“মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার জন্য পৃথিবীব্যাপী অভিযান
প্রত্যেক মণ্ডলীর প্রকাশকরা বিশেষ ইস্তাহারটি বিতরণ করবে
১ উত্তর গোলার্ধে ২০০৬ সালের বসন্তকাল থেকে শুরু করে এবং সারা পৃথিবীতে যতদিন না ধারাবাহিক জেলা সম্মেলনগুলো শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত একটি বিশেষ ইস্তাহারের দ্বারা জেলা সম্মেলনগুলো সম্বন্ধে ঘোষণা করার জন্য পৃথিবীব্যাপী এক অভিযান চলবে, যা প্রায় ১৫৫টা দেশে অনুষ্ঠিত হবে। এই অভিযানে সেই বিশেষ সম্মেলনগুলোর তালিকাও থাকবে, যেগুলো ২০০৬ সালের জুলাই এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে অনুষ্ঠিত হবে।
২ শেষকালের এই শেষ সময়ের পরিপ্রেক্ষিতে, যে-সম্মেলনগুলো এই দুষ্ট ব্যবস্থা থেকে ঈশ্বরের প্রতিজ্ঞাত মুক্তির বিষয়ে জোর দেয়, সেগুলোর সঠিক প্রবণতাসম্পন্ন লোকেদের কাছে এক জোরালো আবেদন রাখা উচিত। বার্তাটির দ্বারা ভবিষ্যতে যা ঘটবে, সেই সম্বন্ধে তাদের চিন্তা করতে অনুপ্রাণিত হওয়া উচিত। লক্ষ লক্ষ লোককে সান্ত্বনা ও আশার এক বার্তা শোনার সুযোগ দেওয়ার জন্য, পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিদের ৯৮,০০০রেরও বেশি মণ্ডলীকে জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, যে-সম্মেলনে যোগদান করার জন্য তারা আমন্ত্রিত, তারা যেন সেই সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার কাজে উদ্যোগের সঙ্গে অংশ নেয়।
৩ মণ্ডলীগুলোকে পর্যাপ্ত ইস্তাহার দেওয়া হবে, যাতে প্রত্যেক প্রকাশক তাদেরকে যে-ভাষার সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই ভাষার ১৫টা করে ইস্তাহার পান। সম্মেলন শহরের প্রকাশকরা প্রত্যেকে ৩০টা করে ইস্তাহার পাবেন। যেকোনো বাড়তি সরবরাহ মণ্ডলীর অগ্রগামীরা ব্যবহার করতে পারে। প্রত্যেক মণ্ডলীতে, মণ্ডলীকে যে-সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেই সম্মেলন শুরুর তারিখের তিন সপ্তাহ আগে এই অভিযান শুরু হবে। এর ফলে, মণ্ডলীর এলাকার পুরোটা না হলেও বেশির ভাগ এলাকায় বিতরণ করার জন্য পর্যাপ্ত সময় থাকবে।
৪ সম্মেলনের স্থান ও তারিখ ছাপাতে অথবা লিখতে প্রকাশকদের জন্য ইস্তাহারের পিছনের দিকে জায়গা থাকবে। সুপারিশ করা হচ্ছে যে, যেখানে সম্ভব, প্রত্যেক গৃহকর্তাকে যেন ব্যক্তিগতভাবে একটি করে ইস্তাহার দেওয়া হয়। কিন্তু, কেউ কেউ যদি ঘরে না থাকে, তা হলে বিচক্ষণতার সঙ্গে দরজায় একটি ইস্তাহার ছেড়ে আসা যেতে পারে। যে-প্রকাশকরা সম্মেলন শহর থেকে দূরে বসবাস করে, তারা যাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ এবং বাইবেল অধ্যয়ন পরিচালনা করে, তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ইস্তাহারগুলো ব্যবহার করতে পারে। এ ছাড়া, তাদের সম্মেলন শহরে যাত্রা করার সময়ও, এগুলো ব্যবহার করা যেতে পারে। তিন সপ্তাহের সময়কালে সমস্ত ইস্তাহার বিতরণ করার জন্য কঠোর প্রচেষ্টা করা উচিত।
৫ আমরা আস্থা রাখি যে, এই প্রবন্ধে যেমন উল্লেখ করা হয়েছে, “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার জন্য পৃথিবীব্যাপী এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল হিসেবে, এক অসাধারণ সাক্ষ্যদান করা হবে। আমরা প্রার্থনা করি যে, পৃথিবীব্যাপী এই অভিযানে অংশ নেওয়ার ব্যাপারে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার ওপর যিহোবার প্রচুর আশীর্বাদ থাকবে।