প্রশ্নবাক্স
▪ মিটিংয়ে বাচ্চারা যাতে শান্তভদ্র হয়ে থাকে তার জন্য কীভাবে পরিচারক ভাইয়েরা বাবামাদের সাহায্য করতে পারেন?
বাচ্চাদের স্বভাবই হল সারাক্ষণ ছটফট করে বেড়ানো, চুপ করে বসে থাকতে তারা জানে না। এক জায়গায় অনেকক্ষণ চুপচাপ বসে থাকা তাদের জন্য খুবই কঠিন ব্যাপার। তাই মিটিং শেষ হতে না হতেই তারা হুড়োহুড়ি শুরু করে দেয় আর হলের ভেতরে, বাইরে রাস্তায়, ফুটপাতে দৌড়াদৌড়ি করে। কিন্তু হিতোপদেশের এই কথাগুলো খুবই সত্যি যে ‘অশাসিত ছেলেমেয়ে বাবামায়ের লজ্জাজনক।’—হিতো. ২৯:১৫.
দুঃখের সঙ্গে বলতে হয় যে বাচ্চাদের এই হুড়োহুড়ির জন্য অনেক সময় কিছু বয়স্ক ভাইবোনেরা ধাক্কাধাক্কি লেগে পড়ে গিয়েছেন আর খুব মারাত্মকভাবে ব্যথা পেয়েছেন। আর এতে যে শুধু তারা ব্যথা পেয়েছেন তাই-ই নয় কিন্তু সেইসঙ্গে বাবামাদের এবং মণ্ডলীকেও বাড়তি খরচা ও ঝামেলা পোহাতে হয়েছে। তাই বাচ্চাদের কিংডম হলের ভিতরে বা বাইরে খেলাধুলো, দৌড়াদৌড়ি করার জন্য ছেড়ে দেওয়া ঠিক নয়। এতে বাচ্চারা ও অন্যরাও অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবে।
যেখানে যিহোবার উপাসনা করা হয় সেই জায়গাকে বাচ্চাদেরও সম্মান দেখান দরকার। বাচ্চাদের তা শেখানোর দায়িত্ব হল বাবামাদের। (উপ. ৫:১ক) আমাদের মিটিং, অধিবেশন ও সম্মেলনগুলোতে ‘সকলই শিষ্টভাবে’ করার জন্য পরিচারক ভাইয়েরা থাকেন আর তারা দেখেন সেখানে “সুশৃঙ্খলা” রয়েছে। (১ করি. ১৪:৪০; কল. ২:৫) তাই কার্যক্রমের আগে, কার্যক্রম চলাকালে ও কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে খেয়াল রাখতে হবে। হলের ভেতরে, বাইরে সব জায়গাতেই তাদের নজর রাখা দরকার। যদি কোন বাচ্চা দৌড়াদৌড়ি করে বা দুষ্টুমি করে, তাহলে পরিচারক ভাইয়েরা তাদেরকে মানা করতে পারেন এবং তাদেরকে বোঝাতে পারেন যে কেন এইরকম করা ঠিক নয়। তারা বাবামাদেরও একথা বলতে পারেন যে তাদের বাচ্চাদের চোখে চোখে রাখা দরকার। আর বাবামাদের তা শোনা উচিত।
এটা ঠিক যে মিটিং চলাকালে কখনও কখনও ছোট বাচ্চারা কান্নাকাটি করে ও জ্বালাতন করে। পরিচারক ভাইয়েরা মিটিং শুরু হওয়ার ২০ মিনিট আগে আসেন আর তাই তারা হলের শেষের দুই সারি খালি রাখবেন যাতে যে বাবামাদের ছোট বাচ্চা আছে তারা সেখানে বসতে পারেন। আমাদের সবারও ওই সারি দুটো ছেড়ে বসা উচিত যাতে তাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়।
বাচ্চারা যদি মিটিংয়ের মাঝে জ্বালাতন করে, তাহলে বাবামাদের বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাওয়া দরকার। বাবামারা যদি তা না করেন, তাহলে অন্যেরাও মন দিয়ে শুনতে পারবে না। তাই পরিচারক ভাই বাবামাদের ভাল করে বলতে পারেন যে তারা যেন তাদের বাচ্চাদের নিয়ে হলের বাইরে চলে যান। আমরা যখন নতুনদের মিটিংয়ে আসার জন্য বলি এবং তাদের যদি ছোট বাচ্চা থাকে, তাহলে আমাদের তাদের সঙ্গে বসা উচিত যেন বাচ্চারা কান্নাকাটি বা বিরক্ত করলে আমরা তাদেরকে সাহায্য করতে পারি।
কিংডম হলে সব বয়সের বাচ্চাদের দেখে আর ঈশ্বরের ঘরে তাদের শান্তভদ্র হয়ে থাকতে দেখে আমরা খুশি হই। (১ তীম. ৩:১৫) যিহোবার উপাসনার জায়গাকে যখন তারা সম্মান দেখায় তখন তারা যিহোবার জন্য সম্মান নিয়ে আসে এবং মণ্ডলীর সবাই তাদের প্রশংসা করে।