খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলির প্রথম সমালোচনামূলক সংস্করণটি প্রকাশ করতে। যদিও এটিনের দ্বারা প্রকাশিত গ্রীক পাঠ্যের প্রথম দুটি সংস্করণ ডেসিরিবাস ইরাসমাসের গ্রন্থের তুলনায় কিছুটা পরিমানে উৎকৃষ্ট, কিন্তু ১৫৫০ সালে তৃতীয় সংস্করণে, এটিন বারতি কিছু তুলনামূলক বিষয় এবং রেফারেন্স যোগ করেন প্রায় ১৫টি পান্ডুলিপির থেকে, যার অন্তর্ভুক্ত ছিল সা.শ. পঞ্চম-শতাব্দীর কোডেক্স বেজে এবং সেপ্টুয়াজিন্ট বাইবেল। এটিনের এই সংস্করণটি এতই ব্যাপকভাবে গৃহীত হয়েছিল যে এটি পরবর্তীকালে তথাকথিত টেক্সটাস রিসেপটাস অর্থাৎ গৃহীত পাঠ্যের ভিত্তি হয়ে দাঁড়ায়, যার উপরে নির্ভর করে বহু আধুনিক অনুবাদগুলি গড়ে উঠেছে, যার অন্তর্ভুক্ত হল ১৬১১ সালের কিং জমস্‌ সংস্করণ।

সংশোধনের বিরুদ্ধে সরবোন

লুথার ও অন্যান্য সংশোধনকারীদের মতবাদ সমগ্র ইউরোপে ছড়িয়ে যাওয়ার ফলে ক্যাথলিক গির্জা, লোকেরা যা পড়ে তার উপর প্রভাব বিস্তার করার দ্বারা তাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ১৫ই জুন, ১৫২০ সালে, পোপ লিও ১০ম, একটি নির্দেশ পত্র জারি করেন যে কোন রকম “মতবিরোধী”-মূলক বই যেন কোন ক্যাথলিক দেশে ছাপানো, বিক্রি অথবা পড়া না হয় এবং দাবি জানানো হয় যে জাগতিক কর্তৃপক্ষগুলি যেন তাদের অধীনস্থ অঞ্চলে এটি আরোপ করে। ইংল্যান্ডে, রাজা ৮ম হেনরী নিষেধাজ্ঞার এই দায়িত্বটি ক্যাথলিক বিশপ কাঠবারট টানস্টলের উপরে আরোপ করেন। কিন্তু, অধিকাংশ ইউরোপে, পোপের পরেই, মতবাদের ক্ষেত্রে অবিতর্কিত ক্ষমতা ছিল প্যারিস বিশ্ববিদ্যালয়ের ঈশ্বরতত্ত্ব বিভাগটির—অর্থাৎ সরবোন।

সরবোন ছিল গোড়া ক্যাথলিক পন্থার এক প্রকাশ। শতাব্দী ধরে এটিকে ক্যাথলিক বিশ্বাসের এক বেড়াজাল হিসাবে ধরা হত। সরবোনের নিষেধাজ্ঞাগুলি ভালগেট-এর সমস্ত সমালোচনামূলক সংস্করণগুলির এবং আঞ্চলিক ভাষায় এর অনুবাদের বিরোধী ছিল যেহেতু এটি মনে করত যে এসমস্ত শুধুমাত্র “গির্জার ক্ষেত্রে অর্থহীনই নয় কিন্তু ক্ষতিকারকও বটে।” বিশেষকরে সেই সময় এটি আশ্চর্যজনক ছিল না যখন সংশোধনকারীরা গির্জার মতবাদ, অনুষ্ঠানগুলি এবং রীতিনীতি যেগুলি শাস্ত্রভিত্তিক ছিল না, তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল। কিন্তু সরবোনের অন্তর্ভুক্ত অনেক ঈশ্বরতত্ত্ববিদরা মনে করতেন যে গির্জার এই সম্মানসূচক মতবাদগুলি বাইবেলের সঠিক পাঠের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন ঈশ্বরতত্ত্ববিদ বলেছিলেন: “একবার মতবাদগুলিকে অর্জন করার পর, শাস্ত্রগুলি ঠিক মাচানের ভূমিকা নেয় যা একটি দেওয়াল নির্মাণের পর সরিয়ে দেওয়া হয়।” অধিকাংশ বিভাগগুলি ইব্রীয় ও গ্রীক ভাষা সম্বন্ধে অজ্ঞাত ছিল, কিন্তু তবুও তারা এটিনের অধ্যয়নগুলি এবং অন্যান্য নবজাগরণ যুগের পন্ডিতদের যারা বাইবেলে ব্যবহৃত শব্দগুলির আদি অর্থ খুঁজে বের করার চেষ্টা করছিলেন তাদের অবজ্ঞার চোখে দেখত। সরবোনের একজন অধ্যাপক এমনও বলেছিলেন যে “গ্রীক ও ইব্রীয় ভাষার জ্ঞানকে প্রচার করা হবে ধর্মের ধ্বংসকে ডেকে আনা।”

