ভ্রমণ অধ্যক্ষগণ কিভাবে বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হিসাবে সেবা করেন
“তোমরা যে যেমন অনুগ্রহদান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ-ধনের উত্তম অধ্যক্ষের [“তত্ত্বাবধায়কের,” NW] মত পরস্পর পরিচর্য্যা কর।”—১ পিতর ৪:১০.
১, ২. (ক) আপনি কিভাবে “তত্ত্বাবধায়ক” শব্দটির সংজ্ঞা করবেন? (খ) ঈশ্বরের দ্বারা ব্যবহৃত তত্ত্বাবধায়কদের মধ্যে কারা অন্তর্ভুক্ত?
যিহোবা সকল বিশ্বস্ত খ্রীষ্টানদের তত্ত্বাবধায়ক হিসাবে ব্যবহার করেন। একজন তত্ত্বাবধায়ক হলেন প্রায়ই একটি পরিবারের উপর ভারপ্রাপ্ত দাস। তিনি হয়ত তার প্রভুর ব্যবসার কাজও পরিচালনা করেন। (লূক ১৬:১-৩; গালাতীয় ৪:১, ২) যীশু পৃথিবীতে তার নিষ্ঠাবান্ অভিষিক্ত ব্যক্তিদেরকে “বিশ্বস্ত তত্ত্বাবধায়ক” (NW) বলেছিলেন। তিনি এই তত্ত্বাবধায়কদের উপর রাজ্যের প্রচার কাজ সহ “আপন সর্ব্বস্বের” দায়িত্ব অর্পণ করেছেন।—লূক ১২:৪২-৪৪; মথি ২৪:১৪, ৪৫.
২ প্রেরিত পিতর বলেছিলেন যে সকল খ্রীষ্টানেরা বহুবিধ উপায়ে প্রকাশিত ঈশ্বরের অযাচিত করুণার কারণে তত্ত্বাবধায়ক। প্রত্যেক খ্রীষ্টানের একটি নিজস্ব অবস্থান আছে যেখানে তিনি তার বিশ্বস্ত তত্ত্বাবধায়কের দায়িত্বসমূহ সম্পাদন করতে পারেন। (১ পিতর ৪:১০) নিযুক্ত খ্রীষ্টীয় প্রাচীনেরা হলেন তত্ত্বাবধায়ক এবং তাদের মধ্যে অন্তর্ভুক্ত ভ্রমণ অধ্যক্ষেরা। (তীত ১:৭) এই ভ্রমণকারী প্রাচীনদের কিভাবে দেখা উচিত? কোন্ গুণাবলি এবং উদ্দেশ্যগুলি তাদের থাকা উচিত? আর কিভাবে তারা সর্বাধিক মঙ্গল করতে পারেন?
তাদের পরিচর্যার জন্য কৃতজ্ঞ
৩. ভ্রমণ অধ্যক্ষদের কেন “উত্তম তত্ত্বাবধায়ক” বলা যেতে পারে?
৩ এক খ্রীষ্টীয় বিবাহিত দম্পতি একজন ভ্রমণ অধ্যক্ষ এবং তার স্ত্রীকে লিখে জানিয়েছিলেন: “আপনারা আমাদের যে সময় এবং ভালবাসা দিয়েছেন তার জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। পরিবারগতভাবে, আমরা আপনাদের সকল উৎসাহ এবং উপদেশ থেকে অত্যন্ত উপকৃত হয়েছি। আমরা জানি যে আমাদের ক্রমাগত আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে, কিন্তু যিহোবার সাহায্য এবং আপনাদের মত ভাই ও বোনেদের পেয়ে বর্ধিষ্ণু সমস্যাগুলি সহজতর হয়ে যায়।” এইধরনের অভিব্যক্তিগুলি প্রায়ই দেখা যায় কারণ ভ্রমণ অধ্যক্ষেরা সহবিশ্বাসীদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখিয়ে থাকেন ঠিক যেমন একজন উত্তম তত্ত্বাবধায়ক পরিবারের প্রয়োজনীয়তাগুলি সম্বন্ধে সঠিকভাবে যত্ন নেন। কেউ কেউ অতি উত্তম বক্তা। অনেকে প্রচার কাজে উৎকৃষ্ট, অপরদিকে অন্যান্যেরা তাদের আন্তরিকতা এবং সমবেদনার জন্য পরিচিত। অন্যদের পরিচর্যার জন্য এইরূপ বর গড়ে তোলা ও ব্যবহার করার দ্বারা, ভ্রমণ অধ্যক্ষেরা যথাযথভাবে “উত্তম তত্ত্বাবধায়ক” হিসাবে গণ্য হতে পারেন।
৪. কোন্ প্রশ্নগুলি এখন বিবেচনা করা হবে?
