প্রচার কাজে ধৈর্যের প্রয়োজন
১ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে, প্রেরিত পৌল সুসমাচার প্রচার করাকে তার প্রধান কাজ হিসেবে গণ্য করার ফলে পরিতৃপ্তি লাভ করেছিলেন। যেকোনো অর্থপূর্ণ কাজের বেলায় যেমনটা হয়ে থাকে, তার প্রচার কাজও সমস্যামুক্ত ছিল না। (২ করি. ১১:২৩-২৯) তা সত্ত্বেও, পৌল নিরুৎসাহ হননি বা হাল ছেড়ে দেননি। (২ করি. ৪:১) তিনি বুঝতে পেরেছিলেন যে, তার পরিচর্যা সম্পন্ন করার সময় ধৈর্য ধরার শক্তি যিহোবার কাছ থেকেই আসবে। (ফিলি. ৪:১৩) বিশ্বস্ততার সঙ্গে তার ধৈর্যের উদাহরণের পরিপ্রেক্ষিতে, পৌল বলতে পেরেছিলেন: “যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।”—১ করি. ১০:৩৪.
২ আজকে পরীক্ষাগুলো সহ্য করা: আমাদের ভাইবোনদের মধ্যে অনেকেই, প্রতিদিন পরিবারের সদস্য, সহকর্মী অথবা সহপাঠীদের কাছ থেকে বিদ্রূপ, বিরোধিতা বা উদাসীনতার সম্মুখীন হয়ে থাকে। (মথি ১০:৩৫; যোহন ১৫:২০) হয়তো আপনার ক্ষেত্রেও তা সত্য। অন্যদিকে, আপনি হয়তো স্বাস্থ্যগত কোনো সমস্যার সঙ্গে লড়াই করছেন কিংবা আপনাকে হয়তো বিশ্বাস ও ধৈর্যকে পরীক্ষায় ফেলে এমন বিক্ষেপ এবং প্রলোভনগুলোকে প্রতিরোধ করার জন্য প্রতিদিন লড়াই করতে হয়। প্রাচীনকালের বিশ্বস্ত দাসদের ও সেইসঙ্গে বর্তমানকালের সেইসমস্ত সহখ্রিস্টান, যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে এবং সেগুলোকে কাটিয়ে উঠেছে, তাদের উদাহরণ বিবেচনা করার দ্বারা আমরা শক্তি অর্জন করতে পারি।—১ পিতর ৫:৯.
৩ আমরা যে ‘ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করিয়াছি,’ তা নিশ্চিত করার মাধ্যমে আমরা পরিচর্যায় অটল থাকার জন্য শক্তি অর্জন করতে পারি। (ইফি. ৬:১০-১৩, ১৫) ধৈর্যের জন্য প্রার্থনা করাও আবশ্যক। ঈশ্বর তাঁর পবিত্র আত্মা দান করেন, যাতে আমরা পরীক্ষাগুলোর সময়ে ধৈর্য ধরতে পারি। (২ করি. ৬:৪-৭) আমাদের আধ্যাত্মিক যুদ্ধে সফল হতে হলে, আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সাক্ষ্যকলাপ বা অনুস্মারকগুলোতে মনোযোগ দিতে হবে, যাতে আমাদের মনোভাব পুনরুজ্জীবিত হয়। (গীত. ১১৯:২৪, ৮৫-৮৮) ঠিক যেমন এক সন্তান হয়তো, একজন প্রেমময় বাবার কাছ থেকে পাওয়া একটা ব্যক্তিগত চিঠিকে বার বার পড়ে থাকে, তেমনই আমাদের প্রতিদিন বাইবেল পাঠ, যিহোবার সঙ্গে আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করে। নিয়মিত ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে আমরা পরীক্ষাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য প্রজ্ঞা অর্জন করি আর এভাবে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে এবং আমাদের নীতিনিষ্ঠাকে শক্তিশালী করতে ঈশ্বরের চিন্তাধারাকে সুযোগ দিই।—হিতো. ২:১০, ১১.
৪ ধৈর্য অনেক আশীর্বাদ নিয়ে আসে: পৌলের ক্ষেত্রে যেমন সত্য বলে প্রমাণিত হয়েছিল, তেমনই পরিচর্যা সম্পন্ন করার সময় বিশ্বস্ততার সঙ্গে আমাদের ধৈর্য ধরা, যিহোবার হৃদয়কে আনন্দিত করে এবং আমাদের ও অন্যদের জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসে। (হিতো. ২৭:১১) আমরা যেন পরিচর্যায় অধ্যবসায়ী হওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হই আর এভাবে প্রমাণ দিই যে, আমাদের বিশ্বাস হল দৃঢ় এবং “যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য।”—১ পিতর ১:৬, ৭.