সরবোন আক্রমণ করে

যদিও এটিনের ভালগেট-এর প্রাথমিক সংস্করণগুলি এই বিভাগীয় নিষেধাজ্ঞা পার হয়ে আসে, কিন্তু এটি সমালোচনা বহির্ভূত ছিল না। ত্রেয়দশ শতাব্দীতে, ভালগেট বিশ্ববিদ্যালয়ের বিধিসম্মত বাইবেল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং অনেক লোকের কাছে এর পাঠ্য বিষয়টি হয়ে ওঠে এক অভ্রান্ত সত্য। বিভাগটি এমনকি ভালগেট-এর উপর সনামধন্য পন্ডিত ইরাসমাসের কাজকেও নিন্দা করে। একজন স্থানীয় সাধারণ মুদ্রাকরের কিভাবে সাহস হল আধিকারিক পাঠ্য বিষয়টির সংশোধন করা এটা ছিল কিছু লোকের পক্ষে আতঙ্কজনক।

সম্ভবত সবচাইতে বেশি যে জিনিসটি ঈশ্বরতত্ত্ববিদদের কাছে এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটি হল এটিনের প্রান্তিক টীকাগুলি। এই টীকাগুলি বিশেষকরে ভালগেট-এর বৈধতা সম্বন্ধে সন্দেহ জাগিয়ে তোলে। কয়েকটি অংশকে সহজ করার যে এটিনের চেষ্টা সেটিকে ঈশ্বরতত্ত্বের অধিকৃত এলাকায় অনধিকার প্রবেশ হিসাবে অভিযুক্ত করা হয়। তিনি এই অভিযোগকে অস্বীকার করেন এবং দাবি জানান যে তার এই টীকাগুলি ছিল কেবলমাত্র সংক্ষিপ্ত সারমর্ম অথবা ভাষাবিদ্যামূলক। উদাহরণস্বরূপ, আদিপুস্তক ৩৭:৩৫ পদের উপর তার টীকাটিতে “নরক” [ল্যাটিন, ইনফারনাম] শব্দটিকে ব্যাখ্যা করা হয় এইভাবে যে এটি এমন একটা স্থান নয় যেখানে দুষ্টেরা শাস্তি পায়। বিভাগটি অভিযোগ করে যে তিনি আত্মার অমরত্বকে এবং “সাধুদের” মধ্যস্থতার ক্ষমতাকে অস্বীকার করছেন।

কিন্তু, এটিনের কাছে ছিল রাজার অনুমোদন ও রক্ষণ। ফ্রান্সিস ১ম নবজাগরণমূলক অধ্যয়নের প্রতি এবং বিশেষকরে তার রাজকীয় মুদ্রাকরের কাজের প্রতি খুবই আগ্রহ দেখিয়েছিলেন। এটা জানা যায় যে, ফ্রান্সিস ১ম এমনকি এটিনের কাছে যান এবং একবার তিনি তার জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করেছিলেন যখন এটিন শেষ মুহূর্তে পাঠ্য বিষয়ের উপর কিছু সংশোধন করছিলেন। রাজার সমর্থন থাকার দরুন, এটিন সরবোনের মোকাবিলা করতে পেরেছিলেন।