৪ প্রেরিত পৌল লিখেছিলেন: “ধনাধ্যক্ষের [“তত্ত্বাবধায়ক,” NW] এই গুণ চাই, যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়।” (১ করিন্থীয় ৪:২) সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন মণ্ডলীতে সহখ্রীষ্টানদের পরিচর্যা করা এক অদ্বিতীয় এবং আনন্দদায়ক সুযোগ। তৎসত্ত্বেও, এটি এক গুরু দায়িত্ব। তাহলে, কিভাবে ভ্রমণ অধ্যক্ষেরা বিশ্বস্তভাবে এবং সফলতার সাথে তাদের তত্ত্বাবধায়কের দায়িত্বসমূহ বহন করতে পারেন?
তাদের তত্ত্বাবধায়কের দায়িত্বগুলিকে সফলভাবে বহন করা
৫, ৬. যিহোবার উপর প্রার্থনাপূর্ণ নির্ভরতা একজন ভ্রমণ অধ্যক্ষের জীবনে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
৫ ভ্রমণ অধ্যক্ষেরা যদি সফল তত্ত্বাবধায়ক হতে চান তাহলে যিহোবার উপর প্রার্থনাপূর্ণ নির্ভরতা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের কর্মসূচী এবং অনেক দায়িত্বের কারণে, তারা কখনও কখনও ভারাক্রান্ত বলে বোধ হতে পারেন। (তুলনা করুন ২ করিন্থীয় ৫:৪.) সুতরাং তাদের গীতরচক দায়ূদের গানের সাথে সঙ্গতি রেখে কাজ করা প্রয়োজন: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।” (গীতসংহিতা ৫৫:২২) দায়ূদের এই বাক্যগুলিও সান্ত্বনাদায়ক: “ধন্য প্রভু [“যিহোবা,” NW], যিনি দিন দিন আমাদের ভার বহন করেন।”—গীতসংহিতা ৬৮:১৯.
৬ পৌল আধ্যাত্মিক দায়িত্বগুলির প্রতি যত্ন নিতে কোথা থেকে শক্তি পেয়েছিলেন? তিনি লিখেছিলেন: “যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।” (ফিলিপীয় ৪:১৩) হ্যাঁ, যিহোবা ঈশ্বরই ছিলেন পৌলের শক্তির উৎস। অনুরূপভাবে পিতর উপদেশ দিয়েছিলেন: “যদি কেহ . . . পরিচর্য্যা করে, সে ঈশ্বর-দত্ত শক্তি অনুসারে করুক; যেন সর্ব্ববিষয়ে যীশু খ্রীষ্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন।” (১ পিতর ৪:১১) এক ভাই যিনি বহু বছর যাবৎ ভ্রমণ অধ্যক্ষ ছিলেন তিনি ঈশ্বরের উপর নির্ভরতার প্রয়োজনীয়তা সম্বন্ধে জোর দিয়েছিলেন এই বলে: “সমস্যাসমূহ মোকাবিলা করার জন্য সবসময়ে যিহোবার উপর নির্ভর করুন এবং তাঁর সংগঠনের সাহায্যের অন্বেষণ করুন।”
৭. ভারসাম্য কিভাবে একজন ভ্রমণ অধ্যক্ষের কাজে অবদান রাখতে পারে?
৭ একজন সফল ভ্রমণ অধ্যক্ষের ভারসাম্যের প্রয়োজন রয়েছে। অন্যান্য খ্রীষ্টানদের মত, তিনি ‘যাহা যাহা ভিন্ন প্রকার, তাহা পরীক্ষা করিয়া চিনিতে’ পারার জন্য কঠোর প্রচেষ্টা করেন। (ফিলিপীয় ১:১০)a যখন স্থানীয় প্রাচীনদের কোন একটি নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন থাকে, তখন তা পরিদর্শনরত সীমা অধ্যক্ষের সাথে আলোচনা করা তাদের জন্য বিজ্ঞতার কাজ। (হিতোপদেশ ১১:১৪; ১৫:২২) সম্ভবত, তার ভারসাম্যমূলক পর্যবেক্ষণ এবং শাস্ত্রীয় পরামর্শ অত্যন্ত সাহায্যকারী প্রমাণিত হবে, যখন তিনি মণ্ডলী থেকে চলে যাওয়ার পর প্রাচীনেরা বিষয়গুলিকে ক্রমাগত পরিচালনা করতে থাকবেন। কিছুটা অনুরূপ চিন্তাধারায়, পৌল তীমথিকে বলেছিলেন: “অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ কর, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে।”—২ তীমথিয় ২:২.
