আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?
১ সাধারণ কাল পূর্ব ৭৭৮ সালে এক অসাধারণ ঘটনা ঘটে। দর্শনে ভাববাদী যিশাইয় “প্রভুকে [“যিহোবাকে,” NW] এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট” দেখেন। এর পরে যিশাইয় যিহোবার গৌরবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য সরাফদের এই বলতে শোনেন: “পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু [“যিহোবা,” NW]।” এটা কতই না বিস্ময়কর ছিল! এই সময়ে যিহোবা এক প্রতিদ্বন্দ্বিতামূলক প্রশ্ন উত্থাপন করেন: “আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে?” এটা কী ধরনের কার্যভার অথবা যে-ব্যক্তি স্বেচ্ছায় এটা করবেন তিনি এর থেকে কী লাভ করবেন, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবুও কোনোরকম দ্ধিধা না করে যিশাইয় সাড়া দিয়ে বলেছিলেন: “এই আমি, আমাকে পাঠাও।”—যিশা. ৬:১, ৩, ৮.
২ যিহোবা যা কিছুই বলেন, তা করার এই ইচ্ছুক মনোভাবই হল তাঁর লোকেদের বৈশিষ্ট্য। (গীত. ১১০:৩) আর এখন এক বিশেষ আমন্ত্রণ তাদের প্রতি প্রসারিত করা হচ্ছে, যারা নিজেদের প্রাপ্তিসাধ্য করতে পারে। আপনি কি যিশাইয়ের মতো এক ইচ্ছুক মনোভাব নিয়ে সাড়া দিতে প্রস্তুত আছেন?
৩ বেথেলে সেবা করার জন্য ভাইদের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে। এটার জন্য তাদের রাজ্যের আগ্রহকে প্রথমে রাখতে এবং পৃথিবীব্যাপী প্রচার কাজকে সমর্থন করার জন্য স্বেচ্ছায় প্রয়োজনীয় যেকোনো কিছু করতে আকুল আকাঙ্ক্ষা থাকা দরকার। (মথি ৬:৩৩) আসলে, বেথেল পরিবারের একজন সদস্য হিসেবে সেবা করা একজন ব্যক্তিকে যিহোবাকে পূর্ণ হৃদয়ে সেবা করার এক বিশেষ সুযোগ প্রদান করে। কীভাবে?
৪ বেথেলে যে-কাজগুলো করা হয়: কর্ণাটকের বাঙ্গালোরে অবস্থিত বেথেল কমপ্লেক্সে নিয়মিত যা কিছু সম্পাদিত হয়, সেগুলোর কথা চিন্তা করুন। যে-২২০ জন ভাইবোন নিয়ে বেথেল পরিবার গঠিত, তাদের বিশ্বব্যাপী ক্ষেত্র ও ব্যক্তিগত অধ্যয়নে ব্যবহার করার জন্য বাইবেল-ভিত্তিক সাহিত্যাদি উৎপাদনে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণী ও এর পরিচালক গোষ্ঠীকে নিবিড়ভাবে সমর্থন করার এক বিশেষ সুযোগ রয়েছে। (মথি ২৪:৪৫) উদাহরণ হিসেবে, গত পরিচর্যা বছরে ৭৫,২০৭টা বই, ২,৬৩,৭৮৪টা পুস্তিকা ও ব্রোশার, ১৫,৬৬৫টা ক্যালেন্ডার, ২০,২০,০২১টা পত্রিকা, ৩৩,৩৯,২৩৯টা ট্র্যাক্ট এবং ১,০৩৩টা ভিডিও ক্যাসেট উৎপাদন করা ও বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, যা বাঙ্গালোর বেথেল পরিবারের সমন্বিত প্রচেষ্টার এক ফল। এই প্রকাশনাগুলোর জন্য “মনোহর বাক্য, এবং যাহা সরলভাবে লিখিত হইয়াছে, অর্থাৎ সত্যের বাক্য” গবেষণা ও নির্ধারণ করতে অসাধারণ প্রচেষ্টা করা হয়। (উপ. ১২:৯, ১০) এ ছাড়া, প্রায় ৭০ জন অনুবাদককে নির্দেশনাও দেওয়া হয়, যারা ২৫টারও বেশি ভাষায় সাহিত্যাদি উৎপাদনে সাহায্য করে। সাহিত্যাদি ছাপানো ও পাঠানো, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রক্ষণাবেক্ষণ, খাবার প্রস্তুত, কেনাকাটা, স্বাস্থ্যসেবা সহ বেথেলে আরও অন্যান্য কাজ করার জন্য অনেক ইচ্ছুক স্বেচ্ছাসেবকের প্রয়োজন।
৫ এই কাজগুলো সম্পাদন করা এক বিরাট কিন্তু আধ্যাত্মিকভাবে পরিতৃপ্তিকর কার্যভার। প্রচার ও শিক্ষার কাজকে সমর্থন করার জন্য আমাদের সমস্ত শক্তি ও ক্ষমতা ব্যবহৃত হচ্ছে, তা জানা প্রচুর আনন্দের কারণ হয়। বেথেল সেবা আমাদেরকে যিহোবার সংগঠন সম্বন্ধে আরও ব্যাপকভাবে জানতে সাহায্য করে। আমাদের সেই বিষয়টা স্মরণ করিয়ে দেয়, যা গীতরচক ইস্রায়েলীয়দের তাদের দিনের ঈশতান্ত্রিক শাসনের পার্থিব কেন্দ্রস্থলকে ঘনিষ্ঠভাবে জানার জন্য উৎসাহিত করেছিলেন।—গীত. ৪৮:১২, ১৩.
