ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w26 মার্চ পৃষ্ঠা ২০-২৫
  • বোঝার ক্ষমতা জীবনে সাফল্য নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বোঝার ক্ষমতা জীবনে সাফল্য নিয়ে আসে
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অহংকারী না হয়ে নম্র হোন
  • রেগে না গিয়ে শান্ত থাকুন
  • ভয় পাবেন না, যিহোবার উপর আস্থা রাখুন
  • বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করুন
  • একটি সাহসী মেয়ে তার ঈশ্বর সম্বন্ধে বলে
    সাহসী হোন এবং ঈশ্বরের সঙ্গে চলুন
  • একজন বীরযোদ্ধা এবং একটি ছোটো মেয়ে
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • সে সাহায্য করতে চেয়েছিল
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি একগুঁয়ে ছিলেন কিন্তু শেষে বাধ্য হয়েছিলেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
w26 মার্চ পৃষ্ঠা ২০-২৫

মে ২৫-৩১, ২০২৬

গান ১৩৫ যিহোবার আন্তরিক অনুরোধ: প্রিয় সন্তানেরা, জ্ঞানবান হও

বোঝার ক্ষমতা জীবনে সাফল্য নিয়ে আসে

“যে-ব্যক্তি কোনো বিষয়ে বোঝার ক্ষমতা দেখায়, সে সাফল্য লাভ করবে।”—হিতো. ১৬:২০, NW.

আমরা কী শিখব?

সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য বোঝার ক্ষমতা কীভাবে আমাদের সাহায্য করতে পারে?

১-২. বোঝার ক্ষমতা থাকার অর্থ কী আর এটা কীভাবে আমাদের সাহায্য করতে পারে?

আপনার জীবনে কি কখনো এমনটা ঘটেছে, যখন কেউ আপনাকে অপমান করেছে অথবা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে? কেউ কি আপনাকে ভুল বুঝেছে বা আপনার মনে আঘাত দিয়েছে? কিংবা আপনি কি এমন কোনো পরিস্থিতিতে পড়েছিলেন, যখন আপনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন অথবা দুশ্চিন্তায় ছিলেন? যদি আপনার জীবনে এমন কিছু হয়ে থাকে, তা হলে আপনি নিশ্চয়ই জানেন, এইরকম পরিস্থিতিতে সঠিকভাবে চিন্তা বা কাজ করা কতটা কঠিন। বাইবেল জানায়, এইরকম পরিস্থিতিতে আমরা কী করতে পারি। এই সময়ে আমরা আমাদের বোঝার ক্ষমতাকে ব্যবহার করতে পারি।

২ আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে আমরা কোনো বিষয়কে ওপর ওপর দেখব না, কিন্তু সেটার গভীরে যাওয়ার চেষ্টা করব। এর ফলে আমরা জানতে পারব যে, কেন এমনটা ঘটেছে এবং কেন একজন ব্যক্তি এমনটা করেছে। আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে কোনো কিছু করার আগে আমরা একটু ভেবে দেখব এবং তারপর বুদ্ধির সঙ্গে সেই কাজটা করব। যেমন, আমরা আমাদের কথাবার্তা অর্থাৎ “ঠোঁটকে নিয়ন্ত্রণ” করতে পারব এবং বুঝতে পারব যে, কখন আমাদের ‘চুপ’ থাকতে হবে। (হিতো. ১০:১৯, NW; গীত. ৪:৪) বোঝার ক্ষমতা থাকলে আমরা আমাদের রাগকেও নিয়ন্ত্রণ করতে পারব, অন্যদের ভুলত্রুটিকে উপেক্ষা করতে পারব এবং কেউ যখন আমাদের ভুল ধরিয়ে দেবে বা পরামর্শ দেবে, তখন আমরা সেটা গ্রহণ করতে পারব। (হিতো. ১৯:২০) প্রতিটা পরিস্থিতিতে আমরা যদি কিছু করার আগে একটু চিন্তা করি, তা হলে আমরা বা অন্যেরা যে শুধুমাত্র উপকৃত হবে তা নয়, এর পাশাপাশি যিহোবাও আমাদের উপর খুশি হবেন। আর যখন আমরা খুব রেগে থাকি অথবা কাউকে পালটা উত্তর দিতে চাই, তখন সেটা করার আগে একবার চিন্তা করে নেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা বাইবেলের তিনটে বিবরণ থেকে শিখব যে, বোঝার ক্ষমতা থাকলে আমরা কীভাবে নম্র হতে পারি, শান্ত থাকতে পারি এবং যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারি।

অহংকারী না হয়ে নম্র হোন

৩. নামান কে ছিলেন?