৮. বাইবেল অধ্যয়ন, গবেষণা এবং ধ্যান কেন আবশ্যক?
৮ বিচক্ষণ পরামর্শ দানের জন্য শাস্ত্রীয় অধ্যয়ন, গবেষণা এবং ধ্যান অপরিহার্য। (হিতোপদেশ ১৫:২৮) একজন জেলা অধ্যক্ষ বলেছিলেন: “যখন প্রাচীনদের সাথে মিলিত হই, তখন আমাদের স্বীকার করতে ভয় পাওয়া উচিত নয় যে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উত্তর আমরা জানি না।” একটি বিষয়ের উপর “খ্রীষ্টের মন” পাওয়ার জন্য প্রচেষ্টা বাইবেল-ভিত্তিক পরামর্শ দেওয়াকে সম্ভবপর করে যা অন্যদের ঈশ্বরের ইচ্ছার সাথে সঙ্গতি রাখতে সাহায্য করবে। (১ করিন্থীয় ২:১৬) কখনও কখনও একজন ভ্রমণ অধ্যক্ষের নির্দেশনার জন্য ওয়াচ টাওয়ার সোসাইটিকে লেখার প্রয়োজন হয়। যে কোন ক্ষেত্রে, যিহোবাতে বিশ্বাস এবং সত্যের প্রতি প্রেম, ভাবমূর্তি বা বাক্পটুতা অপেক্ষা আরও অধিক গুরুত্বপূর্ণ। “বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা”-র পরিবর্তে পৌল করিন্থে তার পরিচর্যা “দুর্ব্বলতা, ভয় ও মহাকম্পযুক্ত”-ভাবে আরম্ভ করেছিলেন। এটি কি তাকে অকার্যকর করেছিল? পরিবর্তে, এটি করিন্থীয়দের “মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত” বিষয়ের উপর বিশ্বাস রাখতে সাহায্য করেছিল।—১ করিন্থীয় ২:১-৫.
অন্যান্য অত্যাবশ্যকীয় গুণাবলিগুলি
৯. ভ্রমণকারী প্রাচীনদের সহমর্মিতা থাকা প্রয়োজনীয়?
৯ সহমর্মিতা ভ্রমণ অধ্যক্ষদের উত্তম ফল লাভ করতে সাহায্য করে। পিতর সকল করিন্থীয়দের ‘পরদুঃখে দুঃখ’ প্রকাশ করতে বা “সহানুভূতিশীল” হতে পরামর্শ দিয়েছিলেন। (১ পিতর ৩:৮, পাদটীকা, NW) একজন সীমা অধ্যক্ষ ‘মণ্ডলীতে সকলের প্রতি আগ্রহী ও অকৃত্রিমভাবে মনোযোগী হওয়ার’ প্রয়োজনীয়তা অনুভব করেন। অনুরূপ মনোভাব নিয়ে পৌল লিখেছিলেন: “যাহারা আনন্দ করে, তাহাদের সহিত আনন্দ কর; যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন কর।” (রোমীয় ১২:১৫) এইরূপ মনোভাব সহবিশ্বাসীদের সমস্যা ও পরিস্থিতিগুলি বোঝার জন্য আন্তরিক প্রচেষ্টা করতে ভ্রমণ অধ্যক্ষদের প্রণোদিত করে। অতঃপর তারা গঠনমূলক শাস্ত্রীয় পরামর্শ দিতে পারেন যা প্রয়োগ করা হলে প্রকৃত উপকার সাধিত হয়। সহমর্মিতা দেখাতে উৎকৃষ্ট একজন সীমা অধ্যক্ষ ইতালীর, তুরিনে অবস্থিত এক মণ্ডলী থেকে এই পত্রটি পেয়েছিলেন: “আপনি যদি আগ্রহজনক হতে চান, তবে আগ্রহী হোন; আপনি যদি মনোরম হতে চান, তবে মনোরম হোন; আপনি যদি ভালবাসা পেতে চান, তবে ভালবাসাপূর্ণ হোন; আপনি যদি সাহায্য পেতে চান, তবে সাহায্য করতে প্রস্তুত থাকুন। এই বিষয়গুলিই আমরা আপনার কাছ থেকে শিখেছি!”
