ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৬ পৃষ্ঠা ৭-১০
  • যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত পৃষ্ঠা ৭৭-৮৩

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত পৃষ্ঠা ৭৭-৮৩
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অধ্যায় ৮
  • সুসমাচারের পরিচারক
  • নতুন প্রকাশক
  • চাহিদাগুলো পূরণ করা
  • অল্পবয়স্কদের সাহায্য করা
  • উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৬ পৃষ্ঠা ৭-১০

যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত পৃষ্ঠা ৭৭-৮৩

অধ্যায় ৮

সুসমাচারের পরিচারক

তাঁর পুত্রকে পাঠানোর মাধ্যমে যিহোবা আমাদের অনুসরণের জন্য এক নিখুঁত আদর্শ প্রদান করেছেন। (১ পিতর ২:২১) কেউ যখন তাঁর অনুসারী হন, তখন যিশু সেই ব্যক্তিকে ঈশ্বরের একজন পরিচারক হিসেবে সুসমাচার প্রচার করতে সাহায্য করেন। এটা যে আধ্যাত্মিকভাবে বিশ্রাম দেবে বা সতেজতাদায়ক হবে, তা নির্দেশ করে যিশু বলেছিলেন: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর [অথবা অন্যভাবে বললে, “আমার শিষ্য হও”], কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে।” (মথি ১১:২৮, ২৯) যারা সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে, তাদের কারো ক্ষেত্রে তাঁর এই প্রতিজ্ঞা ব্যর্থ হয়নি।

ঈশ্বরের প্রধান পরিচারক হিসেবে, যিশু কিছু ব্যক্তিকে তাঁর কাছে আসতে এবং তাঁর অনুসারী হতে আহ্বান করেছিলেন। (মথি ৯:৯; যোহন ১:৪৩) তিনি পরিচর্যায় তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং সেই একই কাজ করার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন, যা তিনি নিজে করছিলেন। (মথি ১০:১–১১:১; ২০:২৮; লূক ৪:৪৩) পরবর্তী সময়ে, তিনি আরও ৭০ জনকে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সুসমাচার ঘোষণা করার কাজে অংশ নিতে পাঠিয়েছিলেন। (লূক ১০:১, ৮-১১) যিশু যখন তাঁর শিষ্যদের পাঠিয়েছিলেন, তখন তিনি তাদেরকে বলেছিলেন: “যে তোমাদিগকে মানে, সে আমাকেই মানে; এবং যে তোমাদিগকে অগ্রাহ্য করে, সে আমাকেই অগ্রাহ্য করে; আর যে আমাকে অগ্রাহ্য করে, সে তাঁহাকেই অগ্রাহ্য করে, যিনি আমাকে প্রেরণ করিয়াছেন।” (লূক ১০:১৬) এভাবে যিশু সেই গুরু দায়িত্বের ওপর জোর দিয়েছিলেন, যা শিষ্যদের ওপর অর্পণ করা হয়েছিল। তাদের পরাৎপর ঈশ্বরকে প্রতিনিধিত্ব করতে হয়েছিল! এমনকি আমাদের সময়েও এটা সেইসমস্ত ব্যক্তির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, যারা যিশুর এই আমন্ত্রণে সাড়া দেয়, “[তাহার] পশ্চাদ্‌গামী হও।” (লূক ১৮:২২) যারা সাড়া দেয়, তাদের সকলের রাজ্যের সুসমাচার প্রচার ও শিষ্য তৈরি করার এক ঐশিক দায়িত্ব রয়েছে।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.

তাই, যিশুকে অনুসরণ করার জন্য তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর কাছে আসার ফলে আমরা যিহোবা ঈশ্বর ও যিশু খ্রিস্ট সম্বন্ধে জানার বা জ্ঞান লাভ করার আশীর্বাদ পেয়েছি। (যোহন ১৭:৩) আমাদেরকে যিহোবার পথ সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়েছে। তাঁর সাহায্যে আমরা আমাদের মনকে নতুনীকৃত করতে, আমাদের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে এবং আমাদের রোজকার আচরণকে যিহোবার ধার্মিক মানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সমর্থ হয়েছি। (রোমীয় ১২:১, ২; ইফি. ৪:২২-২৪; কল. ৩:৯, ১০) আমাদের আন্তরিক উপলব্ধি আমাদেরকে যিহোবার কাছে নিজেদেরকে উৎসর্গ করতে ও এর প্রতীক হিসেবে জলে বাপ্তিস্ম নিতে পরিচালিত করেছে। বাপ্তিস্ম, পরিচারক হিসেবে আমাদের নিযুক্তিকরণ হিসেবে কাজ করে।

