বাবামায়েরা—আপনাদের বাচ্চাদের মধ্যে ভাল অভ্যাসগুলোকে ঢুকিয়ে দিন
১ ভাল অভ্যাসগুলো আপনা-আপনি কিংবা হঠাৎ করে গড়ে ওঠে না। ছেলেমেয়েদের মধ্যে ভাল অভ্যাসগুলোকে ঢুকিয়ে দেওয়ার জন্য সময়ের দরকার। “ঢুকিয়ে দেওয়া” মানে “ধীরে ধীরে সঞ্চারিত করা” অথবা “একটু একটু করে প্রবেশ করানো।” “প্রভুর শাসনে ও চেতনা প্রদানে [তাদের ছেলেমেয়েদেরকে] মানুষ করিয়া” তোলার জন্য বাবামায়েদের লেগে থাকতে হবে।—ইফি. ৬:৪.
২ শৈশবকাল থেকে শুরু করুন: ছোট বাচ্চাদের শেখার ও নতুন কিছু করার অসাধারণ ক্ষমতা রয়েছে। যদিও বড়দের কাছে নতুন ভাষা শেখা শক্ত বলে মনে হয় কিন্তু নার্সারিতে পড়া বাচ্চারা একসঙ্গে দুই অথবা তিনটে ভাষা শিখে ফেলতে পারে। তাই কখনও মনে করবেন না যে আপনার বাচ্চা খুবই ছোট, ভাল অভ্যাসগুলো এত তাড়াতাড়ি শিখতে পারবে না। একেবারে ছোটবেলায়ই যদি বাইবেলের সত্য শেখানো শুরু করেন ও তা করে যান, তাহলে বাচ্চা যখন একটু বড় হবে তখন সে এমন জ্ঞান অর্জন করবে, যা তাকে “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্” করবে।—২ তীম. ৩:১৫.
৩ প্রচার করাকে অভ্যাসে দাঁড় করান: বাচ্চা বেড়ে ওঠার সময়ে যে ভাল অভ্যাসটা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে তা হল, নিয়মিতভাবে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। অনেক বাবামায়েরা শিশু অবস্থায় বাচ্চাদের ঘরে-ঘরে প্রচার কাজে নিয়ে গিয়ে তা শুরু করেন। বাবামায়েরা যদি নিয়মিত প্রচারে বের হন, তাহলে তা তাদের বাচ্চাদের মধ্যে প্রচার কাজের প্রতি উপলব্ধি ও উদ্যোগ গড়ে তুলতে সাহায্য করবে। প্রচার কাজের বিভিন্ন দিকগুলোতে কীভাবে অংশ নিতে হয় বাবামায়েরা বাচ্চাদেরকে তা দেখাতে পারেন।
৪ এছাড়া ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে অংশ নেওয়াও বাচ্চাদের সাহায্য করে। এটা তাদেরকে অধ্যয়নের ভাল অভ্যাস গড়ে তুলতে ও বুঝে কীভাবে পড়তে হয়, তা শেখায়। তারা বাইবেল সম্বন্ধে কথা বলতে, পুনর্সাক্ষাৎ করতে ও বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে শেখে। এই শিক্ষা তাদেরকে অগ্রগামী হতে ও পরে পরিচর্যার বিশেষ সুযোগগুলো লাভ করার জন্য নিজেদেরকে যোগ্য করে তুলতে উৎসাহ দিতে পারে। অনেক বেথেলকর্মী ও বিশেষ অগ্রগামীরা আনন্দের সঙ্গে পরিচর্যা বিদ্যালয়ের সেই পুরনো দিনগুলোর কথা মনে করেন আর এটাকে তারা এমন এক ব্যবস্থা বলে মনে করেন, যা তাদেরকে ভাল অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করেছে।
৫ আমরা সবাই মহান কুম্ভকার যিহোবার হাতে কাদামাটির মতো। (যিশা. ৬৪:৮) মাটি যত খাঁটি হয় তা দিয়ে কোন কিছু তৈরি করা তত সহজ হয়। এটা যত বেশি শুকাবে তত বেশি শক্ত হবে। মানুষের বেলাতেও ঠিক তাই। তারা যখন ছোট থাকে তখন তাদেরকে ইচ্ছা মতো গড়ে তোলা যায় আর সন্তান যত ছোট থাকে তত ভালভাবে তাকে শেখানো যায়। তাদের কচি বয়স হল গড়ে ওঠার বয়স যখন ভাল অথবা খারাপ দুভাবেই গড়ে তোলা যাবে। তাই স্নেহময় বাবামা হিসেবে, খ্রীষ্টীয় পরিচর্যার ভাল অভ্যাসগুলোকে আপনার বাচ্চাদের মধ্যে ছেলেবেলা থেকেই ঢুকিয়ে দিন।