১০. নম্র হওয়া সম্বন্ধে সীমা এবং জেলা অধ্যক্ষেরা কী বলেছেন এবং যীশু এই বিষয়ে কোন্ উদাহরণ স্থাপন করেছিলেন?
১০ নম্র এবং সহজগম্য হওয়া ভ্রমণ অধ্যক্ষদের সর্বাধিক উত্তম করতে সাহায্য করে। একজন সীমা অধ্যক্ষ মন্তব্য করেছিলেন: “নম্র মনোভাব বজায় রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” তিনি নতুন ভ্রমণ অধ্যক্ষদের এই বলে সতর্ক করতেন “অধিক বিত্তবান ভাইয়েরা আপনার জন্য কী করতে পারেন তার দ্বারা নিজেকে অসঙ্গতভাবে প্রভাবিত হতে দেবেন না অথবা আপনার বন্ধুত্ব শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, কিন্তু অন্যদের সাথে পক্ষপাতশূন্যভাবে আচরণ করতে সর্বদা কঠোর প্রচেষ্টা করুন।” (২ বংশাবলি ১৯:৬, ৭) আর একজন প্রকৃতই নম্র ভ্রমণ অধ্যক্ষের, সোসাইটির প্রতিনিধি হিসাবে নিজের গুরুত্ব সম্বন্ধে অতিরঞ্জিত দৃষ্টিভঙ্গি থাকবে না। একজন জেলা অধ্যক্ষ যথার্থভাবে মন্তব্য করেছিলেন: “নম্র এবং ভাইয়েদের কথা শুনতে ইচ্ছুক হোন। সর্বদা সহজগম্য হোন।” সর্বমহান পুরুষ হিসাবে, যিনি কখনও জীবিত ছিলেন, যীশু খ্রীষ্ট হয়ত লোকেদের অস্বস্তি বোধ করার কারণ হতে পারতেন কিন্তু তিনি এত নম্র এবং সহজগম্য ছিলেন যে এমনকি শিশুরা তাঁর উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য অনুভব করত। (মথি ১৮:৫; মার্ক ১০:১৩-১৬) ভ্রমণ অধ্যক্ষেরা চান যে শিশু, কিশোর-কিশোরী, বয়স্ক ব্যক্তি—সত্যই মণ্ডলীর যে কেউ এবং প্রত্যেকে—যেন তার সমীপবর্তী হতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
১১. যখন প্রয়োজন হয়, তখন দোষ স্বীকার করার ফল কী হতে পারে?
১১ অবশ্যই, “আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই” এবং কোন ভ্রমণ অধ্যক্ষই ভুল করা থেকে মুক্ত নন। (যাকোব ৩:২) যখন তারা ভুল করেন, তখন আন্তরিকভাবে দোষ স্বীকার অন্যান্য প্রাচীনদের নিকটে নম্রতার উদাহরণ স্থাপন করে। হিতোপদেশ ২২:৪ পদ অনুসারে, “নম্রতার ও সদাপ্রভুর [সশ্রদ্ধ] ভয়ের পুরস্কার, ধন, সম্মান ও জীবন।” আর ঈশ্বরের সকল দাসেদের কি ‘নম্রভাবে তাহাদের ঈশ্বরের সহিত গমনাগমন’ করা প্রয়োজনীয় নয়? (মীখা ৬:৮, ১৯৬০ সালের সংস্করণ) যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এক নতুন ভ্রমণকারী প্রাচীনের জন্য তিনি কী পরামর্শ দিতে চান, তখন একজন সীমা অধ্যক্ষ মন্তব্য করেছিলেন: “সকল ভাইয়েদের প্রতি উচ্চ সম্মান এবং শ্রদ্ধা রাখুন ও তাদেরকে আপনার চেয়ে উৎকৃষ্ট হিসাবে গণ্য করুন। আপনি ভাইয়েদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। নম্র থাকুন। স্বাভাবিক হোন। গর্বিত আচরণ করবেন না।”—ফিলিপীয় ২:৩.
১২. খ্রীষ্টীয় পরিচর্যায় কেন উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ?
১২ খ্রীষ্টীয় পরিচর্যার প্রতি উদ্যোগ ভ্রমণ অধ্যক্ষের বাক্যকে তাৎপর্যপূর্ণ করে। বস্তুতপক্ষে, তিনি এবং তার স্ত্রী যখন সুসমাচার প্রচার কাজে উদ্যোগী উদাহরণ স্থাপন করেন, তখন প্রাচীনেরা, তাদের স্ত্রীয়েরা এবং মণ্ডলীর অন্যান্য সকলে তাদের পরিচর্যায় উদ্যোগ প্রদর্শন করতে উৎসাহিত হয়ে থাকেন। একজন সীমা অধ্যক্ষ পরামর্শ দিয়েছিলেন: “পরিচর্যার জন্য উদ্যোগী হোন।” তিনি আরও বলেছিলেন: “আমি দেখেছি যে, সাধারণতঃ, পরিচর্যায় একটি মণ্ডলী যত বেশি উদ্যোগী, তারা তত কম সমস্যাগুলি অভিজ্ঞতা করে।” অপর একজন সীমা অধ্যক্ষ মন্তব্য করেছিলেন: “আমি মনে করি যে প্রাচীনেরা যদি ভাইবোনদের সাথে ক্ষেত্রে কাজ করেন এবং পরিচর্যাকে উপভোগ করতে তাদের সাহায্য করেন, তাহলে তা ফলস্বরূপ মনের শান্তি এবং যিহোবার পরিচর্যাতে সর্বাধিক সন্তুষ্টি নিয়ে আসবে।” প্রেরিত পৌল ‘সাহসী হইয়া অতিশয় প্রাণপণে থিষলনীকীয়দের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা বলেছিলেন।’ আশ্চর্যের বিষয় নয় যে তার পরিদর্শনের এবং প্রচার কাজের প্রিয় স্মৃতি তাদের ছিল এবং তাকে পুনরায় দেখার আকাঙ্ক্ষা করেছিল!—১ থিষলনীকীয় ২:১, ২; ৩:৬.
১৩. একজন ভ্রমণ অধ্যক্ষ ক্ষেত্রের পরিচর্যায় সহখ্রীষ্টানদের সাথে কাজ করার সময়ে কী বিবেচনা করেন?
১৩ ক্ষেত্রের পরিচর্যাতে সহখ্রীষ্টানদের সাথে কাজ করার সময়ে, ভ্রমণ অধ্যক্ষ তাদের পরিস্থিতি এবং সীমাবদ্ধতা সম্বন্ধে বিবেচনা করেন। যদিও তার পরামর্শগুলি হয়ত সাহায্যকারী হতে পারে, তবুও তিনি জানেন যে কেউ কেউ হয়ত একজন অভিজ্ঞ প্রাচীনের সাথে কাজ করার সময়ে আশঙ্কিত হতে পারে। তাই, কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার চেয়ে উৎসাহ দান হয়ত অনেক বেশি উপকারী হতে পারে। যখন তিনি বাইবেল অধ্যয়নে প্রকাশক অথবা অগ্রগামীদের সঙ্গী হন, তখন তারা হয়ত পছন্দ করতে পারে যে তিনি এটি পরিচালনা করুন। এটি সম্ভবত তাদের শিক্ষাদান প্রণালীর উন্নতি করার জন্য কিছু পদ্ধতির সাথে তাদের পরিচিত করবে।
১৪. কেন বলা যেতে পারে যে উদ্যোগী ভ্রমণ অধ্যক্ষেরা অপরের উদ্যোগকে জাগিয়ে তোলেন?
১৪ উদ্যোগী ভ্রমণ অধ্যক্ষেরা অন্যদের উদ্যোগকে জাগিয়ে তোলেন। উগাণ্ডায় একজন ভ্রমণ অধ্যক্ষ এক ভাইয়ের সাথে একটি বাইবেল অধ্যয়নে, যে অল্পই উন্নতি করছিল তার কাছে যাওয়ার জন্য ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এক ঘন্টা হেঁটে গিয়েছিলেন। তাদের যাওয়ার সময় অত্যধিক বৃষ্টি হওয়ার দরুন তারা সম্পূর্ণভাবে ভিজে যান। ছয় সদস্য বিশিষ্ট পরিবারটি যখন জানতে পেরেছিলেন যে তাদের পরিদর্শনকারী ছিলেন একজন ভ্রমণ অধ্যক্ষ, তখন তারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। তারা জানতেন যে তাদের গির্জার পরিচারকেরা পালের প্রতি কখনই এইরূপ আগ্রহ দেখাবেন না। পরের রবিবারে, তারা তাদের প্রথম সভাতে যোগদান করেছিলেন এবং যিহোবার সাক্ষী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
১৫. মেক্সিকোতে একজন উদ্যোগী ভ্রমণ অধ্যক্ষ কোন্ উত্তম অভিজ্ঞতা উপভোগ করেছিলেন?
১৫ মেক্সিকোর ওক্সাকা রাজ্যে, একজন সীমা অধ্যক্ষ এমন প্রচেষ্টা করেছিলেন যা প্রকৃতপক্ষেই তার কাছ থেকে আশা করা হয়নি। তিনি সাত জন কারাবাসিন্দাদের একটি দলকে যারা রাজ্যের প্রকাশক হয়েছিল, তাদের পরিদর্শন করার জন্য চার রাত্রি কারাকক্ষে থাকার ব্যবস্থা করেছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি এই কয়েদিদের সঙ্গী হয়েছিলেন যখন তারা কক্ষে কক্ষে সাক্ষ্য দিয়েছিল এবং বাইবেল অধ্যয়নগুলি পরিচালনা করছিল। আগ্রহ দেখা গিয়েছিল বলে এই অধ্যয়নগুলির মধ্যে কয়েকটি এমনকি মাঝরাত পর্যন্ত পরিচালনা করা হয়েছিল। এই উদ্যোগী সীমা অধ্যক্ষ লেখেন: “পরিদর্শনের শেষে, পারস্পরিক উৎসাহের ফলস্বরূপ কারাবাসিন্দারা এবং আমি পরিপূর্ণ আনন্দ অনুভব করেছিলাম।”
১৬. যখন ভ্রমণ অধ্যক্ষেরা ও তাদের স্ত্রীয়েরা উৎসাহ প্রদান করেন, তখন কেন তা অত্যন্ত উপকারী?
১৬ ভ্রমণ অধ্যক্ষগণ উৎসাহজনক হতে চেষ্টা করেন। মাকিদনিয়ার মণ্ডলীতে ভ্রমণ করার সময়ে, পৌল ‘অনেক কথা দ্বারা তাদেরকে আশ্বাস দিয়েছিলেন।’ (প্রেরিত ২০:১, ২) উৎসাহজনক বাক্যগুলি যুবক এবং বৃদ্ধ উভয়ের জন্যই আধ্যাত্মিক লক্ষ্যের দিকে পরিচালনা করতে সাহায্যকারী হতে পারে। ওয়াচ টাওয়ার সোসাইটির একটি বৃহৎ শাখা অফিসে, এক রীতিবহির্ভূত সমীক্ষা প্রকাশ করেছিল যে সীমা অধ্যক্ষগণ স্বেচ্ছাসেবকদের শতকরা প্রায় ২০ ভাগকে পূর্ণ-সময়ের পরিচর্যা গ্রহণ করতে উৎসাহিত করেছিলেন। পূর্ণ-সময় রাজ্যের ঘোষণাকারী হিসাবে তার উত্তম উদাহরণের দ্বারা, ভ্রমণ অধ্যক্ষের স্ত্রীও উৎসাহের এক মহান উৎস হিসাবে প্রমাণিত হয়ে থাকেন।
১৭. একজন বয়স্ক সীমা অধ্যক্ষ অন্যদের সাহায্য করার ক্ষেত্রে তার সুযোগ সম্বন্ধে কেমন অনুভব করেন?
১৭ বয়স্ক এবং হতাশাগ্রস্ত ব্যক্তিদের বিশেষভাবে উৎসাহের প্রয়োজন। একজন বয়স্ক সীমা অধ্যক্ষ লেখেন: “ঈশ্বরের পালের মধ্যে নিষ্ক্রিয় এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্য করার সুযোগ হল আমার কাজের একটি দিক যা অব্যক্ত এক আভ্যন্তরীণ আনন্দ উৎপন্ন করে। রোমীয় ১:১১, ১২ পদের বাক্যগুলি আমার জন্য এক বিশেষ অর্থ রাখে, আর আমি অপরিমেয় উৎসাহ এবং শক্তি পাই যখন ‘এইরূপ ব্যক্তিদের এমন কোন আত্মিক বর প্রদান করি, যাহাতে তাহারা স্থিরীকৃত হয়।’”
তাদের আনন্দদায়ক কাজের পুরস্কারগুলি
১৮. ভ্রমণ অধ্যক্ষদের কোন্ শাস্ত্রীয় উদ্দেশ্যগুলি রয়েছে?
১৮ ভ্রমণ অধ্যক্ষদের সহবিশ্বাসীদের প্রতি আন্তরিক আগ্রহ আছে। তারা মণ্ডলীগুলিকে সবল করতে এবং তাদেরকে আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে চান। (প্রেরিত ১৫:৪১) একজন ভ্রমণ অধ্যক্ষ “উৎসাহ দিতে, সতেজতা দান করতে এবং পরিচর্যা সম্পূর্ণ করতে ইচ্ছা গড়ে তুলতে ও ক্রমাগত সত্যে জীবনযাপন করতে” কঠোর পরিশ্রম করেন। (৩ যোহন ৩) অপর এক জন সহবিশ্বাসীদের বিশ্বাসে দৃঢ় করতে চেষ্টা করেন। (কলসীয় ২:৬, ৭) স্মরণে রাখুন যে ভ্রমণ অধ্যক্ষেরা হলেন “প্রকৃত সহযুগ্য,” অন্যদের বিশ্বাসের উপর প্রভুত্বকারী নন। (ফিলিপীয় ৪:৩; ২ করিন্থীয় ১:২৪) তার পরিদর্শন হল উৎসাহ এবং অতিরিক্ত কার্যক্রমের একটি উপলক্ষ সেইসাথে তা প্রাচীনগোষ্ঠীর জন্য, যে অগ্রগতি হয়েছে তার পর্যালোচনা করা ও ভবিষ্যৎ লক্ষ্যগুলি বিবেচনা করার এক সুযোগস্বরূপ। তার বাক্য এবং উদাহরণের দ্বারা, মণ্ডলীর প্রকাশকেরা, অগ্রগামীরা, পরিচারক দাসেরা এবং প্রাচীনেরা গড়ে ওঠা এবং সম্মুখে কাজ চালিয়ে যাওয়ার জন্য উদ্দীপিত হওয়ার প্রত্যাশা করতে পারেন। (তুলনা করুন ১ থিষলনীকীয় ৫:১১.) অতএব, সম্পূর্ণচিত্তে সীমা অধ্যক্ষের পরিদর্শনকে সমর্থন করুন এবং জেলা অধ্যক্ষের দ্বারা সম্পাদিত পরিচর্যার পূর্ণ সুযোগ গ্রহণ করুন।
১৯, ২০. ভ্রমণ অধ্যক্ষেরা এবং তাদের স্ত্রীয়েরা কিভাবে তাদের বিশ্বস্ত পরিচর্যার জন্য পুরস্কৃত হয়ে আসছেন?
১৯ ভ্রমণ অধ্যক্ষেরা এবং তাদের স্ত্রীয়েরা তাদের বিশ্বস্ত পরিচর্যার জন্য উত্তমভাবে পুরস্কৃত হন এবং তারা নিশ্চিত হতে পারেন যে তাদের কৃত সৎকর্মের জন্য যিহোবা তাদের আশীর্বাদ করবেন। (হিতোপদেশ ১৯:১৭; ইফিষীয় ৬:৮) জর্জ এবং ম্যাগডোলেনা হলেন এক বয়স্ক দম্পতি, যারা ভ্রমণ কাজে বহু বছর পরিচর্যা করেছিলেন। লাক্সামবার্গে এক সম্মেলনে, ম্যাগডোলেনা এমন এক ব্যক্তির সান্নিধ্যে এসেছিলেন, যার কাছে তিনি ২০ বছরেরও বেশি পূর্বে সাক্ষ্য দিয়েছিলেন। ম্যাগডোলেনা যে বাইবেল সাহিত্য তার কাছে ছেড়ে গিয়েছিলেন তার দ্বারা এই যিহূদী মহিলার সত্যের প্রতি আগ্রহ জেগে উঠেছিল এবং কালক্রমে, তিনি বাপ্তাইজিত হয়েছিলেন। জর্জ অন্য একজন আধ্যাত্মিক বোনের সান্নিধ্যে এসেছিলেন, যিনি তার গৃহে প্রায় ৪০ বছর পূর্বের তার সাক্ষাৎকে স্মরণ করেছিলেন। সুসমাচারের উদ্দীপনামূলক উপস্থাপনা শেষ পর্যন্ত সে এবং তার স্বামী, উভয়কেই সত্য গ্রহণ করতে পরিচালিত করেছিল। বলাই বাহুল্য যে, জর্জ এবং ম্যাগডোলেনা উভয়ই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।
২০ ইফিষে পৌলের ফলপ্রসূ পরিচর্যা তাকে আনন্দিত করেছিল এবং হয়ত তাকে যীশুর বাক্যগুলি উদ্ধৃত করতে পরিচালিত করেছিল: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।” (প্রেরিত ২০:৩৫) যেহেতু ভ্রমণ কাজ ক্রমাগত দানকে অন্তর্ভুক্ত করে, তাই যারা এতে রত থাকেন, তারা আনন্দ উপভোগ করেন, বিশেষভাবে যখন তারা তাদের পরিশ্রমের উত্তম ফল সম্বন্ধে অবগত হন। একজন সীমা অধ্যক্ষ, যিনি এক নিরুৎসাহিত প্রাচীনকে সাহায্য করেছিলেন, তাকে একটি পত্রে বলা হয়েছিল: “আপনি আমার আধ্যাত্মিক জীবনে পরম ‘সান্ত্বনাজনক’ হয়েছেন—আপনার অবগতির চেয়ে বেশি . . . আপনি কখনই সম্পূর্ণভাবে জানতে পারবেন না যে কতখানি সাহায্য আপনি আধুনিক-দিনের আসফকে করেছেন যার ‘চরণ প্রায় টলিয়াছিল।’”—কলসীয় ৪:১১; গীতসংহিতা ৭৩:২.
২১. আপনি কেন বলবেন যে ১ করিন্থীয় ১৫:৫৮ পদ ভ্রমণ অধ্যক্ষদের কার্যাবলীর প্রতি প্রয়োগযোগ্য?
২১ একজন বয়স্ক খ্রীষ্টান, যিনি বহু বছর সীমার কাজে ছিলেন, তিনি ১ করিন্থীয় ১৫:৫৮ পদ সম্বন্ধে চিন্তা করতে পছন্দ করেন, যেখানে পৌল পরামর্শ দিয়েছিলেন: “সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।” প্রভুর কার্যে ভ্রমণ অধ্যক্ষদের নিশ্চিতভাবেই অনেক কিছু করার আছে। আর আমরা কতই না কৃতজ্ঞ যে তারা যিহোবার অযাচিত করুণার কারণে বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হিসাবে অত্যন্ত আনন্দিতভাবে সেবা করেন!
[পাদটীকাগুলো]
a প্রহরীদুর্গ (ইংরাজি), মে ১৫, ১৯৯১, পৃষ্ঠা ২৮-৩১-এ “অধিক কিছু করার দ্বারা আপনি কি সুখী হতে পারেন?” নামক প্রবন্ধটি দেখুন।
আপনি কিভাবে উত্তর দেবেন?
◻ ভ্রমণ অধ্যক্ষদের কেন “উত্তম তত্ত্বাবধায়ক” হিসাবে দেখা যেতে পারে?
◻ কিছু বিষয় কী যা সীমা এবং জেলা অধ্যক্ষদের অধিক উত্তম সম্পাদন করতে সাহায্য করে থাকে?
◻ যারা ভ্রমণ কাজে রত, তাদের জন্য কেন নম্রতা এবং উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ?
◻ ভ্রমণ অধ্যক্ষদের কোন্ উত্তম উদ্দেশ্যগুলি রয়েছে?
[১৬ পৃষ্ঠার চিত্র]
ভ্রমণ অধ্যক্ষেরা সহবিশ্বাসীদের উৎসাহিত করতে চেষ্টা করেন
[১৭ পৃষ্ঠার চিত্র]
যুবক এবং একইভাবে বৃদ্ধেরা ভ্রমণ অধ্যক্ষ এবং তাদের স্ত্রীয়েদের সাহচর্য দ্বারা উপকৃত হতে পারে
[১৮ পৃষ্ঠার চিত্র]
ভ্রমণ অধ্যক্ষদের উদ্যোগী পরিচর্যা অপরের উদ্যোগকে বৃদ্ধি করে