আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স
১. খ্রিস্টান সুসমাচার প্রচারক এবং ছুতোর মিস্ত্রির মধ্যে কোন মিল রয়েছে?
১ ছুতোর মিস্ত্রিরা বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করে। কিছু কিছু হাতিয়ার বিশেষ কাজের জন্য মাঝেসাঝে ব্যবহার করা হয়, আবার কিছু কিছু প্রয়োজনীয় হাতিয়ার প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে। অভিজ্ঞ ছুতোর মিস্ত্রিরা তাদের হাতিয়ার বাক্সে সবসময় এই প্রয়োজনীয় হাতিয়ারগুলো রাখে আর এগুলো ব্যবহার করার ক্ষেত্রে তারা খুবই দক্ষ হয়। বাইবেল প্রত্যেক খ্রিস্টানকেই পরিচর্যায় অংশ নেওয়ার জন্য এবং “এমন কার্য্যকারী” লোক হওয়ার জন্য উৎসাহিত করে, “যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই।’ (২ তীম. ২:১৫) আমাদের হাতিয়ার বাক্সে কোন হাতিয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটি হল ঈশ্বরের বাক্য আর এই বাক্যকে আমরা ‘শিষ্য করিবার’ জন্য মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকি। (মথি ২৮:১৯, ২০) তাই, ‘সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিবার’ ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার জন্য আমাদের যথাসাধ্য করতে হবে। তবে, আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সে অন্যান্য হাতিয়ারও রয়েছে, যেগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। লোকেদের সত্য শেখানোর জন্য এই হাতিয়ারগুলো কীভাবে তৎপরতার বা দক্ষতার সঙ্গে ব্যবহার করা যায়, তা সমস্ত খ্রিস্টানেরই শেখা উচিত।—হিতো. ২২:২৯.
২. শিক্ষাদানের জন্য আমরা কোন প্রয়োজনীয় হাতিয়ারগুলো ব্যবহার করি?
২ শিক্ষাদানের প্রয়োজনীয় হাতিয়ারগুলো: বাইবেল ছাড়া আর কোন হাতিয়ারগুলো আমাদের ব্যবহার করা উচিত? বাইবেলের সত্য শেখানোর জন্য আমাদের কাছে যে-প্রাথমিক হাতিয়ারটা রয়েছে, তা হল বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? একজন ছাত্রের সঙ্গে এই বইটা অধ্যয়ন করা শেষ হয়ে গেলে আমরা “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” নামক বইটা থেকে অধ্যয়ন করি। এই বইটা তাদের শেখায়, কীভাবে তারা তাদের দৈনন্দিন জীবনে বাইবেলের নীতিগুলো ব্যবহার করতে পারে। তাই, এই দুটো প্রকাশনা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেন দক্ষ হই। আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সে এই হাতিয়ারগুলোর সঙ্গে যেন নির্দিষ্ট কিছু ব্রোশারও থাকে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা যে-প্রধান হাতিয়ারগুলো ব্যবহার করে থাকি, সেগুলোর মধ্যে একটা হল ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ন-খ্রিস্টীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! নামক ব্রোশারটা অর্পণ করার আগে আপনার পরিবার সুখী হতে পারে নামক ব্রোশারটা ব্যবহার করা যেতে পারে। আমাদের এলাকায় এমন অনেকে বাস করে, যারা ভালোভাবে পড়তে পারে না অথবা তারা হয়তো এমন একটা ভাষায় কথা বলে, যে-ভাষায় আমাদের অল্প কিছু প্রকাশনা রয়েছে বা কোনো প্রকাশনাই নেই। এইরকম ক্ষেত্রে আমরা ঈশ্বরের কথা শুনুন অথবা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারগুলোও ব্যবহার করতে পারি। ছাত্র-ছাত্রীদের সংগঠনের দিকে পরিচালিত করার জন্য শিক্ষাদানের প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহৃত একটা ব্রোশার হল, আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে? শিষ্য তৈরি করার জন্য সাহায্যকারী কিছু ভিডিও হল, কেন বাইবেল অধ্যয়ন করবেন?, কিংডম হলে কী হয়? এবং ঈশ্বরের কি কোনো নাম আছে? আমরা যেন এই হাতিয়ারগুলোও ব্যবহার করতে শিখি।
৩. আমাদের রাজ্যের পরিচর্যা-র ভবিষ্যৎ সংখ্যাগুলো আমাদের কী করতে সাহায্য করবে?
৩ আমাদের রাজ্যের পরিচর্যা-র ভবিষ্যৎ সংখ্যাগুলো আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সে থাকা প্রয়োজনীয় প্রকাশনাগুলো ব্যবহার করার ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে সাহায্য করবে। আমরা যখন দক্ষতার সঙ্গে এই হাতিয়ারগুলো ব্যবহার করার প্রচেষ্টা করি, তখন আমরা এই অনুপ্রাণিত পরামর্শে মনোযোগ দিই: “আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সকলে স্থির থাক; কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিবে।”—১ তীম. ৪:১৬.