ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৯ পৃষ্ঠা ৩-৬
  • ট্র্যাক্টগুলো—সুসমাচার প্রচার করার এক সহজ ও ভাল উপায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ট্র্যাক্টগুলো—সুসমাচার প্রচার করার এক সহজ ও ভাল উপায়
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • মে—ট্র্যাক্টগুলো বিলি করার মাস
  • আপনার উপস্থাপনাকে আরও ভাল করার জন্য ট্র্যাক্টগুলোকে ব্যবহার করা
  • কথাবার্তা যা জীবন বাঁচায়
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৯ পৃষ্ঠা ৩-৬

ট্র্যাক্টগুলো—সুসমাচার প্রচার করার এক সহজ ও ভাল উপায়

১ সেই ১৮৮১ সাল থেকে যিহোবার লোকেরা তাদের প্রচারে ট্র্যাক্টগুলোকে ব্যবহার করে আসছেন। ভাই চার্লস টেজ রাসেল ট্র্যাক্টগুলোর মূল্য বুঝেছিলেন আর তাই আমাদের প্রথম আইনসম্মত সংস্থার নাম দিয়েছিলেন জায়ন ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি। কিন্তু আমরা সেগুলো নিয়ে কী করছি? আমরা কি প্রচারে ট্র্যাক্টগুলোকে মূল্য দিই?

২ বিশেষ করে, ১৯৮৭ সাল থেকে, সোসাইটি ট্র্যাক্টগুলোকে ব্যবহার করার জন্য নতুন করে জোর দিয়েছে আর নানা বিষয়ের ওপর বেশ অনেক ট্র্যাক্ট প্রকাশ করেছে যা লোকেদেরকে জীবনের বিভিন্ন পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে সাহায্য করবে। উদাহরণ হিসাবে বলা যায়, আমাদের কাছে এই বিষয়গুলোর ওপর বিভিন্ন ট্র্যাক্ট আছে যেমন বাইবেল, পরিবার, আমাদের সময়ের অর্থ, মৃত্যু ও পুনরুত্থান, মানবজাতির ভবিষ্যৎ ও এইরকম আরও কিছু।

৩ আমরা অনেকেই ট্র্যাক্টগুলোর বিষয়বস্তু ভালভাবেই জানি আর সেগুলোকে ব্যবহার করে ভাল ফলও পেয়েছি। আমরা বুঝি যে উপযুক্ত একটা ট্র্যাক্ট ব্যবহার করে গৃহকর্তার সঙ্গে কথাবার্তা আরম্ভ করা কত সহজ। আর এটা বিশেষ করে তাদের জন্য খুবই সত্যি যারা কিনা সবেমাত্র প্রচারে বের হতে শুরু করেছেন। ছোটরাও তাদের বাবামার সঙ্গে প্রচারে গিয়ে লোকেদেরকে ট্র্যাক্ট দিতে আনন্দ পায়।

৪ আজকে প্রায় সব ভাষাগুলোতেই ট্র্যাক্টগুলো পাওয়া যাওয়ায় সেগুলো নিয়ে আমরা লক্ষ লক্ষ লোকেদের কাছে যেতে পারি। কতই না ভাল হবে যদি দেশের প্রত্যেকটা লোক যারা কিনা পড়তে পারেন, তাদের নিজেদের ভাষায় আমাদের ট্র্যাক্টগুলোর কোন না কোন একটা পড়তে পান। এমনকি একেবারে গরিব লোকেরাও এটা পড়ার সুযোগ পান, কারণ ট্র্যাক্টগুলো বিনা পয়সায় বিলি করা হয়। আলাদা আলাদা ভাষার নানারকমের ট্র্যাক্টগুলোকে সহজেই আমরা সব সময়ের জন্য সঙ্গে রাখতে পারি।

