যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
মৌখিক যৌনতা বলতে কি সত্যিই যৌনসম্পর্ক করা বোঝায়?
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (ইউ. এস. সেন্টার্স ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন) একটা সাক্ষাৎকার নিয়েছিল, যেখানে ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোর-কিশোরীরা জানিয়েছিল যে, তাদের মধ্যে প্রায় অর্ধেকই মৌখিক যৌনতায় জড়িত ছিল। ওরাল সেক্স ইস দ্যা নিউ গুডনাইট কিস নামক বইয়ের লেখিকা শার্লিন আজম লেখেন, “আপনি যদি এই কিশোর-কিশোরীদের মৌখিক যৌনতা সম্বন্ধে জিজ্ঞেস করেন, তারা বলবে এটা এমন কিছু বড়ো বিষয় নয়। আসলে তারা এটাকে যৌনসম্পর্ক বলে মনে করে না।”
তুমি কী মনে করো?
পরবর্তী প্রশ্নগুলো হ্যাঁ অথবা না-এ উত্তর দাও।
১. মৌখিক যৌনতার ফলে একজন মেয়ে কি গর্ভবতী হতে পারে?
ক) হ্যাঁ
খ) না
২. মৌখিক যৌনতায় জড়িত হলে কি স্বাস্থ্যগত সমস্যা হতে পারে?
ক) হ্যাঁ
খ) না
৩. মৌখিক যৌনতা কি প্রকৃতই যৌনসম্পর্ক?
ক) হ্যাঁ
খ) না
আসল বিষয়টা কী?
তোমার উত্তর নিম্নলিখিত উত্তরের সঙ্গে মিলিয়ে নাও।
১. মৌখিক যৌনতার ফলে একজন মেয়ে কি গর্ভবতী হতে পারে?
উত্তর: না। সেইজন্য অনেক ব্যক্তি ভুলভাবে এই সিদ্ধান্তে আসে যে, মৌখিক যৌনতা অক্ষতিকর।
২. মৌখিক যৌনতায় জড়িত হলে কি স্বাস্থ্যগত সমস্যা হতে পারে?
উত্তর: হ্যাঁ। কেউ যখন মৌখিক যৌনতায় জড়িত হয়, তখন বিভিন্ন রোগ দেখা দিতে পারে, যেমন হেপাটাইটিস এ অথবা বি, যৌনাঙ্গে রযাস, গনোরিয়া, হার্পিস, এইচ. আই. ভি. ও সিফিলিস।
৩. মৌখিক যৌনতা কি প্রকৃতই যৌনসম্পর্ক?
উত্তর: হ্যাঁ। যৌনাঙ্গ জড়িত রয়েছে, এমন যেকোনো কাজই হল যৌনসম্পর্ক। যেমন, সরাসরি যৌনসম্পর্ক, মুখের মাধ্যমে যৌনতা, মলদ্বারের মাধ্যমে যৌনতা এবং যৌনকামনা নিয়ে অন্য ব্যক্তির যৌনাঙ্গে হাত বোলানো।
কেন আমাদের তা বিবেচনা করতে হবে?
এসো, আমরা বাইবেলের কিছু শাস্ত্রপদ বিবেচনা করে দেখি, যেগুলো মৌখিক যৌনতার সঙ্গে সম্পর্কযুক্ত।
বাইবেল বলে: “ঈশ্বরের ইচ্ছা এই, যেন তোমরা ... যৌন অনৈতিকতা থেকে পৃথক থাক।”—১ থিষলনীকীয় ৪:৩.
মূল ভাষায় “যৌন অনৈতিকতা” বলতে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা বিয়ের বাইরে যেকোনো ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝায়, যেটার মধ্যে রয়েছে, সরাসরি যৌনসম্পর্ক, মুখের মাধ্যমে যৌনতা, মলদ্বারের মাধ্যমে যৌনতা এবং যৌনকামনা নিয়ে অন্য ব্যক্তির যৌনাঙ্গে হাত বোলানো। যখন কেউ যৌন অনৈতিকতায় জড়িত হয়, তখন তাকে চরম পরিণতি ভোগ করতে হতে পারে আর সেটার মধ্যে সবচেয়ে দুঃখজনক হল, ঈশ্বরের সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়।—১ পিতর ৩:১২.
বাইবেল বলে: “যে-কেউ যৌন অনৈতিকতায় রত হয়, সে নিজের দেহের বিরুদ্ধে পাপ করে।”—১ করিন্থীয় ৬:১৮.
মৌখিক যৌনতার ফলে একজন ব্যক্তির শারীরিক ও আধ্যাত্মিক ক্ষতি হয়। এ ছাড়া, এটা আবেগগত ক্ষতের সৃষ্টি করে। টকিং সেক্স উইথ ইয়োর কিডস নামক বই বলে, “যখন কেউ যৌনসম্পর্ক করে, তখন তার মধ্যে এই ধরনের মনোভাব দেখা যায়, যেমন অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া, পরিস্থিতির শিকার হওয়া অথবা ঘৃণার মনোভাব। অনুপযুক্ত পরিস্থিতিতে যেকোনো ধরনের যৌনসম্পর্কই আবেগগত ক্ষতের সৃষ্টি করতে পারে। যেকোনো ধরনের যৌনসম্পর্কই হল যৌনসম্পর্ক।”
বাইবেল বলে: “আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি।”—যিশাইয় ৪৮:১৭.
তুমি কী মনে করো, যৌনতা সম্পর্কে ঈশ্বরের আইন কি তোমাকে উপকৃত করবে না কি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য চিন্তা করো, তুমি একটা ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে রয়েছ আর সেখানে লেখা রয়েছে, তুমি সর্বোচ্চ কত গতিতে গাড়িতে চালাতে পার, তোমাকে কোথায় দাঁড়াতে হবে আর সেইসঙ্গে ট্র্যাফিক সিগনালও দেওয়া রয়েছে। এই চিহ্ন ও সিগনালগুলো কি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না কি তোমায় সুরক্ষিত রাখে? তুমি ও অন্যান্য চালক যদি সেগুলো উপেক্ষা কর, তা হলে কী হতে পারে?
ট্র্যাফিক আইন তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে ঠিকই কিন্তু সেটা তোমাকে সুরক্ষিত রাখে। ঈশ্বরের আইনেও বিভিন্ন বিধি-নিষেধ আছে ঠিকই, কিন্তু সেটা তোমাকে সুরক্ষিত রাখে
ঈশ্বরের আইনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তুমি যদি সেটা উপেক্ষা কর, তা হলে সেটাই কাটবে, যেটা তুমি বুনেছ। (গালাতীয় ৬:৭) সেক্স স্মার্ট নামক বইটা বলে, “তুমি যতবেশি তোমার বিশ্বাস ও মূল্যবোধ ত্যাগ করবে এবং এমন কাজে লিপ্ত হবে, যেটা তুমি জান যে, সঠিক নয়, ততবেশি তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলবে।” বিপরীতে, তুমি যদি ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন কর, তা হলে তুমি নৈতিক দিক দিয়ে শুচি থাকতে পারবে। এর চেয়েও বড়ো বিষয় হল তুমি উত্তম বিবেক বজায় রাখতে পারবে।—১ পিতর ৩:১৬.