৬ বেথেলে সেবার আশীর্বাদগুলো: যারা বেথেলে সেবা করে, তারা তাদের সেবার বিশেষ সুযোগ সম্বন্ধে কেমন অনুভব করে? বেথেল পরিবারের যুবক-যুবতী ও বয়স্ক সদস্যদের নিম্নলিখিত মন্তব্যগুলো লক্ষ করুন। তিন বছর ধরে বেথেল সেবা করছেন, বেথেল পরিবারের এমন একজন সদস্যা মন্তব্য করেন: “বেথেলে থাকা যিহোবার সঙ্গে আমার সম্পর্ককে শক্তিশালী করেছে। আমি যতবেশি সময় ধরে এখানে সেবা করব এবং এর কার্যসম্পাদনের বিষয়ে শিখব, ততবেশি এটা আমাকে যিহোবার ব্যক্তিত্ব সম্বন্ধে শেখাবে। এ ছাড়া, বেথেল সেবা আমার চোখ খুলে দিয়েছে, এটা দেখতে যে, যিহোবা সমস্ত ধরনের লোকেদের ব্যবহার করেন। আর তাঁর গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনাকে সিদ্ধ হতে হবে না।”
৭ এক যুবক ভাই স্মরণ করে বলেন: “আমার মনে পড়ে, আমি নিজে নিজে এই চিন্তা করতাম, ‘নতুন জগতে যাওয়া ও প্রাচীনকালের বিশ্বস্ত ব্যক্তিদের এটা বলা কতই না চমৎকার হবে যে, আমি বাইরের জগতে টাকাপয়সা উপার্জন করার পরিবর্তে অনেক বছর বেথেলে সেবা করেছি।’”
৮ একজন যুবক ভাই তিনি যে-প্রশিক্ষণ পেয়েছিলেন, সেই বিষয়ে ধ্যান করেন: “নিজের সম্বন্ধে জানা এবং আমার কোন বিষয়ের ওপর কাজ করা দরকার সেই বিষয়ে জানা আর পরে সেই দক্ষতাগুলো গড়ে তোলা, এক বিরাট আশীর্বাদের বিষয় হয়েছে। আমি মনে করি যে, এখন আমি যিহোবাকে আরও ভালভাবে সেবা করতে পারি। আমি আরও ধৈর্যশীল ও আত্মসংযমী হয়েছি এবং আরও বেশি করে প্রেম দেখাতে পারি বলে মনে হয়।”
৯ একজন বোন এই পর্যন্ত পাওয়া আশীর্বাদগুলো সম্বন্ধে চিন্তা করেন: “এখানকার আধ্যাত্মিক কার্যক্রমগুলো যিহোবা সম্বন্ধে এবং কীভাবে আমি চিন্তায়, অনুভূতিতে ও কাজে তাঁকে আরও ভালভাবে অনুকরণ করতে পারি, সেই সম্বন্ধে আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর যেহেতু এই প্রশিক্ষণ অনবরত চলছে, তাই এটার আশীর্বাদও বিরামহীন।”
১০ একজন ভাই, যিনি তার মোট ৫৯ বছরের পূর্ণ-সময়ের পরিচর্যার মধ্যে ৪৩ বছর বেথেলে ব্যয় করেছেন, তিনি বলেন: “কারও কারও ধারণার মত বেথেল সন্ন্যাসীদের মঠের মত নয়। আমাদের এক তালিকাবদ্ধ জীবনধারা থাকার ফলে আমরা অধিক কাজ সম্পন্ন করতে পারি। . . . এমন একটি দিনও আসেনি যে আমি কাজ করেছি ও যা করেছি তা উপভোগ করিনি। কেন? কারণ পূর্ণ হৃদয়ে যখন আমরা যিহোবার প্রতি নিজেদের উৎসর্গ করি, আমরা এটি জেনে পরিতৃপ্ত হই যে ‘যাহা করিতে বাধ্য ছিলাম, তাহাই করিয়াছি।’”—লূক ১৭:১০.
