যিহোবার সাহায্যের জন্য প্রার্থনা করুন
১ যীশু তাঁর শিষ্যদের মনে এই কথা গেঁথে দিয়েছিলেন যে তাদের পরিচর্যায় যিহোবার আশীর্বাদ খুবই দরকারি। (মথি ৯:৩৭, ৩৮) যিহোবাকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে আমরা যখন অন্তর থেকে তাঁর কাছে প্রার্থনা করি এবং মন প্রাণ দিয়ে তাঁর কাছে যাচ্ঞা ও বিনতি করি, তখন তা দেখায় যে সাহায্যের জন্য আমরা পুরোপুরি যিহোবার ওপরই নির্ভর করি। (ফিলি. ৪:৬, ৭) শাস্ত্র আমাদের “সর্ব্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে” যাচ্ঞা করে যেতে পরামর্শ দেয় আর পরিচর্যার জন্য প্রার্থনা করার বেলায়ও এটা সত্যি।—ইফি. ৬:১৮.
২ প্রার্থনায় আমরা যিহোবার অতুলনীয় গুণাবলি এবং তাঁর কাজের প্রশংসা করি। আমরা এইজন্যও তাঁর প্রশংসা করি যে তিনি আমাদেরকে সুসমাচার দিয়েছেন যা আমরা প্রচার করি। তিনি আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য কারণ একমাত্র তিনিই আমাদের পরিচর্যাকে সফল করেন।—গীত. ১২৭:১.
৩ প্রার্থনায় যিহোবাকে ধন্যবাদ জানানোর আরেকটা কারণ হল, যিহোবা তাঁর ইচ্ছা ও উদ্দেশ্যকে আমাদের বুঝতে দিয়েছেন আর তার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাই অন্যদের কাছে রাজ্যের সত্য জানানো কি আমাদের জন্য একটা বিশেষ সুযোগ নয়? পরিচর্যায় আমরা যতটুকু করি তার সব কিছুর জন্য আমরা যিহোবাকে ধন্যবাদ জানাই।—গীত. ১০৭:৮; ইফি. ৫:২০.
৪ আমাদের বাইবেল অধ্যয়নের প্রস্তাবে রাজি হবেন এমন লোকেদের খুঁজে পেতে ও সত্য তাদের হৃদয়ে পৌঁছে দিতে যিহোবার সাহায্য চেয়ে প্রার্থনা করা খুবই উপযুক্ত। আমরা যখন এইরকম যাচ্ঞা করি তখন তা দেখায়, আমরা মেনে নিই যে একমাত্র ঈশ্বরই আমাদের পরিচর্যাকে ফলপ্রসূ করতে পারেন।—১ করি. ৩:৫-৭.
৫ আমাদের এক বোনের মনে হয়েছিল যে তার পত্রিকা রুটের ভদ্রমহিলা প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো ঠিক মতো পড়েন না। এই মূল্যবান পত্রিকাগুলো যাতে শুধু শুধু নষ্ট না হয়, তার জন্য তিনি যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন যে যদি ভদ্রমহিলা পত্রিকাগুলো না পড়েন, তাহলে তিনি যেন সেগুলো নেওয়া বন্ধ করে দেন। কিন্তু পরের বার বোন যখন তার সঙ্গে দেখা করতে যান, ভদ্রমহিলার স্বামী বলেছিলেন: “পত্রিকাগুলো ঠিক-ঠিক মতো আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি পত্রিকাগুলো পড়ি আর সত্যিই এগুলো আমার খুব ভাল লাগে।”
৬ আমরা নম্র মনে ও অন্তর থেকে বিনতি করে যিহোবার কাছে যাচ্ঞা করতে পারি যে লোকেরা যখন আমাদের কথা শোনে না বা আমাদের নিয়ে ঠাট্টা করে এবং যখন আমরা লোকভয়ে পড়ি তখন তার মোকাবিলা করা ও সাহসের সঙ্গে অন্যদের কাছে প্রচার করে চলার জন্য যিহোবা যেন আমাদেরকে সাহায্য করেন। (প্রেরিত ৪:৩১) যদি আমরা ঈশ্বরের কাছে “সর্ব্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে” যাচ্ঞা করে চলি ও তাঁর বাধ্য হয়ে পবিত্র সেবা করে যাই, আমরা নিশ্চিত থাকতে পারি যে যিহোবা আমাদের সাহায্য করবেন।—১ যোহন ৩:২২.