ভ্রমণ অধ্যক্ষগণ—মনুষ্যদের মাঝে নানা বর
“তিনি উদ্ধের্ব উঠিয়া বন্দিগণকে বন্দি করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন।”—ইফিষীয় ৪:৮.
১. ১৮৯৪ সালে এই পত্রিকায় কোন্ নতুন কাজ সম্বন্ধে ঘোষণা করা হয়েছিল?
এক শতাব্দীরও বেশি আগে, প্রহরীদুর্গ নতুন কিছু ঘোষণা করেছিল। “কাজের অপর একটি শাখা” হিসাবে তা বর্ণিত হয়েছিল। এই নতুন কার্যক্রম কী অন্তর্ভুক্ত করেছিল? সেটি ছিল ভ্রমণ অধ্যক্ষদের কাজের আধুনিক-দিনের সূচনা। এই পত্রিকার ১৮৯৪ সালের, সেপ্টেম্বর ১, সংখ্যাটি ব্যাখ্যা করেছিল যে এখন থেকে যোগ্য ভাইয়েরা ‘সত্যে তাহাদের গাঁথিয়া তুলিবার উদ্দেশ্যে’ বাইবেল ছাত্রদের বিভিন্ন দলগুলির সাথে সাক্ষাৎ করবেন।
২. সীমা এবং জেলা অধ্যক্ষদের কোন্ দায়িত্বগুলি রয়েছে?
২ সা.শ. প্রথম শতাব্দীতে, পৌল এবং বার্ণবার মত অধ্যক্ষদের দ্বারা খ্রীষ্টীয় মণ্ডলীগুলি পরিদর্শিত হয়েছিল। এই বিশ্বস্ত ব্যক্তিদের মণ্ডলীগুলিকে “গাঁথিয়া তুলিবার” লক্ষ্য ছিল। (২ করিন্থীয় ১০:৮) আজকে, আমরা হাজার হাজার ব্যক্তিদের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত যারা সুশৃঙ্খল পদ্ধতিতে এই কাজ করছেন। যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠী তাদের সীমা এবং জেলা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেছেন। একজন সীমা অধ্যক্ষ বছরে দুবার প্রায় ২০টি মণ্ডলীতে এক সপ্তাহ করে পরিচর্যা করেন, মণ্ডলীর রেকর্ডগুলি পরীক্ষা করে, বক্তৃতা দিয়ে এবং স্থানীয় রাজ্যের প্রকাশকদের সাথে ক্ষেত্রের পরিচর্যায় অংশ গ্রহণ করে। জেলা অধ্যক্ষ কয়েকটি সীমার বার্ষিক সীমা অধিবেশনের প্রত্যেকটিতে সভাপতিত্ব করেন, সীমা সম্মেলনের আয়োজক মণ্ডলীগুলির সাথে ক্ষেত্রের পরিচর্যায় অংশ গ্রহণ করেন এবং বাইবেল-ভিত্তিক বক্তৃতার মাধ্যমে উৎসাহ যোগান।
তাদের আত্মত্যাগমূলক মনোভাব
৩. কেন ভ্রমণ অধ্যক্ষদের আত্মত্যাগমূলক মনোভাব থাকা প্রয়োজন?