১১ আরেকজন ভাই, যিনি ৬২ বছর ধরে বেথেলে সেবা করছেন, বলেন: “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, পরমদেশ পৃথিবী আসার আগে বেথেলই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা। পূর্ণ-সময়ের পরিচর্যাকে আমার সারা জীবনের ক্যারিয়ার করে আমি কখনও দুঃখ প্রকাশ করিনি। যিহোবার পার্থিব সংগঠনের বিশাল বৃদ্ধির সাক্ষি হওয়া এবং তাতে অংশ নেওয়া কতই না আনন্দের এক বিষয়! এটা আমার সংকল্প যে, যিহোবার সাহায্যে বেথেলকে সর্বদা আমার ঘর করে রাখব এবং রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেব।”
১২ বেথেল পরিবারের এই সদস্যরা অনেক আশীর্বাদের মধ্যে থেকে মাত্র কয়েকটার উল্লেখ করেছে, যা আপনিও উপভোগ করতে পারেন, যদি আপনি নিজেকে বেথেল সেবার জন্য প্রাপ্তিসাধ্য করেন। কিন্তু সেবা করার যেকোনো সুযোগ পাওয়ার আগে যেটা সত্য, তা হল আপনাকে অবশ্যই প্রথমে যোগ্যতাগুলো অর্জন করতে হবে। বেথেল পরিবারের একজন সদস্য হিসেবে সেবা করার জন্য কোন কোন শর্ত পূরণ করতে হবে?
১৩ বেথেল সেবার শর্তগুলো: বেথেল সেবা করতে যারা আবেদন জানায় তাদের যে-মৌলিক শর্তগুলো পূরণ করতে হবে, সেগুলো এটার সঙ্গে দেওয়া বাক্সে দেখানো হয়েছে। এ ছাড়া, তাদের “বিলাসপ্রিয়” না হয়ে কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক হওয়া জরুরি। (২ তীম. ৩:৪; ১ করি. ১৩:১১) বেথেল পরিবারের সদস্যদের আধ্যাত্মিকমনা পুরুষ ও নারী হতে হবে, যারা ব্যক্তিগত অধ্যয়নের ভাল অভ্যাস গড়ে তুলেছে এবং “সদসৎ বিষয়ের বিচারণে [“ন্যায়-অন্যায়কে পৃথক করতে,” NW]” তাদের জ্ঞানেন্দ্রিয়কে প্রশিক্ষিত করেছে। (ইব্রীয় ৫:১৪) জীবনের প্রতিটা ক্ষেত্রে তাদের খ্রিস্টীয় পরিপক্বতা ইতিমধ্যেই প্রতিফলিত হওয়া দরকার, যার অন্তর্ভুক্ত তাদের পোশাক-আশাক, সাজগোজ এবং গানবাজনা ও আমোদপ্রমোদ বাছাই। বেথেল পরিবারের স্বেচ্ছাসেবী সদস্যরা যেখানেই তাদের প্রয়োজন হতে পারে, সেখানেই সেবা করে। যুবক সদস্যদের সাধারণত শারীরিক পরিশ্রমের সঙ্গে জড়িত এমন কাজগুলো করতে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সাহিত্যাদি ছাপানো, তৈরি করা ও পাঠানো, রক্ষণাবেক্ষণ, হাউসকিপিং, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, কাপড়চোপড় ধোয়া ও ইস্ত্রি করা এবং খাবার প্রস্তুত করা। (হিতো. ২০:২৯) কিন্তু, প্রত্যেকটা কার্যভার প্রচুর পরিতৃপ্তি নিয়ে আসে, যেটা চাকরি করে পাওয়া যায় না কারণ এটি হল পবিত্র সেবা, যা যিহোবার গৌবর নিয়ে আসে।—কল. ৩:২৩.
১৪ বেথেল সেবা করতে যাদের আমন্ত্রণ জানানো হয়, তাদের সেখানে কমপক্ষে একবছর থাকতে হয়। এটা তাদের উৎপাদনশীল কর্মী হওয়ার প্রশিক্ষণ পেতে সক্ষম করে। আশা করা হয় যে, বেথেলকে তারা তাদের ঘর করে তুলবে। যিহোবার জন্য প্রেম, যা বেথেল পরিবারের সদস্যদের ব্যক্তিগত আগ্রহের বিষয়গুলোর পরিবর্তে রাজ্যের কাজকে প্রথমে রাখতে প্রেরণা দেয়, সেটাই যিহোবাকে খুশি করে।—মথি ১৬:২৪.
