‘তাহারা কেমন করিয়া শুনিবে?’
১ যীশু জোর দিয়ে বলেছিলেন: “অগ্রে সর্ব্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক।” (মার্ক ১৩:১০) ২০০০ সালের মে মাসের ১১ তারিখে বলা হয়েছিল যে ভারতের জনসংখ্যা একশ কোটিতে গিয়ে পৌঁছেছে। কিন্তু, এসোসিয়েটেড প্রেস জানিয়েছিল: ভারতের মতো এক দেশ যেখানে প্রতিদিন ৪২,০০০ শিশু জন্ম নিচ্ছে সেখানে দেশের জনসংখ্যা কখন ১০০ কোটিতে পৌঁছেছে তা নির্ধারণ করা হল কৌশলের ব্যাপার। ভারতের চতুর্দিকে ২৩,০০০ জন সাক্ষির প্রাণপণ চেষ্টা সত্ত্বেও, এই লক্ষ লক্ষ লোকেদের সকলের কাছে ব্যক্তিগতভাবে সাক্ষ্য দেওয়া হয়নি। অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে আমরা আর শত শত বিশেষ অগ্রগামীদেরকে সাহায্য করতে পারছি না, যারা দূরের এলাকাগুলোতে যাওয়ার জন্য অনেক সহায়ক ছিলেন। তাহলে, ‘তাহারা কেমন করিয়া শুনিবে?’—রোমীয় ১০:১৪.
২ যিহোবার ওপর আস্থা রাখুন: আমাদের মনে রাখা দরকার যে যিহোবা সমস্ত লোকের হৃদয়ের অবস্থা জানেন। একজন ব্যক্তির পরিস্থিতি যাই হোক না কেন, যদি তিনি অন্তর দিয়ে ঈশ্বর সম্বন্ধে সত্য খোঁজেন, তিনি তা খুঁজে পাবেনই।—১ বংশা. ২৮:৯.
৩ সদোম ও ঘমোরার লোকেদের সম্বন্ধে অব্রাহাম চিন্তিত ছিলেন। কিন্তু ঈশ্বর তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে, এমনকি সেখানে যদি কেবল দশজন ধার্মিক লোকও পাওয়া যায়, তাহলে তিনি সদোমকে ধ্বংস করবেন না। (আদি. ১৮:২০, ২৩, ২৫, ৩২) দুষ্টের সঙ্গে যিহোবা কখনও ধার্মিককে ধ্বংস করেন না, যেমন লোট ও তার কন্যাদের উদ্ধার থেকে তা দেখা গিয়েছিল।—২ পিতর ২:৬-৯.
৪ একবার এলিয় ভেবেছিলেন যে, তিনি একেবারে একা সত্য ঈশ্বরের সেবা করে যাচ্ছেন। কিন্তু, যিহোবা তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে তিনি একা নন আর তাই যে কাজ তিনি শুরু করেছিলেন তা সম্পূর্ণ হবেই। (১ রাজা. ১৯:১৪-১৮) আমাদের দিনের পরিস্থিতি সম্বন্ধে কী বলা যায়?
৫ ঈশ্বরের সেবায় ব্যস্ত থাকুন: এখনও আর কত দূর পর্যন্ত সাক্ষ্যদানের কাজ করে যেতে হবে, তা আমরা জানি না। এই কাজের দায়িত্ব যিহোবার আর তা দেখাশোনার জন্য তিনি তাঁর দূতেদের ব্যবহার করছেন। (প্রকা. ১৪:৬, ৭) সমস্ত জাতির কাছে আর কত দিন সাক্ষ্য দিতে হবে, তা একমাত্র তিনিই স্থির করবেন। আরও অনেক লোক যাতে “সুসমাচারের বাক্য শুনিয়া বিশ্বাস” করতে পারে, তাই যিহোবা চাইলে আরও অনেকভাবে রাজ্যের বার্তা ছড়িয়ে দিতে পারেন, যা আমরা এখন কল্পনাও করতে পারি না। (প্রেরিত ১৫:৭) যিহোবা এক প্রেমময়, বিজ্ঞ এবং ন্যায্য ঈশ্বর আর এই গুণাবলির সঙ্গে মিল রেখেই তিনি সমস্ত কিছু করবেন।
৬ যিহোবার ইচ্ছার সঙ্গে মিল রেখে কাজ করা এবং সকলে যাতে সুসমাচার শুনতে পারে সেইজন্য যথাসাধ্য করা আমাদের জন্য এক বিরাট সুযোগ।—১ করি. ৯:১৬.