৩ আমরা যদি জীবনে সফল হতে চাই, তা হলে আমাদের অহংকারকে পরিত্যাগ করতে হবে। (১ পিতর ৫:৫) এর জন্য বোঝার ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমরা তা বলতে পারি? আসুন, আমরা নামানের উদাহরণ নিয়ে চিন্তা করি। তিনি ইজরায়েলের উত্তরে অবস্থিত সিরিয়ায় থাকতেন। তিনি সিরিয়ার সৈন্যদলের সেনাপতি এবং একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। কিন্তু, তিনি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, তার কুষ্ঠ হয়েছিল।—২ রাজা. ৫:১.

৪. কীভাবে জানা যায় যে, নামান একজন নম্র ব্যক্তি ছিলেন এবং বুদ্ধির সঙ্গে কাজ করেছিলেন?

৪ একটি ইজরায়েলীয় ছোটো মেয়ে নামানের স্ত্রীর দাসী ছিল। সে নামানের স্ত্রীকে বলেছিল যে, ইজরায়েলে একজন ভাববাদী আছেন, যিনি নামানকে সুস্থ করতে পারেন। (২ রাজা. ৫:২, ৩) নামান এটা ভাবতে পারতেন, ‘সেই মেয়েটি তো কেবলমাত্র একটা দাসী, তা ছাড়া সে শত্রুপক্ষের দেশ ইজরায়েল থেকে এসেছে। তার কথা শুনে কি কোনো লাভ হবে?’ নামান যদি একজন অহংকারী ব্যক্তি হতেন, তা হলে তিনি সেই মেয়েটির কথা উপেক্ষা করতে পারতেন। কিন্তু, নামান নম্র ছিলেন, তাই তিনি বুদ্ধির সঙ্গে কাজ করেছিলেন এবং সেই দাসীর কথা শুনেছিলেন। নামান সিরিয়ার রাজার অনুমতি নিয়ে তার রোগের চিকিৎসা করার জন্য ইজরায়েলে যান।—২ রাজা. ৫:৪, ৫.

৫. নামান যখন ইজরায়েলে পৌঁছান, তখন কী হয়?

৫ নামান অনেক আশা নিয়ে রাজা যিহোরামের রাজদরবারে পৌঁছান। কিন্তু, রাজা যিহোরাম মনে করেন যে, সিরিয়ার রাজা তার সঙ্গে যুদ্ধ করার একটা অজুহাত খুঁজছেন। ভাববাদী ইলীশায় যখন এই ঘটনাটা জানতে পারেন, তখন তিনি রাজা যিহোরামকে বলেন, তিনি যেন নামানকে তার কাছে পাঠিয়ে দেন। (২ রাজা. ৫:৬-৯) নামান যখন ইলীশায়ের কাছে পৌঁছান, তখন তিনি যা আশা করেছিলেন, সেটা হয়নি। এমনকী, ইলীশায় নামানের সঙ্গে দেখা পর্যন্ত করেননি বরং তিনি তার একজন বার্তাবাহককে পাঠিয়েছিলেন, যিনি নামানকে বলেছিলেন, সুস্থ হওয়ার জন্য তাকে কী করতে হবে।—২ রাজা. ৫:১০.

৬. (ক) বার্তাবাহকের কথা শুনে নামানের কেমন লেগেছিল এবং কেন? (খ) নামানের সেবকেরা কীভাবে তাদের বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিল আর এর ফল কী হয়েছিল? (২ রাজাবলি ৫:১৩, ১৪)