মে—ট্র্যাক্টগুলো বিলি করার মাস

৫ এই মাসে সারা দেশে ট্র্যাক্টগুলোকে বিলি করার জন্য এক বিশেষ অভিযানের ব্যবস্থা করা হয়েছে। ভারতে প্রতি বছর মে মাসে দুটো বিষয় আমাদের চোখে পড়ে: ১) মে মাসে স্কুলের ছেলেমেয়েদের গ্রীষ্মের ছুটি থাকে আর ২) মে মাসে অনেক প্রকাশকেরা সহায়ক অগ্রগামীর কাজ করে থাকেন। এই অভিযান কেবল যে আমাদেরকেই নানাভাবে সাহায্য করবে তাই-ই নয় এটা আমাদের প্রতিবেশীদেরকেও আধ্যাত্মিকভাবে উপকৃত করবে। সারা পৃথিবী জুড়ে, আমাদের ভাইবোনেরা ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ দেওয়া নির্দেশনার সঙ্গে তাল মিলিয়ে, বিভিন্ন উপায়গুলো কাজে লাগিয়ে যেখানেই লোকেদের পাওয়া যাক না কেন তাদের কাছে যান। (মথি ২৪:৪৫-৪৭) ভারতের মতো এমন একটা এলাকায় কাজ করা আমাদের জন্য কতই না বড় সুযোগ যেখানে সব জায়গাতেই লোকেদের পাওয়া যায়। তাই ট্র্যাক্টগুলোর মূল্য বুঝে ও সব সময়ে সেগুলোকে লোকেদের কাছে বিলি করে আমরা ভাল করে সেগুলোকে ব্যবহার করব। এরজন্য বিভিন্ন বিষয়ের ও বিভিন্ন ভাষার ট্র্যাক্টগুলোকে সবসময় আমাদের সঙ্গে রাখা আর সেগুলো নিয়ে লোকেদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন ভূমিকা করে তাদের হাতে সেগুলো দেওয়ার জন্য তৈরি থাকা দরকার।

৬ আজকাল, কিছু ভাই ও বোনেরা ঘরে ঘরে প্রচারে, রাস্তায় সাক্ষ্যদানে ও বাসস্টপে ট্র্যাক্টগুলোকে খুব ভালভাবে ব্যবহার করছেন। যাতায়াতের পথে তারা কেবল সহ যাত্রীদেরকেই নয় কিন্তু বাস চালক, অটোচালক ও ট্র্যাক্সি চালকদেরকেও ট্র্যাক্টগুলোকে পড়ার জন্য দেন। অল্পদিন আগে, ভারতে এক বোন বাসে করে যাওয়ার সময় তার পাশের যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা শুরু করেন। কথাবার্তা চলাকালীন ভদ্রমহিলা অন্যায়-অবিচার সম্বন্ধে বোনকে বলছিলেন। বোন এই সুযোগটা নিয়েছিলেন ও শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস ট্র্যাক্টটা দেখিয়ে ভদ্রমহিলার সঙ্গে রাজ্য সম্বন্ধে কথা বলেছিলেন আর ট্র্যাক্ট থেকে প্রকাশিত বাক্য ২১:৩-৫ পদ পড়েছিলেন। ভদ্রমহিলা খুবই আগ্রহ দেখিয়ে বোনকে তার নাম-ঠিকানা দিয়েছিলেন আর তার কাছে আবার আসবার জন্য বলেছিলেন। অনেক প্রকাশক দেখেছেন যে কাজের জায়গায় তাদের সহকর্মীদের কাছে সংক্ষেপে সাক্ষ্য দেওয়ার সময় তারা ট্র্যাক্টগুলোকে খুব ভালভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যদিও এগুলো আকারে ছোট, এর সংক্ষিপ্ত বার্তা সেই ধর্মমনা লোকদের খুঁজে বের করতে একটা বড় ভূমিকা পালন করে যারা অনন্ত জীবন পাওয়ার যোগ্য।

আপনার উপস্থাপনাকে আরও ভাল করার জন্য ট্র্যাক্টগুলোকে ব্যবহার করা

৭ ট্র্যাক্টগুলোকে এভাবে ব্যবহার করলে তা কেবল আমাদেরকে অনেক বেশি লোকেদের কাছেই নিয়ে যায় না কিন্তু আমাদেরকে বিভিন্ন বিষয়ে অল্প কথায়, স্পষ্ট করে, একসঙ্গে অনেক কিছু না বলে ও কথাবার্তা বলার মতো করে লোকেদের সুসমাচার শোনাতেও শেখায়। তাই, মে মাসে ট্র্যাক্টগুলোকে নিয়ে যখন আমরা আরও বেশি লোকের কাছে সুসমাচার পৌঁছে দিতে চাইছি, তখন আসুন লোকেদের সঙ্গে কথা বলার সময় কীভাবে এটা করা যায় তা শেখার জন্য আমরা বেশি করে চেষ্টা করি। আমাদের হৃদয় থেকে কথা বলতে শেখা দরকার আর শ্রোতাদের হৃদয়ে পৌঁছানো দরকার। প্রচারে আমরা বিভিন্ন পটভূমি ও বিভিন্ন ধর্মের লোকেদের পাই। এইজন্য, আমাদের জানা দরকার যে কী করে “মধুর বাক্য” বলে আমরা তাদের সঙ্গে কথা শুরু করতে পারি। (লূক ৪:২২) আমরা জোর করে লোকেদের ওপর তা চাপিয়ে দেব না বরং তাদের জন্য আশার পথ দেখাব। প্রেরিত পৌল যেমন বলেছিলেন, আমরা “সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ” হতে চাই।—১ করি. ৯:২২.

৮ আমরা যদি সব সময়ে সেই বাঁধাধরা একই কথা বলে চলি, তাহলে তা হৃদয় থেকে বলা হবে না। গৃহকর্তা যদি সব প্রকাশকদের কাছ থেকে বার বার একই কথা শুনতে পান যারা বেশ কিছু সময় ধরে সেই এলাকায় প্রচার করছেন ও বেশ কিছুবার তার ঘরে এসেছেন, তাহলে গৃহকর্তা হয়ত বিরক্ত হবেন, এমনকি তিনি রেগেও যেতে পারেন আর যার ফলে তিনি হয়ত আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতে পারেন। আমাদের পরিবারের কেউ যদি সারাদিন ধরে একই সুর গুনগুন করতে থাকে কিংবা আমাদের প্রতিবেশীরা যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একই গান বাজাতে থাকেন, তাহলে আমাদের কেমন লাগে? অথবা আমাদের কোন বন্ধু যদি বার বার আমাদের একই গল্প শোনান, তাহলেই বা আমরা কীরকম বোধ করি? তাই আমরা যদি আমাদের এলাকার লোকেদের কাছে গিয়ে বার বার একই কথা শোনাতে থাকি, তাহলে যিহোবা ঈশ্বর ও তাঁর বাক্য বাইবেল সম্বন্ধে তাদের কী ধারণা হবে?

৯ এই মাসে ট্র্যাক্ট অভিযানে পুরোপুরি অংশ নিয়ে আমরা সকলেই এই বিষয়ে অনেক সাহায্য পাব। যদি আপনি একজন নতুন প্রকাশক, সবেমাত্র প্রচারে বের হতে শুরু করেছেন, তাহলে যিনি আপনার সঙ্গে বাইবেল অধ্যয়ন করছেন তার সঙ্গে ট্র্যাক্টগুলো নিয়ে আলোচনা করার জন্য কিছুটা সময় দিন আর জেনে নিন যে ট্র্যাক্টগুলোতে দেওয়া তথ্য কীভাবে আপনার এলাকায় ব্যবহার করা যেতে পারে। “অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন” কার্যক্রমে যদি কোন অগ্রগামী আপনাকে সাহায্য করছেন, তাহলে ট্র্যাক্টগুলো কীভাবে ব্যবহার করতে হবে তা তার কাছ থেকেই শিখে নিন না কেন? আপনি ও যে অগ্রগামী আপনাকে সাহায্য করছেন, আপনারা দুজনে প্রচারে সেগুলোকে কীভাবে ভাল করে ব্যবহার করা যায় তা অভ্যাস করতে পারেন। বাবামারা, আপনারা হয়ত এটাকে পরিবারের কাজের একটা ভাগ করে তুলতে পারেন আর ঠিক করতে পারেন যে আপনি ও আপনার ছেলেমেয়েরা প্রচার করার সময় কীভাবে প্রত্যেকটা ট্র্যাক্ট ব্যবহার করবেন। বস্তুতপক্ষে, সমস্ত প্রকাশকেরাই ট্র্যাক্টগুলোকে আরও বেশি করে বিলি করার জন্য বিশেষভাবে চেষ্টা করতে পারেন। আমাদের এলাকায় খাপ খায় এমন উপস্থাপনাগুলোকে তৈরি করতে সাহায্য করার জন্য যুক্তি (ইংরাজি) বই হল আমাদের এক ভাল হাতিয়ার। এছাড়া আমরা আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরনো সংখ্যাগুলো দেখতে পারি যেখানে ট্র্যাক্টগুলোকে ব্যবহার করার বিষয় আলোচনা করা হয়েছে। আগস্ট ১৯৯৩ পৃ. ৩-৪; ফেব্রুয়ারি ১৯৯১ পৃ. ৪; ফেব্রুয়ারি ১৯৯০ পৃ. ৪ দেখুন।

১০ ট্র্যাক্টগুলোর কয়েকটাকে দেওয়ার সময় বলা যেতে পারে এমন কিছু ভূমিকা:

আপনি কেন বাইবেলকে বিশ্বাস করতে পারেন

অভিবাদন করার পর আপনি বলতে পারেন, “যদিও আজকে প্রায় দুহাজারেরও বেশি ভাষায় বাইবেল পাওয়া যায়, তবুও কেন খুব অল্প লোকেরাই বাইবেলে আগ্রহ দেখায় বলে আপনি মনে করেন?” [উত্তরের জন্য সুযোগ দিন] তারপর এই বলে আলোচনা চালিয়ে যান “বাইবেল অধ্যয়ন করে আমরা জানতে পেরেছি যে এটা এমন একটা বই যেটাকে একেবারে শুরু থেকেই ভুলভাবে তুলে ধরা হয়েছে। খুব সহজ ভাষায় সব লোকেদের জন্য এতে যে খবর আছে আমি কি আপনাকে তা দেখাতে পারি?” এরপর গৃহকর্তাকে ৫ পৃষ্ঠার “ভবিষ্যৎ সম্বন্ধে আগে থেকে বলা” উপশিরোনাম দেখান। ৫ ও ৬ পৃষ্ঠা থেকে শেষ চারটে অনুচ্ছেদ পড়ুন। অল্প কথায় আলোচনা শেষ করার পর গৃহকর্তাকে একটা পত্রিকা অথবা চান ব্রোশার অর্পণ করা যেতে পারে।

যিহোবার সাক্ষিরা কী বিশ্বাস করে?

একে অন্যকে শুভেচ্ছা জানানোর পর ট্র্যাক্ট ব্যবহার করে আমরা এই বলে গৃহকর্তার সঙ্গে কথাবার্তা শুরু করতে পারি, “সমাজে একে অন্যের সঙ্গে শান্তিতে বাস করার জন্য কী সমস্ত লোকেদের সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন?” [উত্তরের জন্য সুযোগ দিন] তারপর আমরা বলতে পারি, “যিহোবার সাক্ষি হিসাবে আমরা মনে করি যে একে অন্যের বিশ্বাস ও জীবনধারা সম্বন্ধে জানা পরস্পরকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে। এই বিষয়ে আপনি কী ভাবেন?” [উত্তরের জন্য সুযোগ দিন] এবার আপনি হয়ত বলে চলতে পারেন: “যেহেতু আমরাও এই সমাজেরই অংশ আর যেহেতু খুব অল্প লোকই আমাদের বিষয়ে জানেন তাই আমাদের তৈরি এই ট্র্যাক্টটা আমরা আপনাকে দিতে চাই যা আপনাকে আমাদের ও আমাদের বিশ্বাস সম্বন্ধে জানতে সাহায্য করবে।” আপনি হয়ত ট্র্যাক্ট থেকে কোন একটা বিষয় বেছে নিয়ে তাকে দেখাতে পারেন বা আবার ফিরে এসে আরও কিছু বিষয় আলোচনা করার জন্য ব্যবস্থা করতে পারেন।

শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস

সম্ভাষণ জানিয়ে আপনি এইরকম কিছু বলতে পারেন, “আজ আমরা এই এলাকার সমস্ত লোকেদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি আর আপনাকে ঘরে পেয়ে আমরা খুবই খুশি। আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই আর আপনার মতামত জানতে পারলে আমাদের ভাল লাগবে। ভারতে লোকেরা নানা দেবতার উপাসনা করে থাকেন কিন্তু তবুও অনেকেই মনে করেন যে একজন সর্বশক্তিমান আছেন যিনিই সবাইকে জীবন দিয়েছেন। আপনিও কি তাই মনে করেন?” [উত্তরের জন্য সুযোগ দিন] এরপর আপনি বলতে পারেন যে, “তাহলে পৃথিবী ও এর সমস্ত বস্তু সৃষ্টি করার পেছনে এই সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্য কী ছিল বলে আপনি বলবেন?” আর এই প্রশ্ন আপনাকে এবার এই ট্র্যাক্টটাতে নিয়ে যাবে যেখান থেকে আপনি তাকে দেখাবেন যে পৃথিবীকে মানুষের জন্য আর মানুষকে পৃথিবীর জন্য সৃষ্টি করা হয়েছিল যেন মানুষ এখানে চিরকাল বেঁচে থাকে। প্রথম তিনটে অনুচ্ছেদ আলোচনা করার পর আবার ফিরে এসে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পাকা ব্যবস্থা করুন।

মৃত প্রিয়জনদের জন্য কী আশা?

একটা উপস্থাপনা এইরকম হতে পারে, “যদিও আমরা মেনে নিয়েছি যে জন্মালেই মরতে হবে কিন্তু তবুও কি আপনার মনে হয় যে মৃত্যু খুব স্বাভাবিক বিষয়?” [উত্তরের জন্য সুযোগ দিন] তারপর হয়ত আপনি যোগ করতে পারেন, “যেহেতু এটা স্বাভাবিক নয়, তাই আমরা মরতে চাই না। লোকেরা কেবল মৃতদের জন্য শোকই করেন না কিন্তু তারা এও আশা করেন যে তারা অন্য কোথাও বেঁচে আছেন। আর এই সম্বন্ধে নানা মতবাদ রয়েছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আমাদের প্রিয়জন যারা মারা গিয়েছেন তাদের আমরা আবার দেখতে পাব কিনা?” এরপর তাদেরকে ২ পৃষ্ঠার ১-৩ অনুচ্ছেদগুলো দেখান। পুনরুত্থানের আশার কথা বলে আলোচনা শেষ করুন। পুনরুত্থান সম্বন্ধে আলোচনা করার জন্য আবার ফিরে আসার ব্যবস্থা করুন।

আপনি হয়ত সরাসরি বাইবেল অধ্যয়ন আরম্ভ করার কথা বলতে পারেন আর যে কোন একটা ট্র্যাক্ট দিয়ে তার নমুনা দেখাতে পারেন।

কথাবার্তা যা জীবন বাঁচায়

১১ কোন সন্দেহ নেই যে এই অভিযান আরও অনেককেই জীবনের পথে চলা শুরু করতে সাহায্য করবে। প্রচারে যে লোকেদের আমরা পাই তাদের সঙ্গে কথাবার্তা বলে আনন্দ পাওয়ার সুযোগ আমরা পাব। আমরা ভুলে যাব না যে তারা আমাদের কাছে গৃহকর্তা। কিন্তু তাদের কাছে আমরা প্রায় একেবারেই অচেনা-অজানা। তাই আমাদের সাবধান হওয়া দরকার যাতে আমরা কোনভাবেই এমন কিছু বলে না বসি যা তাদের খারাপ লাগবে। তাই আমাদের খুব ভেবেচিন্তে ভূমিকা করা দরকার আর আমাদের বক্তব্যে আমরা শুধু লোকেদের প্রয়োজনের বিষয়েই বলব না কিন্তু তা এলাকায় ঘটতে থাকা ঘটনার সঙ্গেও খাপ খাইয়ে নেওয়াও উচিত। উদাহরণ হিসাবে বলা যায় যে, আমাদের কথাবার্তা ও আচার ব্যবহারে আমরা কি দেখাই খ্রীষ্টীয়জগতের লোকেদের সঙ্গে আমাদের কোন পার্থক্য নেই নাকি আমরা দেখাই যে আমরা যিহোবার সাক্ষি, তাদের থেকে আলাদা? আমাদের উপস্থাপনাগুলো কি এমন যার থেকে প্রকাশ পায় যে আমরা কোন একটা রাজনৈতিক দলকে সমর্থন করি? অথবা লোকেরা ভালকরেই দেখতে পায় যে আমরা পুরোপুরি নিরপেক্ষ কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত কর্তৃপক্ষের বশীভূত যাদের যিহোবা থাকতে দিয়েছেন?

১২ জগৎ জুড়ে, লোকেরা জানেন যে যিহোবার লোকেরা বাইবেলের নীতিগুলোকে মেনে চলেন, তারা সৎ, কঠোর পরিশ্রমী ও তারা উচ্চ নৈতিক মানগুলোকে বজায় রাখেন। কিন্তু কখনও কখনও ভুল বোঝার দরুন, লোকেরা তাদেরকে দোষ দেয় যেহেতু লোকেদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। তাই এইরকম ভুল ধারণাগুলোকে শুধরানোর জন্য আমাদের লোকেদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ভাল ব্যবহার করা ও কৌশলী হওয়া দরকার, ঠিক যেভাবে যীশু খ্রীষ্ট প্রথম শতাব্দীর লোকেদের সঙ্গে ব্যবহার করেছিলেন। এই মাসে ট্র্যাক্ট ব্যবহার করে লোকেদের সঙ্গে কথা বলে আমরা এইরকম ভুল ধারণাগুলোকে শুধরে নিতে পারি।

লোকেদেরকে ধর্মান্তরিত করার যে দোষ আমাদের ওপর প্রায়ই চাপানো হয় আমরা কীভাবে তার মোকাবিলা করব?

আমরা বলতে পারি:

▪ “আপনার এই প্রশ্নে আমি বুঝতে পারছি যে আপনি একজন ধর্মমনা ব্যক্তি। দেখুন, আমরা আপনার অনুভূতিকে সম্মান করি আর আমরা আশা রাখি যে আপনিও তা করেন। আসলে আপনার মত লোকেরা যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের সঙ্গে দেখা করতে পেরে আমরা খুবই আনন্দিত। লোকেদের সঙ্গে কথা বলতে চাওয়ার পেছনে আমাদের উদ্দেশ্য হল যে আমরা তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে ও লোকেদের বুঝতে সাহায্য করতে চাই যে মানুষের জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে।”

▪ “আসলে, আমরা যতদূর জানি কেউ-ই অন্য একজনকে পরিবর্তিত করতে পারেন না। একজন ব্যক্তি নিজেই নিজেকে পরিবর্তিত করেন। কেউ কি একজন ধূমপায়ীকে ধূমপান বন্ধ করাতে অথবা একজন মদ্যপায়ীকে মদ খাওয়া বন্ধ করাতে পারেন? তাকে নিজেকেই তা করতে হয়। আমরা কেবল তাকে এটুকু বলে সাবধান করতে পারি যে ধূমপান কিংবা মদ্যপান করা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”

▪ “আসলে, আমাদের জীবনযাপনের মান খুবই উচ্চ। আমাদের সংগঠনের একজন সদস্য হতে গেলে একজনকে সৎ ও পরিশ্রমী হতে হবে, তিনি কর ফাঁকি দিতে পারবেন না, মিথ্যা কথা বলতে কিংবা কাউকে ঠকাতে পারবেন না, অশ্লীল কথা বলতে পারবেন না আর একজনকে ঠিক করে তার পরিবারের ভরণপোষণ করতে হবে। কত জন এই পরিবর্তনগুলো করতে ইচ্ছুক হবে বলে আপনি মনে করেন? প্রকৃতপক্ষে, বার বার সাহায্য করার পরও যারা এই উচ্চ মানগুলোকে মেনে চলেন না তাদেরকে সংগঠন থেকে বেরিয়ে যেতে হয়।”

▪ “কিছুজন এইরকম ভেবে থাকেন কিন্তু সত্যি করে আপনার কী মনে হয় যে কেন আমরা এই কাজ করে থাকি। লোকেদের ঘরে আমাদের যাওয়ার উদ্দেশ্য হল তাদেরকে এটা দেখতে সাহায্য করা যে কেন আজকে জগৎ দুর্নীতিতে একেবারে ছেয়ে গিয়েছে। আসলে যে জিনিসটার পরিবর্তন দরকার তা হল এই দুর্নীতিপরায়ণ জগৎ। আপনি কি চান না যে এটা একটা সুন্দর জগতে বদলে যাক? আপনি কি মনে করেন যে এটা ঘটবে?”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার