যিহোবার আশীর্বাদই আমাদের ধনবান করে
১ একজন ব্যক্তির সফলতা প্রায়ই তার রোজগার দিয়ে মাপা হয়। এইজন্য লোকেরা মনে করে যে যাদের কাছে অনেক টাকাপয়সা, ধন-সম্পত্তি আছে তারাই পৃথিবীর সবচেয়ে সফল ও সুখী লোক। কিন্তু দুঃখের কথা হল যে, যারা এরকম ভাবে তারা মারাত্মক ভুল করে। (উপ. ৫:১২) কারণ যারা “ধনী হইতে বাসনা করে” তারা কখনই সত্যি করে সুখী হতে পারে না। (১ তীম. ৬:৯) কিন্তু যিহোবার সেবকদের জন্য বলা যায় যে তারা হল সত্যিকারের সুখী আর ধনসম্পত্তি না থাকলেও তারাই হল পৃথিবীর সবচেয়ে ধনী লোক। (হিতো. ১০:২২; প্রকা. ২:৯) কিন্তু কী করে আমরা এ কথা বলতে পারি?
২ আমরা যে ধনী তার প্রমাণ: আমাদের ধন হল বাইবেলের জ্ঞান যা থাকায় আমরা আধ্যাত্মিক বিষয়গুলো বা ঈশ্বর সম্বন্ধে গভীর বিষয়গুলো বুঝি। পৃথিবীতে তাঁর সংগঠনের মাধ্যমে যিহোবা আমাদেরকে তাঁর নিজের ও তাঁর পুত্রের সম্বন্ধে শেখান যার থেকে আমরা চিরকালের জন্য লাভবান হই। সঠিক জ্ঞান থাকায় আমরা যিহোবার কাছে আসতে পারি ও তাঁর সঙ্গে এক কাছের সম্পর্ক গড়ে তুলতে পারি। (যাকোব ৪:৮) ভালমন্দের বিচার করতে পারায় ও ঈশ্বরের নিয়ম মেনে চলায় আমরা নানা ধরনের রোগ ও বিপদগুলোকে এড়াতে পারি। এছাড়া আমরা পুরোপুরি বিশ্বাস করি যে যিহোবা আমাদের সব অভাব মেটাবেন। তাই তিনি আমাদের যা দেন তাতে আমরা তৃপ্ত হই ও মনের শান্তি পাই।—মথি ৬:৩৩.
৩ আমরা ঈশ্বরের আত্মার ফলগুলোকে নিজেদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করি তাই আমাদের মধ্যে শান্তি ও একতা রয়েছে। প্রেম আমাদের একে অন্যকে এমনভাবে বেঁধে রেখেছে যে এমনকি দুঃসময়েও আমরা কখনও মনে করি না যে ঈশ্বর বা আমাদের ভাইয়েরা আমাদের পাশে নেই।—গালা. ৬:১০.
৪ আমাদের জীবনে অর্থ ও উদ্দেশ্য রয়েছে। সারা পৃথিবীতে রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়াকে আমরা একটা বড় সুযোগ বলে মনে করি। কারণ প্রচার করে আমরা লোকেদের দুভাবে সাহায্য করি। এক, তারা ঈশ্বরের সঙ্গে এক কাছের সম্পর্কে আসতে পারে। দুই, তারা আমাদের সঙ্গে মিলে সত্য উপাসনা করার সুযোগ পায়। আর তা আমাদের মনকে খুশিতে ভরিয়ে দেয়। আমাদের প্রচার এক বহুমূল্য ধনের মতো যা কাজে লাগিয়ে আমরা যিহোবার সম্মান নিয়ে আসি। তাঁর নামের মহিমা করতে পেরে আমরা তৃপ্ত হই। এছাড়াও আমরা সবসময় আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাই কারণ আমরা জানি যে খুব শীঘ্রিই আমাদের আশা পূর্ণ হবে।
৫ আমরা কৃতজ্ঞ হব: তাই যিহোবার আশীর্বাদের জন্য আমরা সবসময় কৃতজ্ঞ হব কারণ যিহোবার আশীর্বাদই আমাদের ধনবান করে। (হিতো. ২২:৪) আমাদের কাছে যা কিছু আছে তা সবই যিহোবা আমাদেরকে দিয়েছেন এ কথা যদি আমরা প্রতিদিন চিন্তা করি, তাহলে আমরা যিহোবার অপার প্রেমের জন্য তাঁকে ধন্যবাদ দেব এবং একমাত্র তাঁকেই উপাসনা করে চলব।