CreativeDesignArt/DigitalVision Vectors via Getty Images
জেগে থাকুন!
কখনো কি এমন সময় আসবে, যখন সবাইকে সমান চোখে দেখা হবে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
বর্তমানে আমরা যেদিকেই তাকাই না কেন, সেদিকেই দেখতে পাই, লোকেরা জাতি, বর্ণ ও দেশ নিয়ে পক্ষপাত করে। অনেকে মনে করে, পৃথিবীতে কখনো এমন সময় আসবে না, যখন সবাইকে সমান চোখে দেখা হবে।
“বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বর্ণ ও জাতি নিয়ে পক্ষপাত করা হচ্ছে আর এটা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এই মনোভাব বিভিন্ন সংগঠনে, সমাজে এবং লোকদের জীবনে স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে। আর এই কারণে লোকেরা অন্যদের উপর কর্তৃত্ব করে এবং তাদের অধিকার কেড়ে নেয়।”—আন্তোনিও গুতেরেস, ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব।
পৃথিবীতে কি কখনো এমন সময় আসবে, যখন সবাইকে সমান চোখে দেখা হবে? লক্ষ করুন, বাইবেল এই সম্বন্ধে কী জানায়।
ঈশ্বরের দৃষ্টিভঙ্গি
ঈশ্বর বিভিন্ন জাতি ও বর্ণের লোকদের কোন দৃষ্টিতে দেখেন? বাইবেল কী বলে, আসুন তা দেখি।
“[ঈশ্বর] এক ব্যক্তি থেকে সমস্ত জাতির লোককে তৈরি করেছেন, যেন তারা পুরো পৃথিবীতে বাস করতে পারে।”—প্রেরিত ১৭:২৬.
“ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫.
বাইবেল বলে, সমস্ত মানুষ এক ব্যক্তি থেকে এসেছে। আর ঈশ্বর সবাইকে সমান চোখে দেখেন।
পক্ষপাতিত্বের মনোভাব কি কখনো শেষ হয়ে যাবে?
ঈশ্বরের রাজ্যে সমস্ত ধরনের পক্ষপাতিত্বের মনোভাব দূর হয়ে যাবে। এই রাজ্যে যারা থাকবে, তারা একে অন্যকে সমান চোখে দেখবে, কেউ কাউকে নীচু চোখে দেখবে না। যদি তাদের মনে কোনো দেশ বা জাতির লোকদের বিরুদ্ধে ঘৃণা থেকে থাকে, তা হলে তারা সেটা দূর করতে পারবে।
“তখন দেশের বাসিন্দারা [শিখবে] যে, কোন বিষয়টা সঠিক।”—যিশাইয় ২৬:৯.
“প্রকৃত ন্যায়বিচারের কারণে শান্তি থাকবে আর প্রকৃত ন্যায়বিচারের ফলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা থাকবে।”—যিশাইয় ৩২:১৭.
বর্তমানে লক্ষ লক্ষ ব্যক্তি বাইবেল থেকে শিখছে যে, কীভাবে তারা সবার প্রতি সম্মান দেখাতে পারে এবং তারা যেন কাউকে ছোটো করে না দেখে।
এই সম্বন্ধে আরও জানার জন্য “বৈষম্যের কি কোনো সমাধান আছে?” শিরোনামের সজাগ হোন! পত্রিকাটা পড়ুন।
“সন্তানদের সঙ্গে জাতিগত বিদ্বেষ ও বর্ণবৈষম্য নিয়ে কথা বলুন” শিরোনামের প্রবন্ধটা পড়ুন। এটা পড়ে বাবা-মায়েরা বুঝতে পারবে যে, কীভাবে তারা এই বিষয়ে তাদের সন্তানদের সঙ্গে কথা বলতে পারে।