৬ প্রথমে সেই বার্তাবাহকের কথাগুলো শুনে নামানের ভালো লাগেনি। তাই, “নামান প্রচণ্ড রেগে গেলেন” এবং সেখান থেকে “ফিরে যেতে লাগলেন।” (২ রাজা. ৫:১১, ১২, NW) হতে পারে, নামান মনে করেছিলেন যে, একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে তার যা সম্মান পাওয়ার কথা ছিল, সেটা তাকে দেওয়া হয়নি এবং তিনি হয়তো এটাও ভেবেছিলেন যে, ইলীশায় নামানের দেশের প্রতি যোগ্য সম্মান দেখাননি। কারণ যা-ই হোক না কেন, নামান ঠিক করে নিয়েছিলেন যে, তিনি সুস্থ না হয়েই তার দেশে ফিরে যাবেন। সেইসময়ে, নামানের সেবকেরা তাদের বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিল এবং নামানকে অনুরোধ করেছিল যেন তিনি তার সিদ্ধান্তের বিষয়ে আরেক বার ভেবে দেখেন। এই পরিস্থিতিতে নামান তার রাগকে নিয়ন্ত্রণ করেন এবং নম্রভাবে ইলীশায়ের নির্দেশনা মেনে নেন। আর এর ফল কতই-না ভালো হয়েছিল! তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছিলেন!—পড়ুন, ২ রাজাবলি ৫:১৩, ১৪.

৭. নামানের অভিজ্ঞতা থেকে আমরা কী শিখি? (হিতোপদেশ ২২:৪) (ছবিগুলোও দেখুন।)

৭ আমরা কী শিখি? আমরা এটাই শিখি যে, আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে চিন্তাভাবনা না করে অথবা আবেগের বশে আমরা কোনো সিদ্ধান্ত নেব না বরং আমরা নম্র হব। কীভাবে আমরা নম্রতা দেখাতে পারি? আমাদের স্বীকার করতে হবে যে, আমরা সবকিছু জানি না এবং কোনো কিছু বোঝার জন্য অন্যদের কাছ থেকে আমাদের সাহায্য নেওয়া উচিত, বিশেষ করে যিহোবার কাছ থেকে। নামান সেইসময় যিহোবার উপাসক ছিলেন না। তা সত্ত্বেও, তিনি তার বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিলেন এবং নম্র হয়ে অন্যদের কথা শুনেছিলেন। যেমন, তিনি সেই ইজরায়েলীয় ছোটো মেয়েটির কথা শুনেছিলেন, তার সেবকদের কথা শুনেছিলেন এবং বিশেষ করে ইলীশায়ের কথা শুনেছিলেন, যিনি সেইসময় যিহোবার হয়ে কথা বলছিলেন। নামান এটা ভাবেননি যে, তিনি কতটা অপমানিত হয়েছিলেন। তবে, শেষ পর্যন্ত তিনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং সুস্থ হয়ে উঠেছিলেন। আমাদেরও কি একটু থেমে চিন্তা করা উচিত? আমাদের যদি বাইবেল থেকে কোনো পরামর্শ দেওয়া হয় আর সেটা আমাদের ভালো না লাগে অথবা সংগঠনের কোনো নির্দেশনা আমরা যদি পুরোপুরি বুঝতে না পারি, তা হলে আমাদের একটু থেমে চিন্তা করতে হবে যে, ‘আমার কথাবার্তা বা আচরণ থেকে কী বোঝা যায়? আমি কি অহংকারী, না কি আমি নম্র?’—পড়ুন, হিতোপদেশ ২২:৪.

কোলাজ: নম্রভাবে অন্যদের কথা শোনার সময় একজন ভাই তার বোঝার ক্ষমতা ব্যবহার করছেন। ১. তিনি একজন যুবক ভাইয়ের কথা শুনছেন এবং “পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করে চলুন “ ব্রোশার থেকে তাকে পরামর্শ দিচ্ছেন। ২. মণ্ডলীর ট্রলি প্রচারের ব্যবস্থার বিষয়ে তিনি একজন বয়স্ক বোনের কথা শুনছেন। ৩. তিনি তার ট্যাবলেট থেকে JW ব্রডকাস্টিং মন দিয়ে দেখছেন।

নামান নম্রভাবে অন্যদের কথা শুনেছিলেন। আমাদেরও অন্যদের কথা শোনা উচিত। বিশেষ করে সেইসময়ে যখন কেউ আমাদের পরামর্শ দেয়, যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে অথবা সংগঠনের কাছ থেকে আমরা যখন কোনো নির্দেশনা পাই (৭ অনুচ্ছেদ দেখুন)


রেগে না গিয়ে শান্ত থাকুন

৮. কখন শান্ত থাকা আমাদের পক্ষে কঠিন হতে পারে?