১৫ সাম্প্রতিক চাহিদাগুলো: বেথেলে যে-কাজগুলো করা হয়, সেগুলোর ধরন অনুযায়ী বর্তমানে আমাদের মূলত অবিবাহিত ভাইদের বেশি দরকার। শর্ত না হলেও, নিয়মিত অগ্রগামীদেরই প্রাধান্য দেওয়া হয়, কারণ ইতিমধ্যেই তারা পূর্ণ-সময়ের কাজে জড়িত রয়েছে। কিন্তু, কোনো এক সময়ে ১৯ থেকে ৩৫ বছরের অবিবাহিত বোন এবং দম্পতিদের জন্যও সুযোগ খুলে যেতে পারে, যাদের হয়তো নির্দিষ্ট কোনো দক্ষতা রয়েছে, যা বেথেলে দরকার। এ ছাড়া, কিছু ভাইবোন যাদের বয়স ৩৫ এর চেয়ে একটু বেশি এবং যাদের বিশেষ কোনো দক্ষতা বা প্রশিক্ষণ রয়েছে যা বেথেলে কাজে লাগবে, তাদেরও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। উদাহরণ হিসেবে এর অন্তর্ভুক্ত হল, দন্তচিকিৎসক, চিকিৎসক, সরকার অনুমোদিত হিসাব-রক্ষক, স্থপতি, যন্ত্র-প্রকৌশলী, রেজিস্ট্রীকৃত নার্স, মোটর গাড়ির মেকানিক অথবা ইলেকট্রনিক টেকনিশিয়ান সহ এইরকম আরও কিছু ব্যক্তি। কিন্তু, আমরা কাউকে বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়ার জন্য উৎসাহিত করছি না এটা চিন্তা করে যে, তা তাদের বেথেলে আসার আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনাকে উন্নীত করবে। যারা ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, হতে পারে তা সত্যে আসার আগেই, তারা হয়তো চাইলে এক বিস্তারিত সারসংক্ষেপ লিখে বেথেল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে পারে।
১৬ যদি আপনি আবেদন করেন আর বেথেল সেবা করতে আমন্ত্রণ না পান, তা হলে নিরুৎসাহিত হবেন না। আপনি প্রত্যেক বছর একবার করে আপনার আবেদনপত্র নতুন করে পাঠানোর কথা বিবেচনা করতে পারেন। কিছু ভাই, যাদের বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা রয়েছে যা হয়তো বেথেলে দরকার হতে পারে, তারা সাময়িকভাবে স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য নিজেদের প্রাপ্তিসাধ্য করেছে। তারা হয়তো এক, দুই, তিন অথবা চার সপ্তাহ বা তিন মাস পর্যন্ত সাময়িকভাবে বেথেলে সেবা করার জন্য আবেদন করতে পারে। যারা এভাবে সাহায্য করতে আগ্রহী, তাদের জন্য মণ্ডলীর সচিবের কাছে সাময়িক স্বেচ্ছাসেবী আবেদনপত্র রয়েছে। আরও সাময়িক স্বেচ্ছাসেবী আবেদনপত্রগুলোর অর্ডার সাহিত্য অর্ডার ফর্মের সঙ্গে দেওয়া যেতে পারে।
১৭ বেথেলে যারা সেবা করে তাদের জন্য খ্রিস্টের ভাইদের ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে যিহোবাকে সেবা করা হল এক অতুলনীয় সুযোগ। পরিচালক গোষ্ঠী সেই সমস্ত ব্যক্তির আত্মত্যাগের মনোভাবকে উপলব্ধি করে, যারা আমাদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের দরকারে সাহায্য করার জন্য নিজেদের প্রাপ্তিসাধ্য করে।—ফিলি. ২:২০-২২; ২ তীম. ৪:১১.
