কীভাবে আমি একজন যিহোবার সাক্ষি হতে পারি?
যিশু বলেছিলেন, একজন যিহোবার সাক্ষি হওয়ার জন্য কোন কোন পদক্ষেপ নিতে হবে আর তা মথি ২৮:১৯, ২০ পদে লেখা আছে। এই শাস্ত্রপদে বলা আছে, খ্রিস্টের শিষ্য হওয়ার জন্য অর্থাৎ যিহোবা সম্বন্ধে সাক্ষ্য দেওয়ার জন্য একজন ব্যক্তিকে কী করতে হবে।
প্রথম পদক্ষেপ: বাইবেল থেকে শিখুন। যিশু তাঁর অনুসারীদের এই আজ্ঞা দিয়েছিলেন যেন তারা লোকদের ‘শিষ্য করে আর তাদের শিক্ষা দেয়।’ (মথি ২৮:১৯, ২০) এখানে যে-শব্দকে “শিষ্য” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটার আক্ষরিক অর্থ হল, “যে শেখে।” বাইবেলে যিশু খ্রিস্টের শিক্ষার পাশাপাশি এমন তথ্যগুলোও রয়েছে, যেগুলোর সাহায্যে আপনি এক সুখী ও উদ্দেশ্যপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন। (২ তীমথিয় ৩:১৬, ১৭) আমরা বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করাই আর আপনাকে সাহায্য করতে পেরে আমরা খুব খুশি হব।—মথি ১০:৭, ৮; ১ থিষলনীকীয় ২:১৩.
দ্বিতীয় পদক্ষেপ: যা শিখছেন, তা মেনে চলুন। যিশু বলেছিলেন, যে-লোকেরা শিখবে, তাদের “সেই সমস্ত কিছু পালন করতে” হবে, যা ‘যিশু আদেশ দিয়েছেন।’ (মথি ২৮:২০) এর অর্থ, আমাদের বাইবেল অধ্যয়ন করে শুধুমাত্র জ্ঞান নেওয়াই যথেষ্ট নয়, কিন্তু আমাদের হয়তো নিজেদের চিন্তাভাবনা ও আচার-আচরণের মধ্যে বড়ো বড়ো পরিবর্তনও করতে হবে। (প্রেরিত ১০:৪২; ইফিষীয় ৪:২২-২৯; ইব্রীয় ১০:২৪, ২৫) এভাবে, যারা যিশুর আজ্ঞা মেনে চলবে, তারা স্বেচ্ছায় তাঁর শিষ্য হবে এবং যিহোবা ঈশ্বরের কাছে নিজেদের জীবন উৎসর্গ করবে।—মথি ১৬:২৪.
তৃতীয় পদক্ষেপ: বাপ্তিস্ম নিন। (মথি ২৮:১৯) বাইবেলে বাপ্তিস্ম নেওয়াকে কবর দেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। (তুলনা করুন, রোমীয় ৬:২-৪.) এটা দেখায় যে, একজন ব্যক্তির অতীতের জীবন শেষ হয়ে গিয়েছে আর এখন তার নতুন জীবন শুরু হয়েছে। একইভাবে, আপনি যখন সবার সামনে বাপ্তিস্ম নেন, তখন আপনি প্রকাশ করেন যে, আপনি যিশুর বলা প্রথম দুটো পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন আর এখন ঈশ্বরের কাছে এক শুচি বিবেকের জন্য অনুরোধ করছেন।—ইব্রীয় ৯:১৪; ১ পিতর ৩:২১.
কীভাবে আমি জানতে পারি যে, আমি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত?
মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে দেখা করুন। তারা আপনার সঙ্গে কথা বলে এটা জানার চেষ্টা করবে যে, আপনি বাইবেলের শিক্ষাগুলো বুঝতে পারেন কি না, যা শিখছেন, তা মনে চলছেন কি না আর ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আপনি তাঁর কাছে নিজের জীবন উৎসর্গ করেছেন কি না।—প্রেরিত ২০:২৮; ১ পিতর ৫:১-৩.
সাক্ষিদের সন্তানদেরও কি এই পদক্ষেপগুলো নিতে হবে?
হ্যাঁ। সাক্ষিরা তাদের সন্তানদের “যিহোবার শাসনে ও উপদেশে” মানুষ করে তোলে, যেমনটা বাইবেল আজ্ঞা দেয়। (ইফিষীয় ৬:৪) কিন্তু, বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা বাইবেলের শিক্ষাগুলো শিখবে কি না, সেগুলো মেনে চলবে কি না এবং বাপ্তিস্ম নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে কি না। (রোমীয় ১২:২) আসলে, প্রত্যেক ব্যক্তিকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, সে যিহোবার উপাসনা করবে কি না।—রোমীয় ১৪:১২; গালাতীয় ৬:৫.