এক সাদর আমন্ত্রণ
১. কখন সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানোর অভিযান শুরু হবে?
১ আপনি যদি আপনার বন্ধুবান্ধব অথবা পরিবারের জন্য বিশেষ খাবারের আয়োজন করার পরিকল্পনা করে থাকেন, যেটা প্রস্তুত করার জন্য অনেক প্রচেষ্টা এবং খরচের প্রয়োজন, তাহলে আপনি হয়তো অত্যন্ত উদ্যমের সঙ্গে সবাইকে আমন্ত্রণ জানাবেন। একইভাবে, সেই আধ্যাত্মিক ভোজ প্রস্তুত করার জন্যও অনেক কাজ করতে হচ্ছে, যা আমাদের আসন্ন সম্মেলনে পরিবেশন করা হবে। সম্মেলন শুরু হওয়ার তিন সপ্তাহ আগে, যিহোবা আমাদেরকে অন্যদের আমন্ত্রণ জানানোর সুযোগ দিয়েছেন। কী আমাদেরকে উদ্যমের সঙ্গে সেই আমন্ত্রণ জানাতে সাহায্য করবে?
২. কী আমাদেরকে অভিযানে পূর্ণরূপে অংশ নিতে পরিচালিত করবে?
২ সম্মেলনের মাধ্যমে যিহোবার কাছ থেকে পাওয়া সতেজতাদায়ক নির্দেশনাগুলো থেকে আমরা যে-সমস্ত উপকার লাভ করি, সেগুলো নিয়ে চিন্তা করলে আমরা এই অভিযানে পূর্ণরূপে অংশ নিতে পরিচালিত হব। (যিশা. ৬৫:১৩, ১৪) আমাদের এও মনে রাখা উচিত যে, আমাদের বার্ষিক অভিযান উত্তম ফল নিয়ে আসে। (“এটা ভালো ফল নিয়ে আসে” নামক বাক্সটা দেখুন।) আমরা যাদের আমন্ত্রণ জানাই, তাদের সকলেই যে আমাদের সঙ্গে সম্মেলনে যোগ দেবে, এমনটা নয়। কিন্তু, যত লোকই যোগদান করুক-না কেন, অভিযানের সময় আমরা যে-অধ্যবসায়ী প্রচেষ্টা করি, তা যিহোবার মহিমা নিয়ে আসে এবং তাঁর উদারতাকে প্রতিফলিত করে।—গীত. ১৪৫:৩, ৭; প্রকা. ২২:১৭.
৩. কীভাবে আমন্ত্রণপত্র বিতরণ করা হবে?
৩ প্রাচীনগোষ্ঠী নির্ধারণ করবেন যে, কীভাবে ব্যাপকমাত্রায় আমন্ত্রণপত্র বিতরণ করা যায়। যে-ঘরগুলোতে কাউকে পাওয়া যায় না, সেখানে আমন্ত্রণপত্র রেখে আসবে কি না কিংবা প্রচারের এলাকায় জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময় আমন্ত্রণপত্র দেওয়া হবে কি না, সেই বিষয়েও তারা নির্দেশনা দেবেন। সপ্তাহান্তগুলোতে উপযুক্ত হলে আমন্ত্রণপত্রের সঙ্গে পত্রিকাগুলো অর্পণ করা উচিত। আমরা উদ্যমের সঙ্গে অভিযানে অংশ নিয়েছিলাম এবং যিহোবার দ্বারা জোগানো আধ্যাত্মিক ভোজে যোগদান করার জন্য যত লোককে সম্ভব আমন্ত্রণ জানিয়েছিলাম বলে অভিযান শেষ হওয়ার পর আমরা কতই-না আনন্দিত হব!