১৮ অল্পবয়সীরা—বেথেল সেবার জন্য এখনই নিজেদের প্রস্তুত কর: বেথেল সেবার জন্য প্রস্তুতির পূরণীয় শর্ত ১৯ বছরে পৌঁছানোর আগেই শুরু হয়। অল্পবয়সীরা বেথেল সেবার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কী করতে পারে? যিশু বলেছিলেন: “দুর্গ নির্ম্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে?” (লূক ১৪:২৮) যেহেতু যেকোনো নির্মাণ প্রকল্পের সফলতার জন্য প্রস্তুতি ও পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ, তা হলে যিহোবার পরিচর্যায় অল্পবয়সীরা কীভাবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে, সেই বিষয়ে তাদের মনোযোগ দেওয়া আরও কত বেশি গুরুত্বপূর্ণ! তাদের জন্য আধ্যাত্মিক লক্ষ্যগুলো অর্জন করতে অবশ্যই ছোটবেলাতে এক দৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে। একজন অল্পবয়সী হিসেবে, তুমি তোমার ভিত্তি কতটা উত্তমভাবে স্থাপন করছ? তুমি যদি বেথেলে সেবা করতে চাও, তা হলে নিম্নলিখিত বিষয়গুলো মনোযোগের সঙ্গে বিবেচনা করে উপকৃত হবে।
১৯ সেবার এই বিশেষ সুযোগ ‘গ্রহণ কর’: মথি ১৯:১২ পদে যেমন লিপিবদ্ধ রয়েছে যিশু তাঁর শিষ্যদের অবিবাহিত থাকার পথকে ‘গ্রহণ করিতে’ উৎসাহিত করেছিলেন। কেন? ব্যক্তিগত কারণগুলোর জন্য নয় কিন্তু “স্বর্গ-রাজ্যের নিমিত্তে।” পৌলও একইভাবে ‘একাগ্রমনে প্রভুতে আসক্ত থাকিবার’ জন্য এই ধরনের এক পথ সম্বন্ধে উৎসাহিত করেছিলেন। (১ করি. ৭:৩২-৩৫) দুঃখের বিষয় যে, অল্প বয়সেই বিয়ে করায় কিছু ব্যক্তি অবিবাহিত পুরুষ হিসেবে বেথেলে সেবা করার বিশেষ সুযোগ হারায়। আমরা আমাদের যুবক ভাইদের তাদের শক্তিকে পূর্ণ-সময়ের পরিচর্যায় ব্যবহার করতে উৎসাহিত করতে চাই, যতক্ষণ পর্যন্ত তারা পারিবারিক দায়িত্বগুলো থেকে মুক্ত। এরপর, একটা নির্দিষ্ট সময় পরে যদি তারা বিয়ে করতে চায়, তা হলে তারা খুব উত্তম স্বামী হবে কারণ তারা জীবনে এবং খ্রিস্টীয় পরিচর্যায় যথেষ্ট অভিজ্ঞতা লাভ করে। বেথেলে কয়েক বছর সেবা করার পর কেউ কেউ বিয়ে করেছে এবং সেখানেই দম্পতি হিসেবে সেবা করা অব্যাহত রেখেছে। যদি পরে তাদের অন্য বিশেষ সুযোগগুলো থাকে, যেমন সীমা বা জেলার কাজ, তখন তারা বেথেল সেবা গ্রহণ করার জন্য যে-সময় দিয়েছিল, নিশ্চিতভাবে সেটার জন্য দুঃখ প্রকাশ করে না।
২০ বস্তুবাদিতার পিছনে ছোটার দ্বারা বিক্ষিপ্ত হয়ো না: প্রত্যেক অল্পবয়সীর এটা জিজ্ঞেস করা উচিত: ‘শিক্ষা গ্রহণের পর আমার লক্ষ্য কী, পূর্ণ-সময়ের জাগতিক ক্যারিয়ারের অনুধাবন করা, নাকি যিহোবাকে পূর্ণ-সময় সেবা করা?’ এ কথা সত্য যে, দ্বিতীয় পথটা বেছে নেওয়ার সঙ্গে বিভিন্ন ত্যাগস্বীকার জড়িত। কিন্তু, এক জাগতিক ক্যারিয়ারের অনুধাবনের ব্যাপারেও তা-ই হবে! অবশেষে, কোন পথটা অনুসরণ করা প্রকৃতপক্ষে স্থায়ী ও উপকারজনক ফল দেবে? যিশু স্পষ্ট উত্তর দিয়েছেন। মথি ৬:১৯-২১ পদ অনুযায়ী, তিনি বলেছিলেন: “তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মর্চ্চ্যায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর; সেখানে কীটে ও মর্চ্চ্যায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন, সেইখানে তোমার মনও থাকিবে।” তাই আমাদের মন যেন কখনও আমাদের যিহোবাকে পূর্ণ-হৃদয়ে সেবা দেওয়ার পরিবর্তে জাগতিক কোনো ক্যারিয়ার বা বস্তুগত জিনিসগুলোর দিকে অনুধাবন করতে পরিচালিত না করে। আমাদের সকলের এটা উপলব্ধি করা দরকার যে, অনুধাবন করার মতো একমাত্র লক্ষ্যের যে-মূল্য রয়েছে তা হল, যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক রাখা, যাতে আমরা তাঁর চিত্তকে আনন্দিত করতে পারি। (হিতো. ২৭:১১) অল্পবয়সে আমাদের জীবনে যিহোবাকে প্রথম স্থানে রেখে আমরা দেখাই যে, আমরা কোনটাকে মূল্য দিই এবং রাজ্য আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। মনে রেখ, “সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।” (হিতো. ১০:২২) যিহোবা অল্পবয়সীদের যা কিছু দিয়েছেন সেখান থেকে মূল্যবান কিছু তাঁকে দেওয়ার মাধ্যমে তাদের হৃদয় কোথায় আছে, তা দেখানোর এক অপূর্ব সুযোগ তাদের রয়েছে। বেথেল সেবা সেই ব্যক্তিদের এই ধরনের এক চমৎকার সুযোগ প্রদান করে, যারা এই যোগ্যতাগুলো পূরণ করে।
২১ যারা বেথেলে সেবা করে, তাদের অবশ্যই নৈতিক দিক দিয়ে শুচি হতে হবে: গীতরচক জিজ্ঞেস করেছিলেন: “যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে?” তিনি উত্তর দিয়েছিলেন: “তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।” (গীত. ১১৯:৯) এর অন্তর্ভুক্ত হল, শয়তানের বিধিব্যবস্থার নৈতিক কলুষতার সঙ্গে জড়িত সমস্ত কিছুকে এড়িয়ে চলা। ইন্টারনেট পর্নোগ্রাফি, বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে অসংগত আচরণ, নীতিহীন গাজনবাজনা, নিকৃষ্ট মানের আমোদপ্রমোদ এবং অল্পবয়সে মদ্যজাতীয় পানীয় খাওয়া হচ্ছে কয়েকটা ফাঁদ, যা শয়তান আমাদের অল্পবয়সীদের আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য ব্যবহার করে। এই কৌশলতাগুলো প্রতিরোধ করতে এক দৃঢ়সংকল্প দরকার। একজন অল্পবয়সী হিসেবে যদি তুমি নিজেকে এই ধরনের যেকোনো একটা কিছুর মধ্যে জড়িত দেখতে পাও, তা হলে মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে কথা বল এবং বেথেল সেবার জন্য আবেদন করার আগেই এই বিষয়গুলো সমাধান কর। যিহোবাকে পূর্ণরূপে সেবা করতে এক শুচি সংবেদ থাকা গুরুত্বপূর্ণ।—১ তীম. ১:৫.
২২ অন্যদের সঙ্গে মানিয়ে নিতে শেখো: বেথেল সেবা সফল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হল, অন্যদের সঙ্গে মানিয়ে নিতে শেখা। বাঙ্গালোরের বেথেল পরিবার বিভিন্ন পটভূমি থেকে আসা ভাই ও বোনদের নিয়ে গঠিত। যদিও ব্যক্তিত্বের এই বৈচিত্র্য বেথেলের আধ্যাত্মিক সৌন্দর্যকে বাড়ায়, একই সময়ে তা প্রতিদ্বন্দ্বিতাগুলোও নিয়ে আসতে পারে। যদি তুমি বেথেল সেবার বিষয়ে চিন্তা করে থাক, তা হলে নিজেকে এটা জিজ্ঞেস করলে ভাল হবে: ‘আমি কি সহজেই রেগে যাই, যখন অন্যেরা আমার সঙ্গে একমত হয় না? অন্যেরা কি আমার সঙ্গে মানিয়ে নিতে সহজবোধ করে?’ যদি তোমার এই ক্ষেত্রগুলোতে উন্নতি করার দরকার হয়, তা হলে এখনই এই বিষয়ে কাজ করতে শুরু কর। এটা করা তোমাকে বেথেল পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস ও কাজ করার জন্য সহজেই মানিয়ে নিতে সাহায্য করবে।
২৩ যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এক আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম কর। ব্যক্তিগত অধ্যয়নের এক উত্তম কার্যক্রম গড়ে তোলো, যার অন্তর্ভুক্ত রোজ বাইবেল পড়া। অন্যদের কাছে সুসমাচার প্রচার করার ব্যাপারে সক্রিয় হও। এই বিষয়গুলো করার মাধ্যমে তুমি তোমার আধ্যাত্মিক উন্নতিকে প্রত্যক্ষ করাতে পারবে। (১ তীম. ৪:১৫) যারা এখন পূর্ণ-সময়ের পরিচর্যাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তাদের জন্য কতই না অপূর্ব ভবিষ্যৎ অপেক্ষা করছে!