৮ আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে রেগে গেলেও আমরা শান্ত থাকতে পারব। এটা ঠিক যে, সবসময় এমনটা করা সহজ হয় না। কেউ যখন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে অথবা আমাদের মনে আঘাত দেয়, তখন আমাদের মনে হতে পারে যে, রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। (ইফি. ৪:২৬) আসুন আমরা দেখি, একটা পরিস্থিতিতে কীভাবে দায়ূদ ও অবীগল তাদের বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিলেন।

৯. দায়ূদের অনুরোধ শুনে নাবল কী করেছিলেন?

৯ চিন্তা করে দেখুন, দায়ূদের সঙ্গে কী হয়েছিল। শৌলের হাত থেকে নিজের জীবনকে রক্ষা করার জন্য দায়ূদ ও তার লোকেরা পারণ প্রান্তরে আশ্রয় নিয়েছিল। (১ শমূ. ২৫:১) সেখানে দায়ূদ নাবল নামে একজন ধনী ব্যক্তির মেষপালক এবং মেষদের সুরক্ষা জুগিয়েছিলেন। (১ শমূ. ২৫:১৫, ১৬) যখন মেষদের লোমছেদনের সময় আসে, তখন দায়ূদ তার লোকদের নাবলের কাছে পাঠান। তারা খুব সম্মানের সঙ্গে নাবলের সঙ্গে কথা বলে এবং তার কাছে অনুরোধ করে যে, নাবল যেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। (১ শমূ. ২৫:৬-৮) কিন্তু, নাবল তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। দায়ূদ এবং তার লোকেরা নাবলের জন্য কত কিছু করেছিল, কিন্তু নাবল তাদের প্রতি একটুও কৃতজ্ঞতা দেখাননি। তিনি দায়ূদের অনুরোধকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। শুধু তা-ই নয়, দায়ূদ ও তার লোকদের নাবল খুব অপমান করেছিলেন।—১ শমূ. ২৫:১০, ১১.

১০. দায়ূদ ও অবীগল কীভাবে তাদের বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিলেন? (১ শমূয়েল ২৫:৩২, ৩৩) (ছবিও দেখুন।)

১০ আপনি যদি দায়ূদের জায়গায় থাকতেন, তা হলে আপনার কেমন লাগত? আপনি কি বুঝতে পারছেন, দায়ূদের কেমন লেগেছিল? দায়ূদ খোলাখুলিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতেন আর তাই তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, তিনি নাবলকে মেরে ফেলতে চেয়েছিলেন! (১ শমূ. ২৫:১৩, ২১, ২২) এরপর, দায়ূদ নাবলকে মেরে ফেলার জন্য তার লোকদের নিয়ে বেরিয়ে পড়েন আর ঠিক সেই সময় নাবলের স্ত্রী অবীগলের সঙ্গে তার দেখা হয়। অবীগল খুবই বুদ্ধিমতী ছিলেন এবং তিনি তার বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, দায়ূদ একজন ভালো ব্যক্তি এবং তিনি কেন এত রেগে আছেন। তাই, দায়ূদের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য অবীগলের পক্ষে যা-কিছু করা সম্ভব ছিল, তিনি তা-ই করেন। তিনি উপহার হিসেবে নানা রকমের খাবার সামগ্রী নিয়ে আসেন। তিনি দায়ূদের সঙ্গে নম্রভাবে কথা বলেন এবং তাকে একটা ভালো পরামর্শ দেন। (১ শমূ. ২৫:১৮, ২৩-৩১) এরপর, দায়ূদও তার বোঝার ক্ষমতাকে ব্যবহার করেন। তিনি অবীগলের কথা মন দিয়ে শোনেন এবং তার কথা থেকে এটা বুঝতে পারেন যে, যিহোবা কী চান। একটু থেমে চিন্তা করার ফলে কতই-না উপকার এসেছিল! দায়ূদ তার রাগকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং একটা বড়ো পাপ করা থেকে নিজেকে আটকাতে পেরেছিলেন।—পড়ুন, ১ শমূয়েল ২৫:৩২, ৩৩.

অবীগল যখন হাঁটু গেড়ে দায়ূদের সামনে বিনতি করছেন, তখন দায়ূদ মন দিয়ে তার কথা শুনছেন। চারপাশে দায়ূদের লোকেরা সেই দৃশ্য দেখছে। অবীগলের দাসেরা প্রচুর উপহার নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে।

দায়ূদ ও অবীগল বোঝার ক্ষমতাকে ব্যবহার করেছিলেন এবং এর ফলে অনেক লোকের জীবন রক্ষা পেয়েছিল (১০ অনুচ্ছেদ দেখুন)


১১. কেউ যখন আমাদের রাগিয়ে তোলে, তখন বোঝার ক্ষমতা কীভাবে আমাদের সাহায্য করতে পারে? (হিতোপদেশ ১৯:১১)

১১ আমরা কী শিখি? আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে আমাদের রাগ করার যথেষ্ট কারণ থাকলেও আমরা অন্যদের সঙ্গে শান্তি বজায় রাখতে পারব। কোনো কিছু করার বা বলার আগে, আমরা যদি একটু চিন্তা করি, তা হলে আমরা বুঝতে পারব যে, এর পরিণতি কী হতে পারে। (পড়ুন, হিতোপদেশ ১৯:১১.) অবীগল যখন দায়ূদকে বলেছিলেন যে, তিনি যেটা করার কথা ভাবছেন, সেটা করলে যিহোবার কেমন লাগবে, তখন দায়ূদ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। কেউ যখন আপনাকে রাগিয়ে তোলে, তখন আপনার সঙ্গেসঙ্গে তাকে পালটা উত্তর দেওয়ার ইচ্ছা হতে পারে। তাই, চিন্তাভাবনা না করে আবেগের বশে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। (যাকোব ১:১৯) একটু সময় নিয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন এবং চিন্তা করুন যে, তিনি আপনার কাছ থেকে কী চান। এভাবে আপনি ঠাণ্ডা মাথায় কাজ করতে পারবেন।

১২. কীভাবে অন্যেরা আমাদের বোঝার ক্ষমতাকে ব্যবহার করতে এবং শান্ত থাকতে সাহায্য করতে পারে?

১২ যিহোবা অবীগলের মাধ্যমে দায়ূদকে সাহায্য করেছিলেন, যাতে তিনি তার বোঝার ক্ষমতাকে ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে, যিহোবা অন্যদের মাধ্যমে আমাদের বোঝাতে পারেন যে, তিনি আসলে কী চান। তাই, রেগে গেলে সঙ্গেসঙ্গে কিছু করার পরিবর্তে কোনো পরিপক্ব ভাই বা বোনের সঙ্গে কথা বলুন। তাদের সাহায্যে আপনি বিষয়টাকে যিহোবার দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন। (হিতো. ১২:১৫; ২০:১৮) আবার অন্যদিকে, আপনার কোনো বন্ধু যদি সমস্যায় পড়ে, তা হলে আপনি কী করতে পারেন? আপনি অবীগলের মতো তাকে সাহায্য করতে পারেন, যাতে তিনি যিহোবার মতো করে চিন্তা করতে এবং বোঝার ক্ষমতাকে ব্যবহার করতে পারেন আর শান্ত থাকতে পারেন। এটা করলে যিহোবা অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং আপনি আপনার কথা সঠিকভাবে বলতে পারবেন।

ভয় পাবেন না, যিহোবার উপর আস্থা রাখুন

১৩. আমাদের যখন খুব ভয় লাগে, তখন বোঝার ক্ষমতা কীভাবে আমাদের সাহায্য করতে পারে?