সবসময় মনে রাখবেন যে, শুচি হস্তে এবং বিশুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে সেবা প্রদান করতে হবে। (গীত. ২৪:৩, ৪; যিশা. ৫২:১১; ২ করি. ৬:১৪–৭:১) যিশু খ্রিস্টের ওপর বিশ্বাসের মাধ্যমে আমরা এক শুদ্ধ বিবেক ও সাহস বা নির্দ্বিধায় কথা বলার ক্ষমতা অর্জন করেছি। (ইব্রীয় ১০:১৯-২৩, ৩৫, ৩৬; প্রকা. ৭:৯, ১০, ১৪) প্রেরিত পৌল খ্রিস্টানদেরকে সকলই ঈশ্বরের গৌরবার্থে করার জন্য উপদেশ দিয়েছিলেন, যাতে অন্যেরা বিঘ্ন না পায়। এ ছাড়া, প্রেরিত পিতরও অবিশ্বাসীদের সত্যে জয় করার উদাহরণযোগ্য ঈশ্বরীয় আচরণের মূল্য সম্বন্ধে উল্লেখ করেছিলেন। (১ করি. ১০:৩১, ৩৩; ১ পিতর ৩:১) কীভাবে আপনি কাউকে সুসমাচারের একজন পরিচারক হওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে সাহায্য করতে পারেন?

নতুন প্রকাশক

যখন থেকে আপনি একজন আগ্রহী ব্যক্তির সঙ্গে বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে শুরু করেন, তখন থেকেই বাইবেল থেকে তিনি যা শিখছেন, তা অন্যদের কাছে বলার জন্য তাকে উৎসাহিত করুন। তাকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং অন্যদের সঙ্গে রীতিবহির্ভূতভাবে কথা বলার জন্য উৎসাহিত করা যেতে পারে। নতুন ব্যক্তিদের সুসমাচারের পরিচারক হিসেবে যিশু খ্রিস্টের অনুসারী হওয়ার জন্য শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা এক গুরুত্বপূর্ণ ধাপ। (মথি ৯:৯; লূক ৬:৪০) নতুন ব্যক্তি যখন আধ্যাত্মিকভাবে উন্নতি করেন এবং রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠেন, তখন নিঃসন্দেহে তিনি মণ্ডলীর সঙ্গে জনসাধারণ্যের পরিচর্যায় অংশ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করবেন।

চাহিদাগুলো পূরণ করা

প্রথমবারের মতো ক্ষেত্রের পরিচর্যায় আপনার সঙ্গে একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর এবং তাকে মণ্ডলীতে ক্ষেত্রের পরিচর্যার কোনো রিপোর্ট দিতে বলার আগে, তার নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করা উচিত। একজন ব্যক্তি যখন আমাদের সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় যান, তখন তিনি জনসাধারণ্যে জানিয়ে থাকেন যে, তিনি যিহোবার লোকেদের মণ্ডলীর সঙ্গে মেলামেশা করেন আর তাই ধরে নেওয়া হয় যে, ইতিমধ্যেই তিনি যিহোবার ধার্মিক মানগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করছেন এবং তিনি মণ্ডলীতে একজন অবাপ্তাইজিত প্রকাশক হতে পারেন।

খুব সম্ভবত আপনি যখন একজন ব্যক্তির সঙ্গে অধ্যয়ন করেন এবং তার সঙ্গে বাইবেলের নীতিগুলো আলোচনা করেন, তখন আপনি তার পরিস্থিতি সম্বন্ধে জানতে পারবেন। আপনি হয়তো লক্ষ করতে পারেন যে, তিনি বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে যে-তথ্যগুলো শিখেছেন, সেগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করছেন। কিন্তু, আপনি তাকে আপনার সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় যেতে বলার এবং অন্যদের সঙ্গে জনসাধারণ্যে সাক্ষ্য দেওয়ার কাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর আগে, ছাত্রের জীবনের কিছু দিক রয়েছে, যেগুলো নিয়ে প্রাচীনরা তার ও আপনার সঙ্গে আলোচনা করতে চাইবে।

