যিহোবার অপেক্ষা করুন
১ “সদাপ্রভু ন্যায়বিচারের ঈশ্বর,” যিশাইয় লিখেছিলেন। “ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার অপেক্ষা করে।” (যিশা. ৩০:১৮খ) তাঁর শত্রুদের ওপর ঈশ্বরের বিচার সম্পাদন এবং তাঁর বিশ্বস্ত দাসদের মুক্তির বিষয়ে বাইবেলে অনেক বিবরণ রয়েছে। এই ধরনের বিবরণগুলো আজকের দিনের যিহোবার উপাসকদের কোন শিক্ষাগুলো দেয়? “সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের” জন্য প্রস্তুত থাকার জন্য এখনই আমরা কী করতে পারি? (যোয়েল ২:৩১, ৩২) আমাদের আসন্ন “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলন আমাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে এবং আত্মপরীক্ষা করতে প্রেরণা দেবে। এটা আমাদেরকে যিহোবার অপেক্ষা করতে সাহায্য করবে।
২ সম্মেলনের তিন দিনই উপস্থিত থেকে উপকৃত হওয়ার জন্য আপনি কি ব্যবস্থাদি করেছেন? উদাহরণস্বরূপ, সম্মেলনে উপস্থিত থাকার জন্য ছুটি নেওয়ার ব্যাপারে আপনি কি আপনার নিয়োগকর্তার সঙ্গে কথা বলেছেন? এই বিষয়টাকে শেষ মুহূর্তের জন্য রেখে দেবেন না। এই বিষয়ে প্রার্থনা করুন। এরপর, আপনার অনুরোধ জানান। (নহি. ২:৪, ৫) একইভাবে, যাতায়াতের, থাকার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের জন্য চূড়ান্ত ব্যবস্থাদি করা আমাদের ফেলে রাখা উচিত নয়। এই ধরনের উত্তম পরিকল্পনা যিহোবার আধ্যাত্মিক মেজের প্রতি আমাদের গভীর উপলব্ধিকে প্রকাশ করে। সম্মেলন ব্যবস্থাদির ব্যাপারে যাদের সহযোগিতার প্রয়োজন তাদের, বিশেষ করে মণ্ডলীর বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার জন্য প্রাচীনদের অবগত থাকা উচিত।—গালা. ৬:১০.
৩ উত্তম আচারব্যবহার ঈশ্বরকে সম্মান করে: সম্মেলনগুলোতে যখন আমরা অনেক সংখ্যক লোক সমবেত হই, তখন আমাদের উত্তম আচারব্যবহার সেই এলাকায় এক সাক্ষ্যদান হিসেবে কাজ করে। এর জন্য আমাদের কী করা প্রয়োজন? সম্মেলন এলাকার হোটেল, রেস্টুরেন্টগুলোতে এবং ব্যাবসায়ের অন্যান্য স্থানে থাকার সময় যাদের সঙ্গে আমাদের আদানপ্রদান হয়ে থাকে, তারা যেন আমাদের দীর্ঘসহিষ্ণুতা, মৃদুতা, ইন্দ্রিয়দমন এবং যুক্তিবাদিতার মতো খ্রিস্টীয় গুণাবলির দ্বারা সতেজ হয়। (গালা. ৫:২২, ২৩; ফিলি. ৪:৫, NW) আমাদের সকলেরই সেই ধরনের প্রেম প্রদর্শন করা উচিত, যা “আত্মশ্লাঘা করে না, গর্ব্ব করে না, অশিষ্টাচরণ করে না।” এমনকি যদি নানা সমস্যা অথবা অসুবিধা দেখা দেয়, তা হলেও আমরা ‘সকলই ঈশ্বরের গৌরবার্থে করিতে’ চাইব।—১ করি. ১০:৩১; ১৩:৫.
৪ একটা সম্মেলনের পর, একজন হোটেল ম্যানেজার আমাদের যুবক-যুবতীদের আচারব্যবহার এবং বেশভূষার দ্বারা এতটাই অভিভূত হয়েছিলেন যে, তিনি “অতিথি হিসেবে তার হোটেলে সবসময় যিহোবার সাক্ষিদের পাওয়ার” ইচ্ছা প্রকাশ করেছিলেন। আনন্দ করার কী এক কারণ! এটা বাবামা, আপনাদের উত্তম প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের ফল। বাবামাদের তাদের ছেলেমেয়েদেরকে হোটেলের একটা রুমে কারো তত্ত্বাবধান ছাড়া থাকতে দেওয়া বিজ্ঞের কাজ হবে না। ছেলেমেয়েদের সবসময় সঠিকভাবে তত্ত্বাবধান করা উচিত। (হিতো. ২৯:১৫) তাদের উত্তম আচারব্যবহার যেন যিহোবার প্রশংসা নিয়ে আসে এবং তাঁর হৃদয়কে আনন্দিত করে!—হিতো. ২৭:১১.
৫ শালীন পোশাক-আশাক ও সাজগোজ: আমরা প্রত্যেকেই উগ্র, অনুপযুক্ত, অমার্জিত অথবা অতিরিক্ত ক্যাজুয়াল পোশাক-আশাক ও সাজগোজের ধরন এড়িয়ে চলে সাধারণভাবে সম্মেলন সম্বন্ধে একটা ধারণা গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। এটা সম্মেলন শহরে যাওয়ার ও সেখান থেকে ফিরে আসার, সম্মেলনস্থল প্রস্তুত করতে সাহায্য করার এবং অধিবেশনগুলোতে উপস্থিত থাকার সময় প্রযোজ্য। ঈশ্বরের দাস হিসেবে আমাদের প্রথম চিন্তার বিষয় হচ্ছে, যিহোবার নাম ও খ্যাতি, আমাদের ব্যক্তিগত পছন্দ অথবা আরাম-আয়েশ নয়। পরিবারের মস্তকদের নিশ্চিত করতে হবে যে, তাদের পরিবারের সদস্যদের বেশভূষায় যেন সবসময় সলজ্জ বা শালীনতা এবং সুবুদ্ধি প্রতিফলিত হয়।—১ তীম. ২:৯.
৬ একইভাবে, অবসর সময়ে হোটেল, দোকান এবং রেস্টুরেন্টগুলোতেও মর্যাদাপূর্ণ বেশভূষা বজায় রাখা গুরুত্বপূর্ণ। অধিবেশনগুলোর পর আমরা যদি বাইরে খাওয়াদাওয়া করতে যাই, তা হলে সেই সময়ে আমাদের সম্মেলনের পোশাক পরে যাওয়া উপযুক্ত। আমাদের সম্মেলনের ব্যাজ কার্ড পরা আমাদেরকে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদানের সুযোগগুলো করে দেয়।—২ করি. ৬:৩, ৪.
৭ যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন: “সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊদ্ধের্ব থাকিবেন।” (যিশা. ৩০:১৮ক) যিহোবার করুণা এবং অযাচিত দয়ার জন্য কৃতজ্ঞতাবোধ, আমাদেরকে সম্মেলনগুলোতে সমবেত হওয়ার সময় আমাদের আচারব্যবহার এবং বেশভূষার দ্বারা তাঁকে সম্মান করতে পরিচালিত করা উচিত। “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলন যেন আমাদের ঈশ্বরকে গৌরবান্বিত করে এবং তাঁর অপেক্ষা করতে আমাদেরকে সাহায্য করে!
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. সম্মেলনের মূলভাব কী আর কেন এটা সময়োপযোগী?
২. আমাদের জেলা সম্মেলনের প্রতি আমরা কীভাবে উপলব্ধি দেখাতে পারি?
৩. সম্মেলন শহরে যিহোবার লোকেদের কোন গুণাবলি দেখানো উচিত?
৪. বাবামায়েরা কীভাবে তাদের ছেলেমেয়েদের এমনভাবে আচারব্যবহার করার জন্য সাহায্য করতে পারে, যা যিহোবার প্রশংসা নিয়ে আসে?
৫. আমাদের পোশাক-আশাক ও সাজগোজের দ্বারা কীভাবে আমরা যিহোবাকে সম্মান করতে পারি?
৬. সম্মেলনের অধিবেশনগুলোতে আমাদের যে-মর্যাদাপূর্ণ বেশভূষা থাকে, অবসর সময়েও কেন আমাদের সেই একই বিষয় বজায় রাখা উচিত?
৭. কীভাবে আমরা সম্মেলনে সুশৃঙ্খলা ও আনন্দ বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারি? (“জেলা সম্মেলনের অনুস্মারকগুলো” নামক বাক্সটি দেখুন।)
[৫ পৃষ্ঠার বাক্স]
জেলা সম্মেলনের অনুস্মারকগুলো
▪ কার্যক্রমের সময়সূচি: তিন দিনই কার্যক্রম সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮টায় খুলে দেওয়া হবে। অধিবেশন শুরু হওয়ার কিছু সময় আগে সভাপতি মঞ্চে এসে বসবেন আর রাজ্যের গানের যন্ত্রসংগীত বাজানো হবে। সেই সময়ে আমাদের সকলের আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম দিন বিকেল ৫:১৫ মিনিটে, দ্বিতীয় দিন ৫:০৫ মিনিটে এবং তৃতীয় দিন ৪:১০ মিনিটে শেষ হবে।
▪ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিং করার অনুমতি পেয়েছি সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। সম্মেলন ব্যাজ কার্ডগুলো পার্কিংয়ের জন্য শনাক্তিকরণ চিহ্ন হিসেবে কাজ করবে। পার্কিংয়ের জায়গা যেহেতু সীমিত, তাই একটা গাড়িতে একজন বা দুজন ব্যক্তি আসার চেয়ে যতটা সম্ভব বেশ কয়েক জন মিলে একটা গাড়ি ব্যবহার করা উচিত।
▪ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে বাস করে কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে।
▪ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং সাধারণ খাবার সঙ্গে নিয়ে আসুন। ছোট ব্যাগ ও টিফিন বাক্সগুলো ব্যবহার করা যেতে পারে, যেগুলোকে আসনের নীচে রাখা যায়। বড় ধরনের জিনিসপত্র যেগুলো হাঁটাচলার পথে ব্যাঘাত জন্মাবে সেগুলো অবশ্যই ক্লোকরুমে রাখতে হবে।
▪ দান: একটা জেলা সম্মেলনের ব্যবস্থাদি করার পিছনে যথেষ্ট অর্থ ব্যয় করা হয়। আমরা আমাদের কিংডম হলে বা সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। সম্মেলনে দান হিসেবে দেওয়া যেকোনো চেক “ওয়াচ টাওয়ার” এর নামে হওয়া উচিত।
▪ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: সম্মেলনস্থলে যদি কোনো চিকিৎসাজনিত জরুরি অবস্থা দেখা দেয়, তা হলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগকে জানাবেন, যাতে সম্মেলনস্থলে আমাদের অভিজ্ঞ ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ন করতে ও সাহায্য করতে পারে।
▪ যারা কানে কম শোনে: সেকেন্দ্রাবাদে ইংরেজি সম্মেলনে সাংকেতিক ভাষার অধিবেশন রাখার ব্যবস্থা করা হয়েছে।
▪ রেকর্ডিং: যেকোনো ধরনের রেকর্ডার সম্মেলন হলের সাউন্ড সিস্টেম অথবা ইলেকট্রিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা উচিত নয় এবং সেগুলো কেবল এমনভাবে ব্যবহার করা যেতে পারে, যাতে অন্যেরা বিঘ্নিত না হয়।
▪ ছবি তোলা: অধিবেশন চলাকালীন যদি আপনি ছবি তোলেন, তা হলে দয়া করে কোনো ফ্ল্যাশ ব্যবহার করবেন না।
▪ পেজার ও সেল ফোন: এগুলো এমনভাবে সেট করে রাখা উচিত, যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না করে।
▪ সুগন্ধি দ্রব্য: বর্তমানে কিছু সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আমাদের যন্ত্রের সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা করতে হয়। তাই, কড়া পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য দয়ার কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা অন্যান্য সম্পর্কযুক্ত সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.
▪ পুনর্সাক্ষাৎ করুন ফর্মগুলো: সম্মেলনের সময়ে আমাদের রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। প্রকাশকদের দুএকটা পুনর্সাক্ষাৎ করুন ফর্ম সম্মেলনে নিয়ে আসা উচিত। এ ছাড়া, সম্মেলনের বুক রুম-এও এই ফর্মগুলো পাওয়া যাবে। পূরণ করা ফর্মগুলো দেখাশোনা করার জন্য বুক রুম ডিপার্টমেন্ট-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।—২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা দেখুন।
▪ রেস্টুরেন্টগুলো: অনেক জায়গায়, কাজের ওপর নির্ভর করে ১৫ থেকে ২০ শতাংশ বকশিশ দেওয়ার রীতি রয়েছে।
▪ হোটেলগুলো: (১) দয়া করে প্রয়োজনের চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না। (২) আপনাকে যদি বুক করা রুম বাতিল করতেই হয়, তা হলে সঙ্গে সঙ্গে হোটেলকে জানিয়ে দিন। (৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন। (৪) রুমে রান্নাবান্না করার অনুমতি না থাকলে, তা করবেন না। (৫) যে-ব্যক্তি রুম পরিষ্কার করেন, তার জন্য প্রতিদিন কিছু বকশিশ ছেড়ে যান। (৬) খ্রিস্টান হিসেবে, আমরা নিশ্চয়ই হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করব না। (৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে, বিশেষ করে হোটেলে ঢোকা ও ছাড়ার ব্যস্ত সময়গুলোতে আত্মার ফল প্রদর্শন করুন।