আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
আমরা কেন যিহোবার গৌরব করি?
কারণ আমরা যিহোবাকে সমাদর করি এবং অনেক ভালোবাসি। এ ছাড়া, আমরা তাঁর গৌরব করি কারণ আমরা চাই যেন প্রত্যেকে তাঁর বিষয়ে জানে।—প্রহরীদুর্গ ২৫.০১, পৃষ্ঠা ৩.
যখন কেউ আমাদের মনে আঘাত দেয়, তখন আমরা কীভাবে তাকে মন থেকে ক্ষমা করতে পারি?
আমরা আমাদের কষ্টকে চেপে রাখব না। আমরা অসন্তুষ্টি এবং রাগও পুষে রাখব না। এর ফলে আমাদের হৃদয় তিক্ততায় ভরে যাবে না।—প্রহরীদুর্গ ২৫.০২, পৃষ্ঠা ১৫-১৬.
মার্ক কেন যুবকবয়সি ভাইদের জন্য এক উত্তম উদাহরণ?
মার্ক ইচ্ছুকমনে সেবা করার জন্য এগিয়ে এসেছিলেন। যদিও কোনো ঘটনার কারণে মার্কের হয়তো খারাপ লেগেছিল এবং তিনি কষ্ট পেয়েছিলেন, তবুও তিনি হাল ছেড়ে দেননি। তিনি পৌল এবং অন্যান্য পরিপক্ব খ্রিস্টানদের সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলেছিলেন।—প্রহরীদুর্গ ২৫.০৪, পৃষ্ঠা ২৭.
যিশু যখন প্রার্থনায় বলেছিলেন, “আমি তোমার নাম তাদের জানিয়েছি,” তখন এর অর্থ কী ছিল? (যোহন ১৭:২৬)
যিশুর শিষ্যেরা আগে থেকেই ঈশ্বরের নাম জানত। কিন্তু, যিশু তাদের শিখিয়েছিলেন যে, যিহোবা কেমন ঈশ্বর, তাঁর কোন কোন গুণ রয়েছে, পৃথিবী এবং মানুষের জন্য তাঁর কোন উদ্দেশ্য রয়েছে, তিনি তাদের জন্য কী কী করেছেন এবং ভবিষ্যতে কী করবেন।—প্রহরীদুর্গ ২৫.০৫, পৃষ্ঠা ২০-২১.
আমরা যদি নম্র হই, তা হলে আমরা কী স্বীকার করব?
আমরা মেনে নেব যে, এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো আমরা জানি না। যেমন, আমরা জানি না যে, শেষ কখন আসবে এবং যিহোবা কীভাবে আমাদের হয়ে পদক্ষেপ নেবেন। আমরা এও জানি না যে, আগামীকাল কী ঘটবে এবং যিহোবা আমাদের কতটা ভালোভাবে জানেন।—প্রহরীদুর্গ ২৫.০৬, পৃষ্ঠা ১৫-১৮.
আপনি যখন কোনো প্রবন্ধ পড়েন অথবা জনসাধারণের উদ্দেশে কোনো বক্তৃতা শোনেন, তখন এগুলো থেকে কীভাবে উপকার লাভ করতে পারেন?
আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন: ‘বাইবেলের কোনো শিক্ষার প্রতি যাতে লোকেরা বিশ্বাস দেখাতে পারে, সেইজন্য এখানে কোন প্রমাণ দেওয়া রয়েছে? এখানে কি কোনো ভালো উদাহরণ রয়েছে, যেটার মাধ্যমে আমি এই বিষয়টা অন্যদের বোঝাতে পারি? কে এই বিষয়ে জানতে চাইবে?’—প্রহরীদুর্গ ২৫.০৭, পৃষ্ঠা ১৯.
দায়ূদের সঙ্গে যিহোবা যেভাবে আচরণ করেছিলেন, সেটা থেকে তাঁর ক্ষমার বিষয়ে আমরা কী শিখতে পারি?
দায়ূদ গুরুতর পাপ করেছিলেন, কিন্তু তিনি হৃদয় থেকে অনুতপ্ত হয়েছিলেন, তাই যিহোবা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। (১ রাজা. ৯:৪, ৫) যিহোবা যখন একবার আমাদের ক্ষমা করে দেন, তখন তিনি কখনো সেই পাপ স্মরণ করেন না আর এমনকী ভবিষ্যতে তিনি সেটার জন্য আমাদের দোষী সাব্যস্ত করেন না অথবা শাস্তিও দেন না।—প্রহরীদুর্গ ২৫.০৮, পৃষ্ঠা ১৭.
আপনার বাইবেল ছাত্র যদি কোনো বিষয় বুঝতে না পারে, তা হলে আপনি কী করতে পারেন?
বাইবেল থেকে ভালোভাবে বোঝানোর পরও সে যদি বুঝতে না পারে, তা হলে সেই বিষয়টা নিয়ে আলোচনা না করে আপনার অধ্যয়ন চালিয়ে যান। পরে কোনো এক সময়ে সেটা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন।—প্রহরীদুর্গ ২৫.০৯, পৃষ্ঠা ২৪.
বাইবেল বলে, “পাপের মায়াশক্তি” আছে। (ইব্রীয় ৩:১৩) এর মানে কী?
পাপী হওয়ার কারণে আমরা যে শুধুমাত্র খারাপ কাজ করার জন্য প্রলোভিত হই তা নয়, কিন্তু সেইসঙ্গে আমরা বার বার যিহোবার ভালোবাসা নিয়ে সন্দেহ করে ফেলি।—প্রহরীদুর্গ ২৫.১০, পৃষ্ঠা ১৬.
কোন তিনটে বিষয় আমাদের মন খুলে প্রার্থনা করতে সাহায্য করবে?
(১) যিহোবার গুণ নিয়ে গভীরভাবে চিন্তা করুন। (২) চিন্তা করুন, আপনি কোন সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেগুলোর কথা উল্লেখ করতে পারেন, যেমন আপনার যদি কাউকে ক্ষমা করতে কঠিন লাগে। (৩) আমরা সময় নিয়ে প্রার্থনা করতে পারি। এর ফলে আমরা যিহোবাকে আমাদের মনের কথা খুলে বলতে পারব।—প্রহরীদুর্গ ২৫.১০, পৃষ্ঠা ১৯-২০.
কীভাবে আমরা বয়স্ক ভাই-বোনদের সাহায্য করতে পারি?
আমরা তাদের সঙ্গে দেখা করতে যেতে পারি অথবা তাদের ফোন করতে পারি। তারা যখন ডাক্তারের কাছে যায়, তখন আমরা তাদের সঙ্গে যেতে পারি। এ ছাড়া, আমরা বিভিন্ন উপায়ে তাদের সঙ্গে প্রচার করতে পারি।—প্রহরীদুর্গ ২৫.১১, পৃষ্ঠা ৬-৭.
বিয়ের ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখলে যিহোবার গৌরব হয়?
বিয়ের ব্যাপারে সরকারি আইনকানুন মেনে চলুন। মনে রাখবেন, বিয়ে এবং বিয়ের রিসেপশনের পরিবেশ যেন জগতের মনোভাবকে নয় বরং খ্রিস্টীয় গুণগুলো প্রকাশ করে। আপনার পোশাক-আশাক যেন মার্জিত হয়। এমন রীতিনীতিগুলো থেকে দূরে থাকুন, যেগুলো বাইবেলের নীতির বিরুদ্ধে। বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় খোলাখুলিভাবে কথা বলুন।—প্রহরীদুর্গ ২৫.১২, পৃষ্ঠা ২১-২৫.