আপনার ও বাইবেল ছাত্রের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য পরিচালক অধ্যক্ষ দুজন প্রাচীনের (একজন মণ্ডলীর পরিচর্যা কমিটির সদস্য হবেন) ব্যবস্থা করবেন। তারা নীচের এই বিষয়গুলো আলোচনা করবেন:

● সেই ব্যক্তির কথাবার্তা কি দেখায় যে, তিনি বাইবেলকে ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য হিসেবে বিশ্বাস করেন? (২ তীম. ৩:১৬)

● তিনি কি শাস্ত্রের মৌলিক শিক্ষাগুলো জানেন ও বিশ্বাস করেন, যাতে প্রশ্ন করা হলে তিনি মিথ্যা ধর্মীয় শিক্ষা অথবা নিজের ধারণার ওপর নয় বরং বাইবেলের সঙ্গে মিল রেখে উত্তর দেবেন? (মথি ৭:২১-২৩; ২ তীম. ২:১৫)

● তিনি যদি শারীরিকভাবে সমর্থ থাকেন এবং তার পরিস্থিতি অনুমোদন করে, তা হলে তিনি কি মণ্ডলীতে যিহোবার লোকেদের সঙ্গে মেলামেশা করার বিষয়ে বাইবেলের আজ্ঞায় মনোযোগ দিচ্ছেন? (গীত. ১২২:১; ইব্রীয় ১০:২৪, ২৫)

● তিনি কি জানেন যে, ব্যভিচার, পারদারিকতা, বহুগামিতা এবং সমকামিতা সম্বন্ধে বাইবেল কী শিক্ষা দেয় আর তিনি কি এই শিক্ষাগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করছেন? সেই ব্যক্তি যদি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বাস করেন, তা হলে তারা কি যথাযথভাবে বিবাহিত? (মথি ১৯:৯; ১ করি. ৬:৯, ১০; ১ তীম. ৩:২, ১২; ইব্রীয় ১৩:৪)

● তিনি কি মাতাল হওয়া সম্বন্ধে বাইবেলের নিষেধাজ্ঞার প্রতি মনোযোগ দেন? (ইফি. ৫:১৮; ১ পিতর ৪:৩, ৪) তিনি কি তামাক, সুপারি এবং অন্যান্য যে-বিষয় দেহকে দূষিত করে, সেগুলোর কলুষতা থেকে নিজেকে শুচি রাখেন? তিনি কি চিকিৎসা ছাড়া অন্য কোনো কারণে মাদকদ্রব্য ব্যবহার করা থেকে মুক্ত আছেন? (২ করি. ৭:১)

● তিনি কি গঠনমূলক নয় এমন মেলামেশা এড়ানোর মূল্য সম্বন্ধে উপলব্ধি করেন? (১ করি. ১৫:৩৩)

● তিনি কি সেইসমস্ত মিথ্যা ধর্মীয় সংগঠনের সদস্যপদ পুরোপুরি ত্যাগ করেছেন, যেগুলোর সঙ্গে তিনি হয়তো সংযুক্ত ছিলেন এবং তিনি কি তাদের সভাগুলোতে যোগদান করা ও তাদের কাজগুলোকে সমর্থন বা সেগুলোতে অংশগ্রহণ করা বাদ দিয়েছেন? (২ করি. ৬:১৪-১৮; প্রকা. ১৮:৪)

● তিনি কি জগতের রাজনৈতিক বিষয়গুলোর ব্যাপারে জড়িত হওয়া থেকে মুক্ত? (যোহন ৬:১৫; ১৫:১৯; যাকোব ১:২৭)

● যিশাইয় ২:৪ পদে জাতিগুলোর বিভিন্ন বিষয় সম্বন্ধে বাইবেল যা বলে, সেটা কি তিনি বিশ্বাস করেন এবং সেটার সঙ্গে মিল রেখে জীবনযাপন করেন?

