একজন আনন্দিত কার্যকারী হোন
১ যীশু বলেছিলেন যে নোহের দিনের মতো তাঁর উপস্থিতির সময়কেও অধিকাংশ লোকেরাই ‘বুঝিতে পারিবে না।’ (মথি ২৪:৩৭-৩৯) তাই আমরা আশা করতে পারি যে, অনেকেই রাজ্যের সুসমাচার শুনবে না। আমাদের প্রচার কাজে আনন্দ বজায় রাখতে কী আমাদেরকে সাহায্য করতে পারে?—গীত. ১০০:২.
২ প্রথমত, আমাদের মনে রাখতে হবে যে আমাদের বার্তা ও প্রচার করার দায়িত্ব ঈশ্বরের কাছ থেকে এসেছে। আমাদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও, প্রচারে লোকেদের সাড়া না পাওয়ার মানে হল লোকেরা যিহোবাকে প্রত্যাখ্যান করছে। বিশ্বস্তভাবে প্রচার করে চলায় যিহোবার অনুমোদন আছে, একথা মনে রাখা আমাদেরকে ঈশ্বরের বাক্যের কার্যকারী হিসেবে আনন্দ এবং মনের সুখ ধরে রাখতে সাহায্য করবে।—যাকোব ১:২৫.
৩ দ্বিতীয়ত, আমাদেরকে মনে রাখতে হবে যে এখনও এমন অনেক লোকেরা আছে, যারা পরিত্রাণের জন্য যিহোবা যে ব্যস্থাগুলো করেছেন তা গ্রহণ করবেন। যদিও বেশির ভাগ লোকেরাই হয়তো আমাদের কথা শোনেন না কিন্তু তবুও এখনই, এই শেষকালের গভীর সময়ে আরও মেষতুল্য লোকেদেরকে একত্রিত করতে হবে। তাই ‘কোন্ ব্যক্তি যোগ্য তাহা অনুসন্ধান করিবার’ জন্য “নগরে কি গ্রামে” গিয়ে আমাদের প্রচার করে চলতে হবে।—মথি ১০:১১-১৩.
৪ ইতিবাচক মনোভাব বজায় রাখুন: মিথ্যা ধর্মগুলোর খারাপ কাজের জন্য আজ অনেকেরই ধর্মের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। আবার অন্যেরা এই বিধিব্যবস্থার দ্বারা “ব্যাকুল ও ছিন্নভিন্ন” হয়েছে। (মথি ৯:৩৬) অনেকে হয়তো চাকরি, চিকিৎসা ও নিরাপত্তার অভাবের দরুণ হতাশ হয়েছে। লোকেদের এই অবস্থাকে উপলব্ধি করলে তা আমাদেরকে বিরোধিতা বা উদাসীনতার মধ্যেও আমাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করবে। আপনার এলাকায় লোকেরা যে বিষয়টা নিয়ে বেশি চিন্তিত সেটা নিয়েই কথা আরম্ভ করার চেষ্টা করুন। তাদেরকে বুঝতে সাহায্য করুন যে, ঈশ্বরের রাজ্যই হল একমাত্র সমাধান। সুসমাচার যেন তাদের হৃদয়ে পৌঁছাতে পারে তার জন্য শাস্ত্রপদ ও প্রকাশনাদি থেকে নির্দিষ্ট বিষয় ব্যবহার করুন।—ইব্রীয় ৪:১২.
৫ ঈশ্বরের বাক্যের আনন্দিত কার্যকারীরা সব সময়ে মনে রাখেন যে, “সদাপ্রভুতে যে অনন্দ, তাহাই [আমাদের] শক্তি।” (নহি. ৮:১০) আমাদের আনন্দ হারিয়ে ফেলার কোন কারণ নেই। “সেই গৃহ যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্ত্তুক; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরিয়া আইসুক।” (মথি ১০:১৩) যতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে তাঁর পবিত্র সেবা করে চলি, যিহোবা আমাদের আনন্দকে বাড়িয়ে চলেন, আমাদের নতুন করে শক্তি দেন আর আমাদের বিশ্বস্ততাকে তিনি আশীর্বাদ করেন।