২৪ বাবামারা, আপনাদের সন্তানদের প্রশিক্ষণ দিন: অল্পবয়সীদের পূর্ণ-সময়ের পরিচর্যার ব্যাপারে উৎসাহিত করার জন্য বাবামারা কী করতে পারে? যিশু বলেছিলেন: “যে কেহ পরিপক্ব হয়, সে আপন গুরুর তুল্য হইবে।” (লূক ৬:৪০) একজন পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত শিষ্য স্বাভাবিকভাবেই তার একান্তভাবে নিবিষ্ট শিক্ষকের উত্তম গুণগুলো প্রকাশ করবে। এই নীতিটি খ্রিস্টান বাবামাদের চিন্তা করার বিষয়বস্তু জোগায় যখন তারা তাদের সন্তানদের ‘ঈশ্বরীয় ভক্তিকে [তাদের] লক্ষ্য হিসেবে নেওয়ার’ জন্য প্রশিক্ষণ দিতে কঠোর পরিশ্রম করে। (১ তীম. ৪:৮, NW) যেহেতু সন্তানরা আধ্যাত্মিক বিষয়গুলোতে বাবামার মনোভাবই প্রতিফলিত করার প্রবণতা রাখে, তাই বাবামাদের নিজেদের এটা জিজ্ঞেস করা ভাল হবে: ‘যিহোবার সত্য উপাসনার কাজকে বাড়ানোর জন্য যে-কাজ বেথেলে সম্পাদিত হচ্ছে, সেটাকে কি ব্যক্তিগতভাবে আমরা মূল্য দিই? আমরা কি স্বীকার করি যে, বেথেল আয়োজনের ওপর যিহোবার আশীর্বাদ রয়েছে? আমরা কি বিশ্বাস করি যে, যিহোবার সেবায় এক জীবন বেছে নেওয়া হবে আমাদের সন্তানদের জন্য এক সর্বোত্তম ক্যারিয়ার?’ বেথেল সেবা এবং সেখানে যে-কাজগুলো করা হয়, সেটার প্রতি আমাদের নিজেদের আন্তরিক উপলব্ধি আমাদের সন্তানদের মধ্যে একই উপলব্ধি গেঁথে দেওয়ার জন্য আমাদের সাহায্য করবে।
২৫ সত্য উপাসনার প্রতি ইল্কানা ও হান্নার গভীর উপলব্ধিবোধ ছিল। তারা আজকের খ্রিস্টান বাবামার জন্য এক উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছে। প্রাচীন ইস্রায়েলে শুধুমাত্র ইস্রায়েলীয় পুরুষদের বছরে তিন বার সমাগম তাম্বুতে “প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত” হওয়ার দরকার ছিল। তা সত্ত্বেও, ইল্কানা “প্রতিবৎসর” যিহোবার উপাসনার এই কেন্দ্রস্থলে বলিদান করার জন্য তার পুরো পরিবার নিয়ে, খুব সম্ভবত পায়ে হেঁটে প্রায় ৩০ কিলোমিটার যাত্রা করতেন। (যাত্রা. ২৩:১৭; ১ শমূ. ১:৩, ৪, ৯, ১৯; ২:১৯) এটা স্পষ্টভাবে দেখায় যে, এই পরিবারের মস্তক চেয়েছিলেন তার পুরো পরিবার যেন আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি ব্যক্তিগতভাবে তার মতো চিন্তাভাবনা রাখে।
২৬ হান্নাও তার স্বামীর সঙ্গে সত্য উপাসনায় আগ্রহ দেখিয়েছিলেন। তিনি সমাগম তাম্বুতে সত্য উপাসনাকে সমর্থন করায় অবদান রাখার ব্যাপারে গভীরভাবে বাধ্যবাধকতা অনুভব করেছিলেন। হান্না মানত করেছিলেন যে, যদি যিহোবা তাকে একটি ছেলে সন্তান দেন, তা হলে তিনি তাকে সমাগম তাম্বুতে সেবা করতে দেবেন। (১ শমূ. ১:১১) মোশির ব্যবস্থা একজন স্বামীকে তার স্ত্রীর কোনো অসংগত মানতকে বাতিল করার অধিকার দিয়েছিল। (গণনা. ৩০:৬-৮) কিন্তু, ইল্কানা প্রকৃতপক্ষে হান্নার মানতকে অনুমোদন করে দেখিয়েছিলেন যে, তিনিও সত্য উপাসনার এই প্রকাশকে সমর্থন করেছেন।—১ শমূ. ১:২২, ২৩.
