নতুন শিষ্য তৈরি করার ক্ষেত্রে সকলে অংশ নিতে পারে
১ এক নতুন শিষ্য শুধুমাত্র একজন ব্যক্তির প্রচেষ্টার ফল নয়। বাইবেল ছাত্রদের আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য যিহোবা তাঁর “সহকার্য্যকারী” সবাইকে ব্যবহার করতে পারেন। (১ করি. ৩:৬-৯) আমরা ব্যক্তিগতভাবে নতুন ব্যক্তিদেরকে খ্রিস্টীয় সভাগুলোতে শুধুমাত্র আন্তরিকভাবে আমাদের মন্তব্যগুলোর দ্বারাই সাহায্য করি না কিন্তু সেইসঙ্গে আমাদের উত্তম আচরণ দ্বারাও করি, যেটা স্পষ্ট প্রমাণ দেয় যে, আমাদের জীবনে ঈশ্বরের আত্মা কাজ করছে। (যোহন ১৩:৩৫; গালা. ৫:২২, ২৩; ইফি. ৪:২২, ২৩) নতুন ব্যক্তিদের সাহায্য করার জন্য আরও কী করা যেতে পারে?
২ মণ্ডলীগতভাবে: যারা সভাগুলোতে যোগ দিতে শুরু করেছে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়ার এবং সভার আগে ও পরে তাদের সঙ্গে কথাবার্তা বলার দ্বারা আমরা সবাই তাদের প্রতি আগ্রহ প্রদর্শন করতে পারি। মণ্ডলীর সঙ্গে তার প্রথম যোগাযোগ সম্বন্ধে বলতে গিয়ে একজন ব্যক্তি বলেছিলেন: “মাত্র একদিনেই আমি খুব আন্তরিক ও প্রেমময় লোকেদের দেখেছিলাম, যারা একেবারে অপরিচিত ছিল, অথচ যে-গির্জায় আমি বড় হয়েছি, সেখানে কখনো এরকম লোকেদের দেখিনি। এটা স্পষ্ট ছিল যে, আমি সত্য খুঁজে পেয়েছি।” এই ব্যক্তি সভাতে প্রথম যোগ দেওয়ার সাত মাসের মধ্যে বাপ্তিস্ম নিয়েছিলেন।
৩ কোনো বাইবেল ছাত্র যখন আধ্যাত্মিকভাবে উন্নতি করতে থাকেন, তখন তাকে আন্তরিকভাবে প্রশংসা করুন। তিনি কি বিরোধিতা সহ্য করে আসছেন? তিনি কি নিয়মিতভাবে সভাগুলোতে উপস্থিত হচ্ছেন? তিনি কি মন্তব্য করার মতো সাহস সঞ্চয় করেছেন? তিনি কি ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নাম লিখিয়েছেন অথবা পরিচর্যায় অংশ নিতে শুরু করেছেন? তিনি যে-উন্নতি করেছেন, সেটার জন্য তাকে প্রশংসা করুন। এটা তাকে সতেজ করবে ও আশ্বাস দেবে।—হিতো. ২৫:১১.
৪ একজন বাইবেল অধ্যয়ন পরিচালক হিসেবে: কিছু প্রকাশক, তাদের বাইবেল অধ্যয়নে অন্য প্রকাশকদেরকে তাদের সঙ্গে আসতে বলে মণ্ডলীর প্রত্যেক সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বাইবেল ছাত্রদেরকে সাহায্য করতে সক্ষম হয়েছে। ছাত্রকে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর সভাগুলোতে আসার জন্য আমন্ত্রণ জানান। তিনি যখন সভাগুলোতে যোগ দিতে শুরু করেন, তখন অন্যদের সঙ্গে তাকে অবশ্যই পরিচয় করিয়ে দিন। তিনি কি কোনো বদভ্যাস, যেমন ধূমপান ত্যাগ করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন? তার পরিবারের কেউ কি তার অধ্যয়নে বাধা দিচ্ছে? তিনি হয়তো এমন একজন প্রকাশকের সঙ্গে কথা বলে উপকৃত হবেন, যিনি একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন ও সেটার মোকাবিলা করেছেন।—১ পিতর ৫:৯.
৫ নতুন ব্যক্তিদের মণ্ডলী থেকে আধ্যাত্মিক সমর্থনের প্রয়োজন। সকলে আন্তরিকতার সঙ্গে ব্যক্তিগত আগ্রহ দেখানোর দ্বারা তাদেরকে উন্নতি করতে সাহায্য করতে পারে।