যেভাবে আপনার দান ব্যবহার করা হয়
সহজ উপায়ে ছাপানো যাতে “সমস্ত ধরনের লোক” সাহায্য পায়
অক্টোবর ১, ২০২৫
যিহোবা ঈশ্বর চান যেন “সমস্ত ধরনের লোক … সত্য সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করে।” (১ তীমথিয় ২:৩, ৪) কিন্তু, আমাদের ভাই-বোনেরা এবং যাদের কাছে আমরা প্রচার করি তারা শত শত ভাষায় কথা বলে। প্রতি বছর সেই ভাষাগুলোতে প্রায় দু-শো কোটি সাহিত্যাদি ছাপানো হয়। কোন পদক্ষেপগুলো কাজে লাগিয়ে আমরা দানের অর্থ বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করে অনেক ভাষায় আধ্যাত্মিক খাদ্য প্রস্তুত করতে পেরেছি?
অল্প ছাপাখানা এবং উত্তম মেশিন
১৯৮০-র দশকে, ৪০টারও বেশি দেশ ও দ্বীপে আমাদের সাহিত্যাদিগুলো ছাপানো হত। সেই সময় থেকে ধীরে ধীরে ছাপানোর কাজকে পুনরায় সংগঠিত করার মাধ্যমে এখন আমরা মাত্র নয়টা দেশ ও দ্বীপে ছাপানোর কাজ করি। তখন আমাদের সাহিত্যাদি প্রায় ১৬৫-টা ভাষায় পাওয়া যেত, কিন্তু বর্তমানে তা ১,০০০রেরও বেশি ভাষায় পাওয়া যায়! কীভাবে আমরা অল্প ছাপাখানায় আরও বেশি ভাষায় ছাপানোর কাজ করতে পারি? একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, উত্তম মেশিন।
নতুন ছাপানো মেশিনগুলোর মাধ্যমে আমরা কম সময়ে আরও বেশি সাহিত্যাদি ছাপাতে পেরেছি। একটা ছাপানোর কাজ শেষ করে অন্য ছাপানোর কাজ শুরু করার জন্য পুরোনো ছাপানো মেশিনগুলোতে অনেক সময় ব্যয় হত। এখন উত্তম মেশিনের কারণে এই কাজটা চারগুণ তাড়াতাড়ি হয়ে যায়। আমরা আরও বেশি কাজ আরও দ্রুত শেষ করতে পারি, যার অন্তর্ভুক্ত হল, এমন ভাষায় অল্প পরিমাণে সাহিত্যাদি ছাপানো যে-ভাষায় অনেক কম লোক কথা বলে। অবশ্যই, প্রতিটা কাজের জন্য নতুন প্রিন্টিং প্লেটের প্রয়োজন হয়। সম্প্রতি এক বছরের মধ্যে আমরা প্রায় ২০ লক্ষ ডলার শুধুমাত্র প্রিন্টিং প্লেটের জন্য ব্যয় করেছি।a তাই, খুব ছোটো ছাপানোর কাজের জন্যও আমরা ডিজিটাল ছাপানো মেশিন ব্যবহার করি, যেটাতে প্রিন্টিং প্লেটের প্রয়োজন হয় না। ডিজিটাল ছাপানো মেশিন ও এমন মেশিন যেটাতে লেজার টেকনোলজি ব্যবহার করা হয়, তা দিয়ে তুলনামূলক কম খরচে এবং বেশি সম্পদ নষ্ট না করে অল্প সংখ্যক সাহিত্যাদি ছাপানো হয়।
দু-টো কাজের মাঝে প্লেট চেঞ্জ করা
গত তিন বছরে আমরা সারা পৃথিবীতে ১ কোটি ডলারেরও বেশি আরও ভালো ছাপানোর এবং বই বাঁধানোর মেশিনে ব্যয় করেছি। আসুন দেখি, কীভাবে আমরা এই মেশিনগুলো বাইবেল উৎপাদনের কাজে ব্যবহার করছি। অতীতে, বাইবেল উৎপাদন করার জন্য ছাপানোর পর ৪০-টারও বেশি কাজ করতে হত, যার অন্তর্ভুক্ত সেলাই করা, কাটা, ছাঁটাই করা, মসৃণ করা এবং সোনালি বার্নিশ করা। সেইসঙ্গে, প্রত্যেকটা কাজের পর বেশিরভাগ সময় বাইবেলগুলোকে আমাদের হাতে করে নিয়ে একটার উপর একটা রাখতে হত। বর্তমানে মাত্র ১০টা কাজ করতে হয়, কারণ অনেক কাজ মেশিনের মাধ্যমে হয়ে যায় এবং বাহক যন্ত্র ব্যবহার করে বাইবেলগুলোকে পরের কাজের জন্য নিয়ে যাওয়া হয়। তাই, এখন আগের তুলনায় অর্ধেক সময়ের মধ্যে বাইবেল উৎপাদন করা হয়। জাপান শাখায়, প্রতি আট ঘণ্টায় ২,০০০-টা বাইবেল ছাপানো হত। বর্তমানে একই সময়ে ৩৫,০০০-টা বাইবেল ছাপানো হয়!
বাইবেলের প্রতিটা বিভাগ চিহ্নিত, সংগ্রহ ও বাছাই করার জন্য বারকোডগুলো ব্যবহার করা হয়
কম পেপার এবং সাহিত্যাদি মজুত করার মাধ্যমে অর্থ সাশ্রয় করা হয়
এই উন্নতিগুলোর কারণে আমরা দানের অর্থ সাশ্রয় করতে পেরেছি। উদাহরণস্বরূপ, বর্তমানে অল্প সংখ্যক ছাপানো কাজ এবং দ্রুত আরও অন্যান্য কাজ করার মাধ্যমে আমরা প্রত্যেক ছাপাখানায় মজুত করা সাহিত্যাদির সংখ্যা কম করতে পেরেছি। গ্যারি নামে একজন ভাই যিনি যুক্তরাষ্ট্র শাখায় কাজ করেন, তিনি বলেন, “প্রথমে আমার জন্য এটা বোঝা কঠিন ছিল যে, অল্প সংখ্যক সাহিত্যাদি বেশি বার ছাপানো এক ভালো আইডিয়া। কারণ মনে হয়েছিল, বেশি সংখ্যক সাহিত্যাদি কম বার ছাপালে ভালো হত।” গ্যারি আরও বলেন: “প্রথম বছর অল্প সংখ্যক ছাপানোর কাজ বেশি বার করার মাধ্যমে প্রিন্টিং প্লেট এবং কাগজের বর্জ্যের খরচ ৬০,০০০ ডলার বেড়ে গিয়েছিল। কিন্তু, সেই বছর আমরা কাগজ এবং ছাপানো বই মজুত করার ফলে ১৫ লক্ষ ডলার সাশ্রয় করেছি!” এই সাশ্রয়ের ফলে সেই অর্থ আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ যেমন, কিংডম হল নির্মাণ এবং ত্রাণ কাজে ব্যবহার করতে পারছি।
মজুত কম করার কারণে কোনো কোনো শাখা অফিসে জায়গা বেড়ে গিয়েছে। সেই শাখা অফিসগুলো ওই ফাঁকা জায়গা বেথেলের অন্যান্য কাজে ব্যবহার করতে পেরেছে। সেইসঙ্গে, অল্প সংখ্যক শাখা অফিসে ছাপানোর কাজ হওয়ার কারণে, বেশিরভাগ সময় যে-নতুন শাখা অফিসগুলো তৈরি করা হচ্ছে, সেগুলোর আকার কম করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৮ সালে ব্রিটেন শাখায় যে-ছাপানোর কাজ হত, তা মধ্য ইউরোপ শাখা এবং অন্যান্য ছাপাখানা করতে শুরু করে। এর কারণে ইংল্যান্ডের চেল্মসফোর্ড শাখা অফিস নির্মাণ কাজে লক্ষ লক্ষ ডলার সাশ্রয় করা হয়েছে।
“তুমি আমাকে মনে রেখেছ!”
গুরুত্বপূর্ণ বিষয় হল, ছাপানোর কাজ সহজ করার মাধ্যমে আরও বেশি লোক যিহোবার নিকটবর্তী হতে পেরেছে। এখন আমরা আরও অনেক ভাষায় ছাপানোর কাজ করতে পারি, এমনকী তখনও যখন কোনো ভাষায় প্রকাশনার মাত্র কয়েক-শো কপির প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে, নিউ ক্যালেডোনিয়া এবং ওয়ালিস ও ফুটুনা দ্বীপপুঞ্জে শুধুমাত্র ৩৫,০০০ লোক ওয়ালিসিয়ান ভাষায় কথা বলে। কিন্তু, ২০২৪ সালের আগস্ট মাসে ওয়ালিসিয়ান ভাষায় সম্পূর্ণ পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ প্রকাশ করা হয়েছিল। সেলাফিনা নামে একজন প্রকাশক যিনি ওয়ালিসিয়ান ভাষায় কথা বলেন, তিনি বলেন: “আমি ফ্রেঞ্চ ভাষার বাইবেলে এমন কিছু কিছু বিষয় পড়তাম, যা আমি বুঝতে পারতাম না। তাই, আমি যখন ওয়ালিসিয়ান ভাষায় বাইবেল পাই, তখন আমার চোখে জল এসে যায়। আমি যিহোবার কাছে প্রার্থনা করে বলি, ‘হে যিহোবা, তুমি আমাকে মনে রেখেছ! তুমি পক্ষপাতিত্ব কর না।’”
সম্পূর্ণ নতুন জগৎ অনুবাদ এখন ওয়ালিসিয়ান ভাষায় পাওয়া যাচ্ছে
যদিও, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পাঁচ লক্ষেরও কম লোক সাঙ্গা ভাষায় কথা বলে, তবুও সম্পূর্ণ চিরকাল জীবন উপভোগ করুন! বই তাদের ভাষায় রয়েছে। সাঙ্গা ভাষার এক মণ্ডলীর ভাই জোজুয়া বলেন, “বাইবেল ছাত্রদের কোনো কোনো শব্দ বা অভিব্যক্তি অনুবাদ করে বোঝানোর জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন হত। কিন্তু তারপরও, অনেকসময় আমার বাইবেল ছাত্রেরা সেই বিষয়টা বুঝতে পারত না। সাঙ্গা ভাষার এই বইটা পেয়ে কতই-না স্বস্তি পেয়েছি! এখন আমার বাইবেল ছাত্রেরা যা শিখছে তা বুঝতে পারে এবং আমাকে আর বড়ো বড়ো করে ব্যাখ্যা করতে হয় না।”
চিরকাল জীবন উপভোগ করুন! বই ব্যবহার করে হন্ডুরাসে গ্যারিফুনা ভাষায় বাইবেল অধ্যয়ন করা হচ্ছে আর এই ভাষায় প্রায় ১,২০,০০০ লোক কথা বলে
এখন আমরা আগের চেয়ে আরও বেশি লোকদের এবং আরও বেশি ভাষায় বাইবেলভিত্তিক প্রকাশনা প্রকাশ করছি আর তা লোকদের দিচ্ছি। আপনার দান যার অন্তর্ভুক্ত donate.jw.org ওয়েবসাইটে করা দান এই কাজে আমাদের সাহায্য করেছে। আপনার উদার দানের জন্য অনেক ধন্যবাদ।
a এই প্রবন্ধে সমস্ত ডলার মার্কিন ডলারকে চিত্রিত করে।