● তিনি কি সত্যিই যিহোবার একজন সাক্ষি হতে চান? (গীত. ১১০:৩)

এই বিষয়গুলোর কয়েকটা সম্বন্ধে ছাত্র কেমন বোধ করেন, সেই সম্বন্ধে প্রাচীনরা যদি নিশ্চিত না হন, তা হলে তাকে এখানে উল্লেখিত শাস্ত্রপদগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো উচিত এবং শাস্ত্রপদগুলো যা বলে, তার তাৎপর্য দেখার জন্য এগুলোর ওপর মন্তব্য করতে বলা উচিত। গুরুত্বপূর্ণ বিষয়টা হল তিনি যেন বুঝতে পারেন যে, যারা যিহোবার সাক্ষিদের সঙ্গে প্রচার কাজে অংশগ্রহণ করে, তাদের এমনভাবে জীবনযাপন করতে হবে, যা এই শাস্ত্রীয় চাহিদাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার অভিব্যক্তি প্রাচীনদের নির্ধারণ করতে সাহায্য করবে যে, তার কাছ থেকে যা আশা করা হচ্ছে, তা তিনি জানেন কি না এবং ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ শুরু করার জন্য তিনি যুক্তিসংগতভাবে যোগ্য কি না।

যদি তিনি যোগ্য হয়ে থাকেন, তা হলে প্রাচীনরা সেই ব্যক্তিকে এমন একজন হিসেবে উষ্ণভাবে স্বাগতম জানাতে পারেন, যিনি যিহোবার সাক্ষিদের একজন সক্রিয় সহযোগী হওয়ার আকাঙ্ক্ষা করেন। (রোমীয় ১৫:৭) তাকে যত শীঘ্রই সম্ভব ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করার জন্য এবং মাস শেষে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার জন্য উৎসাহিত করা উচিত। প্রাচীনরা ব্যাখ্যা করতে পারে যে, একজন বাইবেল ছাত্র যখন অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে যোগ্য হন এবং প্রথমবারের মতো ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেন, তখন তার নামে মণ্ডলীর প্রকাশকদের রেকর্ড কার্ড তৈরি করা হয় এবং তা মণ্ডলীর ফাইলে রাখা হয়। তারা তাকে আশ্বাস দিতে পারে যে, প্রতি মাসে ক্ষেত্রের পরিচর্যার যে-রিপোর্ট দেওয়া হয়, সেটার প্রতি সমস্ত প্রাচীন আগ্রহী।

নতুন প্রকাশকের সঙ্গে ভালভাবে পরিচিত হওয়া এবং তিনি যা সম্পাদন করেছেন, তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখানো সেই ব্যক্তির ওপর এক উত্তম প্রভাব ফেলতে পারে। এটা হয়তো তাকে যিহোবাকে সেবা করার জন্য আরও বেশি প্রচেষ্টা করতে এবং প্রতি মাসে নিয়মিতভাবে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দিতে পরিচালিত করতে পারে।—ফিলি. ২:৪; ইব্রীয় ১৩:১, ২.

একবার যখন প্রাচীনরা নির্ধারণ করে যে, বাইবেল ছাত্র ক্ষেত্রের পরিচর্যায় যোগদান করার যোগ্য, তখন তার নিজের জন্য যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের একটি কপি পাওয়া উপযুক্ত হবে। প্রথমবারের মতো ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার পর মণ্ডলীতে এই সংক্ষিপ্ত ঘোষণা দেওয়া উচিত যে, তিনি একজন নতুন অবাপ্তাইজিত প্রকাশক।

অল্পবয়স্কদের সাহায্য করা

অল্পবয়স্করাও সুসমাচারের প্রকাশক হওয়ার জন্য যোগ্য হতে পারে। যিশু ছোট ছেলেমেয়েদের তাঁর কাছে গ্রহণ করেছিলেন এবং তাদেরকে আশীর্বাদ করেছিলেন। (মথি ১৯:১৩-১৫; মথি ২১:১৫, ১৬) যদিও নিজেদের সন্তানদের দায়িত্ব মূলত বাবামার, তবে মণ্ডলীর অন্যেরাও সেইসমস্ত অল্পবয়স্ককে সাহায্য করতে চাইতে পারে, যারা রাজ্যের প্রচার কাজে অংশ নেওয়ার জন্য হৃদয় থেকে অনুপ্রাণিত। আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে ক্ষেত্রের পরিচর্যায় আপনার উত্তম উদাহরণ আপনার সন্তানদেরকে ঈশ্বরের প্রতি তাদের সেবায় উদ্যোগী হওয়ার জন্য অনেক উৎসাহিত করবে। একজন সন্তান যখন তার আচরণে উদাহরণযোগ্য হয় এবং অন্যদের কাছে সুসমাচার সম্বন্ধে বলার মাধ্যমে তার বিশ্বাসের ব্যক্তিগত অভিব্যক্তি হৃদয় থেকে প্রকাশ করতে অনুপ্রাণিত হয়, তখন আরও কোন সাহায্য করা যেতে পারে?

