আমাদের সাহিত্য বিতরণের সহজ ব্যবস্থা
১ বিনামূল্যে সাহিত্য বিতরণের সহজ ব্যবস্থা এক বছর ধরে চলছে। এই ব্যবস্থা কি সফল বলে প্রমাণিত হয়েছে? ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেখায় যে সব ধরনের সাহিত্য বিতরণের হার বৃদ্ধি পেয়েছে। আক্ষরিকভাবে লক্ষ লক্ষ লোকেদেরকে “বিনামূল্যেই জীবন-জল গ্রহণ” করার সুযোগ দেওয়া হয়েছে।—প্রকা. ২২:১৭.
২ কিন্তু তার মানে এই নয় যে, কেউ একজন আমাদের সাহিত্য রাখতে চাইবেন বলেই আমরা তাকে আমাদের সাহিত্য দিতে বাধ্য বা তা দিতে চাইব। যেভাবে আমরা বুদ্ধিপূর্বক আমাদের নিজেদের জিনিসপত্র ব্যবহার করে থাকি, ঠিক সেভাবে প্রত্যেক প্রকাশকের দায়িত্ব হল মণ্ডলীর মাধ্যমে সোসাইটির কাছ থেকে তিনি বিনামূল্যে যে সাহিত্যগুলো পান, সেগুলোকে বুদ্ধির সঙ্গে কাজে লাগানো। সোসাইটি প্রকাশকদেরকে বিনামূল্যে সাহিত্যগুলো দেয় কিন্তু তার মানে এই নয় যে, সেগুলো ছাপাতে ও বিভিন্ন জায়গায় পাঠাতে কোন পয়সা লাগেনি। সৎ হদয়ের ব্যক্তিদেরকে যিহোবা ঈশ্বর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্ট সম্বন্ধে সঠিক জ্ঞান নিতে সাহায্য করার ব্যাপারে আমাদের সাহিত্যগুলোর মূল্য কতখানি, তা আমাদের সকলের উপলব্ধি করা উচিত।—যোহন ১৭:৩.
৩ সোসাইটি কী করে বিনামূল্যে সকলকে সাহিত্যগুলো দিচ্ছে? সাহিত্য ছাপানো ও সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য যে খরচ হয় সেই খরচ দানের মাধ্যমে মেটানো হয়। যিহোবার উৎসর্গীকৃত দাসেরাই প্রধানত এই দান দিয়ে থাকেন। রাজ্য ঘোষণা করার এই জরুরি কাজকে সমর্থন করার জন্য যিহোবার সাক্ষিরা জনসাধারণের দানের আশায় বসে থাকেন না। আমরা আগে কখনও অথবা এখনও এর জন্য জনসাধারণের কাছ থেকে চাঁদা চাই না। তবে প্রচারে সত্যিকারের আগ্রহী ও কৃতজ্ঞ লোকেরা যে দান করে থাকেন তাদের সেই সামান্য দানকে আমরা উপলব্ধি করি।
আমাদের এই দান দিয়ে যা যা করা হয়
৪ স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের বাইবেল শিক্ষার কাজ কীভাবে চলে, তা সংক্ষেপে ও স্পষ্টভাবে বলার জন্য আমাদের তৈরি থাকা দরকার। আমাদের সময়ে রাজ্যের প্রচার কাজ সম্পন্ন করার জন্য প্রচুর খরচ হয় আর বিভিন্ন জায়গা থেকে যে দান পাওয়া যায়, তা দিয়েই এই খরচ মেটানো হয়। বিশ্বব্যাপী বিতরণের জন্য সাহিত্য ছাপানো ছাড়াও যীশুর দেওয়া দায়িত্ব পালন করার জন্য শাখা অফিস, বেথেল হোম, মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলগুলো, বিশেষ অগ্রগামী ও ভ্রমণ অধ্যক্ষদের এবং অন্যান্য দরকারি আরও অনেক কাজ করতে সোসাইটি এই দান কাজে লাগিয়ে থাকে।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.
৫ যিহোবার লোকেদের মাঝে যে অসাধারণ বৃদ্ধি হয়ে চলেছে, তা দেখে অনেকেই জিজ্ঞেস করেছেন যে তারা এতে কীভাবে সাহায্য করতে পারেন। বেশির ভাগ ভাইবোনই ব্যক্তিগতভাবে গিয়ে নতুন শাখা নির্মাণ ও কিংডম হল তৈরির কাজে সাহায্য করতে পারেন না অথবা তারা দূর দেশগুলোতে গিয়েও সেখানকার প্রচার কাজে সাহায্য করতে পারেন না। কিন্তু এই রোমাঞ্চকর কাজগুলোতে যাতে তাদের কিছুটা অবদান থাকে তার জন্য অনেক প্রকাশক ও তাদের পরিবারের লোকেরা বিশ্বব্যাপী কাজে সাহায্য করার জন্য নিয়মিতভাবে দান করে থাকেন। (১ করিন্থীয় ১৬:১, ২ পদের সঙ্গে তুলনা করুন।) এভাবে সাহিত্য বিতরণ সহ সোসাইটির সমস্ত কাজ চলে। বিশ্বব্যাপী কাজের জন্য স্বেচ্ছায় দান করাকে কেউ যেন সাহিত্যের খরচ মেটানোর জন্য দাম দেওয়া বলে না ভাবেন।
৬ সাক্ষ্য দেওয়ার জন্য যখন আমরা গৃহকর্তা অথবা অন্যদের কাছে যাই, তখন তাদের সঙ্গে বাইবেলের বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) বইয়ে বিভিন্নরকম আগ্রহজনক ভূমিকা ও সেইসঙ্গে বাইবেলের অনেক উপযুক্ত বিষয় দেওয়া আছে। আর আমাদের রাজ্যের পরিচর্যা-য় যে উপস্থাপনাগুলো দেওয়া থাকে, সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। রাজ্যের বার্তার প্রতি একজন ব্যক্তি কেমন সাড়া দেন তা দেখে প্রকাশককে সাহিত্য দেওয়ার ব্যাপারটা স্থির করতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে ওই ব্যক্তির মধ্যে এমন আগ্রহ নেই, যাতে তাকে বই বা অন্য কোন প্রকাশনা দেওয়া যায়, তাহলে কৌশলে আলোচনা বন্ধ করে পরের ঘরে যান। অথবা তাকে একটা হ্যান্ডবিল বা একটা ট্র্যাক্ট দিতে পারেন, যদি তিনি বলেন যে তিনি তা পড়বেন। যে ব্যক্তি আগ্রহ দেখিয়েছেন তার নাম ঠিকানা নিতে ভুলবেন না, যাতে তার সঙ্গে পুনর্সাক্ষাৎ করা যায়। কেউ যখন ব্যস্ত থাকেন অথবা আমরা তার সুবিধামতো সময়ে আসিনি বলে যদি অর্থপূর্ণ আলোচনার জন্য তার হাতে যথেষ্ট সময় না থাকে, তাহলে তখনও তার নাম ঠিকানা লিখে নিতে পারেন।
৭ সাহিত্য বিতরণের সহজ ব্যবস্থা প্রত্যেককে এটা বুঝতে সাহায্য করে যে, আমাদের বাইবেল শিক্ষার কাজ কোনভাবেই বাণিজ্যিক কাজ নয়। এছাড়া এটা আমাদেরকে রাজ্যের সুসমাচার প্রচার ও যীশু খ্রীষ্টের শিষ্য তৈরি করার লক্ষ্যকে সামনে রাখতে সাহায্য করে। যে সংগঠনগুলো “দানের আবেদন” করে সেগুলোর বিপরীতে যিহোবার সাক্ষিরা এটা দেখে আনন্দিত হন যে, বিনামূল্যে সকলকে সাহিত্য দেওয়া হয়েছে। যারা আমাদের বার্তার প্রতি সত্যিকারের আগ্রহ দেখায় না, বিশ্বব্যাপী কাজের জন্য তাদের কাছ থেকে কখনও দান নেওয়া হয় না। (২০০০ সালের ১লা নভেম্বরের প্রহরীদুর্গ এর ২৮-৩১ পৃষ্ঠা দেখুন।) বিশ্বব্যাপী বাইবেল শিক্ষার কাজকে সমর্থন করার জন্য সমস্ত দানের পুরোটাই কাজে লাগানো হয় কারণ সমস্ত কর্মীরাই হলেন স্বেচ্ছাসেবক আর তাই সংগঠনের কাউকেই কোন বেতন অথবা কমিশন দেওয়া হয় না। বিশ্বব্যাপী কাজে সাহায্য করার জন্য দান দেওয়ার বিষয়টা কেবল যারা এই বিষয়ে জানতে চান অথবা যারা আমাদের কাজের প্রতি আগ্রহ দেখান, শুধু তাদেরকে বলা হয়।
৮ সোসাইটির মূল্যবান প্রকাশনাগুলোকে বুদ্ধির সঙ্গে কাজে লাগিয়ে আমরা যদি উদ্যোগের সঙ্গে আমাদের প্রচার কাজকে এগিয়ে নিয়ে যাই, তাহলে যিহোবা সেই কাজকে সবসময় বাড়িয়ে চলবেন। সব জায়গায় সৎ হৃদয়ের ব্যক্তিরা আমাদের প্রচার কাজের ধরনের প্রতি উপলব্ধি দেখান আর স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে তাদের সমর্থন জানাতে পেরে খুশি হন।