অতিমারির সময়েও স্বস্তিতে থাকুন
আপনি কি কোভিড-১৯ অতিমারির কারণে আসা সমস্যাগুলো নিয়ে চিন্তিত? যদি তা-ই হয়, তা হলে আপনি একা নন। সারা পৃথিবীর মানুষ মাসের পর মাস ধরে এই অতিমারির মধ্যে বাস করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ডঃ হান্স ক্লুগ বলেন, “কোভিড-১৯ আটকানোর জন্য অনেকেই অনেক ত্যাগস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে হতাশ হওয়া এবং উদ্বিগ্ন বোধ করা স্বাভাবিক, কারণ মানুষ ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে।”
আপনিও যদি এই অতিমারির ভয়ে ক্লান্ত হয়ে পড়েন, তা হলে হতাশ হবেন না। বাইবেল অনেককে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করছে। বাইবেল আপনাকেও সাহায্য করতে পারে।
অতিমারির কারণে আসা ক্লান্তি কী?
অতিমারির কারণে আসা ক্লান্তি আসলে মানুষের জীবন পরিবর্তিত হলে এবং ভবিষ্যতে কী হবে, তা না জানলে হয়ে থাকে। তবে, এটা কোনো রোগ নয়। বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে, তবে এগুলোর মধ্যে কিছু সাধারণ পরিবর্তন হল:
সহজেই হাল ছেড়ে দেওয়া
খাওয়ার এবং ঘুমোনোর রুটিনের মধ্যে পরিবর্তন
ছোটো ছোটো বিষয়ে রেগে যাওয়া
যে-কাজগুলো আগে সহজ ছিল, এখন সেগুলোকে কঠিন বলে মনে করা
মনোযোগ দিতে না পারা
নিরুৎসাহিত হয়ে পড়া
অতিমারির কারণে আসা ক্লান্তি কেন এক গুরুতর বিষয়?
অতিমারির কারণে আসা ক্লান্তি আমাদের আর সেইসঙ্গে অন্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আমরা যদি এই বিষয়ের উপর মনোযোগ না দিই, তা হলে আমরা অতিমারির সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে হাল ছেড়ে দিতে পারি। ধীরে ধীরে আমরা চিন্তা করতে শুরু করতে পারি যে, এই বিষয়ে নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। লকডাউনে থাকার কারণে আমরা বেশি স্বাধীন হতে চাই। তবে, এমনটা করলে আমরা নিজেদের আর সেইসঙ্গে অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারি।
এই কঠিন সময়ে আমরা নিশ্চয়ই বাইবেলে লেখা এই কথাগুলোর সঙ্গে পরিচিত হয়ে গিয়েছি: “বিপদের দিনে তুমি যদি নিরুৎসাহিত হয়ে পড়, তা হলে তোমার শক্তি কমে যাবে।” (হিতোপদেশ ২৪:১০) বাইবেলে এমন কিছু নীতি রয়েছে, যেগুলোর সাহায্যে আমরা কঠিন পরিস্থিতিগুলোর সঙ্গে, যেমন এই অতিমারির সঙ্গে মোকাবিলা করতে পারব।
অতিমারির কারণে আসা ক্লান্তির সঙ্গে মোকাবিলা করার জন্য বাইবেলের কোন কোন নীতি আপনাকে সাহায্য করতে পারে?
দূরত্ব বজায় রাখুন—তবে সম্পর্ক ঘনিষ্ঠ রাখুন
বাইবেল যা বলে: “প্রকৃত বন্ধু … বিপদের সময়ে নিজের ভাই বলে প্রমাণিত হয়।”—হিতোপদেশ ১৭:১৭.
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: প্রকৃত বন্ধু একে অন্যকে শক্তিশালী করে। (১ থিষলনীকীয় ৫:১১) এর উলটো দিকে, অন্যদের থেকে নিজেদের আলাদা করে রাখা স্বাস্থ্যের জন্য বিপদজনক।—হিতোপদেশ ১৮:১.
এটা করে দেখুন: ভিডিও কল, ফোন, ই-মেল অথবা মেসেজের মাধ্যমে আপনার বন্ধুদের সঙ্গে কথা বলুন। আপনার দিন যদি ভালো না যায়, তা হলে সেই বিষয়ে নিয়ে আপনার বন্ধুদের সঙ্গে কথা বলুন আর নিয়মিতভাবে তাদেরও জিজ্ঞেস করুন যে, তাদের জীবনে কী চলছে। অতিমারির সঙ্গে মোকাবিলা করার জন্য আপনারা কী কী করেছেন, তা একে অন্যের সঙ্গে শেয়ার করুন। আপনার বন্ধুদের জন্য এমন কিছু করুন, যেটার ফলে তার এবং আপনার দিন ভালো যাবে।
এই সময়ের সদ্ব্যবহার করুন
বাইবেল যা বলে: “তোমাদের সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো।”—ইফিষীয় ৫:১৬.
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: নিজের সময়কে ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে আপনি সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারবেন এবং অতিরিক্ত চিন্তার হাত থেকে রক্ষা পাবেন।—লূক ১২:২৫.
এটা করে দেখুন: আপনি এখন যা করতে পারছেন না, সেই বিষয়ের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে এটা নিয়ে চিন্তা করুন যে, কীভাবে আপনি এই সময়ের সদ্ব্যবহার করতে পারেন। যেমন, আপনার কি এমন কোনো কাজ অথবা শখ রয়েছে, যা আপনি এখন পূরণ করতে পারেন? আপনি কি আপনার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন?
রুটিন অনুযায়ী কাজ করুন
বাইবেল যা বলে: “সব কিছুই যেন … সুশৃঙ্খলভাবে করা হয়।”—১ করিন্থীয় ১৪:৪০.
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: লোকেরা বিশেষ করে সেইসময় প্রতিদিনের কাজ করে বেশি আনন্দ পায়, যখন তারা সেগুলোর জন্য একটা সময় নির্ধারণ করে রাখে।
এটা করে দেখুন: বর্তমান সময়ের কথা মাথায় রেখে একটা রুটিন তৈরি করুন। ঠিক করুন যে, আপনি কখন বাইরের কাজ করবেন আর ঘরের কাজ করবেন। তুমি যদি স্কুলে পড়, তা হলে কখন স্কুলের হোমওয়ার্ক করবে, তা ঠিক করো। ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় করার জন্য সময় বের করুন। আপনি আপনার রুটিনে এই বিষয়গুলোও লিখতে পারেন, যেমন পরিবারের সঙ্গে সময় কাটানো, বাইরে সময় কাটানো অথবা এক্সারসাইজ করা। সময়ে সময়ে আপনি রুটিন চেক করুন আর দরকার পড়লে তাতে কিছু রদবদল করুন।
আবহাওয়া অনুযায়ী রদবদল করুন
বাইবেল যা বলে: “সতর্ক ব্যক্তি বিপদ দেখে নিজেকে লুকোয়।”—হিতোপদেশ ২২:৩.
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আপনি যেখানে থাকেন, সেখানকার আবহাওয়া আপনার উপর অনেক প্রভাব ফেলতে পারে। আবহাওয়ার কারণে আপনি হয়তো শুদ্ধ বাতাস এবং রোদ পান না, যা আপনার শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
এটা করে দেখুন: শীত কাল আসার আগে আপনি যেখানে বসেন অথবা যেখানে কাজ করেন, সেখানকার ফার্নিচার এমনভাবে সেট করুন, যাতে আপনি ঠাণ্ডার সময়েও ভালোভাবে রোদ পান। আগে থেকে ভেবে রাখুন যে, আপনি কোন কোন কাজ শীত কালেও ঘরের বাইরে গিয়ে করতে পারবেন, যেমন এক্সারসাইজ করা, হাঁটাচলা করা অথবা বাগান করা। যদি সম্ভব হয়, তা হলে গরম কাপড়ের ব্যবস্থা করুন, যা পরে আপনি বেশিরভাগ সময়ে বাইরে কাটাতে পারবেন।
গ্রীষ্ম কাল আসার আগে সাবধান থাকুন কারণ অনেক লোক বাইরে সময় কাটাবে। তাই, লোকদের ভিড় থেকে বাঁচার জন্য আগে থেকে চিন্তা করুন যে, আপনি কখন কোথায় যাবেন।
কোভিড থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করুন
বাইবেল যা বলে: “মূর্খ ব্যক্তি চিন্তাভাবনা না করেই কাজ করে আর সে অতিরিক্ত আত্মবিশ্বাসী।”—হিতোপদেশ ১৪:১৬.
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: কোভিড-১৯ এক মারাত্মক রোগ। আমরা যদি সাবধানতা অবলম্বন না করি, তা হলে আমাদেরও এই রোগ হতে পারে।
এটা করে দেখুন: নিয়মিতভাবে চেক করুন, আপনার এলাকায় যে-নির্দেশনাগুলো দেওয়া হয়, সেগুলো আপনি মেনে চলছেন কি না। সবসময় মনে রাখুন, আপনি যা করেন, সেটা আপনার নিজের উপর, আপনার পরিবারের উপর এবং অন্যদের উপর প্রভাব ফেলতে পারে।
ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে মজবুত করুন
বাইবেল যা বলে: “ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন।”—যাকোব ৪:৮.
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: ঈশ্বর আপনাকে যেকোনো সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবেন।—যিশাইয় ৪১:১৩.
এটা করে দেখুন: প্রতিদিন ঈশ্বরের বাক্য বাইবেলের কিছু অংশ পড়ুন। তা করার জন্য বাইবেল পড়ার তালিকা আপনাকে সাহায্য করতে পারে।
কোনো যিহোবার সাক্ষির সঙ্গে কথা বলুন এবং জিজ্ঞেস করুন যে, কোভিড-১৯ চলাকালীন তারা তাদের সভা ক্রমাগত চালিয়ে যাওয়ার জন্য কী ব্যবস্থা করেছে। উদাহরণ স্বরূপ, সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মণ্ডলীর সভা, বছরে এক বার যিশুর মৃত্যুর স্মরণার্থ সভা এবং বিভিন্ন সম্মেলন করছে।
অতিমারির কারণে আসা ক্লান্তির সময়ে বাইবেলের কিছু পদ সাহায্য করতে পারে
যিশাইয় ৩০:১৫: “শান্ত থাকলে এবং আস্থা রাখলে তোমরা শক্তি পাবে।”
এর অর্থ: ঈশ্বরের পরামর্শের উপর আস্থা রাখলে আপনি সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারবেন।
হিতোপদেশ ১৫:১৫: “দুঃখী ব্যক্তির প্রতিটা দিনই খারাপ, কিন্তু যার হৃদয় আনন্দে রয়েছে, তার প্রতিটা দিনই যেন ভোজের দিন।”
এর অর্থ: ভালো বিষয়গুলোর উপর মনোযোগ দিলে আপনি কঠিন পরিস্থিতিতে আনন্দে থাকতে পারবেন।
হিতোপদেশ ১৪:১৫: “যে বোকা, সে প্রতিটা কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক ব্যক্তি প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করে।”
এর অর্থ: এই অতিমারির সময়ে স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত যে-নির্দেশনাগুলো দেওয়া হবে, সেগুলো মেনে চলুন। কারো কথা শুনে এটা ভেবে বসবেন না যে, এখন থেকে সাবধান থাকার প্রয়োজন নেই।
যিশাইয় ৩৩:২৪: “কোনো বাসিন্দা বলবে না: ‘আমি অসুস্থ।’”
এর অর্থ: ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তিনি সমস্ত ধরনের অসুস্থ শেষ করে দেবেন।