১৩ আমাদের সামনে যেকোনো সময়ে ভয়াবহ পরিস্থিতি আসতে পারে।আমাদের মধ্যে যদি বোঝার ক্ষমতা থাকে, তা হলে আমরা হাল ছেড়ে দেব না বরং যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রাখব। জগতের কিছু ঘটনা দেখে আমাদের হয়তো ভয় লাগতে পারে, কিন্তু আমরা মনে রাখতে পারি যে, সর্বশক্তিমান ঈশ্বর যিহোবা আমাদের সঙ্গে রয়েছেন। (গীত. ২৭:১) আমাদের হয়তো মনে হতে পারে যে, আমাদের কাছে কোনো আশা নেই, কিন্তু যিহোবা যেকোনো সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করতে পারেন। এমনই কিছু ঘটনা ভাববাদী যোনার জীবনে ঘটেছিল। তিনি যিহোবাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে বোঝার ক্ষমতার অভাব ছিল। যিহোবা যোনাকে একটা কঠিন কার্যভার দিয়েছিলেন। আসুন আমরা দেখি, সেই কার্যভার পালন করার জন্য যোনা কীভাবে তার বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করেছিলেন।

১৪. যিহোবার আজ্ঞা পালন করা কেন যোনার পক্ষে কঠিন ছিল?

১৪ যিহোবা যোনাকে বলেছিলেন, তিনি যেন নীনবী নগরে যান এবং সেখানকার লোকদের বলেন যে, যিহোবা তাদের খুব শীঘ্রই শাস্তি দিতে চলেছেন। আর এই কাজটা করা যোনার পক্ষে একেবারেই সহজ ছিল না। (যোনা ১:১, ২) চিন্তা করুন, আপনাকে যদি এই কার্যভার দেওয়া হত, তা হলে আপনার কেমন লাগত? ইজরায়েল থেকে নীনবী পর্যন্ত পায়ে হেঁটে যাত্রা করার জন্য যোনার প্রায় এক মাস সময় লাগত। কিন্তু, এই যাত্রার চেয়েও যোনা এটা ভেবে ভয় পেয়েছিলেন যে, তিনি কীভাবে নীনবীর লোকদের যিহোবার বার্তা জানাবেন কারণ সবাই জানত যে, সেখানকার লোকেরা খুবই হিংস্র প্রকৃতির। এমনকী সেই নগরকে ‘রক্তপাতী নগর’ বলা হত। (নহূম ৩:১, ৭) তাই, যিহোবার আজ্ঞা পালন করার পরিবর্তে যোনা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।—যোনা ১:৩.

১৫. যোনা কীভাবে যিহোবার উপর তার আস্থা দৃঢ় করতে পেরেছিলেন? (যোনা ২:৬-৯)

১৫ যোনা যখন যিহোবার কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছিলেন, তখন তার জীবন ঝুঁকির মুখে পড়েছিল। তবে, যিহোবা অলৌকিকভাবে যোনার জীবন রক্ষা করেছিলেন এবং তাকে মনে করিয়ে দিয়েছিলেন, তিনি কতটা শক্তিশালী। (যোনা ১:১৫, ১৭) এর থেকে যোনা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, তাকে তার কার্যভার পালন করতে হবে এবং নীনবীতে যাওয়ার ক্ষেত্রে তার ভয় পাওয়া উচিত নয়। তিনি এই বিষয়টাও বুঝতে পেরেছিলেন, যিহোবা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন। (পড়ুন, যোনা ২:৬-৯.) এরপর যিহোবা যোনাকে আরেকটা সুযোগ দিয়েছিলেন আর এবার তিনি ভয়ের কারণে পিছিয়ে যাননি। যোনা নীনবীতে যান এবং সেখানে সাহসের সঙ্গে প্রচার করতে শুরু করেন। এর ফলে লোকদের জীবন রক্ষা পায়।

১৬. আমাদের যদি ভয় লাগে, তা হলে বোঝার ক্ষমতা কীভাবে আমাদের সাহায্য করতে পারে? (হিতোপদেশ ২৯:২৫) (ছবিগুলোও দেখুন।)