৩ ভ্রমণ অধ্যক্ষেরা ক্রমাগতভাবে ভ্রমণ করে থাকেন। কেবলমাত্র এর জন্যও আত্মত্যাগমূলক মনোভাবের প্রয়োজন হয়। একটি মণ্ডলী থেকে অন্য একটিতে ভ্রমণ করা প্রায়ই কঠিন হতে পারে, কিন্তু এই ব্যক্তিরা ও তাদের স্ত্রীয়েরা আনন্দপূর্ণ মনোভাব নিয়ে তা করে থাকেন। একজন সীমা অধ্যক্ষ বলেছিলেন: “আমার স্ত্রী অত্যন্ত সহায়ক এবং অভিযোগকারী নন . . . তার এই আত্মত্যাগমূলক মনোভাবের জন্য সে প্রচুর প্রশংসা পাওয়ার যোগ্য।” কিছু সীমা অধ্যক্ষ এক মণ্ডলী থেকে অন্য মণ্ডলীতে যেতে ১,০০০ কিলোমিটারেরও অধিক ভ্রমণ করেন। অনেকে মোটরগাড়ি চালিয়ে যান কিন্তু অন্যান্যেরা জনসাধারণের পরিবহণে, সাইকেলে, অশ্বপৃষ্ঠে বা পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যান। এমনকি একজন আফ্রিকার সীমা অধ্যক্ষকে একটি মণ্ডলীতে পৌঁছানোর জন্য স্ত্রীকে কাঁধে নিয়ে একটি নদী অতি কষ্টে অতিক্রম করতে হত। প্রেরিত পৌলকে, তার মিশনারী যাত্রায় গ্রীষ্ম ও শীত, ক্ষুধা ও তৃষ্ণা, নিদ্রাহীন রাত্রি, বিবিধ সংকট এবং প্রচণ্ড তাড়নার সাথে মোকাবিলা করতে হয়েছিল। এছাড়াও তার “সমস্ত মণ্ডলীর চিন্তা” ছিল—এমন এক অভিজ্ঞতা যা আজকে ভ্রমণ অধ্যক্ষদের জন্যও সাধারণ।—২ করিন্থীয় ১১:২৩-২৯.
৪. স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েদের জীবনের উপর কী প্রভাব বিস্তার করতে পারে?
৪ পৌলের সঙ্গী তীমথির মত, কখনও কখনও ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয়ে থাকে। (১ তীমথিয় ৫:২৩) এটি তাদের উপর অতিরিক্ত চাপ নিয়ে আসে। একজন ভ্রমণ অধ্যক্ষের স্ত্রী ব্যাখ্যা করেন: “যখন আমি সুস্থ থাকি না, তখন সবসময়ে ভাইয়েদের সাথে থাকা অত্যন্ত পীড়নকর হয়ে পড়ে। রজোনিবৃত্তির আরম্ভে, তা আমার কাছে বিশেষভাবে কঠিন মনে হয়েছে। প্রতি সপ্তাহে আমাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে অন্য কোথাও যাওয়া প্রকৃতই প্রতিদ্বন্দ্বিতামূলক। প্রায়ই, আমাকে থামতে এবং যাত্রা চালিয়ে যেতে শক্তি যোগানোর জন্য যিহোবার কাছে প্রার্থনা করতে হয়।”
৫. বিবিধ পরীক্ষাগুলি সত্ত্বেও, ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েদের দ্বারা কোন্ মনোভাব প্রদর্শিত হয়েছে?
৫ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য পরীক্ষা সত্ত্বেও, ভ্রমণ অধ্যক্ষেরা এবং তাদের স্ত্রীয়েরা পরিচর্যায় আনন্দ খুঁজে পান এবং আত্মত্যাগমূলক প্রেম প্রদর্শন করেন। কয়েকজন যুদ্ধ অথবা তাড়নার সময়ে আধ্যাত্মিক সাহায্য দেওয়ার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছেন। মণ্ডলীগুলি পরিদর্শনের সময়ে, তারা পৌলের মত মনোভাব প্রকাশ করে থাকেন, যিনি থিষলনীকীয় খ্রীষ্টানদের বলেছিলেন: “যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদিগের লালন পালন করে, তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখাইয়াছিলাম; সেইরূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতুক তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে।”—১ থিষলনীকীয় ২:৭, ৮.
৬, ৭. পরিশ্রমী ভ্রমণ অধ্যক্ষেরা কোন্ ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারেন?
৬ খ্রীষ্টীয় মণ্ডলীর অন্যান্য প্রাচীনদের মত, ভ্রমণ অধ্যক্ষেরাও “বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন।” এইরূপ সকল প্রাচীনেরা “দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত” হওয়া উচিত। (১ তীমথিয় ৫:১৭) তাদের উদাহরণ উপকারী প্রমাণিত হতে পারে যদি, ‘তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে আমরা তাঁহাদের বিশ্বাসের অনুকারী হই।’—ইব্রীয় ১৩:৭.
