আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?
১ ব্যক্তিগত এলাকা বলতে সেই এলাকাকে বোঝায়, যেটার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। এটা হয়তো সুবিধাজনক এলাকায় হতে পারে, যাতে আপনি সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারেন আর একা কিংবা অন্য একজন প্রকাশকের সঙ্গে প্রচার করতে পারেন। যদিও যখন সম্ভব, মণ্ডলীর দলগত সাক্ষ্যদানের ব্যবস্থাগুলোকে সমর্থন করা উপকারজনক, তবে অন্যান্য সময়ে কাজ করার জন্য একটা ব্যক্তিগত এলাকা থাকা পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিতে সাহায্য করতে পারে আর এটা বিশেষভাবে সেই মণ্ডলীগুলোতে, যেখানে প্রচারের এক বড় এলাকা রয়েছে।—প্রেরিত ১০:৪২.
২ উপকারগুলো: কেউ কেউ তাদের দুপুরের খাবারের বিরতির সময়ে বা কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মস্থলের কাছাকাছি এক ব্যক্তিগত এলাকায় প্রচার করায় বাড়তি উপকার লাভ করেছে। অন্যেরা পরিবারগতভাবে একত্রে মণ্ডলীর বই অধ্যয়নের আগে এক ঘন্টা বা তার চেয়ে বেশি কিছু সময় তাদের পাড়ায় কাজ করা উপভোগ করেছে। ফলে, কাছাকাছি এলাকায় অনেক পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়ন পাওয়া গিয়েছে আর এর মাধ্যমে প্রচেষ্টা, সময় এবং খরচের সাশ্রয় হয়েছে। যেহেতু অল্পসময়ে বেশি কাজ সম্পন্ন করা যেতে পারে, তাই একটা ব্যক্তিগত এলাকা থাকা কাউকে কাউকে সময়ে সময়ে সহায়ক অগ্রগামীর কাজ করতে অথবা এমনকি নিয়মিত অগ্রগামী হিসেবে নাম লেখাতে সাহায্য করতে পারে। অধিকন্তু, একটা ব্যক্তিগত এলাকায় কাজ করা এবং গৃহকর্তাদের সঙ্গে পরিচিত হয়ে ওঠার ফলে সেটা আমাদেরকে তাদের নির্ভরযোগ্যতা অর্জন করতে এবং তাদের উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে আমাদের উপস্থাপনা খাপ খাইয়ে নিতে সাহায্য করে আর তা আমাদের পরিচর্যাকে আরও কার্যকারী করে তোলে।
৩ একটা ব্যক্তিগত এলাকা থাকার বিষয়ে সীমা অধ্যক্ষের দ্বারা উৎসাহিত হয়েছিলেন এমন একজন অগ্রগামী বর্ণনা করেন: “আমি এই পরামর্শ গ্রহণ করেছিলাম আর শীঘ্রই আমার এলাকার গৃহকর্তাদের সঙ্গে খুব ভালভাবে পরিচিত এবং বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিলাম। আমি তাদের সুবিধামতো আমার সাক্ষাতের সময় সমন্বয় করেছিলাম। এর ফলে, আমার পুনর্সাক্ষাতের সংখ্যা এক মাসে বেড়ে ৩৫ থেকে ৮০ হয়েছিল আর আমার সাতটা গৃহ বাইবেল অধ্যয়ন রয়েছে।”
৪ যেভাবে পাবেন: আপনি যদি একটা ব্যক্তিগত এলাকা পাওয়ার জন্য আবেদন করতে চান, তা হলে এলাকার জন্য নিযুক্ত দাসের সঙ্গে কথা বলুন। আপনার সঙ্গে কাজ করার জন্য স্বচ্ছন্দে আরেকজন প্রকাশককে আমন্ত্রণ জানান এবং যে-বাড়িগুলোতে লোকেদের পাওয়া যায় না, সেটার রেকর্ড রাখুন। আপনার চার মাসের মধ্যে এলাকা শেষ করার চেষ্টা করা উচিত। যদি আপনার সেটা করতে সমস্যা হয়, তা হলে আপনি আপনার বই অধ্যয়ন অধ্যক্ষের কাছে বা অন্যদের কাছে সাহায্য চাইতে পারেন। চার মাস শেষে হয় আপনি সম্পন্ন হয়ে যাওয়া এলাকা বুঝিয়ে দিতে পারেন অথবা সেখানে পুনরায় কাজ করার বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু, আপনার অনির্দিষ্ট সময়কাল ধরে একই এলাকা রেখে দেওয়া উচিত নয় বরং ফেরত দিন, যাতে অন্যেরা এই এলাকায় কাজ করতে পারে। যদি আপনি এমন একটা মণ্ডলীতে থাকেন, যেখানে এলাকা খুবই সীমিত এবং ব্যক্তিগত এলাকা পাওয়া সম্ভবপর নয়, তা হলে আপনি আপনার বই অধ্যয়ন অধ্যক্ষের কাছ থেকে একটা এলাকার অল্প কিছু অংশের জন্য আবেদন করতে পারেন।
৫ “সমুদয় জগতে” আমাদের প্রচার করার দায়িত্ব হচ্ছে এক কঠিন কার্যভার। (মথি ২৪:১৪) এর জন্য প্রচেষ্টার উত্তম সমন্বয় দরকার। দলগতভাবে সাক্ষ্য দেওয়ার পাশাপাশি একটা ব্যক্তিগত এলাকায় প্রচার করা আমাদেরকে সুসমাচার নিয়ে যত বেশি লোকেদের কাছে সম্ভব পৌঁছাতে সাহায্য করে।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. ব্যক্তিগত এলাকা বলতে কী বোঝায়?
২. একটা ব্যক্তিগত এলাকা থাকার কিছু উপকার কী?
৩. নিজের ব্যক্তিগত এলাকা ছিল এমন একজন অগ্রগামীর কোন অভিজ্ঞতা হয়েছিল?
৪. কীভাবে আপনি একটা ব্যক্তিগত এলাকা পেতে ও সেখানে কাজ করতে পারেন?
৫. প্রচার করার দায়িত্ব পূর্ণ করার জন্য কী দরকার রয়েছে?