১৬ আমরা কী শিখি? আমরা কখনোই মানুষের ভয়ে যিহোবার সেবা করা বন্ধ করব না। (পড়ুন, হিতোপদেশ ২৯:২৫.) বোঝার ক্ষমতাকে কাজে লাগিয়ে যোনা নিজের সমস্যাগুলোর উপর নয় বরং যিহোবার উপর মনোযোগ দিতে পেরেছিলেন। ঠিক একইভাবে, আমাদের যখন ভয় লাগে, তখন আমরা চিন্তা করতে পারি, যিহোবা অতীতে কীভাবে আমাদের যত্ন নিয়েছিলেন এবং সুরক্ষা জুগিয়েছিলেন। আমরা সেই সমস্ত ভাই-বোনের বিষয়েও চিন্তা করতে পারি, যারা কঠিন কার্যভার পালন করার সময় যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল এবং যিহোবা তাদের যত্ন নিয়েছিলেন আর তাদের শক্তি জুগিয়েছিলেন।a (ইব্রীয় ১৩:৬) আমরাও যিহোবার উপর পুরোপুরি আস্থা রাখার মাধ্যমে দেখাতে পারি যে, আমাদের মধ্যে বোঝার ক্ষমতা রয়েছে। শুধু তা-ই নয়, আমরা অন্যদেরও বোঝার ক্ষমতাকে ব্যবহার করার জন্য সাহায্য করতে পারি।

কোলাজ: ১. ভাববাদী যোনা নীনবীর নগরদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন। ২. একজন কিশোরবয়সি ভাই স্কুলের হলে হাঁটছে এবং তার চারপাশে এমন বিষয়গুলো রয়েছে, যেগুলো যিহোবা পছন্দ করেন না। সেই হলে চারিদিকে রেইনবো ফ্ল্যাগস্‌ ঝোলানো রয়েছে। একটা ছেলে আরেকটা ছেলের দিকে আঙ্গুল তুলে কথা বলছে।

যোনার কাছ থেকে আমরা শিখি যে, বোঝার ক্ষমতাকে ব্যবহার করে আমরা যিহোবার নির্দেশনা মেনে চলতে পারব এবং কঠিন কার্যভারও সম্পন্ন করতে পারব (১৬ অনুচ্ছেদ দেখুন)


বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করুন

১৭. বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমরা কী করতে পারি?

১৭ আমরা যেমনটা শিখলাম, বোঝার ক্ষমতা থাকলে আমরা কঠিন পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মোকাবিলা করতে পারব। কিন্তু, বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমরা কী করতে পারি? যিহোবা আমাদের সাহায্য করতে পারেন কারণ তিনিই আমাদের বোঝার ক্ষমতা দেন। আর এই বোঝার ক্ষমতা আমরা তাঁর বাক্য বাইবেল এবং পবিত্র শক্তির মাধ্যমে পেয়ে থাকি। (নহি. ৯:২০; গীত. ৩২:৮) যিহোবা আমাদের এমন পরামর্শ দেন, যেটার ফলে আমরা সঠিক পথ বাছাই করতে পারি এবং আবেগের বশে কোনো পদক্ষেপ নিই না। (গীত. ১১৯:৯৭-১০১) বাইবেল যা বলে, সেই বিষয়ে চিন্তা করে এবং যিহোবার কাছে পবিত্র শক্তি চেয়ে আমরা আমাদের বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। এভাবে, আমরা যেকোনো বিষয়কে যিহোবার দৃষ্টিকোণ থেকে দেখতে পারব এবং সেটাই করতে পারব, যেটা তিনি চান।—হিতো. ২১:১১, পাদটীকা।

১৮. আপনি কী করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ?

১৮ তাই আসুন, আমরা যিহোবার কাছ থেকে পাওয়া বোঝার ক্ষমতাকে কখনো হালকাভাবে না দেখি বরং সবসময় এটাকে মূল্যবান বলে মনে করি। (গীত. ১৪:২) এমনটা করলে আমরা কখনো “বোঝার ক্ষমতার পথ থেকে বিপথে চলে” যাব না। (হিতো. ২১:১৬, NW) আমরা প্রতিটা সময়ে এবং প্রতিটা পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং সফল হতে পারব।

কীভাবে আমরা এই ব্যক্তিদের মতো বোঝার ক্ষমতাকে ব্যবহার করতে পারি . . .

  • নামান?

  • দায়ূদ ও অবীগল?

  • যোনা?

গান ৪২ ঈশ্বরের দাসের প্রার্থনা

a উদাহরণ স্বরূপ, ভাই জর্জি পরচুলিয়ানের অভিজ্ঞতা জানার জন্য JW লাইব্রেরি অথবা jw.org ওয়েবসাইটে “যিহোবার সাক্ষিদের জীবনকাহিনি” ধারাবাহিকের অধীনে দেওয়া ইংরেজি প্রবন্ধটা পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার