যিহোবাকে সেবা করে আনন্দ পাওয়া
১ তারা ‘আনন্দে’ ফিরে এসেছিলেন। বাইবেল বলে যে যীশুর ৭০ জন শিষ্য যখন প্রচার কাজ শেষ করে ফিরে এসেছিলেন তখন তাদের আনন্দ হয়েছিল আর তারা তাদের কাজ কেমন হয়েছিল তা যীশুকে বলেছিলেন। ঈশ্বরের সেবা করে তারা আনন্দ পেয়েছিলেন। (লূক ১০:১৭) আপনিও ঈশ্বরের সেবা করে কীভাবে এইরকমই আনন্দ পেতে পারেন?
২ সঠিক মন: আপনি কি কখনও ভেবে দেখেছেন যে যিহোবা আপনাকে কত বড় সুযোগ দিয়েছেন? তিনি লোকেদের কাছে তাঁর মহান উদ্দেশ্য জানানোর জন্য আপনাকে বেছে নিয়েছেন। আজ জগতের লোকেরা খারাপ কাজ এবং মিথ্যা ধর্মের বন্দিত্বে পড়ে রয়েছে। আপনি তাদেরকে মুক্ত করতে পারেন। আপনি লোকেদেরকে নতুন জগতের আশা দিতে পারেন যেখানে কোন লড়াই, মারামারি থাকবে না। একটু ভেবে দেখুন যে আপনি যখন লোকেদের মধ্যে সত্যের বীজ বুনে ভাল ফল পান তখন যিহোবা কত খুশি হন। তাই মনপ্রাণ দিয়ে প্রচার করার চেষ্টা করুন ও যিহোবার কাছে প্রার্থনা করুন। আর ভরসা রাখুন যে যিহোবা আপনার এই কাজে আপনাকে আনন্দ দেবেন।
৩ সঠিক শিক্ষা: যীশু তাঁর ৭০ জন শিষ্যকে প্রচারে পাঠানোর আগে কী করে প্রচার করতে হয় তা শিখিয়েছিলেন। আজকে পরিচর্যা সভাতে এটাই শেখানো হয়। তিনি তাদের এমনভাবে শিখিয়েছিলেন যেন তারা ভাল ফল নিয়ে আসতে পারে। (লূক ১০:১-১৬) ঠিক আজকেও পরিচর্যা সভায় আপনাকে শেখানো হয় যে কীভাবে অচেনা লোকেদের কাছে যাওয়া যায়, কী বলে তাদের সঙ্গে কথা শুরু করা যায় এবং কীভাবে বাইবেল স্টাডি শুরু করা যায়। পরিচর্যা সভায় যা শেখানো হয় তা কাজে লাগিয়ে আরও ভালভাবে প্রচার করতে শিখে নিন। আর আপনি দেখবেন যে আগে লোকেদের সঙ্গে কথা বলতে আপনার যে অস্বস্তি হতো বা ভয় লাগত, তা যেন কোথায় উধাও হয়ে গিয়েছে, আপনি অনেকখানি সাহসী হয়ে উঠেছেন। আর এতে আপনি আনন্দও পাবেন।
৪ ভবিষ্যতের দিকে তাকান: শত কষ্ট সহ্য করেও যীশু ঈশ্বরের সেবা করে আনন্দ পেয়েছিলেন। কেন? কারণ তিনি তাঁর সামনে যে আশীর্বাদ এবং সুযোগগুলো ছিল সেদিকে তাকিয়েছিলেন। (ইব্রীয় ১২:২) যিহোবার নাম এবং সামনে নতুন জগতে যে আশীর্বাদগুলো আসতে চলেছে তার দিকে তাকান। আর তা করলে আপনি আপনার প্রচার কাজে অর্থ খুঁজে পাবেন ও আনন্দ পাবেন।
৫ আজকে আমরা যিহোবার সেবা করার সুযোগ পেয়েছি। আর এটা সত্যিই আমাদের জন্য কত বড় সুযোগ! তাই আসুন আমরা বলি: “হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত।”—গীত. ৪০:৮.