৭ কিছু ভ্রমণ অধ্যক্ষগণ অন্যান্যদের উপর কী প্রভাব এনেছেন? যিহোবার একজন সাক্ষী লিখেছিলেন, “ভাই পি—— আমার জীবনে কী এক চমৎকার প্রভাবস্বরূপই না ছিলেন! “১৯৬০ সাল থেকে মেক্সিকোয় তিনি একজন ভ্রমণ অধ্যক্ষ ছিলেন। একজন অল্পবয়স্ক হিসাবে, আমি প্রত্যাশা এবং আনন্দের সাথে তার পরিদর্শনের জন্য অপেক্ষা করতাম। যখন আমার বয়স ১০ বছর, তিনি আমাকে বলেছিলেন, ‘তুমিও একজন সীমা অধ্যক্ষ হবে।’ কৈশোরের সংকটময় বছরগুলিতে, আমি বারবার তার খোঁজ করতাম কারণ প্রদান করার জন্য তার কাছে সবসময়ে প্রজ্ঞার বাক্যগুলি থাকত। পালকে পালন করাই ছিল তার চিন্তার মুখ্য বিষয়! এখন আমিও একজন সীমা অধ্যক্ষ, আমি সবসময়ে যুবক-যুবতীদের জন্য সময় ব্যয় করতে এবং তাদের সামনে ঐশিক লক্ষ্য স্থাপন করতে চেষ্টা করি, যেমন তিনি আমার জন্য করেছিলেন। এমনকি তার জীবনের শেষ বছরগুলিতে, হৃদরোগ সংক্রান্ত সমস্যা সত্ত্বেও, ভাই পি—— সবসময়ে উৎসাহজনক বাক্য বলার চেষ্টা করতেন। ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে, তার মৃত্যুর ঠিক একদিন পূর্বে, তিনি আমার সাথে বিশেষ অধিবেশনে গিয়েছিলেন এবং এক ভাই যিনি একজন স্থপতি ছিলেন, তার সামনে একটি উত্তম লক্ষ্য রেখেছিলেন। ভাইটি বেথেলে সেবা করার জন্য সঙ্গে সঙ্গে একটি আবেদন পত্র দিয়েছিলেন।”
তাদের প্রতি উপলব্ধি দেখানো হয়
৮. ইফিষীয় ৪ অধ্যায়ে বর্ণিত ‘মনুষ্যদিগের নানা বর’ কারা এবং কিভাবে তারা মণ্ডলীগুলিকে উপকৃত করতে পারেন?
৮ ভ্রমণ অধ্যক্ষেরা ও অন্যান্য প্রাচীনেরা যারা ঈশ্বরের অযাচিত করুণার দ্বারা সেবা করার কার্যভারের অনুগ্রহ পান, তাদের ‘মনুষ্যদিগের নানা বর’ বলা হয়। যিহোবার প্রতিনিধি এবং মণ্ডলীর মস্তক হিসাবে, যীশু এই আধ্যাত্মিক ব্যক্তিদের যুগিয়েছেন যাতে করে আমরা ব্যক্তিগতভাবে গড়ে উঠতে এবং পরিপক্বতা অর্জন করতে পারি। (ইফিষীয় ৪:৮-১৫) যে কোন বর উপলব্ধিকর অভিব্যক্তির যোগ্য। বিশেষভাবে এটি সেই বরের ক্ষেত্রে সত্য, যা আমাদের যিহোবার সেবা করে যেতে শক্তিশালী করে। অতএব, ভ্রমণ অধ্যক্ষদের কাজের প্রতি কিভাবে আমরা আমাদের উপলব্ধি দেখাতে পারি? কোন্ উপায়ে আমরা দেখাতে পারি যে আমরা ‘এইপ্রকার লোকদিগকে সমাদর করি’?—ফিলিপীয় ২:২৯.
৯. কী কী উপায়ে আমরা ভ্রমণ অধ্যক্ষদের প্রতি আমাদের উপলব্ধিবোধ দেখাতে পারি?
