প্রতিদিন যিহোবার সম্বন্ধে কথা বলুন
১ লোকেরা যে বিষয়গুলিকে হৃদয় থেকে প্রিয় বলে মনে করেন সেইগুলি সম্বন্ধে কথা বলতে ভালবাসেন যেহেতু হৃদয়ের উপচয় থেকে মুখ কথা বলে। (লূক ৬:৪৫খ) আমাদের হৃদয়ে কোন্ বিষয়টি মহামূল্যবান? গীতরচক লিখেছিলেন: “আমার জিহ্বা তোমার ধর্ম্মশীলতার, ও সমস্ত দিন তোমার প্রশংসার কথা কহিবে।” (গীত. ৩৫:২৮) যিহোবার প্রতি তার প্রগাঢ় উপলব্ধি ছিল আর প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বর সম্বন্ধে কথা বলা ও তাঁর প্রশংসা করাকে তিনি এক প্রকৃত সুযোগ বলে গণ্য করতেন। যিহোবার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ায়, গীতরচকের উল্লসিত হওয়ার অনেক উত্তম বিষয়গুলি ছিল। (গীত. ৩৫:৯) কিভাবে আমরা তার উত্তম উদাহরণ অনুকরণ করতে পারি?
২ আপনার গৃহে যিহোবার সম্বন্ধে কথা বলুন: পারিবারিক বৃত্তে যিহোবার সম্বন্ধে কথোপকথন এক প্রাত্যহিক বিষয় হওয়া উচিত। যিহোবার প্রতি যে পিতামাতাদের গভীর প্রেম রয়েছে তারা স্বাভাবিকভাবেই তাদের সমস্ত কাজে তাঁর সম্বন্ধে কথা বলবেন। (দ্বি.বি. ৬:৫-৭) যখন তারা তা করেন সন্তানেরা লক্ষ্য করবে যে তাদের বাবা এবং মা বিশ্বাসে জীবনযাপন করেন ও ঈশ্বরের ব্যবস্থাকে উপলব্ধি করেন। সন্তানেরা তখন পারিবারিক বাইবেল অধ্যয়নকে তাদের পিতামাতার ঈশ্বরীয় ভক্তির এক অকৃত্রিম অভিব্যক্তি হিসাবে দেখবে।—২ পিতর ৩:১১.
৩ আপনার ভাইদের সাথে যিহোবার সম্বন্ধে কথা বলুন: আমাদের সাপ্তাহিক ঐশিক সময়সূচির মধ্যে আধ্যাত্মিক খাদ্য দিয়ে আমাদের মন ও হৃদয়কে পরিপুষ্ট করার প্রচুর সুযোগ আমাদের রয়েছে। বলার জন্য আমাদের উত্তম বিষয়গুলির অভাব নেই। (লূক ৬:৪৫ক) আপনার ব্যক্তিগত অধ্যয়ন অথবা সাপ্তাহিক বাইবেল পাঠ থেকে এমন কোন বিষয় কি আপনি পেয়েছেন যেটি আপনি বিশেষভাবে উপভোগ করেছেন? আপনার ভাইদের সাথে তা ভাগ করে নিন আর এইভাবে যিহোবার প্রতি তাদের প্রেমকে বৃদ্ধি করতে সাহায্য করুন।—গীত. ৩৫:১৮; ইব্রীয় ১০:২৪.
৪ অন্যদের কাছে যিহোবার সম্বন্ধে কথা বলুন: লোকেদের সাথে আমাদের প্রাত্যহিক ব্যবহারে—কর্মক্ষেত্র, বিদ্যালয় এবং অবিশ্বাসী পরিবারের সদস্যদের সাথে—এটি প্রকৃতই স্পষ্ট প্রতীয়মান হওয়া উচিত যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য হল যিহোবার সম্বন্ধে সাক্ষ্য বহন করা। জগতের রূঢ় ও অমার্জিত কথাবার্তার দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে বরং আমাদের কথাবার্তার দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত করা উচিত। প্রতিদিন, প্রতিটি সুযোগে অন্যদের কাছে সুসমাচার সম্বন্ধে কথা বলুন যে বিষয়ে প্রচার করার জন্য তিনি আমাদের নিযুক্ত করেছেন।—প্রেরিত ৫:৪২; কল. ৪:৬.
৫ যিহোবার সত্য উপাসক হিসাবে আমাদের অতুলনীয় ঈশ্বর, যিহোবার সম্বন্ধে কথা বলার জন্য আমরা যেন প্রতিদিন সমস্ত সুযোগগুলির সদ্ব্যবহার করতে সচেতন থাকি।—গীত. ১০৬:৪৭.