২৭ তাদের ছেলে শমূয়েল কি তার বাবামার দ্বারা দেখানো উপলব্ধি ও উত্তম মনোভাব থেকে উপকারজনকভাবে প্রভাবিত হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলেন। এক অল্পবয়স্ক বালক হিসেবে শমূয়েল স্বেচ্ছায় ও বিশ্বস্ততার সঙ্গে তার ওপর নিযুক্ত দায়িত্বের প্রতি যত্ন দেখিয়েছিলেন এবং ঈশ্বরের পরিচর্যার আরও আকাঙ্ক্ষিত সুযোগগুলোর জন্য প্রশিক্ষিত হয়েছিলেন। সমাগম তাম্বুতে শমূয়েলের সেবা করার বিষয়ে ইল্কানা ও হান্না যে-আগ্রহ দেখিয়েছিল, সেটা সেখানে তার কাজ শুরু করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি। যখন তিনি পূর্ণ-সময়ের পরিচর্যা করে যাচ্ছিলেন, তখন তারা নিয়মিত তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে উৎসাহিত করত ও সমর্থন দিত।—১ শমূ. ২:১৮, ১৯.
২৮ ইল্কানা ও হান্না খ্রিস্টান বাবামার জন্য আজকে কতই না উল্লেখযোগ্য এক উদাহরণ রেখেছে! যখন আমাদের সন্তানেরা বেথেল সেবার সুযোগের জন্য আমাদের আন্তরিক উপলব্ধির অভিব্যক্তিগুলো শোনে এবং রাজ্যের আগ্রহকে বাড়ানোর বিষয়ে আমাদের দ্বারা প্রদর্শিত আত্মত্যাগের মনোভাবকে দেখতে পায়, তখন তারাও অন্যদের সেবা করার এক প্রবণতা গড়ে তুলবে। অনেক বাবামা সফলতার সঙ্গে তাদের সন্তানদের মধ্যে এই গঠনমূলক প্রবণতা গেঁথে দেন। সাত বছর বয়সী একটি মেয়ে লিখেছিল: “আমি বড় হয়ে বেথেলে থাকতে চাই আর কিছু কাজ রয়েছে, যেগুলো আমি সেখানে করতে চাই। (১) প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো টাইপ করা, (২) আপনাদের আর্ট সেকশনে কাজ করা, (৩) কাপড়চোপড় ভাঁজ করা। এর যেকোনাটাতেই সুযোগ পাই না কেন, সেটা করতে চাই। আমি কিছু মনে করব না।” আমাদের সন্তানদের হৃদয়ে এই ধরনের এক ইচ্ছুক মনোভাব গড়ে উঠছে দেখা হৃদয়কে কতই না স্পর্শ করে!
২৯ অল্পবয়সীরা মনে রেখ যে, “জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।” (১ যোহন ২:১৭) ক্রমাগত আধ্যাত্মিক লক্ষ্যগুলোর অনুধাবন কর, যেগুলোর অন্তর্ভুক্ত রয়েছে বেথেল সেবার বিশেষ সুযোগ। বাবামারা, প্রাচীনকালের বিশ্বস্ত ব্যক্তিদের উদাহরণ অনুকরণ করুন, যারা তাদের সন্তানদের ঈশ্বরীয় ভক্তি গড়ে তুলতে উৎসাহিত করেছিল। (২ পিতর ৩:১১, NW) আর আমাদের সর্বমহান সৃষ্টিকর্তাকে যতটুকু সম্ভব পুরোপুরি সেবা করতে আমরা সকলে যেন আমাদের অল্পবয়সী ভাই ও বোনদের সাহায্য করার জন্য আমাদের অংশটুকু করি, যেহেতু এটা “বর্ত্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।”—১ তীম. ৪:৮; উপ. ১২:১.
[৪ পৃষ্ঠার বাক্স]
বেথেল সেবার মৌলিক শর্তগুলো
● কমপক্ষে এক বছর হল বাপ্তিস্ম নিয়েছে
● যিহোবা ও তাঁর সংগঠনের প্রতি গভীর ভালবাসা সহ একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি
● আধ্যাত্মিক, মানসিক, আবেগগত এবং দৈহিকভাবে ভাল স্বাস্থ্য থাকতে হবে
● ভারতের নাগরিক বা আইনত স্থায়ী অধিবাসী
● ইংরেজিতে ভালমতো পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম
● বয়স ১৯-৩৫ এর মধ্যে