৯ যখন সীমা অধ্যক্ষদের পরিদর্শন সম্বন্ধে ঘোষণা করা হয়, তখনই আমরা সেই সপ্তাহের জন্য মণ্ডলীর কার্যক্রমগুলিতে পূর্ণ অংশগ্রহণ করার পরিকল্পনা করা শুরু করতে পারি। আমরা হয়ত পরিদর্শন চলাকালীন ক্ষেত্রের পরিচর্যার ব্যবস্থাকে সমর্থন করতে অতিরিক্ত কিছু সময় পৃথক করে রাখতে পারি। সেই মাসে আমরা হয়ত সহায়ক অগ্রগামীর কাজ করতে পারি। নিশ্চয়ই আমরা আমাদের পরিচর্যার উন্নতি করার জন্য সীমা অধ্যক্ষের পরামর্শগুলি প্রয়োগ করতে ইচ্ছুক হব। এইরূপ গ্রহণোন্মুখ মনোভাব আমাদের উপকার করবে এবং তাকে আশ্বস্ত করবে যে তার পরিদর্শন কার্যকারী হয়েছে। হ্যাঁ, ভ্রমণ অধ্যক্ষেরা আমাদের গড়ে তোলার জন্য মণ্ডলীকে পরিদর্শন করেন, তবে তাদেরও আধ্যাত্মিকভাবে গড়ে ওঠার প্রয়োজন রয়েছে। এমন সময় ছিল যখন পৌলের উৎসাহের প্রয়োজন ছিল এবং তিনি প্রায়ই সহখ্রীষ্টানদের তার জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন। (প্রেরিত ২৮:১৫; রোমীয় ১৫:৩০-৩২; ২ করিন্থীয় ১:১১; কলসীয় ৪:২, ৩; ১ থিষলনীকীয় ৫:২৫) অনুরূপভাবে, বর্তমান দিনের ভ্রমণ অধ্যক্ষদেরও আমাদের প্রার্থনার ও উৎসাহের প্রয়োজন রয়েছে।
১০. কিভাবে আমরা ভ্রমণ অধ্যক্ষদের কাজকে আনন্দময় করে তুলতে সাহায্য করতে পারি?
১০ আমরা কি কখনও সীমা অধ্যক্ষ ও তার স্ত্রীকে বলেছি যে তাদের পরিদর্শনগুলি আমরা কতখানি উপলব্ধি করি? আমাদের উপকারজনক পরামর্শ দেওয়ার জন্য আমরা কি তাকে ধন্যবাদ জানাই? যখন তার দেওয়া ক্ষেত্র পরিচর্যার পরামর্শগুলি পরিচর্যায় আমাদের আনন্দকে বৃদ্ধি করে তখন কি আমরা তাকে তা জানাই? যদি আমরা তা করি, তবে এটি তার কাজকে আনন্দময় করতে সাহায্য করবে। (ইব্রীয় ১৩:১৭) স্পেনে একজন সীমা অধ্যক্ষ, মণ্ডলীগুলি পরিদর্শনের পর যে ধন্যবাদের নোটগুলি তারা পেয়েছেন সেগুলিকে তিনি এবং তার স্ত্রী কতটা মহামূল্যবান বলে বিবেচনা করেন তার উপর বিশেষভাবে মন্তব্য করেছিলেন। তিনি বলেন: “আমরা এই কার্ডগুলি রেখে দিয়েছি এবং যখন নিরুৎসাহ বোধ করি তখন আমরা সেগুলি পড়ি। সেগুলি প্রকৃত উৎসাহের এক উৎস।”
১১. কেন আমাদের সীমা এবং জেলা অধ্যক্ষদের স্ত্রীয়েদের জানতে দেওয়া উচিত যে আমরা তাদের ভালবাসি এবং উপলব্ধি করি?