ঈশ্বরতত্ত্ববিদরা তার বাইবেলের উপর নিষেধাজ্ঞা জারি করে

১৫৪৫ সালে, ঘটনাগুলি প্ররোচিত করে সরবোন বিভাগের সমস্ত ক্রোধ এটিনের উপরে বর্তাতে। সংশোধনকারীদের বিরুদ্ধে একজোট হওয়ার উপকারগুলি লক্ষ্য করার দ্বারা, কোলোন (জার্মানি), লোভেইন (বেলজিয়াম) এবং প্যারিসের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়গুলি আগে থেকেই প্রচলিত শিক্ষাগুলির উপর আরোপিত নিষেধাজ্ঞার সাথে সহযোগিতা করতে রাজি হয়। যখন লোভেইন বিশ্ববিদ্যালয়ের ঈশ্বরতত্ত্ববিদরা সরবোনের উদ্দেশ্যে চিঠি লেখে এবং জানায় যে প্যারিসের সমস্ত নিন্দিত বইয়ের তালিকায় এটিনের বাইবেলের নাম দেখতে না পাওয়ায় তারা খুব আশ্চর্য হয়েছে, তখন সরবোন মিথ্যার সাথে জবাব দেয় যে তারা অবশ্যই এটিকে নিন্দা করত যদি তারা সেগুলিকে দেখতে পেতো। বিভাগটির মধ্যে অন্তর্ভুক্ত এটিনের শত্রুরা এখন নিশ্চিত হয় যে লোভেইন ও প্যারিসের যুক্ত কর্তৃপক্ষের সমর্থনের মাধ্যমে ফ্রান্সিস ১ম-কে তার মুদ্রাকরের ভুল সম্পর্কে বুঝাতে সহজ হবে।

এদিকে, তার শত্রুদের উদ্দেশ্য সম্বন্ধে সতর্কবাণী পাওয়ার পর, এটিন প্রথমেই রাজার কাছে যান। এটিন প্রস্তাব দেন যে যদি ঈশ্বরতত্ত্ববিদেরা তার ভুলের একটি তালিকা দেখাতে পারে যা তারা খুঁজে বার করেছে, তাহলে সেগুলিকে তিনি ঈশ্বরতত্ত্ববিদদের সংশোধনের সাথে ছাপাতে এবং প্রত্যেকটি বিক্রিপ্রাপ্ত বাইবেলের সাথে ছাপাতে রাজি আছেন। এই সমাধানটি রাজার অনুমোদন পায়। তিনি তার রাজকীয় শাস্ত্রপাঠক পিয়ার দিউ  শাস্তেলকে বলেন এই বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে। ১৫৪৬ সালের অক্টোবরে বিভাগটি দিউ শাস্তেলকে লেখে এই বিষয় বিরুদ্ধাচারণ করে যে এটিনের বাইবেল “তাদের জন্য খাদ্যের খোরাক যোগায় যারা আমাদের বিশ্বাসকে অস্বীকার করে এবং সাম্প্রতিক . . . প্রচলিত মতকে সমর্থন করে” এবং এগুলি এত ভুলে ভরা যে এগুলি “সম্পূর্ণরূপে লোপ ও নিঃশেষ করা উচিত।” এবিষয় সম্পূর্ণরূপে নিশ্চিত না হতে পেরে, রাজা এখন ব্যক্তিগতভাবে বিভাগকে নির্দেশ দেন নিষেধাজ্ঞাগুলি প্রদর্শন করতে যাতে করে এটিনের বাইবেলের সাথে এগুলি ছাপানো যেতে পারে। এটি করবে বলে তারা প্রতিজ্ঞা করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা যথাসাধ্য চেষ্টা করে সম্ভাব্য ভ্রান্তিগুলির বিশদ তালিকা প্রকাশকে এড়িয়ে যেতে।

ফ্রান্সিস ১ম মার্চ ১৫৪৭ সালে মারা যান এবং তারই সাথে সরবোনের ক্ষমতার বিরুদ্ধে এটিনের প্রধান মৈত্রীবন্ধন বিলুপ্ত হয়। যখন হেনরী ২য় সিংহাসনে বসেন, তিনিও তার পিতার আদেশকে পুনরায় জারি করেন এবং সেই নির্দিষ্ট বিভাগটিকে হুকুম দেন তাদের নিষেধাজ্ঞাগুলিকে প্রকাশ করতে। তবুও, জার্মান রাজপুত্রেরা কিভাবে সংশোধনকে ব্যবহার করছে রাজনৈতিক চাহিদাকে চরিতার্থ করার জন্য এটা লক্ষ্য করা সত্ত্বেও, হেনরী ২য় রাজকীয় মুদ্রাকরের যে বাইবেল তার সুবিধা বা অসুবিধা সম্বন্ধে যতটা না চিন্তিত ছিলেন তার চাইতে বেশি তিনি ফ্রান্সকে নতুন রাজার অধীনে ক্যাথলিক ও একত্রিত রাখার ক্ষেত্রে সচেতন ছিলেন। ১০ই ডিসেম্বর, ১৫৪৭ সালে, রাজার মন্ত্রীসভা সিদ্ধান্ত নেয় যে এটিনের বাইবেলের বিক্রির উপর ততক্ষণ নিষেধাজ্ঞা জারি করা উচিত যতক্ষণ না ঈশ্বরতত্ত্ববিদরা তাদের বিরুদ্ধ মতের তালিকা পেশ করে।

প্রচলিত মতের বিরুদ্ধাচারী হিসাবে অভিযুক্ত

বিভাগটি এখন এটিনের বিষয়টিকে এক বিশেষ আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেটি প্রচলিত মতগুলিকে শোনার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছিল। এটিনকে আর মনে করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না যে কিধরনের বিপদের মধ্যে তিনি আছেন। প্রতিষ্ঠিত হওয়ার দুবছরের মধ্যেই এটি কামব্রে আরডান্ট অর্থাৎ “অগ্নিময় ঘর” হিসাবে পরিচিত হয়ে ওঠে। ৬০ জন অভিযুক্তদের কাষ্ঠদন্ডে পাঠানো হয়, যার অন্তর্ভুক্ত ছিল মুদ্রাকরেরা ও বই বিক্রেতারা যাদের প্লেস মোবার্ট নামক স্থানটি যা এটিনের দরজার থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ সেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এটিনের ঘরে বারে বারে অনুসন্ধান চালানো হয় যদি তার বিরুদ্ধে প্রমাণের কোন সূত্র পাওয়া যায়। ৮০ জনের বেশি সাক্ষীকে প্রশ্ন করা হয়। সংবাদদাতাদের প্রতিজ্ঞা করা হয় যে তারা যদি তাকে প্রচলিত মতবাদের দোষে দোষীসাব্যস্ত করতে পারে, তাহলে সেই ব্যক্তিটিকে তার সম্পত্তির এক চতুর্থাংশ দেওয়া হবে। তবুও, এটিন যা কিছু খোলাখুলিভাবে তার বাইবেলগুলিতে ছাপিয়েছিলেন সেটাই ছিল তাদের একমাত্র প্রমাণ।

আবার রাজা নির্দেশ দেন যে বিভাগের মতবিরোধী বিষয়ের তালিকাটি যেন তার মন্ত্রীসভাতে পেশ করা হয়। বাগ মানান যায় না এমন, এই বিভাগটি উত্তরে জানায় যে ‘ঈশ্বরতত্ত্ববিদদের স্বভাব নয় যে যাকে তারা প্রচলিত বিরোধী মত বলে থাকে তাদের নিন্দা লেখার মাধ্যমে করে কিন্তু তারা মুখের মাধ্যমে জবাব দেয়, যা আপনাদের বিশ্বাস করতে হবে নতুবা লেখার কোন শেষ হবে না।’ হেনরী নীরবে সেটিকে মেনে নেন। শেষ নিষেধাজ্ঞাটি জারি করা হয়। অধিকাংশ বাইবেলের গ্রন্থগুলি যা এটিন প্রকাশ করেছিলেন, সেগুলিকে নিন্দা করা হয়। যদিও প্লেস মোবার্টের সেই অগ্নির থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, কিন্তু তার বাইবেলগুলির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আসার মুখে এবং আরও বারতি ঝামেলা আসতে পারে এই রকম একটা পরিস্থিতিতে তিনি ফ্রান্স পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন।

এক নির্বাসিত মুদ্রাকর

নভেম্বর ১৫৫০ সালে এটিনি সুইজারল্যান্ডের জেনিভা শহরে চলে যান। আলোচ্য বিভাগটি ফ্রান্সে ভালগেট ব্যতিরেকে আর সমস্ত রকম বাইবেলের প্রকাশকে বেআইনি বলে ঘোষণা করে। তার ইচ্ছা অনুসারে এখন এটিন গ্রীক ভাষায় তার “নতুন নিয়ম” পুনরায় ছাপান ১৫৫১ সালে এবং এর সাথে অন্তর্ভুক্ত ছিল দুটি ল্যাটিন সংস্করণ (ভালগেট ও ইরাসমাস) পাশাপাশি কলমে। এরপর, ১৫৫২ সালে ইরাসমাসের ল্যাটিন গ্রন্থের সাথে প্রকাশিত হয় গ্রীক শাস্ত্রাবলির ফরাশী অনুবাদ। এই দুটি সংস্করণে, এটিন বাইবেল গ্রন্থের পদগুলি সংখ্যা অনুসারে ভাগ করার পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেন—সেই একই পদ্ধতি যা আজ সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। যদিও এর আগে অনেকে পদ বিভাজনের জন্য নানা ধরনের পদ্ধতি প্রচলন করার চেষ্টা করেছিল কিন্তু এটিনের পদ্ধতিই কেবলমাত্র গৃহীত হয়। ১৫৫৩ সালে তার ফরাশী বাইবেলই হল প্রথম সম্পূর্ণ বাইবেল যার মধ্যে তার এই পদ বিভাজন পদ্ধতিটি প্রয়োগ করা হয়।

১৫৫৭ সালে প্রকাশিত এটিনের ল্যাটিন বাইবেলের দুটি সংস্করণও খুবই উল্লেখযোগ্য যেহেতু ঈশ্বরের ব্যক্তিগত নাম, যিহাবা, সমগ্র ইব্রীয় শাস্ত্রাবলিতে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় গীতের প্রান্তিক স্থানে, তিনি উল্লেখ করেন যে ইব্রীয় টেটরাগ্রামাটনের (יהוה) বিকল্পিত শব্দ ‘অ্যাডোনাই’ সম্পূর্ণরূপে যিহূদী কুসংস্কারের উপর ভিত্তি করে গড়ে উঠছে এবং এটিকে বর্জন করা উচিত। এই সংস্করণটিতে এটিন ল্যাটিন শব্দগুলির ক্ষেত্রে বাঁকা অক্ষর ব্যবহার করেছেন এটা ইঙ্গিত করার জন্য যে এই শব্দগুলি যোগ দেওয়া হয়েছে ইব্রীয় অর্থকে পূর্ণ করার জন্য। এই রীতিটি অন্যান্য বাইবেলের ক্ষেত্রেও গৃহীত হয়, এমন একটা রীতি যা আজকের পাঠকদের বিভ্রান্ত করে দেয় যারা কোন বিষয়ের উপর জোর দেওয়ার জন্য আধুনিক বাঁকা অক্ষরের যে প্রয়োগ তার সাথে পরিচিত।

নিজের শিক্ষাকে অপরের কাছে তুলে ধরার পরিকল্পনা নিয়ে, এটিন তার জীবনকে পবিত্র শাস্ত্র প্রকাশের ক্ষেত্রে ব্যয় করেন। আজকে যারা ঈশ্বরের বাক্যকে মূল্য দেয় তারা তার এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ থাকতে পারে এবং তাদের কাছেও যারা অক্লান্ত শক্তি দিয়ে বাইবেলের সেই কথাগুলিকে উন্মুক্ত করার চেষ্টা করেছে ঠিক যেরকমভাবে তা আদিতে লেখা ছিল। এই পদ্ধতি যা তারা চালু করেছিল সেটি আজও চলে আসছে যত আমরা প্রাচীন ভাষা সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করছি এবং ঈশ্বরের বাক্যের আরও প্রাচীন ও সঠিক পান্ডুলিপিগুলি আবিষ্কার করছি। তার মৃত্যুর মাত্র কিছু দিন আগে (১৫৫৯) এটিন গ্রীক শাস্ত্রাবলির একটি নতুন অনুবাদের কাজ করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল: “কে এটা কিনবে? কে এটা পড়বে?” দৃঢ়তার সাথে তিনি উত্তর দিয়েছিলেন: ‘সমস্ত শিক্ষিত লোকেরা যাদের ঈশ্বরীয় ভক্তি আছে।’

[পাদটীকাগুলো]

a এছাড়া তিনি তার ল্যাটিন নাম, স্টিফানাস এবং তার অ্যাংলো নাম স্টিফেনস্‌ হিসাবেও পরিচিত ছিলেন।

[১০ পৃষ্ঠার চিত্র]

রবার্ট এটিনের প্রচেষ্টা বংশের পর বংশ ধরে বাইবেলের ছাত্রদের সাহায্য করে আসছে

[সজন্যে]

Bibliotheque Nationale, Paris

[১২ পৃষ্ঠার চিত্র]

এটিনের নির্দেশনামূলক দৃষ্টান্তগুলি বংশের পর বংশ ধরে অনুকরণ করা হয়েছে

[সজন্যে]

Bibliotheque Nationale, Paris

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার