মদ খাওয়ার বিষয়ে বাইবেল কী বলে? মদ খাওয়া কি পাপ?
বাইবেলের উত্তর
পরিমিত মাত্রায় মদ খাওয়া পাপ নয়। বাইবেলে বলা হয়েছে, দ্রাক্ষারস ঈশ্বরের কাছ থেকে একটা উপহার, যা আমাদের জীবনকে আনন্দময় করে তোলে। (গীতসংহিতা ১০৪:১৪, ১৫; উপদেশক ৩:১৩; ৯:৭) বাইবেল এও বলে, দ্রাক্ষারস ওষুধ হিসেবে কাজ করে।—১ তীমথিয় ৫:২৩.
পৃথিবীতে থাকার সময় যিশু দ্রাক্ষারস খেয়েছিলেন। (মথি ২৬:২৯; লূক ৭:৩৪) যিশুর এক সুপরিচিত অলৌকিক কাজ হল, একটা বিবাহভোজে জলকে দ্রাক্ষারসে পরিণত করা। সেই বিয়ের জন্য এটা খুব উদার এক উপহার ছিল।—যোহন ২:১-১০.
মাত্রাতিরিক্ত মদ খাওয়ার বিপদ
যদিও বাইবেলে দ্রাক্ষারস খাওয়ার ভালো দিক তুলে ধরা হয়েছে, তবে মাত্রাতিরিক্ত মদ খাওয়া এবং মাতাল হওয়াকে বাইবেল নিন্দা করে। তাই, একজন খ্রিস্টান যদি মদ খেতে চান, তা হলে তিনি কেবল পরিমিত মাত্রায় তা খেতে পারেন। (১ তীমথিয় ৩:৮; তীত ২:২, ৩) মাত্রাতিরিক্ত মদ না খাওয়ার বিষয়ে বাইবেলে কয়েকটা কারণ তুলে ধরা হয়েছে।
এটা চিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। (হিতোপদেশ ২৩:২৯-৩৫) একজন মাতাল ব্যক্তি বাইবেলের এই আজ্ঞা মেনে চলতে পারেন না যে, “তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসেবে উৎসর্গ করো। এভাবে তোমরা তোমাদের যুক্তি করার ক্ষমতা সহকারে পবিত্র সেবা প্রদান করবে।”—রোমীয় ১২:১.
মাত্রাতিরিক্ত মদ খাওয়ার কারণে একজন ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর এটা তার “বুদ্ধি হরণ করে।”—হোশেয় ৪:১১; ইফিষীয় ৫:১৮.
এটা দরিদ্রতার দিকে পরিচালিত করতে এবং গুরুতর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসতে পারে।—হিতোপদেশ ২৩:২১, ৩১, ৩২.
প্রচুর পরিমাণে মদ খাওয়া এবং মাতাল হওয়া ঈশ্বরকে অসন্তুষ্ট করে।—হিতোপদেশ ২৩:২০; গালাতীয় ৫:১৯-২১.
অতিরিক্ত পরিমাণ বলতে কতটা পরিমাণকে বোঝায়?
একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়েছেন, এটা তখনই বলা যেতে পারে, যখন তিনি মদ খাওয়ার কারণে নিজের অথবা অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলেন। বাইবেল বলে, যারা মদের নেশায় চুর হয়ে থাকে, শুধু তারাই যে মাতাল এমন নয়। কিন্তু এর পাশাপাশি সেই ব্যক্তিদেরও মাতাল বলা যায়, যারা মদ খাওয়ার পরে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, টলতে টলতে হাঁটে, খারাপভাবে আচরণ করে অথবা স্পষ্টভাবে কথা বলতে পারে না। (ইয়োব ১২:২৫; গীতসংহিতা ১০৭:২৭; হিতোপদেশ ২৩:২৯, ৩০, ৩৩) এমনকী যারা প্রচুর পরিমাণে মদ খায় না, তারাও ‘অতিরিক্ত পান করার দ্বারা ভারগ্রস্ত হয়ে পড়তে’ পারে এবং এর খারাপ পরিণতি ভোগ করতে পারে।—লূক ২১:৩৪, ৩৫.
পুরোপুরিভাবে দূরে থাকা
বাইবেল বলে, কিছু পরিস্থিতিতে খ্রিস্টানদের মদ খাওয়া থেকে দূরে থাকতে হবে:
যখন তা করা অন্যদের বিশ্বাসকে দুর্বল করবে।—রোমীয় ১৪:২১.
যখন তা করা সেই দেশের বা জায়গার আইনের বিরুদ্ধে।—রোমীয় ১৩:১.
যদি একজন ব্যক্তি মদ খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারেন। যারা মদ অথবা অন্যান্য নেশাকর দ্রব্যের প্রতি আসক্তির সঙ্গে লড়াই করছে, তাদের তা কাটিয়ে ওঠার জন্য বড়ো বড়ো পদক্ষেপ নিতেও প্রস্তুত থাকতে হবে।—মথি ৫:২৯, ৩০.