১১ ভ্রমণ অধ্যক্ষের স্ত্রী নিশ্চয়ই প্রশংসার বাক্যগুলি থেকে উপকৃত হন। তিনি পরিচর্যার এই ক্ষেত্রে তার স্বামীকে সহযোগিতা করতে প্রচুর ত্যাগস্বীকার করেছেন। এই বিশ্বস্ত বোনেরা তাদের নিজস্ব ঘর এবং এছাড়াও অনেকক্ষেত্রে, সন্তান থাকার স্বাভাবিক আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করেন। যিপ্তহের কন্যা ছিলেন যিহোবার দাসেদের একজন, যিনি তার পিতার মানতের কারণে স্বেচ্ছায় স্বামী এবং পরিবার থাকার সুযোগ ত্যাগ করেছিলেন। (বিচারকর্ত্তৃগণ ১১:৩০-৩৯) তার ত্যাগস্বীকারকে কিভাবে দেখা হয়েছিল? বিচারকর্ত্তৃগণ ১১:৪০ পদ বর্ণনা করে: “বৎসর বৎসর গিলিয়দীয় যিপ্তহের কন্যার যশঃকীর্ত্তন করিতে ইস্রায়েলীয় কন্যাগণ বৎসরের মধ্যে চারি দিবস গমন করে।” যখন আমরা সীমা এবং জেলা অধ্যক্ষদের স্ত্রীদের বলার প্রচেষ্টা করি যে আমরা তাদের ভালবাসি এবং উপলব্ধি করি, তখন তা কতই না উত্তম হয়!
“তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না”
১২, ১৩. (ক) ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েদের প্রতি অতিথিপরায়ণ হওয়ার কোন্ শাস্ত্রীয় ভিত্তি আছে? (খ) উদাহরণ দিন কিভাবে এরূপ অতিথি সেবা পারস্পরিকভাবে উপকারজনক হতে পারে?
১২ খ্রীষ্টীয় ভ্রমণ কাজে রত ব্যক্তিদের প্রতি প্রেম ও উপলব্ধি প্রদর্শন করার আর একটি উপায় হচ্ছে অতিথি সেবা প্রদর্শন করা। (ইব্রীয় ১৩:২) প্রেরিত যোহন ভ্রমণ মিশনারী হিসাবে যারা মণ্ডলী পরিদর্শন করেন তাদের প্রতি অতিথি সেবা দেখানোর জন্য গায়ের প্রশংসা করেছিলেন। যোহন লিখেছিলেন: “প্রিয়তম, সেই ভ্রাতৃগণের, এমন কি, সেই বিদেশীদের প্রতি যাহা যাহা করিয়া থাক, তাহা বিশ্বাসীর উপযুক্ত কার্য্য। তাঁহারা মণ্ডলীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন; তুমি যদি ঈশ্বরের উপযোগীরূপে তাঁহাদিগকে সযত্নে পাঠাইয়া দেও, তবে ভালই করিবে। কারণ সেই নামের অনুরোধে তাঁহারা বাহির হইয়াছেন, পরজাতীয়দের কাছে কিছুই গ্রহণ করেন না। অতএব আমরা এই প্রকার লোকদিগকে সাদরে গ্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হইতে পারি।” (৩ যোহন ৫-৮) আজকে, আমরা ভ্রমণ অধ্যক্ষদের ও তাদের স্ত্রীয়েদের প্রতি অনুরূপ অতিথি সেবা প্রদর্শন করার দ্বারা, রাজ্য প্রচারের কাজকে আরও বৃদ্ধি করতে পারি। অবশ্যই, স্থানীয় প্রাচীনদের নিশ্চিত করা উচিত যে বাসস্থান ব্যবস্থা সন্তোষজনক, কিন্তু একজন জেলা অধ্যক্ষ বলেছিলেন: “কে আমাদের জন্য কিছু করতে পারবে তার উপর ভিত্তি করে ভাইয়েদের সাথে আমাদের সম্পর্ক বিবেচিত হতে পারে না। এমনকি আমরা সেই ধরনের ধারণাও দিতে চাই না। আমাদের অবশ্যই ধনী অথবা দরিদ্র, যে কোন ভাইদেরই আতিথেয়তাকে গ্রহণ করতে ইচ্ছুক থাকতে হবে।”
১৩ অতিথি সেবা পারস্পরিকভাবে উপকারজনক হতে পারে। জর্জ, একজন প্রাক্তন সীমা অধ্যক্ষ যিনি এখন বেথেলে সেবা করছেন স্মরণ করেন: “আমার পরিবারে সীমা অধ্যক্ষদের আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানানো আমাদের প্রথা ছিল। আমার মনে হয় যে সেই পরিদর্শনগুলি আমি যতটুকু সেই সময়ে উপলব্ধি করেছিলাম তার চেয়েও বেশি আমাকে সাহায্য করেছিল। বয়ঃসন্ধির সময়ে, আমার আধ্যাত্মিক সমস্যাগুলি ছিল। আমার মা এই সম্বন্ধে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু জানতেন না ঠিক কিভাবে সাহায্য করতে হবে আর তাই তিনি সীমা অধ্যক্ষকে আমার সাথে কথা বলতে অনুরোধ করেছিলেন। সমালোচিত হওয়ার ভয়ে প্রথম দিকে আমি তাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু তার বন্ধুত্বপূর্ণ আচরণ অবশেষে আমাকে জয় করেছিল। এক সোমবারে তিনি আমাকে তার সাথে খাবার খেতে নিমন্ত্রণ করেছিলেন এবং আমি আমার হৃদয় খুলে দিয়েছিলাম কারণ আমি নিশ্চিত বোধ করেছিলাম যে তিনি আমাকে বুঝবেন। তিনি মনোযোগের সাথে শুনেছিলেন। তার বাস্তবধর্মী পরামর্শগুলি প্রকৃতই কাজ করেছিল এবং আমি আধ্যাত্মিকভাবে উন্নতি করতে শুরু করেছিলাম।”
১৪. আমাদের কেন ভ্রমণকারী প্রাচীনদের প্রতি সমালোচক না হয়ে বরঞ্চ উপলব্ধিমূলক হওয়া উচিত?
১৪ একজন ভ্রমণ অধ্যক্ষ যুবক এবং একইভাবে বৃদ্ধদের প্রতি আধ্যাত্মিকভাবে সাহায্যপূর্ণ হতে চেষ্টা করেন। অতএব, নিশ্চয়ই তাদের প্রচেষ্টাগুলির প্রতি আমাদের উপলব্ধি দেখান উচিত। কিন্তু, কি হবে যদি আমরা তার দুর্বলতাগুলির জন্য তার সমালোচনা করি অথবা যারা মণ্ডলী পরিদর্শন করে গেছেন তাদের সাথে নেতিবাচকভাবে তাকে তুলনা করি? সম্ভবত, এটি অত্যন্তই নিরুৎসাহজনক হবে। তার কাজের জন্য সমালোচনা শোনা পৌলের জন্য উৎসাহজনক ছিল না। স্পষ্টতই, কিছু করিন্থীয় খ্রীষ্টানেরা তার উপস্থিতি এবং কথা বলার ক্ষমতা সম্বন্ধে অসম্মানজনক মন্তব্য করেছিল। তিনি নিজে এইরূপ সমালোচকদের কথা উদ্ধৃত করেছিলেন এই বলে: “তাঁহার পত্র সকল ভারযুক্ত ও তেজস্বী বটে, কিন্তু সাক্ষাতে তাঁহার শরীর দুর্ব্বল এবং তাঁহার বাক্য হেয়।” (২ করিন্থীয় ১০:১০) সুখের বিষয় যে, ভ্রমণ অধ্যক্ষেরা সাধারণতঃ প্রেমপূর্ণ উপলব্ধির বাক্যই শুনে থাকেন।
১৫, ১৬. ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েরা কিভাবে সহবিশ্বাসীদের প্রদর্শিত প্রেম ও উদ্যোগ দ্বারা প্রভাবিত হন?
১৫ ল্যাটিন আমেরিকাতে একজন সীমা অধ্যক্ষ কর্দমাক্ত পথে সারাদিন কষ্টসহকারে হেঁটে গেরিলাদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলে বসবাসরত তার আধ্যাত্মিক ভাইবোনেদের পরিদর্শন করার জন্য যান। তিনি লিখেন: “ভাইয়েরা পরিদর্শনের জন্য যেভাবে তাদের উপলব্ধি প্রদর্শন করেন তা দেখা মর্মস্পর্শী। এমনকি যদিও সেখানে যেতে আমাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, অনেক বিপদ ও কষ্টের সম্মুখীন হতে হয়, তবুও এই সমস্তকিছুই, ভাইয়েরা যে প্রেম ও উদ্যোগ দেখান তার দ্বারা পুরস্কৃত হয়।”
১৬ আফ্রিকার একজন সীমা অধ্যক্ষ লেখেন: “ভাইয়েরা আমাদের যে প্রেম দেখিয়েছিলেন, তার কারণে আমরা তাঞ্জানিয়ার ক্ষেত্রকে এত ভালবেসেছিলাম! আমাদের কাছ থেকে শেখার জন্য ভাইয়েরা প্রস্তুত ছিলেন এবং তাদের বাড়িতে আমাদের পেয়ে তারা আনন্দিত হয়েছিলেন।” প্রেরিত পৌল এবং প্রথম শতাব্দীর খ্রীষ্টীয় বিবাহিত দম্পতি আক্বিলা ও প্রিষ্কার মধ্যে এক প্রেমপূর্ণ ও আনন্দদায়ক সম্পর্ক ছিল। বস্তুতপক্ষে, পৌল তাদের সম্বন্ধে বলেছিলেন: “খ্রীষ্ট যীশুতে আমার সহকারী প্রিষ্কা ও আক্বিলাকে মঙ্গলবাদ কর; তাঁহারা আমার প্রাণের নিমিত্তে আপনাদের গ্রীবা পাতিয়া দিয়াছিলেন; কেবল আমিই যে তাঁহাদের ধন্যবাদ করি, এমন নয়, কিন্তু পরজাতীয়দের সমুদয় মণ্ডলীও করে।” (রোমীয় ১৬:৩, ৪) ভ্রমণ অধ্যক্ষেরা এবং তাদের স্ত্রীয়েরা আধুনিক দিনের আক্বিলা এবং প্রিষ্কা যারা অতিথি সেবা দেখাতে ও সাহচর্যের ব্যবস্থা করতে বিশেষ প্রচেষ্টা করে থাকেন তাদের বন্ধু হিসাবে পেয়ে কৃতজ্ঞ।
মণ্ডলীগুলিকে দৃঢ় করা
১৭. এটি কেন বলা যেতে পারে যে ভ্রমণ অধ্যক্ষদের ব্যবস্থার পিছনে প্রজ্ঞা রয়েছে এবং কোথা থেকে তারা তাদের নির্দেশনা পান?
১৭ যীশু বলেছিলেন: “প্রজ্ঞা নিজ কর্ম্মসমূহ দ্বারা নির্দ্দোষ বলিয়া গণিত হয়।” (মথি ১১:১৯) ভ্রমণ-অধ্যক্ষ ব্যবস্থার পিছনে যে প্রজ্ঞা রয়েছে তা এই ক্ষেত্রে স্পষ্ট প্রতীয়মান যে এই ব্যবস্থা ঈশ্বরের লোকদের মণ্ডলীগুলিকে সবল করতে সাহায্য করে। পৌলের দ্বিতীয় মিশনারী যাত্রার সময়ে, তিনি এবং সীল সফলভাবে “সুরিয়া ও কিলিকিয়া দিয়া গমন করিতে করিতে মণ্ডলীগণকে সুস্থির [“দৃঢ়,” NW] করিলেন।” প্রেরিতের পুস্তক আমাদের বলে: “তাঁহারা নগরে নগরে ভ্রমণ করিতে করিতে যিরূশালেমস্থ প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিরূপিত নিয়মাবলী পালন করিতে ভ্রাতৃগণের হস্তে অর্পণ করিলেন। এইরূপে মণ্ডলীগণ বিশ্বাসে দৃঢ়ীকৃত হইতে থাকিল, এবং দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাইল।” (প্রেরিত ১৫:৪০, ৪১; ১৬:৪, ৫) বর্তমান দিনের ভ্রমণ অধ্যক্ষেরা শাস্ত্র এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস”-দের সাহিত্যাদির মাধ্যমে প্রদত্ত আধ্যাত্মিক নির্দেশনা গ্রহণ করে থাকেন যেমন অন্যান্য সকল খ্রীষ্টানেরা করে থাকেন।—মথি ২৪:৪৫
১৮. কিভাবে ভ্রমণ অধ্যক্ষেরা মণ্ডলীগুলিকে দৃঢ় করেন?
১৮ হ্যাঁ, ভ্রমণকারী প্রাচীনগণ অবশ্যই যিহোবার আধ্যাত্মিক মেজ থেকে ক্রমাগত খাদ্য গ্রহণ করবেন। তাদের অবশ্যই ঈশ্বরের সংগঠনের দ্বারা অনুসৃত নির্দেশাবলী ও নিয়ম সম্বন্ধে ভালভাবে অবগত থাকতে হবে। আর তখনই এইরূপ ব্যক্তিরা অন্যদের জন্য প্রকৃত আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারবেন। ক্ষেত্রের পরিচর্যায় তাদের উদ্যোগের উত্তম উদাহরণের মাধ্যমে, তারা সহবিশ্বাসীদের খ্রীষ্টীয় পরিচর্যায় উন্নতি করতে সাহায্য করতে পারেন। এই পরিদর্শনকারী প্রাচীনের দ্বারা প্রদত্ত বাইবেল-ভিত্তিক বক্তৃতাগুলি শ্রোতাদের আধ্যাত্মিকভাবে গড়ে তোলে। অন্যদের ঈশ্বরের বাক্যের পরামর্শ প্রয়োগ করতে, পৃথিবীব্যাপী যিহোবার লোকেদের সাথে সঙ্গতি রেখে সেবা করতে এবং ‘বিশ্বস্ত দাসদের’ মাধ্যমে ঈশ্বরের আয়োজিত আধ্যাত্মিক ব্যবস্থাগুলি ব্যবহার করতে সাহায্য করার দ্বারা ভ্রমণ অধ্যক্ষেরা সেই সমস্ত মণ্ডলীগুলিকে দৃঢ় করেন যেগুলিকে তারা পরিদর্শন করার সুযোগ পান।
১৯. বিবেচনার জন্য কোন্ প্রশ্নগুলি বাকি রয়েছে?
১৯ প্রায় একশ বছর পূর্বে যিহোবার সংগঠন যখন বাইবেল ছাত্রদের মধ্যে ভ্রমণকারী প্রাচীনদের কাজ প্রবর্তন করে, তখন এই পত্রিকাটি মন্তব্য করেছিল: “আমরা এর ফলাফল এবং প্রভুর আরও পরিচালনার জন্য অপেক্ষা করব।” যিহোবার পরিচালনা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। তাঁর আশীর্বাদ এবং পরিচালক গোষ্ঠীর তত্ত্বাবধানের অধীনে বহু বছর ধরে এই কাজ সম্প্রসারিত ও পরিশোধিত হয়েছে। ফলস্বরূপ, সমগ্র পৃথিবীতে যিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলি বিশ্বাসে দৃঢ় এবং দিনে দিনে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। স্পষ্টতই, যিহোবা মনুষ্যদিগের মাঝে নানা বরদের আত্মত্যাগমূলক মনোভাবকে আশীর্বাদ করছেন। কিন্তু ভ্রমণ অধ্যক্ষেরা কিভাবে তাদের কাজ সফলতার সাথে সম্পন্ন করতে পারেন? তাদের উদ্দেশ্যগুলি কী? কিভাবে তারা সবচাইতে উত্তম কিছু সম্পাদন করতে পারবেন?
আপনি কিভাবে উত্তর দেবেন?
◻ সীমা এবং জেলা অধ্যক্ষদের কয়েকটি দায়িত্ব কী?
◻ কেন ভ্রমণ অধ্যক্ষদের আত্মত্যামূলক মনোভাব থাকা প্রয়োজন?
◻ ভ্রমণকারী প্রাচীন এবং তাদের স্ত্রীয়েদের কাজের জন্য তাদের কিভাবে উপলব্ধি দেখান যেতে পারে?
◻ মণ্ডলীগুলিকে বিশ্বাসে দৃঢ় করতে ভ্রমণ অধ্যক্ষেরা কী করতে পারেন?
[১০ পৃষ্ঠার চিত্র]
ক্রমাগত ভ্রমণ করার জন্য আত্মত্যাগমূলক মনোভাবের প্রয়োজন
[১৩ পৃষ্ঠার চিত্র]
আপনি কি ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েদের প্রতি আতিথেয়তা দেখিয়েছেন?