সন্তান একজন প্রকাশক হওয়ার জন্য যোগ্য কি না, সেই সম্বন্ধে আলোচনা করার জন্য মণ্ডলীর পরিচর্যা কমিটির অন্তর্ভুক্ত একজন প্রাচীনের কাছে যাওয়া বাবা অথবা মার জন্য উপযুক্ত হবে। পরিচালক অধ্যক্ষ সন্তান ও তার বাবা অথবা মা(উভয়ের) সঙ্গে সাক্ষাৎ করার জন্য দুজন প্রাচীনের (একজন মণ্ডলীর পরিচর্যা কমিটির সদস্য হবেন) ব্যবস্থা করবেন। সেই সন্তানের যদি বাইবেলের সত্য সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকে এবং সে রাজ্যের সেবায় অংশগ্রহণ করতে চাওয়ার প্রমাণ দেয়, তা হলে এটা ইঙ্গিত দেবে যে উত্তম উন্নতি করা হয়েছে। এগুলো এবং বড়দের ক্ষেত্রে প্রযোজ্য এইরকম অন্যান্য বিষয় বিবেচনা করার পর, দুজন প্রাচীন নির্ধারণ করতে পারে যে, সেই সন্তান একজন অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে গ্রহণযোগ্য হতে পারে কি না।—লূক ৬:৪৫; রোমীয় ১০:১০.

উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম

আপনি যদি সঠিক জ্ঞান নিয়ে থাকেন এবং ঐশিক চাহিদাগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করার ও ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করার দ্বারা ঈশ্বরের প্রতি প্রেম দেখিয়ে থাকেন, তা হলে যিহোবার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে। কীভাবে? প্রার্থনায় তাঁর কাছে উৎসর্গ করার এবং পরে এর প্রতীক হিসেবে জলে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে।—মথি ২৮:১৯, ২০.

উৎসর্গীকরণ পবিত্র কোনো উদ্দেশ্যে আলাদা হওয়াকে বোঝায়। ঈশ্বরের কাছে উৎসর্গীকরণের অর্থ হল প্রার্থনায় তাঁর নিকটবর্তী হওয়া এবং তাঁকে সেবা করতে আপনার জীবন ব্যবহার করার ও বিশ্বস্তভাবে তাঁর পথে চলার জন্য এক গুরুগম্ভীর প্রতিজ্ঞা করা এবং চিরকাল তাঁকে একাগ্র ভক্তি দেওয়া। (দ্বিতী ৫:৯) এভাবে আপনি ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গীকরণ করেন। এটা একান্ত ব্যক্তিগত এক ব্যাপার। কেউই আপনার জন্য তা করতে পারে না।

তবে, আপনি যে যিহোবার হতে চান, তা একান্তে যিহোবাকে বলার চেয়ে আপনাকে অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। আপনাকে অন্যদের দেখাতে হবে যে, আপনি ঈশ্বরের কাছে উৎসর্গীকরণ করেছেন। আপনি জলে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে তা জানাবেন, যেমনটা যিশু করেছিলেন। (১ পিতর ২:২১; ৩:২১) আপনি যদি যিহোবাকে সেবা করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হয়ে থাকেন এবং বাপ্তাইজিত হতে চান, তা হলে আপনার কী করা উচিত? যিহোবার সাক্ষিদের যে-মণ্ডলীর সঙ্গে আপনি মেলামেশা করেন, সেই মণ্ডলীর পরিচালক অধ্যক্ষকে আপনার আকাঙ্ক্ষার কথা জানাতে হবে। বাপ্তিস্মের জন্য আপনি ঐশিক চাহিদাগুলো পূরণ করেছেন কি না, তা নিশ্চিত করার জন্য তিনি আপনার সঙ্গে আলোচনা করতে কয়েক জন প্রাচীনের ব্যবস্থা করবেন। আরও তথ্যের জন্য দয়া করে এই প্রকাশনার ১৮০-২ পৃষ্ঠার “অবাপ্তাইজিত প্রকাশকের প্রতি বার্তা” এবং ১৮২-২১৬ পৃষ্ঠার “যারা বাপ্তিস্ম নিতে ইচ্ছুক তাদের জন্য প্রশ্ন” পুনরালোচনা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার